সিরিয়ায় রাশিয়ার ইউরোপীয় খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ক্ষেত্রে অন্তত এতটুকু পরিষ্কার: ভালো সমাধান নেই। হ্যাঁ, ২০১৩ সালের সেই কালো বুধবারের পর আর কোনো ভালো সমাধান আসেনি, যখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সেই ‘সতর্করেখা’ অতিক্রম করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগেই হুঁশিয়ার করে দিয়েছিলেন, বাশার সেটা করলে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতে পারে।কিন্তু তা সত্ত্বেও ওবামা শেষ মুহূর্তে মত পরিবর্তন করে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানান, ব্যাপারটা মর্মঘাতী। বিচ্যুতি হিসেবে এটা সামান্য হলেও সেটা তো আর ওলটানো যাবে না।

কিন্তু সিরিয়ার সংকট সমাধানে যেসব প্রস্তাব আছে, সেগুলো সবই কমবেশি বাজে, কিন্তু তার মধ্যে কোনো কোনোটা বেশি বাজে। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সমাধান বের করেছেন, সেটা তো নারকীয়। রাশিয়া ইদলিব, হোমস ও হামা শহরের আশপাশে যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, সেসব জায়গায় নাকি আইএসের ঘাঁটি নেই—স্বাধীন পর্যবেক্ষকেরা এ কথা বলছেন। রাশিয়া অনলাইনে যে ভিডিও ছেড়েছে, সেগুলো দেখে তারা এ কথা বলেছেন। তার মানে দাঁড়ায়, রাশিয়ার লক্ষ্য হলো সিরিয়ার পুরো বিরোধী মহলকেই দুর্বল করে দেওয়া, এর মধ্যে গণতান্ত্রিক বিরোধী শক্তিগুলোও আছে, যারা বাশারের জামানার বিরুদ্ধে লড়ছে।

ফলত, প্রাথমিকভাবে রাশিয়ার লক্ষ্য কিন্তু ক্রেমলিনের প্রচারকুলশীদের দাবি অনুযায়ী শুধু ‘সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে’ অবদান রাখা নয়। রাশিয়ার লক্ষ্য হলো যেকোনো মূল্যে পুরো পরিস্থিতির নিয়ন্ত্রণ বাশারের সরকারের হাতে তুলে দেওয়া, যে সরকারই শুরুতে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। সত্য ভাষণ হয় যদি বলি, রাশিয়া একজন ডুবন্ত স্বৈরশাসককে উদ্ধার করতে চায়।যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের অভিযোগ, তাঁর কারণে ২০১১ সালের পর থেকে সিরিয়ায় আড়াই লাখ মানুষ মারা গেছে।কোনো সন্দেহ নেই, তাঁর শাসনমালের জন্যই আইএসের ভীতিকর উত্থান ত্বরান্বিত হয়েছে। এর কারণে বাশার আন্তর্জাতিক সহায়তা লাভের জন্য হাতে তুরুপের তাস পেয়ে গেছেন, আর রাশিয়াও নিজের অভিসন্ধি ঢাকার মোক্ষম সুযোগ পেয়ে যায়।

>যদি পুতিনের কার্যক্রমকে জায়েজ করতে শুরু করেন, তাহলে ইউরোপ নিজের নিরাপত্তাকেই বিনষ্ট করবে, যে নিরাপত্তা তার সমৃদ্ধির ভিত রচনা করেছে

কেউ কেউ বলতে পারেন, অতীত তো অতীতই। আর সিরিয়ার সার্বিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে রাশিয়ার হস্তক্ষেপ তো দেশটির পতন থামিয়ে দিয়েছে। কিন্তু পুতিনের আক্রমণের প্রথম ফলাফল হিসেবে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়বে, কমবে না। এই পদ্ধতি তিনি দুটি চেচেন যুদ্ধে প্রয়োগ করেছিলেন, ফলে এটা পরীক্ষিত। আর পশ্চিমা সামরিক বাহিনীর সতর্ক পর্যবেক্ষণ হলো, এই পদ্ধতি অকার্যকর হয়ে যায়নি।

যুক্তরাষ্ট্র সম্প্রতি আফগানিস্তানের কুনদুজের একটি হাসপাতালে বোমা হামলার মতো মারাত্মক ভুল করেছিল, এতে পৃথিবী সঠিকভাবেই ভীতসন্ত্রস্ত হয়েছিল। কিন্তু সিরিয়ায় রাশিয়ার লক্ষ্যহীন বোমা বর্ষণের কারণে সেখানে কত কুনদুজ সৃষ্টি হবে? তারা সেখানে নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না করে অনিয়ন্ত্রিত বোমা বর্ষণ করছে। (এটা রাশিয়ার কৌশলের একটি দিকমাত্র, কিন্তু এতে বোঝা যায়, পুতিন কীভাবে তাঁর বৈদেশিক অভিযাত্রা চালাচ্ছেন)

