সিরিয়া: যুদ্ধের মিথ্যা, মিথ্যার যুদ্ধ

সন্ত্রাসী হামলা নিয়ে নির্মিত ‘বাস্তিল ডে’ চলচ্চিত্রে একটি চমক লাগা দৃশ্য আছে: প্যারিসে বোমা হামলাকারীকে তালাশ করতে গিয়ে ফরাসি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক বাড়ির সিলিংয়ে বোমা রেখে নিজেরাই হইচই শুরু করে দেয় ‘বোমা পাওয়া গিছে, বোমা পাওয়া গিয়েছে’ বলে। ‘বাস্তিল ডে’ এক নিশ্বাসে দেখার মতো সিনেমা। যদিও শেষ পর্যন্ত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাফল্যের বয়ানই করা হয়েছে এতে। তবে ২০১৬ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দর্শকদের জন্য পরিষ্কারভাবে একটি তথ্য রেখে দিয়েছে। পরিচালক জেমন ওয়াটকিন্স বলার চেষ্টা করেছেন, সারা বিশ্বে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নাটকে আসলে কী হচ্ছে। দর্শক এই ইশারাটা নেবে কি না, সেটা তাদের নিজস্ব বিষয়। কিন্তু বাস্তবতা হচ্ছে, আফগানিস্তান থেকে লিবিয়া—সবখানেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক অনন্ত যুদ্ধ চলছে। এ লড়াই যেন শেষ হওয়ার নয়। আফগানিস্তানে শেষ হচ্ছে তো ইরাকে শুরু। ইরাকের পরিস্থিতি নিয়ন্ত্রণে তো সিরিয়ার যুদ্ধ চরমে। এবং এই যুদ্ধের পুরোটাই দাঁড়িয়ে আছে নানাবিধ মিথ্যার মিথের ওপর।
সিরিয়া বা ইরাক যুদ্ধের কথা যদি বিবেচনায় নিই, একটি বিষয় দিবালোকের মতো পরিষ্কার—পশ্চিমারা মিথ্যাচার করে ইরাক ও সিরিয়ার ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। সন্দেহ নেই, সাদ্দাম হোসেন বা বাশার আল-আসাদ দুজনই তাঁদের দেশে একনায়কত্ব প্রতিষ্ঠা করছিলেন। এই দুই দেশের জনসাধারণের কোনো গণতান্ত্রিক আধিকার ছিল না। মানবাধিকার পরিস্থিতি খুবই শোচনীয় ছিল। বাক্স্বাধীনতা ছিল না। দুই স্বৈরশাসকই কুর্দি গণহত্যার জন্য দায়ী। সিরীয় ও ইরাকিরা কর্তৃত্ববাদের অবসান চেয়েছিল কিন্তু সর্বগ্রাসী এই যুদ্ধ চায়নি। আজকে মিলিয়ন মিলিয়ন সিরীয় উদ্বাস্তু। সত্যি বলতে, তাদের জীবনমান এখন সাদ্দাম বা বাশারের শাসনাধীন অবস্থার থেকেও শোচনীয়। বিপ্লব গণতন্ত্র আনতে পারে, কিন্তু অন্যের চাপিয়ে দেওয়া একপেশে যুদ্ধে কখনোই গণতন্ত্র আসে না।
ইরাক যুদ্ধের আগে পশ্চিমারা সর্বশক্তি প্রয়োগ করে প্রচারণা চালিয়েছিল, সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী মারণাস্ত্র রয়েছে। আল-কায়েদার সঙ্গে ইরাকের গোপন এক গভীর যোগাযোগ রয়েছে। বা এখন কিছুদিন পরই বলা হচ্ছে, বাশার আল-আসাদ বিদ্রোহী জনসাধারণের ওপর বিষাক্ত গ্যাস প্রয়োগ করছেন। সিরিয়ায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে ইত্যাদি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের দাবির পরপরই পশ্চিমা নিয়ন্ত্রিত গণমাধ্যমে ঢালাওভাবে গ্যাস প্রয়োগের কথা প্রচারিত হচ্ছে। পশ্চিমাদের সহচর হোয়াইট হেলমেট আবার মাঠপর্যায় থেকে তথ্যচিত্র প্রচার করছে। হোয়াইট হেলমেটকে নোবেল দিয়ে মহিমান্বিত করার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু পশ্চিমাদের এসব প্রচারণার জারিজুরি অনেকটাই এখন স্পষ্ট। পেন্টাগনের বিরুদ্ধে ইরাক যুদ্ধের সময় সন্ত্রাসীদের নামে ভুয়া ভিডিওচিত্র তৈরি করে প্রচারের তথ্য আবার পশ্চিমারাই ফাঁস করে দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমারা এসবই করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ নামক অন্যায্য কৌশলের যৌক্তিকতা প্রমাণের জন্য। কিন্তু যৌক্তিকতা কি প্রমাণিত হয়েছে? নাকি পশ্চিমারা নিজেরাই ক্রমে খেলো, অযৌক্তিক হয়ে পড়ছে।
