ব্রিটেনে সন্ত্রাসী হামলার আশঙ্কা বেড়ে গেছে। কারণ, ‘হতাশ ভ্রমণকারীরা’ দেখছেন, সিরিয়া যাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ অবস্থায় বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীগুলো তাদের যুক্তরাজ্যে হামলা চালানোর আহ্বান জানাচ্ছে। ওদিকে সিরিয়া থেকে বেশ কিছু ব্রিটিশ সেনা দেশে ফিরে আসায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। এর মানে হলো, যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী সংস্থাগুলো নানামুখী চাপে পড়ে গেছে, গোয়েন্দা সূত্রগুলোই এ কথা বলছে।
গোয়েন্দা সূত্রগুলো বলেছে, ‘আইসিস ও আল-কায়েদা উভয় সংগঠনই এই ভ্রমণকারীদের দেশে থেকে পশ্চিমা বিশ্বে হামলা চালানোর আহ্বান জানাচ্ছে। ঝুঁকিটা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। এর রূপ বদলে যাচ্ছে।’ ম্যানচেস্টার হামলার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো হামলাকারী সালমান আবেদির উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ, তিনি কি এককভাবে এই হামলা করেছেন, নাকি কোনো বড় চক্রের অংশ হয়ে এটা করেছেন। আইসিস হামলার দায় স্বীকার করলেও পুলিশ তার প্রমাণ পায়নি।
এমআই-৫-এর পরিচালক অ্যান্ড্রু পার্কার গত বছর সতর্ক করে দিয়েছিলেন, গোয়েন্দা সংস্থাগুলো অধিকাংশ হামলা ঠেকাতে সক্ষম হলেও সব হামলা নয়। অন্যদিকে এমআই-৬-এর অ্যালেক্স ইয়াঙ্গার এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে আইসিসের মধ্যে খুবই সংগঠিত বহির্দেশ আক্রমণ-পরিকল্পনা ইউনিট গড়ে উঠেছে। এ মাসের শুরুর দিকে নানা সূত্র ওসামা বিন লাদেনের পুত্র হামজা বিন লাদেনের বার্তার দিকে অঙ্গুলিহেলন করেছে। তিনি বিচ্ছিন্ন হামলাকারীদের পশ্চিমে শাহাদাতবরণের আহ্বান জানিয়েছেন, যে কথা আইসিসও বলে থাকে। আইসিস যখন সিরিয়া ও ইরাকে প্রবল সামরিক চাপের মুখে পড়েছে, তখনই তারা এই আহ্বান জানাচ্ছে।
এই আহ্বানকে আরও জোরালো করার জন্য মেসেঞ্জার সেবা টেলিগ্রামে চ্যানেল বানিয়ে জিহাদ করার নির্দেশনা দেওয়া হচ্ছে। গোয়েন্দা সূত্রগুলো বলছে, ‘এগুলো একরকম ইকো চেম্বার ও যুদ্ধকক্ষের মতো, যেখানে বসে তারা পরিকল্পনা করে, সামাজিক মাধ্যমে কীভাবে প্রচার চালাতে হবে।’ লন্ডনভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের সন্ত্রাসবিরোধী বিশেষজ্ঞ রাফায়েলো পান্তুচি বলেছেন,‘আল-কায়েদা সব সময়ই হুমকি, যেখানে আইসিস আক্রমণের আহ্বান জানিয়ে যাচ্ছে। যুক্তরাজ্যে সম্প্রতি যে তরিকায় গ্রেপ্তার চালানো হচ্ছে, তাতে ব্যাপারটা প্রতিফলিত হয়। এখন মনে হয়, আগের চেয়ে অনেক বেশি মানুষ সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে অংশ নিচ্ছে।’ অর্থাৎ, সন্ত্রাসের সমর্থকেরা এখন আর শুধু তহবিল জোগান দেওয়া বা প্রচারণা চালান না। তবে এই প্রক্রিয়ার গতি বদলে যেতে পারে।
অন্যদিকে এ বছরের মার্চ মাসে কাউন্টার-টেরর পুলিশের প্রধান মার্ক রাওলি বলেছেন, ২০১৩ সালের মে মাসে ফুজিলিয়ার লি রিগবির হত্যাকাণ্ডের পর যুক্তরাজ্যকে ১৩টি গুরুতর সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। কিন্তু তারপর থেকে তালিকাটি কয়েক গুণ বড় হয়েছে।
