সিরিয়ার গৃহযুদ্ধ কি অংশত জলবায়ু পরিবর্তনের জন্য সৃষ্টি হয়েছে? প্রিন্স চার্লস সে রকমই মনে করেন। স্কাই নিউজকে তিনি বলেছেন, ‘এ–বিষয়ক যথেষ্ট তথ্য-প্রমাণ আছে যে সিরিয়ার এই বিভীষিকার অন্যতম প্রধান কারণ হচ্ছে সেখানে চার-পাঁচ বছর ধরে চলা এক খরা।’ তিনি আরও বলেছেন, এই দ্বন্দ্ব-সংঘাত ও সন্ত্রাসবাদের ওপর জলবায়ু পরিবর্তনের ‘বড় প্রভাব’ রয়েছে।
এই দলে কিন্তু প্রিন্স একাই নেই। আসলে বহু মানুষ এই দাবি করছে, তিনি তাঁদের সঙ্গে গলা মিলিয়েছেন মাত্র। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং আল গোর, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী মার্টিন ও’ম্যালি ও বার্নি স্যান্ডার্স সবাই এই ধারায় কথা বলেছেন। স্যান্ডার্স আবার এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে সন্ত্রাসবাদের বিস্তারের সম্পর্ক আছে।
যুক্তরাজ্যে সরকারি পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত প্রতিবেদনে এই সম্পর্কের কথা উল্লেখ করা হয়েছে, আবার শীর্ষ এনজিও এবং শার্লট চার্চ থেকে শুরু করে জর্জ মনবায়টসহ বিভিন্ন ভাষ্যকার ও কর্মী একই কথা বলেছেন। উপর্যুক্ত তথ্য-প্রমাণ অনেক দিন ধরে ঘাঁটাঘাঁটি করার পর আমাদের প্রত্যয় সৃষ্টি হয়েছে যে এসবের সত্যতা নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত, জলবায়ু পরিবর্তনজনিত দ্বন্দ্ব-সংঘাতের সরকারি ও নীতিগত যে বয়ান বাজারে চালু আছে, তার চালিকাশক্তি হচ্ছে রাজনীতি, বিজ্ঞান নয়।
উল্লেখ্য, এ–বিষয়ক প্রথম যে প্রতিবেদনটি আমরা পেয়েছিলাম, সেটা কিন্তু বৈজ্ঞানিক গবেষণা ছিল না, ওটা ছিল এক সামরিক প্রতিবেদন, যার লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তনের গুরুত্বকে নাটকীয়তায় মুড়ে এর সঙ্গে নিরাপত্তার প্রশ্ন জুড়ে দেওয়া। আর এখন সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোর উদ্দেশ্য কিন্তু একই, যেটা আমাদের দৃষ্টিতে বিভ্রান্ত। অর্থাৎ চলমান প্যারিস সম্মেলনের আগে জলবায়ু পরিবর্তনের বিষয়টির সঙ্গে ‘নিরাপত্তা’ ইস্যু যুক্ত করা।
বস্তুত আমরা এ জায়গায় আগেও ছিলাম। বান কি মুনের যুক্তিতর্কের পর দারফুরের ঘটনাকে ‘জলবায়ু যুদ্ধ’ হিসেবে চিত্রিত করা হয়েছিল, তিনি বলেছিলেন, দারফুরের দ্বন্দ্ব বাস্তুতান্ত্রিক সংকট হিসেবে শুরু হয়েছিল, যার অন্তত আংশিক কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। কিন্তু বিদ্যায়তনের একরাশ গবেষণার পর এই তত্ত্ব সোজাসুজি খারিজ করে দেওয়া হয়েছিল। ওসব গবেষণায় অন্য আরও কিছু বিষয়সহ এ-ও বলা হয়েছিল যে খরার কারণে দারফুরের যুদ্ধ শুরু হয়নি, কারণ যুদ্ধের আগে দারফুরে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে গিয়েছিল।
এবার অবশ্য জলবায়ু-সংঘাতের থিসিসে কিছু বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ রয়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ বিজ্ঞানীরা প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস-এ প্রকাশিত এক সমীক্ষায় খুঁজে পেয়েছেন, সিরিয়ার চলমান সংকটের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে এই সমীক্ষাটি খুব গভীরভাবে ভুল।