আর কেউ কি ক্ষণিকের জন্যও বিশ্বাস করতে পারেন, রাশিয়ার হস্তক্ষেপের কারণে সিরিয়ার শরণার্থী সংকট না বেড়ে বরং কমবে? পুতিনের এই পদ্ধতির কারণে হাজারো বেসামরিক মানুষ এই অনিয়ন্ত্রিত বোমা হামলা এড়াতে ঘরবাড়ি ছাড়ছে। আর এর কারণে উত্তর জর্ডান ও দক্ষিণ তুরস্কে কার্যকর নিরাপদ অঞ্চল গড়ে ওঠার আশাও দূরীভূত হয়েছে। এখন দেখা যাবে, আসাদের বিরোধী-অধ্যুষিত অঞ্চলে যেসব মানুষ নিরাপদ ছিল, তারাও এখন ইউরোপের পথ ধরবে। স্মরণ করিয়ে দিচ্ছি, তারা কিন্তু রাশিয়ার দিকে হাঁটা শুরু করবে না, তারা যাবে জার্মানি ও ফ্রান্সের পথে। আর পুতিন আগামী দিনের শরণার্থীদের ভীতসন্ত্রস্ত করে তাদের মুখের ওপর দরজা বন্ধ করে দিতেও কসুর করবেন না।

পুতিন আবার সিরিয়ায় তাঁর লক্ষ্যের ব্যাপারে লজ্জিতও নন। রাশিয়ার গণমাধ্যমে খবর এসেছে, ডজন ডজন বিমানবিধ্বংসী অস্ত্রসহ মস্কভা ক্ষেপণাস্ত্র লাটাকিয়ায় মোতায়েন করা হয়েছে, কিন্তু পশ্চিমারা খবরটা এড়িয়ে গেছে, ব্যাপারটা লোকের মধ্যে ঔৎসুক্য তৈরি করেছে।

কিন্তু এটা বোধ হয় পুতিন ছাড়া সবাই জানেন, আইএসের হাতে এমন কোনো বিমানশক্তি নেই, যেটা নিষ্ক্রিয় করতে হবে। তবে ক্রেমলিন যে ভূমি তার নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করে, তার আকাশসীমায় কোনো বিমান দেখলে সেটাকে তার বৈধ লক্ষ্যবস্তু মনে করতে পারে। আর সেই বিমান হয়তো অপরিহার্যভাবেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্ক বা আইএসের বিরুদ্ধে যুদ্ধরত জোটের কোনো দেশের হবে। রাশিয়া যদি সেই বিমান ভূপাতিত করে, তাহলে সিরিয়ায় গৃহযুদ্ধ আন্তর্জাতিক যুদ্ধের রূপ পাবে, এটা কল্পনা করা কঠিন কাজ নয়।

সৌভাগ্যবশত এখনো সে পরিস্থিতি সৃষ্টি হয়নি। কিন্তু আসুন, এমন ভান আমরা না ধরি যে সিরিয়ায় রাশিয়ার হামলার কারণে আইএসকে পরাজিত করার প্রচেষ্টা শক্তিশালী হচ্ছে। রাশিয়ার একমাত্র লক্ষ্য হচ্ছে, সিরিয়ার আকাশসীমার ওপর নিয়ন্ত্রণ আরোপ এবং স্থলসীমায় নিজ স্বার্থ রক্ষা করা।

পুতিন শুধু আগুনই লাগান না, তিনি এক পুরোনো ঘরানার সাম্রাজ্যবাদের মানুষ। এই যে পুতিন সিরিয়ায় হামলা চালালেন, তার আংশিক কারণ তিনি যে ইউক্রেন ভেঙে দিয়েছেন, তা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানো। তিনি বাল্টিক রাষ্ট্র পোল্যান্ড, ফিনল্যান্ড ও তুরস্ককে মৃদু হুমকিও দিয়েছেন। এতে রাশিয়ার এক আগ্রাসী কৌশলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যার মুখ্য লক্ষ্য হচ্ছে ইউরোপকে দুর্বল করে দেওয়া।

বেশি দেরি হয়ে যাওয়ার আগেই ইউরোপীয়দের পুতিনের পরিকল্পনার ব্যাপারে সজাগ হয়ে উঠতে হবে। কিন্তু ফ্রান্সে সবাই যেন মনে করতে শুরু করেছে যে পুতিন সিরিয়ায় আইএসকে ঠান্ডা করে দিচ্ছেন। অতি ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট থেকে শুরু করে অতি বাম ও মূলধারার রাজনীতিকদের মধ্যে অনেকেই এরকম ভাবছে। পুতিন অবশ্যই নিরলসভাবে ইউরোপজুড়ে তাঁর সমর্থক গড়ে তুলেছে। এক অদৃশ্য জাল ছড়িয়ে পড়েছে ইউরোপে, যেটাকে বলা যায় ইউরোপে ‘পুতিনের দল’।

পুতিনের পার্টি যদি ইউরোপের বক্তৃতাবাগীশ রাজনীতিক, যেমন: যুক্তরাজ্যের নাইজেল ফারাজ ও হাঙ্গেরির ভিক্টর অরবানকে প্ররোচিত করে, তাহলে সেটা বেশ খারাপই হবে। কিন্তু ইতালির প্রধানমন্ত্রী মাতেও রেনজির মতো দায়িত্বশীল রাজনীতিকেরা যদি পুতিনের কার্যক্রমকে জায়েজ করতে শুরু করেন, তাহলে ইউরোপ নিজের নিরাপত্তাকেই বিনষ্ট করবে, যে নিরাপত্তা তার সমৃদ্ধির ভিত রচনা করেছে।             

ইংরেজি থেকে অনুবাদ: প্রতীকবর্ধন; স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট

বার্নার্ড-অঁরি লেভি: নুভু ফিলসফার্সের অন্যতম একজন প্রতিষ্ঠাতা।