সিভিল সোসাইটি: 'কী করি আজ ভেবে না পাই'

মিয়ানমার থেকে আসা শরণার্থীদের নিয়ে প্রায়ই কোনো না কোনো সভা, মতবিনিময়, সেমিনার, ওয়ার্কশপ চলছে চলবে। সাদা-কালো, দেশি-বিদেশি, রংবেরঙের মানুষের আনাগোনার কোনো ঘাটতি নেই। রোহিঙ্গা কত প্রকার ও কী কী–জাতীয় আলোচনা ছাড়াও নৃতাত্ত্বিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের জটিল ও সরল-গরল বিশ্লেষণের মহাযজ্ঞ চলছে যেন। সম্ভাব্য লড়াই, কূটনীতির মারপ্যাঁচ, ড্রাগ, কালোবাজারি, সন্ত্রাসের আখড়া, দক্ষিণ এশিয়ার ফিলিস্তিন, বনি ইসরায়েল—সবেরই চুলচেরা বিশ্লেষণ নিয়ে মেতে গেছে বুদ্ধিমান সমাজ। এ রকম এক আলোচনায় এক উদ্বিগ্ন ব্যক্তি জানতে চাইলেন, আমরা ‘সিভিল সোসাইটি’ এ অবস্থায় কী করতে পারি?
সব হারানো শরণার্থীদের একজন মানুষ বিদেশি এক জনপ্রিয় গণমাধ্যমকে খুব স্পষ্ট করে বলেছেন, ‘আমরা এখানে থাকতে আসিনি। আসিনি রিলিফের লাইনে দাঁড়িয়ে চাল সংগ্রহ করতে। আমরা ফিরে যেতে চাই আমাদের বাড়িতে, জমিতে, লাগানো ধানের খেতে, গাছের কাছে। আমাদের নিরাপত্তার সঙ্গে সেখানে বেঁচে থাকার পরিবেশ তৈরি করুন, আমরা চলে যাব।’ এ যেন ৭১-এর আগরতলা, নদীয়ার কল্যাণী ক্যাম্প বা আসামের গোয়ালপাড়া জঙ্গলে পড়ে থাকা বাংলাদেশের হালিমা খাতুন, ইয়াসিন আলী বা দুর্গাদাসীর কণ্ঠস্বর। বাড়ি যাব, বাড়ি যাব। কবে যাব, কখন যাব। আমাদের ‘সিভিল সোসাইটি’ এই ফেরত যাওয়ার পরিবেশ তৈরির কাজটা এগিয়ে নিতে পারে। সে কাজের হয়তো ক্যামেরা ভ্যালু নেই; কিন্তু তা থেকে সুদূরপ্রসারী এবং স্থায়ী সমাধানের বীজতলা তৈরি হতে পারে।
মিয়ানমারের শরণার্থীদের নিরাপত্তার সঙ্গে নিজ দেশে ফেরত যাওয়ার পক্ষে যে দুটি দেশ সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে, সেই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের লোকজনের সঙ্গে আমাদের ‘সিভিল সোসাইটি’র মানুষদের তো কম জানাশোনা নেই। তো তাদের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ আলাপ-আলোচনার ঘুড়িটা ওড়াতে অসুবিধা কী? হয়তো অনেকেই তা করছেন। তবে সংগঠিতভাবে একটা সমন্বিত পরিকল্পনা নেওয়ার প্রয়োজন নাগরিক সমাজের। সাহিত্য সম্মেলন, কবিতা সম্মেলন, লেখক সম্মেলন, গানের আসর—এসবই তো আমাদের বিদ্বৎসমাজের মুঠোর মধ্যে। শরণার্থী সমস্যাকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের কিছু কি করা যায় না? যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিরা কথা বলবেন, আলোচনা করবেন শরণার্থীদের নিরাপদ প্রত্যাবর্তনের পক্ষে। যাতে তাঁরা নিজ নিজ দেশে ফেরত গিয়ে যেন জনমত তৈরি করতে পারেন।