প্রথমত, এই সমীক্ষাটি সিরিয়ার পরিপ্রেক্ষিতে করা হয়নি, এমনকি সিরিয়ার খরা ও গৃহযুদ্ধের মধ্যকার সম্পর্কের ওপরও এটি করা হয়নি। সমীক্ষার গুরুত্বপূর্ণ প্রাপ্তি হচ্ছে, ২০০০ সালের শেষের দিকে ‘উর্বর অর্ধচন্দ্রাকার’ এলাকাজুড়ে বহুস্তরিক খরা হয়েছে, সমীক্ষকেরা যে এলাকার বিস্তৃতি নির্ধারণ করেছেন তা দক্ষিণ রাশিয়া থেকে সৌদি আরব পর্যন্ত। স্ট্যাটিস্টিক্যাল মডেলিংয়ের মাধ্যমে এটা দাবি করা হয় যে এই খরা সৃষ্টির পেছনে মনুষ্য-সৃষ্ট কারণই বেশি দায়ী। এই বিশ্লেষণের মধ্যে এর প্রণেতারা খরা ও সিরিয়ার গৃহযুদ্ধের মধ্যকার সম্পর্ক–বিষয়ক স্রেফ কয়েকটি সন্দেহজনক ও গৌণ দাবি ঢুকিয়ে দিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, যুদ্ধের আগে খরার কারণে প্রায় ১৫ লাখ মানুষ গৃহচ্যুত হয়ে শহরাঞ্চলে পালিয়ে যায়। কিন্তু এই সংখ্যা ভুল, সেটা একরকম নিশ্চিত করেই বলা যায়, যদিও গণমাধ্যমে তা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এটার একমাত্র উৎস ছিল একটি ছোট্ট খবর, যা শুধু একটি গণমাধ্যমেই প্রকাশিত হয়েছিল। এই প্রতিবেদন আবার সিরিয়ার সরকার, জাতিসংঘ ও অন্যান্য হিসাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এসব হিসাবের বেশির ভাগেরই দাবি হচ্ছে, এই সংখ্যাটা আড়াই লাখের বেশি নয়।
তা ছাড়া, যুদ্ধের আগে সিরিয়ার অভ্যন্তরীণ অভিবাসনের পরিমাণ যা-ই হোক না কেন, সেটার কারণ হিসেবে শুধু খরার কথা বলা বিভ্রান্তিকর। ২০০০ সালের দিকে সিরিয়ার শহরগুলো গড়ে উঠছিল, অর্থনৈতিক উদারীকরণের কারণেই তা সম্ভব হয়েছিল। খরা-সৃষ্ট অভিবাসন হয়েছিল মূলত ২০০৯ সালে, ডিজেল ও সারের ওপর থেকে রাতারাতি ভর্তুকি প্রত্যাহার করার কারণে সে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। গবেষক ফাঁসেয়া দে শাতেল বলেন, অনেক কৃষকের জন্যই এই ভর্তুকি হ্রাসের ব্যাপারটা ছিল ‘টানা তিন বছর খরার চেয়ে বেশি ভারবহ’।
সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, কলাম্বিয়ার লেখকেরা এমন গুরুতর তথ্য-প্রমাণ দিতে পারেন না, যাতে বলা যায়, এই ‘খরা-সৃষ্ট অভিবাসীদের’ কারণে গৃহযুদ্ধ সৃষ্টি হয়েছে। তাঁদের এই দাবির দুটি ভিত্তি রয়েছে: একজন সিরীয় কৃষকের সাক্ষ্য, আরও সাধারণ ও প্রমাণবিহীন দাবি হচ্ছে, অভিবাসীদের উপস্থিতির কারণে শহরের চাপ বেড়েছে। তাঁরা প্রমাণ দিতে পারেননি যে এই অভিবাসীরা শুরুর দিকের উত্তেজনার লক্ষ্যবস্তু ছিল।
জলবায়ু পরিবর্তনের রাশ টেনে ধরার জন্য আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। আমাদের ওসব সন্দেহজনক তথ্য-প্রমাণেরও পর নির্ভর করার দরকার নেই। এই নিরাপত্তার উদ্বেগ একরকম বাগাড়ম্বর, পত্রিকার পাতায় চাঞ্চল্যকর শিরোনাম হওয়া ছাড়া এর ভিন্ন উদ্দেশ্য নেই।
দ্য গার্ডিয়ান থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
ইয়ান সেলবি: সাসেক্স বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক।
মাইক হালাম: ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক।