
দেখা না হলে বলি, যেখানেই থাকিস ভালো থাকিস। আর কালেভদ্রে দেখা হয়ে গেলে খুব আশা করি বন্ধু বলবে, ‘ভালো আছি রে।’ মিঠুকে আর বলা হবে না ভালো থাকিস; সে-ও কোনো দিন বলবে না বগুড়ার আঞ্চলিক ভাষায়, কীরে কী খবর কী করিচ্চু! জীবন এ রকমই। মানুষের জীবনই তো খবরের এ রকম শিরোনাম হয়ে যায়, ‘কুমিল্লায় স্ত্রী-সন্তানসহ চিকিৎসক নিহত’ (প্রথম আলো, ২৭ জানুয়ারি)। এ রকমই আমরা দেখে আসছি বাংলাদেশে। আমরা অভ্যস্ত হয়ে গেছি। এই যে বললাম আমরা অভ্যস্ত হয়ে গেছি, এ কারণেই ঘটনাগুলো ঘটতে থাকে। নড়াবার মতো টনক কারও আছে কি না, তাও আর খুঁজি না। আমরা অভ্যস্ত হয়ে গেছি ‘দুর্ঘটনা’ নামক কাঠামোগত হত্যাকাণ্ডে, আমরা অভ্যস্ত হয়ে গেছি যাদের অবহেলায় মানুষের করুণ মৃত্যু নিশ্চিত হয়, তাদের সহ্য করায়, আমরা অভ্যস্ত হয়ে গেছি যখন-তখন মৃত্যুর জন্য তৈরি থাকার নিয়তিবাদে। যদি অভ্যস্ত না হতাম, যদি সাড়া জাগাতাম, মাঠে নামতাম, তাহলে পরিস্থিতি বদলাত। একদিনেই (গত মঙ্গলবার) তিন শিশুসহ ১২ জন গাড়িচাপায় নিহত হতো না।
ডা. ফজলুল বারীর ডাকনাম মিঠু। মিঠুর তিন সন্তান। তিনজনই শিশু। তিন শিশুর একজন চলে গেছে মা-বাবার সঙ্গে মৃত্যুর দেশে। দুজন আহত হয়ে বেঁচে থাকল। বাবা-মা-বোনের শোক হয়তো শেষ হবে, কিন্তু বাকি জীবন তাদের এই দুঃখ বয়ে বেড়াতে হবে। তারা বড় হবে পিতা-মাতার ছায়ার বাইরে। সেদিন তারা ফিরছিল কুমিল্লা থেকে। পরদিন সকালেই মিঠুকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের কাজে যোগ দিতে হবে। নিজেই গাড়ি চালাচ্ছিল সে। বন্ধুদের মধ্যে মিঠুই প্রথম গাড়ি চালানো শেখে। বগুড়া মেডিকেল কলেজে পড়ার সময়ই গাড়ি কিনে ফেলে সে। মাঝেমধ্যে বন্ধুদের নিয়ে এদিক-ওদিকে বেড়াতে বেরোত। তার মানে, সে নতুন চালক নয়—মহাসড়কে গাড়ি চালানোর দক্ষতা তার অন্তত ২০ বছরের। তার তো এমন দুর্ঘটনায় পড়ার কথা নয়!
দাউদকান্দির যে জায়গায় বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে মিঠুর গাড়ির সংঘর্ষ হয়, সেখানে সংস্কারকাজ চলছিল। কিন্তু সেখানে সতর্কতামূলক কোনো নির্দেশনা বা লাইটনিং স্টিকার কিছুই ছিল না। দায়িত্বটা সড়ক বিভাগ এবং তাদের নিযুক্ত ঠিকাদারের। একপাশে জায়গা না পেয়ে ডান দিক দিয়ে গাড়ি চালিয়ে জায়গাটা পেরোতে চাইছিল সে। কিন্তু বিধি তখন তার বামেই ছিল। ডান দিকেই তার গাড়ি মুখোমুখি হয় এক নাইটকোচের। তার দোমড়ানো-মোচড়ানো গাড়ির ছবি দেখে মনে হয়, মুহূর্তের মধ্যেই মৃত্যু হয়েছিল মিঠু ও তার স্ত্রী এবং এক সন্তান ও গৃহপরিচারিকার। ঘটনাটা শোকের; কিন্তু ক্রোধের নয় কেন? যাদের অবহেলায় সংস্কার চলা অবস্থায় রাস্তায় কোনো সতর্কতার ব্যবস্থা রাখা হয়নি, তাদের দায়িত্বহীনতার কথা কেন ভুলে যাওয়া হবে? কেন সরকারি লোকজন সব ব্যাপারেই দায়সারা গোছে চলবেন? ব্রিজ বানাতে গিয়ে, ভবন বানাতে গিয়ে শ্রমিক মারা যায়। সড়ক সংস্কারের সময় দুর্ঘটনার সংখ্যা বাড়ে। ওয়াসার খোঁড়া গর্তে মানুষ ও যানবাহন গোত্তা খায়। এরকম প্রতিটি উন্নয়নের সঙ্গে কী দুর্ঘটনা তাহলে অনিবার্য?
