সিডও সনদ বাস্তবায়নে সরকার প্রস্তুত নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৩ সেপ্টেম্বর বিভিন্ন দেশে ‘সিডও’ (CEDAW) দিবস পালিত হলো নারী, মানবাধিকার ও এনজিও সংগঠনগুলোর উদ্যোগে। বাংলাদেশের ৫৪টি নারী ও মানবাধিকার সংগঠনের মোর্চা ‘সিটিজেনস ইনিশিয়েটিভস অন সিডও বাংলাদেশ’ ২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেছে এবং ‘সিডও সনদ’-এর ২ ও ১৬.চ ধারায় সরকারের আপত্তি তুলে নেওয়ার মাধ্যমে পূর্ণ সম্মতি দেওয়ার দাবি জানিয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে নারী ও মানবাধিকার সচেতন বিভিন্ন সংগঠন ও ব্যক্তির সম্মিলিত সহযোগিতায় সভা হয়েছে ৩ সেপ্টেম্বর। বাংলাদেশ সরকার ১৯৮৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৩১ বছর ধরে সিডও সনদের সংরক্ষিত গুরুত্বপূর্ণ ধারাগুলোর (২ ধারা এবং ১৬.১-এর ‘গ’ ধারা) বিষয়ে দ্বিমত জানিয়ে আসছে। ২০১৫ সালের মে মাসে সরকার জাতিসংঘ সিডও সনদবিষয়ক কমিটিকে অষ্টম সাময়িক প্রতিবেদন জমা দিয়েছে।
এই প্রতিবেদনে সরকার বলেছে যে বাংলাদেশের সমাজ এখনো অভিন্ন পারিবারিক আইন গ্রহণে প্রস্তুত নয়, এ বিষয়ে ধর্মীয় নেতাদের মধ্যেও মতানৈক্য আছে। এরই পরিপ্রেক্ষিতে বলা যায়, সরকার সিডও সনদ বাস্তবায়নে এখনো প্রস্তুত নয়। অথচ তারা সমাজের ওপর দোষারোপ করল।
‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণ সনদ’ ‘সিডও সনদ’ নামে পরিচিত। জাতিসংঘের এই সনদের ইংরেজি
নাম: ‘কনভেনশন অন দ্য এলিমিনেশন অব অল ফরমস অব ডিসক্রিমিনেশন অ্যাগেইনস্ট উইমেন’। সনদটির ইতিহাস সংক্ষিপ্ত করে হলেও বলা দরকার।
জাতিসংঘ প্রতিষ্ঠার (১৯৪৫) পর ১৯৪৬ সালের ২১ জুন জাতিসংঘে ‘কমিশন অন্য দ্য স্ট্যাটাস অব উইমেন’ বা ‘নারীর মর্যাদাবিষয়ক একটি কমিশন’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিশনের সদস্য হিসেবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিদের যুক্ত করার বিধান করা হয়।
নীতিমালা অনুযায়ী এই কমিশন নারীর অধিকার ও সমস্যাগুলোর বৈশ্বিক পর্যালোচনা ও বিশ্লেষণ করে সেসব দূর করার সুপারিশ তৈরি করে জাতিসংঘের ‘অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল’-এর মাধ্যমে সাধারণ পরিষদের কাছে পদক্ষেপ নেওয়ার জন্য পাঠাতে থাকে। নারীর মর্যাদাবিষয়ক এই কমিশন সাধারণ পরিষদের কাছে জানায় যে দেশে দেশে নারীর জীবনে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, সাংস্কৃতিক সমস্যা ও বৈষম্যের পাহাড় তৈরি হচ্ছে, যা অতিক্রম করা নারীর পক্ষে দুঃসাধ্য। ফলে নারীর মানবাধিকার খর্ব হচ্ছে। ‘সিডও সনদ’ মূলত এই পর্যবেক্ষণ থেকেই উদ্ভূত হয়েছে।
নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে ১৯৪৬ সাল থেকে পর্যায়ক্রমে ‘জাতিসংঘ’ ও ‘নারীর মর্যাদাবিষয়ক কমিশন’ কয়েকটি পদক্ষেপ নিয়ে সবশেষে ‘সিডও সনদ’ প্রণয়ন করেছে। সেসব ধাপ হচ্ছে:
১. ১৯৫২ সালে গৃহীত নারীর রাজনৈতিক অধিকার সনদ। ২. আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে উদ্যোগী হয়ে নারীর কাজের ক্ষেত্রে সমান অধিকার ও মজুরিবৈষম্য দূর করার সুপারিশ তৈরি করে যেন শ্রম সংস্থার সনদে সেসব যুক্ত করা হয়। ৩. ‘ইউনেসকো’র সঙ্গে সমন্বিত উদ্যোগ নিয়ে শিক্ষার ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্যগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হয়।
এসব প্রক্রিয়ার ১৬ বছর পরে বিশ শতকের ষাটের দশকের শুরুতে নারীর মর্যাদাবিষয়ক কমিশন উপলব্ধি করে যে কোনো পদক্ষেপেই নারীর প্রতি বৈষম্যগুলো দূর করা যাচ্ছে না। তাই ১৯৬৩ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ‘নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপের ঘোষণা’ দেওয়া হয়। এই ঘোষণাও কার্যকর না হওয়ায় জাতিসংঘ ও নারীর মর্যাদাবিষয়ক কমিশনের সিদ্ধান্তক্রমে ১৯৭২ সালে সদস্যরাষ্ট্রগুলোর সঙ্গে ‘সিডও সনদ’ প্রস্তুত করার লক্ষ্যে আলোচনার সূত্রপাত এবং ১৯৭৪ সালে আলোচ্য সনদের খসড়া তৈরি হয়। এই প্রক্রিয়ায় যেসব সদস্যরাষ্ট্র যুক্ত ছিল, তার এক-চতুর্থাংশ ছিল মুসলিমপ্রধান দেশ (তথ্যসূত্র: Division of the Advancement of Women, United Nations। সালমা খান, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও নারীর সমতা, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ প্রক্রিয়া ও বাস্তবায়ন, উইমেন ফর উইমেন, ২০০৩, পৃ. ৬)। খসড়া সনদটির পূর্ণাঙ্গ রূপায়ণ ঘটে সাত বছর পরে ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে অনুমোদিত হওয়ার পরে।
জাতিসংঘ ১৯৪৯ থেকে ১৯৬২ পর্যন্ত নারীর বিশেষ অধিকারবিষয়ক বেশ কয়েকটি সনদ তৈরি ও অনুমোদন করেছিল। সেগুলো হচ্ছে: নারী পাচার ও পতিতাবৃত্তি রোধ সনদ (১৯৪৯); নারীর রাজনৈতিক অধিকার সনদ (১৯৫২); বিবাহিত নারীর নাগরিকত্ব অধিকার সনদ (১৯৫৭); বিয়ের (নারীর) ন্যূনতম বয়স, বিয়েতে (নারীর) সম্মতি ও বিয়ে নিবন্ধীকরণ সনদ (১৯৬২)।
কিন্তু এসব সনদ রাষ্ট্রসমূহ কর্তৃক চুক্তিবদ্ধ বা অনুমোদিত ও স্বাক্ষরিত না হওয়ায় মৌলিক মানবাধিকার সনদ হিসেবে বিবেচিত হয়নি। সিডও সনদ ১৯৭৯ সালের ১৮ ডিসেম্বর জাতিসংঘে গৃহীত হওয়ার পর ১৯৮০ সালে সদস্যরাষ্ট্রের স্বাক্ষরের জন্য উন্মুক্ত হয়েছিল। ১৯৮১ সালের মধ্যে ২৭টি রাষ্ট্র অনুমোদন দিয়েছিল। যেসব দেশ ১৯৮১ সালের মধ্যে অনুমোদন দিয়েছিল, সেসব দেশ হচ্ছে: বার্বাডোস, বেলারুশ, ভুটান, কানাডা, কেপভার্ডে, কিউবা, ইকুয়েডর, মিসর, এল সালভাদর, এস্টোনিয়া, ইথিওপিয়া, গায়ানা, হাইতি, লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক, লাইবেরিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, নরওয়ে, পাকিস্তান, পানামা, ফিলিপাইন, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া ফেডারেশন, রুয়ান্ডা, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডা, শ্রীলঙ্কা ও উরুগুয়ে।

