সীমান্ত বিল ও মমতার গোঁয়ার্তুমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় বলে, পাগলেও নাকি তার ভালোটা বোঝে। অথচ এত জ্ঞানী, গুণী, পাণ্ডিত্যে টইটম্বুর, জীবন-দেখা এবং বছরভর সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী থাকা দূরদৃষ্টিসম্পন্ন মানুষেরা বুঝতে পারছেন না দেশের ভালোটা কোথায় আটকে রয়েছে? আমার বিস্ময়ের ঘোর তাই কাটতে চাইছে না!তিন রাত চার দিন ঢাকায় কাটিয়ে সদ্য দিল্লি ফিরে আরও বেশি করে এই বিস্ময়ের জালে আমি আটকা পড়েছি। বারবার নিজেকে প্রশ্ন করছি, দেশের দণ্ডমুণ্ডের কর্তাদের মধ্যে যাঁদের হাতের সামনে পাচ্ছি তাঁকেই শুধোচ্ছি, তবু হায়, বুঝদারের মতো জবাব একটাও পেলাম না। অদ্ভুতভাবে লক্ষ করছি, প্রত্যেকেই তাঁদের নিজস্ব গণ্ডিতে আটকে থেকে এমনভাবে হাত-পা ছুড়ছেন যেন এর চেয়ে বড় অনাসৃষ্টি, অন্যায় ও দেশদ্রোহ আর কিছু হয় না! অথচ জেদাজেদির ওই জালেই বিপদটা ওত পেতে রয়েছে। ছোটবেলায় লেখাপড়ার চেয়ে খেলাধুলায় বেশি মন দিলেই গুরুজনেরা ধমকানি দিয়ে বলতেন, ‘ওরে পড়তে বোস পড়তে বোস।’ তারপরই কোনো না কোনো অভিভাবকের কণ্ঠে ভেসে উঠত তত দিনে বহুশ্রুত বাণী, ‘সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যে জন বোঝে না তারে ধিক শত ধিক।’ ভারতের সংসদ ভবনের অলিন্দে ঘুরতে-ফিরতে এত বছর পরে কেন যেন সেই অমোঘ বাণী আপনাআপনিই আমার মনে অবিরাম উচ্চারিত হচ্ছে। ‘সময় বহিয়া যায়...।’সময় আর সত্যিই নেই। অথচ অনেক খাটাখাটনির পর ঢের বেশি সময় হাতে নিয়ে শেখ হাসিনা ও মনমোহন সিং দীর্ঘ কয়েক দশকের অসমাপ্ত একটা কাজ শেষ করতে ২০১১ সালের সেপ্টেম্বরে উদ্যোগী হয়ে সীমান্ত চুক্তির খসড়ায় সই করেছিলেন। দেশভাগের পর বাংলাদেশ ও ভারতের চার হাজার কিলোমিটারের বেশি দীর্ঘ সীমান্তের সামান্য কিছু অংশের অমীমাংসিত বিবাদের অবসান এই সইসাবুদের পর ঘুচে যাবে বলে আশা করা হয়েছিল। আশা করাটা মোটেই অন্যায় ছিল না। দুই দেশের অফিসারদের অক্লান্ত পরিশ্রম, সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোর রাজ্য সরকারদের সঙ্গে নিরলস আলাপ-আলোচনা এবং তাদের সম্মতিপত্র হাতে নিয়েই দুই দেশের সরকার খসড়া চুক্তি চূড়ান্ত করেছিল। আমার মনে পড়ে, দিনের পর দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রকের অফিসারদের সঙ্গে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ভারতীয় বিরোধী দলের রাজনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন। চুক্তির প্রয়োজনীয়তা উপলব্ধি করিয়েছেন। নেতারা বুঝেওছেন। কিন্তু তবু শেষ পর্যন্ত তাঁরা বেঁকে বসলেন রাজ্যের অবিবেচক ও অদূরদর্শী কতিপয় নেতার চাপে।ভারতীয় সংসদের দু-দুটি অধিবেশনে সীমান্ত চুক্তি অনুমোদনের জন্য সংবিধান সংশোধন বিলটি উত্থাপনের তিন-তিনটি চেষ্টা বিফলে গেল। মনে পড়ছে, এ বছর মে মাসে বাজেট অধিবেশনের একেবারে শেষ দিকে রাজ্যসভায় বিল পেশে প্রস্তুত সালমান খুরশিদকে রুখে দিলেন অসম গণপরিষদের মাত্র দুজন সদস্য। সেই বাধায় সালমানও কুঁকড়ে গেলেন, সভাও মুলতবি হয়ে গেল। আমার খুব অবাক লেগেছিল! বিলটি উত্থাপনে সরকার যদি এতটাই আগ্রহী ছিল, তাহলে মাত্র দুজন সাংসদের মোকাবিলায় কেন আগেভাগে ব্যবস্থা নিল না? মন্ত্রীর হাত থেকে বিলের কপি ছিনিয়ে তা পেশ করতে না দেওয়ার একাধিক ঘটনা এ দেশের সংসদের দুটি কক্ষেই ঘটেছে। আবার তা হতে না দেওয়ার ঘটনাও তো বিরল নয়। বিরোধীদের কাছে ঘেঁষতে না দিতে মন্ত্রীকে সংসদে আগলে রেখে বিল পেশ করাতেও তো আগে কতবার দেখা গেছে। কংগ্রেস কেন তা করল না? জনাকয় কংগ্রেসি নেতাকে বার কয়েক এই প্রশ্নটা করেছি। একবারও সদুত্তর পাইনি। এবার, সংসদের বাদল অধিবেশনেও পরপর দুবার ওই একই ঘটনা ঘটল। সবচেয়ে বিস্ময়ের যা, তৃতীয়বারের ঘটনার আগে ভারতীয় জনতা পার্টিকে বুঝিয়ে-সুঝিয়ে বিল পেশে বাধা না দেওয়ার অঙ্গীকারও কংগ্রেস করিয়ে নিয়েছিল। তার আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ভারতে এসে বিজেপির রাজ্যসভার নেতা অরুণ জেটলির সঙ্গে কথা বলেছেন। তাঁকে বোঝানোর চেষ্টা করেছেন সীমান্ত এবং তিস্তা চুক্তির সার্বিক তাৎপর্য দুই দেশে কতখানি। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহমেদ করিমও চেষ্টার ত্রুটি রাখেননি। কিছুদিন আগে তিনি লালকৃষ্ণ আদভানির সঙ্গে দেখা করেন। দীপু মনি দেশে ফিরে যাওয়ার আগেই তিনি চলে যান আহমেদাবাদ, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে বোঝাতে। বিজেপি বোঝেও। সমঝোতাটা এই রকম হয়, বিজেপি বিলটি পেশ করতে বাধা দেবে না, তবে বিলটি পাস করাতে আপাতত সহযোগিতাও করবে না। কংগ্রেস দেখল, এটা অন্তত মন্দের ভালো। রাজ্যসভায় বিল পেশ করা মানে লোকসভার মেয়াদ শেষ হয়ে গেলেও (দেশের রাজনৈতিক অবস্থা যা এবং সংসদে বিরোধীরা যেমন সব বিষয়ে খড়্গহস্ত, তাতে যেকোনো সময় তা হতেই পারে) বিলটি খারিজ হবে না। পঞ্চদশ লোকসভার পরেও জিইয়ে থাকবে। তা ছাড়া বিলটি পেশ হলে বাংলাদেশের মানুষকে ইতিবাচক একটা বার্তাও দেওয়া যাবে।কিন্তু সেটাও হতে দিলেন না তৃণমূল কংগ্রেসের সাংসদেরা! সর্বভারতীয় রাজনীতিতে ইদানীং মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে ‘আনপ্রেডিক্টেবলি আনরিলায়েবল’। সীমান্ত বিলের বিরোধিতা তার সর্বশেষ উদাহরণ। আদাজল খেয়ে তিনি এই বিলের বিরোধিতা করবেন, তেমন কোনো ইঙ্গিত এত দিন তাঁর শিবির থেকে পাওয়া যায়নি। সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে কোচবিহারে গিয়ে তিনি বরং বলেছিলেন, কোচবিহারের মানুষ চাইলে সীমান্ত চুক্তি রূপায়ণ হবে। ওই মন্তব্যের মধ্য দিয়ে মনে করা হচ্ছিল, চুক্তির বিরোধিতা সম্ভবত তাঁর দল করবে না। কিন্তু তাঁর চরিত্রের ওই বিশেষত্ব, অর্থাৎ ‘আনপ্রেডিক্টেবলি আনরিলায়েবল’ তকমাকে মিথ্যে হতে না দিয়ে তাঁরই নির্দেশে রাজ্যসভার সদস্যরা আচমকাই বিল উত্থাপনের বিরোধিতা করে সবকিছু ভণ্ডুল করে দিলেন। ক্ষুব্ধ ও বিষণ্ন সালমান সংসদ ভবন থেকেই ফোন করলেন মমতাকে। মমতা গড়ে দিলেন তিন সাংসদের এক কমিটি। যদিও কবে সেই তিনজনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কথা হবে তার কোনো ঠিক নেই। এদিকে ‘সময় বহিয়া যায়...।’বিলের বিরোধিতায় যাঁরা গলা ফাটাচ্ছেন, তাঁদের অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে দেখলাম, সীমান্ত বিলে কী আছে, কেন এই বিলটির সংসদীয় অনুমোদন বাংলাদেশ ও ভারতের জন্য জরুরি, সে বিষয়ে তাঁদের তেমন স্বচ্ছ ধারণা নেই। বিজেপির এক নামকরা নেতা বললেন, ‘আমাদের জওয়ানরা যেখানে এক ইঞ্চি জমির দখল রাখার জন্য প্রাণ দিচ্ছে, সেখানে আমরা কোন যুক্তিতে ১০ হাজার একর জমি বাংলাদেশকে দিয়ে দেব?’ একই ধরনের যুক্তি শোনা গেল অসম গণপরিষদের রাজ্যসভার একমাত্র সদস্য এবং তাঁদের সঙ্গ দেওয়া তৃণমূল কংগ্রেসের এক সাংসদের মুখেও। আমার খুব অবাক লাগল এই যুক্তি শুনে। জিজ্ঞেস করলাম, ‘১০ হাজার একর জমি? কীভাবে?’ ওঁরা বললেন, ‘কেন? ছিটমহল বিনিময় হলে ভারতের যাবে ১৭ হাজার একর জমি, আর ভারত পাবে মাত্র সাত হাজার একর। তার মানে বাংলাদেশের লাভ হবে ১০ হাজার একর!’ আমি তাঁদের বোঝালাম, বাংলাদেশে ভারতের যে ৫১টি ছিটমহল রয়েছে এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের যে ১১১টি ছিটমহল রয়েছে, তার কোনোটিই কিন্তু মূল ভূখণ্ডের বাইরে নিয়ে আসা সম্ভব নয়। কারণ, সেগুলো সীমান্তের অনেক গভীরে। কাজেই লাভ-লোকসানের এই হিসাবটাই কাল্পনিক। অথচ, স্বাধীনতার সময় থেকেই এসব এলাকার মানুষজনকে এক অবর্ণনীয় দুর্দশার মধ্যে জীবন কাটাতে হচ্ছে। তাঁরা কেউই ভারত বা বাংলাদেশের নাগরিক হিসেবে পূর্ণ আইনি অধিকার উপভোগ করেননি, পাননি বিদ্যুৎ, স্কুল বা স্বাস্থ্য পরিষেবার মতো পরিকাঠামোর সুবিধা। ওঁদের এ কথাও বলি যে এই চুক্তিটা আসলে একটা ‘ডি ফ্যাক্টো’ অবস্থাকে ‘ডি জুরে’ করে তোলা। ওঁরা বুঝলেন কি বুঝলেন না ওঁরাই জানেন। তবে একজন বললেন, ‘ভোটটা কাটুক। নেতাদের সঙ্গে কথা বলে তারপর দেখা যাবে।’ আর একজন বললেন, ‘শেখ হাসিনাকে জেতানোর দায় আমাদের নয়।’যাঁরা বুঝবেন না, তাঁদের বোঝানোর চেষ্টা হলো ছায়ার সঙ্গে কুস্তির নামান্তর। অথচ গত সাড়ে চার বছরের শাসনে এই শেখ হাসিনার সরকারই কিন্তু ভারতের উদ্বেগের সবচেয়ে বড় দিকটা সামলেছে। ভারতবিরোধী যেসব শক্তি এত দিন বাংলাদেশে লালিত হচ্ছিল, তাদের বিষদাঁতই তিনি শুধু ভেঙে দেননি, অপরাধীদের ভারতের হাতে তুলেও দিয়েছেন। এই সময়কালে দুই দেশের মধ্যে নানা ক্ষেত্রে সহযোগিতার এক চমৎকার আবহ তৈরি হয়েছে, যাতে লাভ হয়েছে দুই দেশেরই। সবচেয়ে বড় কথা, শেখ হাসিনা ভারতের পূর্ব সীমান্তকে একেবারে আক্ষরিক অর্থেই ‘ছায়া সুনিবিড় শান্তির নীড়’ করে রেখেছেন, যা ভারতকে নিশ্চিন্ত দিনযাপনে সাহায্য করেছে। বিনিময়ে তাঁরা চেয়েছেন সীমান্ত চুক্তির বাস্তবায়ন ও তিস্তার পানিপ্রবাহের ন্যায্য ভাগ। কেন এটুকু তাঁরা পাবেন না? তাঁরা তো বাড়তি কিছুই চাইছেন না। চাইছেন যা ন্যায্য, যতটা প্রাপ্য ততটাই। তা ছাড়া এটাই বা কেন ভারতীয় নেতা-নেত্রীরা বুঝবেন না যে সেটাই হলো সফল কূটনীতি যা পারস্পরিক দেওয়া-নেওয়ার ওপর গড়ে ওঠে? কেন তাঁরা বুঝবেন না, প্রকৃত নেতা তিনিই, যাঁকে লোকে ভক্তিতে সম্ভ্রম করে, ভয়ে নয়। ভারতের আর কোনো পড়শি বাংলাদেশের মতো এতটা দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়ে বন্ধুতার হাত বাড়ায়নি। সীমান্ত বিল বা তিস্তা নিয়ে তবু তাঁদের গোঁয়ার্তুমির শেষ নেই।সময় সময় বৃহত্তর স্বার্থের জন্য সামান্য কিছু ছাড় দিতে হয়। তিনিই প্রকৃত রাজনীতিক, যিনি প্রয়োজনে দেশনায়কের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষমতা রাখেন। শুধু বাংলাদেশই নয়, ভারতও আজ এক মহাসন্ধিক্ষণের মুখোমুখি। পাকা ঘুঁটি কাঁচিয়ে দিলে ইতিহাস ক্ষমা করবে কি? সময় কিন্তু বয়ে যাচ্ছে অতি দ্রুত।সৌম্য বন্দ্যোপাধ্যায়: প্রথম আলোর নয়াদিল্লি প্রতিনিধি।