পশ্চিমাদের ব্যাপক প্রচারণার পরও নিশ্চিত হওয়া যাচ্ছে না, বাশারের বাহিনী আদৌ এসব গ্যাস প্রয়োগ করেছেন কি না? পশ্চিমাদের প্রচারণা নিয়ে জনমানসে সন্দেহ থেকেই যাচ্ছে। পশ্চিমাদের ক্রমাগত মিথ্যাচারে পরিস্থিতি এখন এমন একপর্যায়ে উপনীত হয়েছে যে বাশার আল-আসাদ যদি আসলেই গ্যাস প্রয়োগ করে থাকেন, তবে তা অনেকেই বিশ্বাস করবে না। বিষয়টি সেই গল্পের মিথ্যাবাদী রাখাল বালকের মতো। বাঘ যখন আসবে, তখন আর কেউই তাকে বিশ্বাস করবে না। বাশারের বাহিনী রাশিয়ার সহায়তা নিয়ে যখন জঙ্গিদের ঘাঁটিগুলো দখল করে নিচ্ছে, তখনই বাশারের বিরুদ্ধে গ্যাস প্রয়োগের অভিযোগ আনা হচ্ছে। এবং এসব অভিযোগ প্রমাণের আগেই মার্কিন অনুগত জোট হামলা শুরু করে দিয়েছে।
কিন্তু সন্ত্রাসবাদবিরোধী অনন্ত এই যুদ্ধের কারণ কী? পশ্চিমারা তো বলছে নাইন-ইলেভেনের পর সন্ত্রাসের মূলোৎপাটন করা; সিরিয়া, লিবিয়া, গণতন্ত্রের সুবাতাস বইয়ে দেওয়াই ছিল এই মহান যুদ্ধের অন্যতম কারণ। কিন্তু ইরাক, লিবিয়া বা সিরিয়ায় গণতন্ত্র কতটুকু এল?
এর মূল কারণে আসলে আধিপত্যের লড়াই। রাষ্ট্রের দাপট ও ইচ্ছাকে সবার ওপরে তুলে ধরার অভিলাষ। এর জন্য মিথ্যার মিথ তৈরি করে রাষ্ট্রগুলো। ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমারা তা-ই করেছে। নানাবিধ কল্পকাহিনি ছড়িয়েছে। গোটা সন্ত্রাসবাদবিরোধী লড়াই এক মিথের ওপরে দাঁড়িয়ে আছে। এখানে আসলে যুদ্ধবাজদের মধ্যে কোনো পক্ষ-বিপক্ষ নেই। বুশ, ব্লেয়ার, ওবামা, ট্রাম্প, লাদেন, বাগদাদি, পুতিন, এরদোয়ান, রুহানি, বাশার, সাদ্দাম বা গাদ্দাফি সবাই একপক্ষেই। লড়াইয়ের নামে একে অপরকে একটু সুবিধা করে দিচ্ছেন। কেউ ক্ষমতা রক্ষার জন্য লড়ছেন, কেউ দখলের জন্য লড়ছেন; এ-ই যা। এঁরা সবাই যুদ্ধ করছেন জনসাধারণের বিরুদ্ধে। জনসাধারণই এঁদের প্রধান প্রতিপক্ষ।
সাদ্দাম, গাদ্দাফির আমলে বা বাশারের সিরিয়ায় মাঝরাতে দরজার কড়া নড়ে ওঠার আতঙ্কে রাত কাটাত অনেকেরই। মাঝরাতে দরজায় ঠকঠক শব্দ মানেই ওই বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়ার পর কেউ না কেউ আর ফিরে আসবে না। কর্তৃপক্ষও স্বীকার করত না ধরে নিয়ে যাওয়ার বিষয়টি। এখনো ইরাক, সিরিয়া, লিবিয়ার বিভিন্ন শহরের ঘুমন্ত নগরবাসী আতঙ্কে জেগে ওঠেন। বোমার শব্দে। তাই মার্কিন ক্লাস্টার বোমা, জঙ্গিদের হামলা বা বাশারের অত্যাচার থেকে পরিত্রাণের জন্য দেশ ছেড়ে পালাতে গিয়ে মরে ভেসে ওঠে আয়লান কুর্দিরা। আয়লান কুর্দিরা এক গণতান্ত্রিক পরিবেশে বেড়ে উঠতে চেয়েছিল। তথাকথিত গণতন্ত্র আনয়নের যুদ্ধে মরে সাগরে ভেসে উঠতে চায়নি। একনায়ক-কর্তৃত্ববাদীদের হাত থেকে মিথ্যাবাদী রাখালদের আগ্রাসী বোমার তলে পড়তে চায়নি।
ড. মারুফ মল্লিক: রিসার্চ ফেলো, সেন্টার ফর কনটেমপোরারি কনসার্নস, জার্মানি।