আমরা যারা গুম হওয়া ব্যক্তিদের স্বজন, তাদের সবচেয়ে কঠিন যে যন্ত্রণা সহ্য করতে হয়, তার নাম প্রতীক্ষা। স্বজন কবে ফিরবে সেই প্রতীক্ষা, যে স্বজন মরে গেছে বলে জেনেছি, তার লাশ কোথায় কবর দেওয়া হয়েছে, তা জানার প্রতীক্ষা। বছরের পর বছর আমরা সে প্রতীক্ষা করছি। ন্যায়বিচারের প্রতীক্ষা করছি।
সিরিয়ার সরকারি বাহিনী এবং সশস্ত্র গ্রুপগুলোর হাতে অপহৃত হয়ে নিখোঁজ হওয়া ব্যক্তিদের স্বজনদের একটি সমাবেশে আমি গত সপ্তাহান্তে যোগ দিয়েছিলাম। সেন্ট্রাল বার্লিনের বেবেলপ্লাৎস স্কয়ারে আমরা শতাধিক ল্যান্ডলাইন টেলিফোন সেট রেখে বিক্ষোভ করেছি। সিরিয়ায় গুম হওয়া আমাদের স্বজনদের বিষয়ে তথ্য প্রকাশে সিরিয়া সরকারকে যাতে অন্য সরকারগুলো চাপ দেয়, সেই দাবি তুলেছি। টেলিফোন সেট রেখে আমরা বোঝাতে চেয়েছি, আমরা আমাদের স্বজনদের খবরবাহী টেলিফোন কলের জন্য অধীর প্রতীক্ষায় আছি।
বাশার আল–আসাদের বিরুদ্ধে ভিন্নমত প্রকাশ করে যে কয়েক লাখ সিরীয় নাগরিক নিদারুণ নির্যাতনের ও আটকের শিকার হয়েছেন, তাঁদের মধ্যে আমার ছেলে আয়হাম গাজুল একজন। সে আমার ছোট ছেলে। ওর বড় ভাইয়েরা বিয়েশাদি করে আলাদা সংসার পেতেছিল। আমার স্বামী ২০১১ সালে মারা যাওয়ার পর এই ছেলে আর আমি একটা বাসায় থাকতাম। সরকারবিরোধী আন্দোলনের আগে আয়হামের বয়স কম ছিল। সে কিশোর বয়সে তার কম্পিউটারে রাখা সাবেক বন্দীদের লেখা গল্প ও কাহিনি আমাকে শোনাত। ওই সব গল্প সিরিয়ায় নিষিদ্ধ ছিল। কিন্তু সে আমাকে সরকারের কয়েদখানায় কীভাবে ভিন্নমতাবলম্বীদের নির্যাতন করা হয় তা জানাতে চাইত। সরকারবিরোধী আন্দোলনের শুরুতে আয়হাম দন্ত্য চিকিৎসায় স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছিল। এই সময় সে দামেস্কে আন্দোলনে যোগ দেয়। সে সেখানে ব্যক্তিস্বাধীনতার পক্ষে মিছিল করত, স্লোগান দিত।
বাশারবিরোধী আন্দোলন শুরুর কিছুদিন পরই আয়হাম ও তার কয়েকজন সহপাঠীকে গোয়েন্দারা ধরে নিয়ে যায় এবং পরে তাদের কুখ্যাত ফোর্থ ডিভিশন ব্রাঞ্চে নিয়ে নির্যাতন করা হয়। আয়হামের সঙ্গে থাকা বন্ধুরা আমাকে বলেছিল, আয়হামকে যেভাবে নির্যাতন করা হতো, তারপরও সে কীভাবে বেঁচে ছিল তা তাদের কাছে বিস্ময়ের বিষয়। তাকে মারতে মারতে ক্ষতবিক্ষত করা হয়েছিল। শরীরের জখম থেকে যখন রক্ত ঝরছিল, তখনো সে নেতিয়ে না পড়া পর্যন্ত মুখের হাসি ধরে রাখার চেষ্টা করত। তিন মাস আটকে রেখে নির্যাতন করার পর তারা তাকে ছেড়ে দিয়েছিল। তখন তার কিডনি থেকে মারাত্মকভাবে রক্তক্ষরণ হচ্ছিল। কিছুদিন চিকিৎসা নেওয়ার পর সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল। সুস্থ হয়েই সে পড়াশোনায় ফিরে গেল এবং আবার বৈরুতে আন্দোলনকর্মীদের সভায় যোগ দিতে লাগল। যেদিন তার বৈরুত থেকে বাড়ি ফেরার কথা, তার আগের রাতে আমাকে ফোন করে বলল, সে বৈরুতের সৈকতে যে সুন্দর সময় কাটাচ্ছে, তা তার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।
