সিনেমার ধর্ষণ কার জন্য মজার বিষয়?
ধর্ষণ কখনোই কোনো মুখরোচক আলোচনার বিষয়বস্তু হতে পারে না। এটা মজা করার বিষয় না। ধর্ষকের মজার শিকার হয়ে কত নারীর জীবন ধ্বংস হয়েছে, তা জানা থাকার পরও একটি টিভি চ্যানেল কীভাবে দর্শক বাড়ানোর জন্য এ নিয়ে মজা করিয়ে নিতে পারে উপস্থাপক ও আলোচকদের দিয়ে? সম্প্রতি একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত ধর্ষণ নিয়ে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা ও খল অভিনেতা মিশা সওদাগরের আলাপচারিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্দেশ্য, কার্যকারণ ও প্রাসঙ্গিকতা যা-ই হোক না কেন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ও জনপ্রিয়তার শীর্ষে থাকা এই তারকাদের এহেন আলাপচারিতার আগে ধর্ষণের মতো একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনার সময় বিষয়টির গুরুত্ব ও ভয়াবহতা আরও তলিয়ে দেখার প্রয়োজন ছিল।
পাঁচ বছর বয়সে কোনো এক বাংলা সিনেমায় সর্বপ্রথম ‘ধর্ষণ’ নামক এই পৈশাচিক ব্যাপারটি প্রত্যক্ষ করি। মনে পড়ে, মাকে প্রশ্ন করেছিলাম, ‘মা, ওই শয়তান লোকটি মেয়েটিকে কেন এমন করছে? মেয়েটি তো অনেক ভালো।’ আমার মা সঙ্গে সঙ্গে টেলিভিশনের সুইচ বন্ধ করে দেন। কিন্তু আমার মনের মধ্যে ঝড় তোলা অস্বস্তিকর সুইচটি তিনি কখনোই বন্ধ করতে পারেননি। আর তাই তো সেই বয়সের অনেক ঘটনা ভুলে গেলেও আজও মনের চোখে স্পষ্ট দেখতে পাই ধর্ষণের শিকার নারীর চরিত্রে অভিনয় করা লাল শাড়ি পরা সেই নারীকে এবং নীল রঙের জিনস প্যান্ট আর কালো টি-শার্ট পরা সেই খলনায়ককে। অসম্পূর্ণ সেই ধর্ষণ দৃশ্য আজও পূর্ণদৈর্ঘ্যে আমার মনের মাঝে ভাসে।
এরপর থেকে সিনেমা দেখতেই ভয় পেতাম। সব সময় ভয়ে ভয়ে থাকতাম, এই বুঝি রক্ত হিম করা ধর্ষণ দৃশ্যের অবতারণা হবে! আশি-নব্বইয়ের দশকে প্রায় প্রতিটি বাংলা সিনেমায় বোধ করি এই ধরনের একটি করে দৃশ্য থাকত। পরে ধর্ষণদৃশ্যের পরিমাণ কিছুটা কমে আসে। কারণ, তত দিনে অধিকাংশ পরিচালক দর্শকদের যৌন সুড়সুড়ি দিয়ে সিনেমা হলে ধরে রাখার আরও কিছু কৌশল রপ্ত করতে পেরেছিলেন। ধর্ষণদৃশ্য আজও সিনেমা থেকে বিলুপ্ত হয়নি। সাধারণত তিনটি কারণে ধর্ষণের দৃশ্যের অবতারণা হয়: ১. ভিলেনের নারীলিপ্সা আর নিষ্ঠুরতা সম্পর্কে দর্শকদের ধারণা দেওয়ার জন্য, ২. নায়কের বোনকে ধর্ষণের মাধ্যমে নায়কের মনোবল ভেঙে দেওয়ার জন্য এবং ৩. নায়িকার রক্ষক হিসেবে নায়কের সাহসিকতাকে তুলে ধরার জন্য। কারণ যা-ই হোক না কেন, ধর্ষণদৃশ্য কখনোই কোনো সুস্থ, রুচিশীল ও বিবেকবান মানুষের কাছে সুখকর দৃশ্য নয়।
কারও ইচ্ছার বিরুদ্ধে সন্ত্রাসী কায়দায় তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা নিকৃষ্টতম এবং জঘন্যতম একটি অপরাধ। এটি সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। যখনই পত্রিকায় ধর্ষণের খবর পড়ি, মনে মনে ভাবি, কত কষ্টই না হয়েছিল ধর্ষণের শিকার সেই নারীটির কিংবা শিশুটির। জানি না ইয়াসমিন, তনু, রূপা কিংবা বিউটির মতো একেকটি সম্ভাবনাময় প্রাণ কী কষ্ট পেয়েই না দুনিয়া ত্যাগ করেছিল! কত অভিশাপই না তারা দিয়েছিল এই মানবজাতিকে!
আমার ধারণা ছিল, ধর্ষণের দৃশ্যে যে নারীরা অভিনয় করেন, তাঁরা দৃশ্যের প্রয়োজনে হলেও কিছু সময়ের জন্য হয়তো অনুভব করেন সেই ভয়ংকর অভিজ্ঞতা এবং সেটিই হওয়ার কথা। অন্যদিকে, ধর্ষকের ভূমিকায় যাঁরা অভিনয় করেন, তাঁরাও হয়তোবা উপলব্ধি করেন একজন ধর্ষক হতে হলে কতটা পশুত্ব প্রয়োজন! আমরা জানি, যে অভিনেতা-অভিনেত্রীরা যত বেশি নাটক কিংবা সিনেমার দৃশ্যের সঙ্গে একাত্ম হতে পারেন, তাঁর চরিত্রটি ততই বাস্তবসম্মত হয়ে ওঠে। সফল অভিনয়ের অন্যতম মূলমন্ত্র হলো চরিত্রের সঙ্গে মিশে যাওয়া। তাই যিনি বা যাঁরা একবার এই চলচ্চিত্রগুলোয় অভিনয় করেছেন, তাঁদের কাছ ধর্ষণ বিষয়টি আর দশজন সাধারণ মানুষের চেয়ে আরও ব্যাপক ও ভয়াবহ হয়ে ওঠার কথা। ধর্ষণের মতো জঘন্য একটি অপরাধ নিয়ে হাসি-তামাশা নয়, বরং এ ক্ষেত্রে তাঁদের কঠোর ও কঠিন অবস্থান আশা করে বিবেকবান মানুষ।
এসব দৃশ্যে অভিনয় করার পরও যদি তাঁদের বিষয়টি নিয়ে মজা করার মতো রুচিবোধ জাগ্রত হয়, তবে প্রশ্ন ওঠে তাঁদের মূল্যবোধ নিয়ে। গুণী অভিনেত্রী পূর্ণিমা আদৌ কি কখনো একাত্ম হতে পেরেছিলেন ধর্ষণের শিকার নারীর কষ্টের সঙ্গে! অন্যদিকে, পূর্ণিমার প্রশ্নে বিন্দুমাত্র বিব্রত না হয়ে কিংবা প্রতিবাদ না করে মিশা সওদাগরের উচ্ছ্বসিত উত্তরে মনে হয়েছে, তাঁরা হয়তো অনুভব করেননি ধর্ষণের শিকার হওয়ার দুঃসহ যন্ত্রণা! একই সঙ্গে প্রশ্ন জাগে, অনুষ্ঠানটি পরিকল্পনা এবং নির্মাণের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁদের নিয়েও। যেহেতু অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত কোনো অনুষ্ঠান ছিল না, তাই এ ধরনের আপত্তিকর প্রশ্ন-উত্তর অনায়াসে সম্পাদনা করে বাদ দেওয়ার সুযোগ ছিল। তাহলে কি আমরা বলতে পারি, আশি-নব্বইয়ের দশকে যে সিনেমার পরিচালকেরা ধর্ষণ কিংবা এ ধরনের নির্মম ঘটনার রসালো চিত্রায়ণের মাধ্যমে দর্শককে হলে আকৃষ্ট করার চেষ্টা করতেন, তাঁদের ভূত এখনো বিরাজ করছে বিনোদন জগতে? রুচিশীলতার মোড়কে ঢেকে তাঁরা আজও নির্মাণ করে চলেছেন আদি রসাত্মক কুরুচিপূর্ণ বিনোদন!
মিডিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিত্বদের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। তাই তাঁদের কাছ থেকে অনেক সচেতন আচরণ প্রত্যাশিত। তাঁদের একটি কথা কিংবা একটি আচরণ যত তাড়াতাড়ি সাধারণ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পায়, সাধারণ একজন মানুষ সারা বছর তা প্রচার করে বেড়ালেও সেই গ্রহণযোগ্যতা পায় না। অন্যদিকে, নাটক, সিনেমা, বিজ্ঞাপন পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা এবং প্রযোজনার সঙ্গে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত, তাঁদের মধ্যে প্রয়োজন আরও নান্দনিকতা, সংবেদনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি। এ ধরনের স্পর্শকাতর বিষয়গুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা ও পরিচালনা করার জন্য প্রয়োজন তাঁদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে বিনোদনের নামে এ ধরনের কুরুচিপূর্ণ ঠাট্টা-মশকরা যেন কারও মর্যাদায় না লাগে, সেদিকে যত্নবান হতে হবে। সাধারণ জনগণ যেমন এক মুহূর্তে উদারভাবে একজন সাধারণ মানুষকে আকাশের তারকা বলে মেনে নিতে জানেন, ঠিক একইভাবে তাঁরা সেই তারকাকে এক মুহূর্তে আকাশ থেকে মাটিতে ছুড়ে ফেলতেও জানেন। তাই তারকাদের সাধারণ জনগণের পছন্দ-অপছন্দের বিষয়টি মাথায় রাখতে হবে। তাঁদের প্রতি ভক্তদের ভালোবাসা ও সম্মানের বিষয়টি বিবেচনায় রাখতে হবে এবং এর প্রতি সুবিচার করতে হবে। তাঁদের সামান্য উদাসীনতা যেন অপরাধপ্রবণতাকে উসকে না দেয়, সে ব্যাপারে রাখতে হবে সতর্ক দৃষ্টি।
নিশাত সুলতানা: লেখক ও জেন্ডারবিষয়ক গবেষক।
[email protected]