সরকার যদি নারীর সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী হয়, তাহলে তাদের উচিত হবে নারীর মর্যাদা ও অধিকার বিষয়ে একটি জাতীয় কমিশন গঠন করে তার সুপারিশের ভিত্তিতে সিডও সনদ পুরোপুরি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা

বাংলাদেশ সরকার তখনো সিডও সনদে স্বাক্ষর-অনুমোদন দেয়নি। মহিলা পরিষদের উদ্যোগে নারী আন্দোলন সংগঠনগুলোর নেতাদের স্বাক্ষর সংগ্রহ করে বিবৃতি দিয়ে বলা হয়েছিল যে সরকারকে সিডও সনদ অনুমোদন করতে হবে। সে সময় সংগঠনের সভানেত্রী ছিলেন সুফিয়া কামাল ও সাধারণ সম্পাদিকা হিসেবে আমি (মালেকা বেগম) দায়িত্ব পালন করেছিলাম। আমাদের উদ্যোগের কারণেই নারী নেতারা এই ইস্যুতে ধারাবাহিকভাবে আন্দোলন করেছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে মহিলা পরিষদের সদস্য (বর্তমানে বিদেশে স্থায়ী হয়েছেন) আইনজীবী দিলরুবা সাহানা ঢাকার জাতিসংঘ তথ্যকেন্দ্র থেকে জাতিসংঘের কাগজপত্র সংগ্রহ করে জানিয়েছিলেন যে এ ক্ষেত্রে মহিলা পরিষদকে উদ্যোগী ভূমিকা নিতে হবে। তিনি আরও বলেছিলেন যে বিষয়টি যদিও মনে হবে মহিলা মন্ত্রণালয়ের; মূলত এ-বিষয়ক দাপ্তরিক কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত। জাতিসংঘ থেকে ১৯৭৯ সালেই (এবং আরও আগে থেকে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ-বিষয়ক করণীয় ও পদক্ষেপ নেওয়ার বিষয়ে কাগজপত্র পাঠানো হয়েছিল। আশির দশকজুড়ে দিলরুবা সাহানা ও জাতিসংঘ তথ্যকেন্দ্রে গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত হাসান ফেরদৌসের (দীর্ঘদিন নিউইয়র্কে জাতিসংঘের কার্যালয়ে দায়িত্ব পালনের পর বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রথম আলোর বিশেষ প্রতিনিধি) সহযোগিতায় সিডও সনদের মূল ডকুমেন্ট ও অন্যান্য বিষয়ের কাগজপত্র সংগ্রহ করে এ বিষয়ে মহিলা পরিষদ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়েছিল। সারা দেশে এই সনদ প্রচারের জন্য বাংলায় অনুবাদ করা হয় (দিলরুবা সাহানা ও রাখী দাস পুরকায়স্থ অনূদিত)।
১৯৮৩ সালে আন্দোলন করে এক বছরের মাথায় ১৯৮৪ সালে সিডও সনদে বাংলাদেশ সরকারের স্বাক্ষর ও অনুমোদনের বিষয়টি বাস্তবায়ন করতে আমরা সক্ষম হই। যদিও সরকার সে সময় ২ নং ধারা, ১৩ নং ধারার ক. (পারিবারিক সমান সুযোগ-সুবিধার অধিকার) এবং ১৬.১ ধারার গ ও চ ধারায় দ্বিমত জানিয়ে (সংরক্ষণ রেখে) সনদটিতে স্বাক্ষর করেছিল। সে জন্য পূর্ণ অনুমোদনের দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ১৩ ধারায় সম্পূর্ণ সম্মতি দিয়েছে। কিন্তু ২ এবং ১৬.১ ধারার গ বিষয়ে দ্বিমত জানিয়েছে।