পুলিশপ্রায় প্রতি সপ্তাহে নানা লঘু অপরাধে মানুষকে গ্রেপ্তার করে থাকে, যার মধ্যে আছে সন্ত্রাসীদের সমর্থনের অভিযোগ থেকে শুরু করে জিহাদি ওয়েবসাইট থেকে সন্ত্রাস–সংক্রান্ত উপাদান ডাউনলোড করার অভিযোগ। এ পর্যন্ত যুক্তরাজ্যের ৮৫০ জন নাগরিক আইসিসের হয়ে যুদ্ধ করার জন্য ইরাক ও সিরিয়ায় গেছেন। তাঁদের মধ্যে অর্ধেক ফেরত এসেছেন। এমআই-৫ যে উদ্বেগজনক মানুষের ওপর নজরদারির তালিকা করেছে, তার সংখ্যা তিন হাজার হয়ে গেছে। এঁদের মধ্যে সিরিয়া-ফেরত মানুষও আছেন। যাঁরা ফেরত আসছেন, তাঁদের মূল্যায়ন করে নানা শ্রেণিভুক্ত করা হচ্ছে, কাদের ব্যাপারে ঝুঁকি কম আর কাদের ব্যাপারে বেশি।
যদিও সব গোয়েন্দা সংস্থার বাজেট বেড়েছে, এমআই–৫-এর সংগতি কিন্তু বেশি নয়। তারা শুধু হাতে গোনা কিছু মানুষের ওপর সরাসরি নজরদারি করতে পারে। নজরদারি করতে কত মানুষ দরকার, তা ক্ষেত্রবিশেষের ওপর নির্ভর করে। কিন্তু স্রেফ একজন মানুষের ওপর নজরদারি করতেও অনেক মানুষ দরকার। লন্ডন হামলার পর এমআই–৫ ছড়িয়ে পড়েছে, যদিও আগে তারা লন্ডন ও বেলফাস্টকেন্দ্রিক ছিল। তারা ইংল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে আঞ্চলিক কেন্দ্রসহ যুক্তরাজ্যের নানা জায়গায় কার্যালয় স্থাপন করেছে।
সন্ত্রাসবাদ বিশ্লেষণের যৌথ কেন্দ্র এমআই-৫-এর সদর দপ্তরে অবস্থিত। এই সংস্থাটি যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থা ও পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের মধ্যে সমন্বয় করে। তো এই সংস্থা বলেছে, যুক্তরাজ্য মারাত্মক সন্ত্রাসী হামলার আশঙ্কায় আছে। এখন এটা যদি চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে হয়, তাহলে এর অর্থ দাঁড়াবে এই যে আরেকটি হামলা হতে যাচ্ছে। কিন্তু যতক্ষণ জানা না যাচ্ছে আবেদি একা নাকি গোষ্ঠীগতভাবে এই হামলা চালিয়েছেন, ততক্ষণ পর্যন্ত এটি সাময়িক ও সতর্কতামূলক পদক্ষেপ হয়ে থাকবে।
এখন এই হামলাকারী নজরদারির মধ্যে ছিলেন কি না, সে প্রসঙ্গে এমআই-৫-এর ভূমিকা আমাদের নিরীক্ষার মধ্যে থাকবে। আবেদি সংস্থাটির রাডারের মধ্যে ছিলেন, কিন্তু তাঁকে উচ্চ ঝুঁকিপূর্ণ মনে করা হতো না। অন্যান্য তদন্তের সঙ্গে সম্পর্কিতভাবে তাঁর নাম উঠে এসেছে। কিন্তু মনে করা হতো, তিনি প্রান্তিক চরিত্র। ওয়েস্টমিনস্টারের হামলাকারী খালিদ মাসুদের বেলায়ও এ রকম হয়েছে।
গোয়েন্দা সংস্থাগুলো বারবার ইঙ্গিত দিয়েছে, ৫০০ জনের বেশি সন্দেহভাজন মানুষের ওপর ২৪ ঘণ্টা প্রত্যক্ষ নজরদারি চালানোর মতো সক্ষমতা তাদের নেই। কথা হচ্ছে, ম্যানচেস্টার হামলা ঠেকানোর ব্যর্থতা গোয়েন্দা সংস্থাগুলো গভীরভাবে অনুভব করবে। এমআই–৫-এর পরিচালক
এক অদ্ভুত ব্যক্তিগত বিবৃতিতে এ কথাই ইনিয়ে-বিনিয়ে বলেছেন, যেটা ঠিক একজন গোয়েন্দাপ্রধানকে মানায় না। তিনি বলেছেন, ‘ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলায় এমআই-৫-এর প্রত্যেক সদস্য গর্জে উঠেছে। বহু সন্ত্রাসবিরোধী অভিযানে আমরা অক্লান্তভাবে মনোযোগ ধরে রেখেছি, যাতে সর্বনাশা সন্ত্রাসবাদ মোকাবিলা করে দেশকে নিরাপদ রাখা যায়।’
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য গার্ডিয়ান থেকে নেওয়া।
নিক হপকিন্স: দ্য গার্ডিয়ান–এর অনুসন্ধান প্রধান।
এউইন ম্যাকাস্কিল: দ্য গার্ডিয়ান–এর গোয়েন্দা-বিষয়ক প্রতিবেদক।