আমরা যারা গুম হওয়া ব্যক্তিদের স্বজন, তাদের সবচেয়ে কঠিন যে যন্ত্রণা সহ্য করতে হয়, তার নাম প্রতীক্ষা। স্বজন কবে ফিরবে সেই প্রতীক্ষা, যে স্বজন মরে গেছে বলে জেনেছি, তার লাশ কোথায় কবর দেওয়া হয়েছে তা জানার প্রতীক্ষা। বছরের পর বছর আমরা সে প্রতীক্ষা করছি। ন্যায়বিচারের প্রতীক্ষা করছি
বৈরুত থেকে ফেরার পরের দিন, অর্থাৎ ২০১২ সালের ৫ নভেম্বর আয়হাম তার ইউনিভার্সিটিতে গেল এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সরকারের লোকজন তাকে ইউনিভার্সিটির একটি রুমে নিয়ে যায়। সেখানে নির্যাতন করার সব যন্ত্রপাতি আগে থেকেই তৈরি ছিল। সেখানে আয়হামের সঙ্গে আটক হওয়া একটা ছেলে পরে আমাকে বলেছে, তারা তাকে প্রচণ্ডভাবে পিটিয়েছে। এরপর তারা যখন তার মাথায় বাড়ি মেরেছে, তখন সে অজ্ঞান হয়ে যায় এবং দিন কয়েক পরই সে মারা যায়।
তিন মাস পরে আমি জানলাম, আয়হামকে ওরা মেরে ফেলেছে। আমরা শোকে স্তব্ধ হলাম। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান করলাম। সেখানে একজন সরকারি অফিসার এসে আমাকে বললেন, আয়হাম মারা যায়নি, সে বেঁচে আছে। তবে সে বন্দী আছে। তিনি আমাকে এমন কিছু প্রমাণ দেখালেন যা দেখে আমি বিশ্বাস করতে বাধ্য হলাম যে সে বেঁচে আছে। আমি আশায় বুক বেঁধে আমার ছেলে কোথায় আছে তা জানার জন্য পরের ১৭ মাস প্রতিটি গোয়েন্দা অফিসে যোগাযোগ করেছি। তাদের হাতে–পায়ে ধরেছি। কেউ কোনো খবর জানাতে পারল না। এরপর একদিন এক অফিসার বললেন, আয়হাম আসলেই মারা গেছে।
যখন ‘সিজার ফটো’ ছদ্মনামে বাশার বাহিনী ছেড়ে আসা একজন সেনা অফিসার সিরিয়ায় আটক অবস্থায় নিহত ব্যক্তিদের ছবি ফাঁস করল, তখন সেখানে সেই ছবিতে আয়হামের বিকৃত লাশের ছবি পাওয়া গেল। তখন থেকে আমি এই জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন আর থামাইনি। আমরা যারা রাষ্ট্রীয় বাহিনীর নির্যাতনে নিহত হওয়া বা গুম হওয়া ব্যক্তিদের স্বজনেরা আছি, তারা জার্মানির কোবলেনৎসের আদালতে সিরিয়া সরকারের বিরুদ্ধে মামলা করেছি। আমরা অন্তত আমাদের স্বজনদের কবর কোথায় দেওয়া হয়েছে, অন্তত সেটুকু জানতে চাই। আমি শুধু সেই প্রতীক্ষায় থাকি কখন একটা ফোন বাজবে এবং আমাকে ফোনের ওপার থেকে জানানো হবে আমার ছেলের কবর অমুক জায়গায়।
আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে অনূদিত
● মরিয়ম আল হাল্লাক সিরিয়ার নাগরিক অধিকারকর্মী, সাবেক শিক্ষাবিদ ও গুমের শিকার হওয়া এক সিরীয় তরুণের মা