আমাদের প্রয়োজন এখন শরণার্থীদের প্রত্যাবাসনের পক্ষে জোর প্রচারণা চালানো, সম্ভাব্য সব মাধ্যম ব্যবহার করেই এটা করতে হবে। ‘সিভিল সোসাইটি’ বা বুদ্ধিজীবী–সমাজ বা নাগরিক সমাজের পক্ষে প্রকৃত অবস্থানের (পজিশন পেপার) বয়ান দিয়ে সারসংক্ষেপ বা ব্রিফিং নোট তৈরি করে প্রচার করতে পারে। জাতিসংঘের প্রধান প্রধান ভাষা ছাড়াও আসিয়ান দেশগুলোর ভাষায় এটা অনুবাদ করে প্রচার করা যায়। প্রতি মাসে এই সারসংক্ষেপ হালনাগাদ করা যায়। এগুলো ফারসি আর তুর্কি ভাষায়ও চালান করা যায়। বাঙালির বুদ্ধিমত্তা নিয়ে গর্ব আছে। কিন্তু এ ধরনের মগজ খাটানো কাজে বড়ই গড়িমসি আমাদের।
স্বতঃস্ফূর্তভাবে অনেক দেশই শরণার্থীদের প্রতি সহানুভূতিশীল হয়েছে, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে চার–পাঁচটা ছাড়া প্রায় সবাই শরণার্থীদের পক্ষেই ছিল। মগজের কাজ না করায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে কমপক্ষে পঞ্চাশটা দেশের প্রধানদের আনুষ্ঠানিক বক্তৃতায় বিষয়টা উত্থাপিত করার একটা মহাসুযোগ হারালাম। এসব দেশে আমাদের দূতাবাসগুলো দূতিয়ালির মাধ্যমে বিষয়টা নিশ্চিত করতে পারত। এমনকি কানাডার জনপ্রিয় প্রধানমন্ত্রী ট্রুডো তাঁর আনুষ্ঠানিক বক্তৃতায় মিয়ানমার প্রসঙ্গে চুপ থেকে গেলেন। একটু মনে করিয়ে দিলেও এ রকম নেতাদের বক্তৃতায় বিষয়টি আসত। মনে করিয়ে না বলে হাতে ধরিয়ে দেওয়া—প্রাঞ্জল ভাষায় তৈরি একটা সারসংক্ষেপ সামনে থাকলে অগ্রাহ্য করা কঠিন হয়।
পৃথিবীর নানা রাজধানী আর বড় বড় শহরে আমাদের সামাজিক, রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিনিধি যাঁরা আছেন, তাঁরাও পারেন সেসব দেশের সংসদ সদস্যদের কাছে চিঠি লিখতে, গণমাধ্যমে যোগাযোগ করতে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভার তারিখের কমপক্ষে এক মাস আগে থেকে ভারত আর চীনকে জানিয়ে মিয়ানমার রাখাইনের পৈশাচিক কর্মকাণ্ড শুরু করে। অথচ মতিগতি ঠাহর করতে বুঝতে বুঝতে আমাদের সরকারের সপ্তাহ খানেক সময় কেটে যায়। তারপরও সব ছেড়েছুড়ে তিন সপ্তাহ সময় আমরা হাতে পেয়েছিলাম; আমাদের বুদ্ধির দৌড়ঝাঁপ দেখানোর জন্য সময়টা নেহাত কম ছিল না। সে যাক, যা ফসকে গেছে, তা নিয়ে আর হাহুতাশ করে কী লাভ? পরেরটা যেন আর হাতছাড়া না হয়, সেদিকে একটু নজর দেওয়া দরকার।
সরকার যখন পক্ষে আছে, তখন ডান, বাম, মধ্যম, উত্তম—সব সিভিল মিলে এভিলদের বিরুদ্ধে যৌথ অবস্থান নীতি তৈরি করা যায় না? কমপক্ষে একটা মুসাবিদা তৈরির উদ্যোগ তো নেওয়াই যায়। এবার ভাষার মাসে, বিজয়ের মাসে, স্বাধীনতার মাসে সব মাসে শরণার্থী হোক আমাদের আলোচ্য বিষয়। আসুন সাহিত্য-কবিতায়, গানে-চর্চায় একাত্তরকে মনে করে সতেরোর মোকাবিলা করি। ত্রাণের রোজকার কাজের পাশাপাশি সেটাও দরকারি। ডিসেম্বরে ঠান্ডায় শিয়ালদহ থেকে শরণার্থী ট্রেনের হুইসেল দেশে ফেরার যে উন্মাদনা তৈরি করেছিল, এমন হুইসেল বাজাতে হবে চারদিকে।
গওহার নঈম ওয়ারা: ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মী ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়