কে কাকে বলবে। ওই রাতেই সিরাজগঞ্জের শাহজাদপুরে মালবোঝাই ট্রাক উল্টে পড়ে পাশের বস্তিঘরে। ঘরের লোক রাস্তায় আসেনি, রাস্তার গাড়িই ঘরে আছড়ে পড়েছে। রাস্তার পাশে তো বস্তি থাকার কথা নয়; কিন্তু আছে। মানুষ তো বস্তিবাসী হওয়ার কথা নয়, কিন্তু হতে হয়। অযোগ্য ও অপ্রশিক্ষিত ব্যক্তিদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া আর জনবসতিতে গণবিধ্বংসী অস্ত্র প্রয়োগ করার মধ্যে পার্থক্য কী? রাস্তার অবস্থা বেহাল থাকবে, গাড়ির ফিটনেসে ঝামেলা থাকবে, চালক থাকবে অপ্রশিক্ষিত, সড়কে সতর্কতা নিশ্চিতের ব্যবস্থাও থাকবে না, তখন যন্ত্রচালিত বাহনের আঘাতে মানুষের মৃত্যুকে নিছক সড়ক দুর্ঘটনা বলে মানতে হবে কেন? কেন একে কাঠামোগত হত্যাকাণ্ড বলা হবে না। কাঠামোগত হত্যাকাণ্ড সেটাই, যেখানে অব্যবস্থাপনাই মৃত্যুর ব্যবস্থা করে, সিস্টেমটাই যেখানে বিপজ্জনক হয়ে উঠছে। আরও বিপজ্জনক কর্ণধারদের দায় অস্বীকারের প্রবণতা।
বিপজ্জনক আমরা সাধারণ মানুষেরাও। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক শখের বশে গাড়ি চালাতে গিয়ে হত্যা করে ফেলেছেন দুই ব্যক্তিকে। নিশ্চয়ই তিনি ব্যথিত। কিন্তু দায় না নিয়ে পলাতক রয়েছেন। নিহত দুই ব্যক্তির একজন কলেজশিক্ষক। কলেজশিক্ষকের চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গুরুত্ব বেশি। তাই এ নিয়ে উচ্চবাচ্য না করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাস্তা থেকে রক্তের দাগ মুছে ফেলেছে। ছাত্ররাও নীরব থাকাই সাব্যস্ত করেছে। কিন্তু এভাবে কি দায় মোছা যাবে? একজনের সামান্য অসতর্কতায় যেখানে একাধিক মানুষের জীবন যায়, সেখানে কি উপলব্ধি আমাদের হবে? আমরা কি বুঝব, নিরীহ-সাধারণ আমরাই সামান্য বেখেয়ালে হঠাৎ ‘খুন’ করে বসতে পারি!
সড়ক অনেক দেশেই আনন্দের জায়গা। মানুষ মন ভালো করতে, বেড়াতে বা কাজেই সড়কের গতি উপভোগ করে। উপভোগ করে দুই পাশের দৃশ্য। বাংলাদেশে মহাসড়ক কিংবা সড়কে কেউ নামলেই গন্তব্য পৌঁছানো পর্যন্ত তটস্থ হয়ে থাকতে হয়। একটা চাপা ভয় কাজ করে। আমাদের সড়কে যত না গতি তার চেয়ে বেশি দুর্গতি। হাতে প্রাণ নিয়ে চলাফেরা করতে হয়।
প্রতিটি প্রাণই গুরুত্বপূর্ণ। জীবন একবারই মানুষ পায়। ডা. ফজলুল বারী অসাধারণ মেধাবী ছিল না; কিন্তু পরিশ্রমী ছিল। ডাক্তারিবিদ্যা অর্জন করতে যে কী পরিমাণ সময় দিতে হয়, তা ওকে দেখে বুঝেছিলাম। রাত জেগে জেগে ওর চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। জীবনের সেই কালি মুছে মধ্যবিত্ত ঘরের মিঠু ঢাকায় পরিবার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। যখনই সে ভাবছিল যে, জীবনের সড়কে সে ভালোই চলছে, তখনই যোগাযোগের সড়ক স্ত্রী-সন্তানসহ তার প্রাণ কেড়ে নিল। প্রাণ কেড়ে নিল সীমা নামের ২১ বছরের মেয়েটির, যে তাদের গৃহকর্মে সহায়তা করত। তার পরিবারেও শোক ফুরাবে, দুঃখ রয়েই যাবে। সেই দুঃখের সঙ্গে মিশে থাকবে ‘কাঠামোগত হত্যাকাণ্ডের’ বিরুদ্ধে ফরিয়াদ।
সড়ক দুর্ঘটনা নামের কাঠামোগত হত্যাকাণ্ডে নিহত ব্যক্তিরা, আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন। সিস্টেম যখন বিপজ্জনক হয়ে উঠছে, তখন আমরাও ওই রকমই ভালো আছি।
ফারুক ওয়াসিফ: সাংবাদিক ও লেখক।
[email protected]