বাংলাদেশ সরকারের অসম্মতি জানানো সিডও সনদের ধারাগুলোর বিষয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে অভিন্ন পারিবারিক আইন বিষয়ে ধর্মীয় নেতারা একমত নন এবং সমাজও প্রস্তুত নয়। (ওয়েবসাইট: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ)। সংরক্ষিত নারী আসনে সরাসরি জনগণের ভোটে নির্বাচনের বিষয়ে সরকার সম্মত নয় একই অজুহাতে।
যখন সরকার নারীর অগ্রযাত্রায় তাদের প্রশংসনীয় ভূমিকার কথা বলে, তখন সমাজ প্রস্তুত কি না, তেমন মন্তব্য নীতিনির্ধারকদের কাছ থেকে আমরা শুনি না। তাহলে সিডও বাস্তবায়নের বিষয়ে এই প্রশ্ন আসে কেন? এটা সত্য যে বাংলাদেশের নারী সমাজ নানা বৈষম্য-নির্যাতন-দুর্ভোগ অগ্রাহ্য করেই এগিয়ে চলেছে। সরকারের বিভিন্ন আইন, পদক্ষেপ, দৃষ্টিভঙ্গি, নারীর প্রতি সহমর্মিতা প্রভৃতি নারী অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক প্রভাব ফেলেছে। আবার সরকারি পরিসংখ্যানেই দেখা যায় যে নারীর বিরুদ্ধে সংঘটিত নির্যাতন-অত্যাচারের ৮৫ শতাংশই ঘটেছে পরিবারের স্বজনদের দ্বারা। এসব পারিবারিক নির্যাতনের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ নিতে হবে সরকারকেই। সেটি করতে পারলে পরিবার ঠিক হবে। আর পরিবার ঠিক হলে সিডওসহ নারীর পক্ষে যেকোনো আইন বা উদ্যোগ বাস্তবায়নেও সমাজ প্রস্তুত থাকবে। এমন বহু ক্ষেত্র আছে, যেখানে নারীর অগ্রযাত্রা, সম্মান, মর্যাদা ও ক্ষমতা দৃশ্যমান।
নারীর অধিকার প্রতিষ্ঠায় জাতিসংঘ ১৯৪৫ থেকে একের পর এক পদক্ষেপ নিয়েছে। নাগরিক হিসেবে নারী-পুরুষের অভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে বহু আন্তর্জাতিক সনদ, বিশ্ব নারী বর্ষ, বিশ্ব নারী দশক (মেক্সিকো, কোপেনহেগেন, নাইরোবি), বেইজিং চতুর্থ বিশ্ব নারী সম্মেলন ১৯৯৫ এবং প্রতি পাঁচ বছর পর পর বেইজিং সম্মেলনের পর্যালোচনা প্রতিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রসমূহের কাছে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা চালাচ্ছে সংস্থাটি।
সরকার যদি নারীর সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী হয়, তাহলে তাদের উচিত হবে নারীর মর্যাদা ও অধিকার বিষয়ে একটি জাতীয় কমিশন গঠন করে তার সুপারিশের ভিত্তিতে সিডও সনদ পুরোপুরি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা। সেই কমিশনে নারী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও প্রগতিশীল লেখক-বুদ্ধিজীবী-আইনবিদদের অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু সরকার যদি সেটি করতে ব্যর্থ হয়, তাহলে এ দেশের নারী সমাজ মনে করবে যে সমাজ নয়, সরকারই সিডও সনদ বাস্তবায়নে প্রস্তুত নয়।
মালেকা বেগম: গবেষক; অধ্যাপক, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, ঢাকা।