
আমরা এমন এক সময়ে বাস করছি, যখন ঘৃণা, রক্ত আর খুন নিয়ত আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। অতীতের গৌরব বা গৌরবের সহযাত্রীদের নিয়ে কারও ভাবনার ফুরসত নেই। না হলে, একাত্তরে বাংলাদেশের অন্যতম বন্ধু সাংবাদিক সিডনি শনবার্গের মৃত্যুতে আমরা এতটা নির্বিকার থাকলাম কী করে? আমরা মুক্তিযুদ্ধের চেতনার মশাল জ্বালানোর কথা বলি, অথচ সেই মুক্তিযুদ্ধের একজন সুহৃদের মৃত্যুতে শোক তর্পণ করা কিংবা একটি শোকবার্তা পাঠানোর অবকাশও আমাদের হয় না। সিডনি শনবার্গের মৃত্যুতে একাত্তরের সেক্টর কমান্ডারস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়া কারও শোকবার্তা চোখে পড়েনি।
সিডনি শনবার্গ এমন মাপের সাংবাদিক-লেখক যে আমাদের স্মরণ করা ন–করায় তাঁর কিছু আসে যায় না। তিনি তাঁর সহযাত্রী ও উত্তর-প্রজন্মের সাংবাদিকদের জন্য সাহস ও মানবতাবোধের অনন্য নজির রেখে গেছেন। ৮২ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর যে মৃত্যু, তাকে মনে হয়েছে অকালমৃত্যু। তিনি ছিলেন মানবিকবোধে উজ্জীবিত এক নির্ভীক কলমজীবী।
সিডনি শনবার্গের জীবনকাহিনি বেশ বৈচিত্র্যপূর্ণ। তাঁর জন্ম ১৯৩৪ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ক্লিনটনে। হার্ভার্ডে স্নাতক পড়ার সময় তিনি বারটেন্ডার, রেস্তোরাঁ সেবক ও ধোপাখানার সহযোগী হিসেবেও কাজ করেছেন। ১৯৫৫ সালে বাধ্যতামূলক সেনাবৃত্তি পালনের উদ্দেশ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্ট তৃতীয় আর্মড ডিভিশনে যোগ দেওয়ার পর সেনাবাহিনীর মুখপত্র সম্পাদনার মাধ্যমে তাঁর সাংবাদিকতা শুরু। সিডনি শনবার্গ ১৯৫৯ সালে বিশ্বখ্যাত নিউইয়র্ক টাইমস-এ কপি বয় হিসেবে যোগ দিয়ে মেধা ও পরিশ্রমের গুণে এই পত্রিকার বিশেষ সংবাদদাতা, ব্যুরোপ্রধান ও মেট্রোপলিটন সম্পাদক পদেও বরিত হয়েছেন।
বাংলাদেশের সঙ্গে তাঁর সংযোগ ঘটে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়। তিনি তখন নিউইয়র্ক টাইমস-এর দিল্লি সংবাদদাতা। বাংলাদেশে চলছিল যুদ্ধের প্রস্তুতি। আরও অনেক বিদেশি সাংবাদিকের সঙ্গে সিডনিও ওই বছর মার্চের অগ্নিঝরা দিনগুলোতে ঢাকায় চলে আসেন। ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও ধ্বংসযজ্ঞের অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। সেনা কর্মকর্তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সব বিদেশি সাংবাদিককে পাকড়াও করে সোজা বিমানবন্দরে নিয়ে যায়। দিল্লি ফিরে ২৭ মার্চ সিডনি শনবার্গ লিখলেন: ‘৭৫ মিলিয়ন মানুষের পূর্ব পাকিস্তান প্রদেশে স্বায়ত্তশাসনের আন্দোলন ধ্বংস করার জন্য নিরস্ত্র সাধারণ নাগরিকদের বিরুদ্ধে পাকিস্তানি বাহিনী কামান ও ভারী মেশিনগান ব্যবহার করেছে। ...রাত চারটার অব্যবহিত পর আর্তচিৎকার কিছুটা থিতিয়ে এল, তবে কামান ও মেশিনগানের গোলাগুলি বর্ষণের বিক্ষিপ্ত আওয়াজ পাওয়া যাচ্ছিল।’
