
সিরিয়ার গৃহযুদ্ধ এ মুহূর্তে দুনিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক ও বিপজ্জনক সংকট। সেই ২০১১ সালে সংকটের শুরুর পর থেকে লাখ লাখ মানুষ সেখানে মারা গেছে, প্রায় এক কোটি সিরীয় নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ইউরোপ আইএসের সন্ত্রাসের কারণে শঙ্কিত হয়েছে, শরণার্থীর স্রোতে দিশাহারা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সহযোগীরা একাধিকবার মারাত্মকভাবে রাশিয়ার সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে লিপ্ত হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল।
দুর্ভাগ্যজনকভাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রসঙ্গটি মার্কিন জনগণ ও বৈশ্বিক নাগরিক ফোরামের কাছ থেকে আড়াল করে সমস্যাটি জটিলতর করে তুলেছেন। সিরিয়া যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রকে তার গোপন ভূমিকার কথা স্বীকার করতে হবে, অর্থাৎ বিভিন্ন পক্ষকে কারা টাকা, অস্ত্র ও প্রশিক্ষণ দিয়েছে, তা খোলাসা করতে হবে। এসব খোলাসা করা হলে অন্যান্য দেশের বেপরোয়া ভূমিকার অবসান ঘটবে।
ওবামা যুক্তরাষ্ট্রকে সিরিয়া যুদ্ধ থেকে দূরে রেখেছেন—এ রকম একটা ভুল ধারণা প্রচলিত রয়েছে। সত্য হচ্ছে, মার্কিন ডানপন্থীরা নিয়মিতভাবে ওবামার সমালোচনা করে কেন, জানেন? কারণ, তিনি আসাদকে রাসায়নিক অস্ত্রের প্রশ্নে একটা সীমারেখা দিয়েছিলেন, কিন্তু আসাদ তা অতিক্রম করলে তিনি নিজেকে সেখান থেকে সরিয়ে নেন। সিরিয়ার অনেক কিছুর মতো এটিও তমশাচ্ছন্ন। তবে প্রায়ই পর্দা উন্মোচিত হচ্ছে। এ বছরের জানুয়ারি মাসে নিউইয়র্ক টাইমস-এ ২০১১ সালের রাষ্ট্রপতির এক গোপন আদেশের সংবাদ ছাপা হয়, যেখানে তিনি সিআইএকে নির্দেশ দিয়েছিলেন, সিরিয়ার বিদ্রোহীদের যেন অস্ত্র দেওয়া হয়। ওই সংবাদে জানানো হয়, সৌদি আরব অস্ত্রের সিংহভাগ টাকা সরবরাহ করে, আর সিআইএ ওবামার নির্দেশে সাংগঠনিক সহায়তা ও সমর্থন দিয়েছে।
এটাও দুর্ভাগ্যজনক ব্যাপার যে, মার্কিন সরকার ওই সংবাদের কোনো প্রতিক্রিয়া যেমন জানায়নি, তেমনি নিউইয়র্ক টাইমসও তার কোনো ফলোআপ করেনি। মানুষ একরকম অন্ধকারের মধ্যে ছিল: সৌদি সিআইএর এই অভিযানের ব্যাপ্তি কতটা? যুক্তরাষ্ট্র সিরিয়ার যুদ্ধে প্রতিবছর কত অর্থ ব্যয় করছে? যুক্তরাষ্ট্র, সৌদি আরব, তুরস্ক, কাতার ও অন্যরা সিরিয়ার বিদ্রোহীদের কোন ধরনের অস্ত্র সরবরাহ করছে? কোন কোন গোষ্ঠী এই অস্ত্র পাচ্ছে? মার্কিন সরকার, বিমান হামলা ও অন্য ব্যক্তিদের ভূমিকা কী? মার্কিন সরকার এসব প্রশ্নের উত্তর দিচ্ছে না। মূলধারার গণমাধ্যমেও এসব নিয়ে সংবাদ ছাপা হচ্ছে না।
অন্তত কয়েক ডজন বার এমন হয়েছে যে ওবামা মার্কিন জনগণকে বলেছেন, ‘মার্কিন সেনার বুট মাটিতে পড়বে না।’ তা সত্ত্বেও কয়েক মাস পরপর সরকারের সংক্ষিপ্ত বিবৃতিতে মানুষকে জানানো হয়েছে, বিশেষ সেনাদের সিরিয়ায় মোতায়েন করা হয়েছে। ওদিকে পেন্টাগন তো নিয়মিত বলেই যাচ্ছে, তারা যুদ্ধক্ষেত্রে নেই। কিন্তু সম্প্রতি আসাদ সরকার ও রাশিয়া যখন সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের শক্ত ঘাঁটিতে বোমাবর্ষণ করে, তখন যুক্তরাষ্ট্র ক্রেমলিনকে জানায়, এই আক্রমণে মার্কিন স্থলসেনারা হুমকির মুখে পড়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, এই অভিযানের কোনো ব্যাখ্যা মানুষকে দেওয়া হয়নি, কার বিরুদ্ধে তাদের অভিযান, এর ব্যয় কত—কিছুই মানুষকে জানানো হয়নি।
মাঝেমধ্যে নানা তথ্য ফাঁস হয়, তার সঙ্গে অনুসন্ধানী প্রতিবেদন ও মার্কিন কর্মকর্তাদের বিরল বিবৃতি মারফত আমরা জানতে পারছি, যুক্তরাষ্ট্র সিরিয়ায় সিআইএর নেতৃত্বে এক যুদ্ধে লিপ্ত হয়েছে, যার লক্ষ্য একই সঙ্গে আসাদকে উৎখাত ও আইএসকে হটানো। আসাদবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে সৌদি আরব, তুরস্ক, কাতারসহ এ অঞ্চলের অন্যান্য শক্তি। যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের জন্য অস্ত্র, প্রশিক্ষণ, বিশেষ বাহিনী, বিমান হামলা ও উপকরণগত সহায়তা বাবদ বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে, যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক ভাড়াটে সেনা। যুক্তরাষ্ট্র অন্যান্য ক্ষেত্রেও শত শত কোটি ডলার ব্যয় করছে। এ লক্ষ্যে তারা কত টাকা ব্যয় করছে, সেটার সঠিক হিসাব জানা যায় না। এসব ব্যাপারে মার্কিন জনগণের বক্তব্য নেই। মার্কিন কংগ্রেস এর বাজেট অনুমোদন করে না বা এ ব্যাপারে ভোট দেয় না। সিআইএর ভূমিকা কখনোই ব্যাখ্যা করা হয়নি, তার যৌক্তিকতা প্রতিপন্ন করা হয়নি। মার্কিন কর্মকাণ্ডের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বৈধতা মার্কিন জনগণ ও বিশ্ববাসীর কাছে কখনোই দেওয়া হয়নি।
মার্কিন সামরিক-শিল্প কমপ্লেক্সের একদম কেন্দ্রে যাঁরা রয়েছেন, তাঁরা মনে করেন, এই গোপনীয়তা এভাবেই বজায় রাখা উচিত। তাঁদের এই অবস্থানের কারণ হচ্ছে, ১৫ বছর আগে কংগ্রেসের এক ভোটে প্রেসিডেন্ট ও সামরিক কর্তৃপক্ষকে ৯/১১-এর ঘটনার অভিযুক্তদের বিরুদ্ধে মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় গোপন যুদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়। তাহলে তাকে আর জনগণের কাছে ব্যাখ্যা করতে হবে কেন, তারা কী করছে? এতে অভিযান ক্ষতিগ্রস্ত হবে আর শত্রুপক্ষ শক্তিশালী হবে। মানুষের এসব জানার দরকার নেই।
আমার মতটা ভিন্ন: যুদ্ধ হচ্ছে শেষ উপায়, যাকে আবার গণতন্ত্রের চোখে নিরীক্ষা করতে হবে। এই দৃষ্টিভঙ্গির মাজেজা হচ্ছে, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ মার্কিন সংবিধান ও জাতিসংঘের সনদ উভয়ের আলোকেই অবৈধ। আর সিরিয়ায় তার এই দ্বিমুখী যুদ্ধ একই সঙ্গে বেপরোয়া ও বিপজ্জনক জুয়াখেলার মতো। যুক্তরাষ্ট্র যে আসাদকে উৎখাতের চেষ্টা করছে, তার লক্ষ্য কিন্তু সিরীয় জনগণকে রক্ষা করা নয়, যেটা ক্লিনটন ও ওবামা মাঝেমধ্যে বলে থাকেন। আসলে এটা রাশিয়া ও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রক্সি যুদ্ধ, যেখানে সিরিয়া যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।
মার্কিন জনগণ নিরাপত্তা চায়। কিন্তু তারা সিরিয়ায় যুক্তরাষ্ট্রের এই ক্ষমতার পটপরিবর্তন করানোর যুদ্ধ চায় না। কারণ, তাদের মনে আছে, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, মধ্য আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এ কাজ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে কী বিপর্যয় বরণ করতে হয়েছিল। সে কারণেই মার্কিন নিরাপত্তা গোষ্ঠী সত্য বলাকে অস্বীকৃতি জানায়। ওবামার হাতে সময় বেশি নেই। ফলে তিনি যদি নিজের ভঙ্গুর ভাবমূর্তি পুনরুদ্ধার করতে চান, তাহলে তাঁকে মার্কিন জনগণের কাতারে আসতে হবে।
ইংরেজি থেকে অনূদিত, স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট।
জেফরি ডি স্যাকস: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়নের অধ্যাপক।