এরপর মুক্তিযুদ্ধের প্রায় নয় মাস তিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বীরত্ব, দেশত্যাগী লাখ লাখ মানুষের দুঃখকষ্টের কথা লিখেছেন। তাঁর প্রতিটি রিপোর্ট ছিল নির্ভুল রাজনৈতিক বিশ্লেষণে ঋদ্ধ। এ সময় তিনি একাধিকবার অবরুদ্ধ বাংলাদেশে এসেছেন। এখান থেকে পাঠানো তাঁর বস্তুনিষ্ঠ রিপোর্টগুলো পাকিস্তানি শাসকেরা সুনজরে দেখেনি। ফলে আবারও তিনি বহিষ্কৃত হন।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভাষা এবং মানবিক আকুতিভরা লেখা সিডনি শনবার্গের সেই প্রতিবেদন ও বিশ্লেষণগুলো অনুবাদ করে ‘ডেটলাইন বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ান’ বই আকারে প্রকাশ করেছেন লেখক-গবেষক মফিদুল হক। সেই বইয়ের ভূমিকায় সিডনি লিখেছেন: ‘ব্যক্তিগতভাবে এবং রিপোর্টার হিসেবে ১৯৭১ সাল ছিল আমার জন্য এক উল্লেখযোগ্য বছর। এর আগেও আমি অন্যায় সংঘটিত হতে দেখেছি, তা নিয়ে আমি লিখেছি। কেননা, নির্যাতন-নিপীড়ন তো দুনিয়া ছড়ানো রক্তবীজ, তবে এমন ব্যাপক আকারে এবং এত পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে তার প্রতিপালন করতে দেখিনি।...এটা ছিল পুরোপুরি পাইকারি হত্যাকাণ্ড। ...এভাবেই বয়ে চলল ঘটনা—সেই রাতও তার পরের প্রায় নয় মাসজুড়ে হত্যা ও নিষ্ঠুরতার এমন খেলা, যা লাখ লাখ শরণার্থীকে ঠেলে ভারতে পাঠিয়ে দিল।’ (সূত্র: ডেটলাইন বাংলাদেশ নাইনটিন সেভেন্টি ওয়ান)
১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ঢাকায় প্রবেশ করেন সিডনি শনবার্গ। সেদিনের বর্ণনা দিয়ে শনবার্গ লিখেছেন: সবখানে প্রায় একই দৃশ্য। রাস্তার মাঝেমধ্যে পড়ে আছে অগ্নিদগ্ধ যান, কামান অথবা মর্টারের গোলায় বিস্ফোরিত, আরও দেখা যায় বোমায় বিধ্বস্ত পাকিস্তানি বাংকার।...কোথাও কোথাও এমনকি দেখা যায় ধানখেতের পাশের নালায় মাছের উদ্দেশে ঝাঁপ দিচ্ছে মাছরাঙা পাখি। ....অনেক সময় এটা বোঝা কঠিন হয়ে ওঠে যে এই দেশকে স্পর্শ করেছে একটা যুদ্ধ সে কথা জানান দিচ্ছে কেবল মৃত ব্যক্তিদের নীরবতা এবং নিরুদ্দেশ ব্যক্তিরা আর কখনো যারা ফিরে আসবে না।’
তবে সাংবাদিক সিডনি শনবার্গের জন্য বাংলাদেশের চেয়েও তাৎপর্যপূর্ণ অধ্যায় ছিল কাম্পুচিয়া। ১৯৭৫ সালে পলপটের খেমাররুজ বাহিনী ক্ষমতায় এসে যে হত্যাযজ্ঞ চালায়, তা ছিল নজিরবিহীন। ২০ লাখ লোককে শহরছাড়া করা হয়, যাদের অনেকে যাত্রাপথেই মারা যান। কাম্পুচিয়ার গণহত্যা নিয়ে সিডনির রিপোর্ট তাঁর খ্যাতি ও সম্মান অনেকটা বাড়িয়ে দেয়। সেই সময় সম্পাদক তাঁকে কাম্পুচিয়া ত্যাগ করতে বললেও তিনি সেখানে থেকে যান। গ্রেপ্তার এড়াতে কাম্পুচীয় সহকর্মী ডিথ প্রানকে নিয়ে সিডনি ফরাসি দূতাবাসে আশ্রয় নিলেও দুই সপ্তাহ পর সেনাবাহিনী তাঁকে ট্রাকে করে থাইল্যান্ডে পাঠিয়ে দেয়। ১৯৭৬ সালের ৩ মে সিডনি যেদিন নিউইয়র্ক টাইমস-এর মেট্রোপলিটন সম্পাদক হন, সেদিনই পুলিৎজার পুরস্কার পান। কাম্পুচিয়ার ঘটনাবলি নিয়ে তাঁর লেখা বই দা ডেথ অ্যান্ড লাইফ অব ডিথ প্রান অবলম্বনে তৈরি দা কিলিং ফিল্ড চলচ্চিত্র অস্কার লাভ করে। কাম্পুচিয়া সিডনি শনবার্গকে নিঃসন্দেহে বিখ্যাত করেছে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি যে ভূমিকা পালন করেছেন, তাও কম গুরুত্বপূর্ণ নয়।
বাংলাদেশ সরকার আরও অনেকের সঙ্গে ‘মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু’ হিসেবে সিডনি শনবার্গকেও সম্মানিত করেছিল, যদিও তিনি শারীরিক অসুস্থতার কারণে সেই সম্মান নিতে ঢাকায় আনতে পারেননি। কিন্তু যে বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা একাত্তরে নিজেরা এঁকেছিলাম এবং যে ছবি বিদেশি বন্ধুদের দেখিয়েছিলাম, তা থেকে বাংলাদেশ এখন অনেক অনেক দূরে।
তারপরও একাত্তরের সহযোদ্ধা সাংবাদিক সিডনি শনবার্গকে জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]