সীমান্তে দেয়াল তুলে দিয়ে যে এক দেশ থেকে আরেক দেশে মানুষের যাতায়াত কার্যকরভাবে বন্ধ করা যায়, সে প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সিন হ্যানিটিকে বলেছেন, ‘দেয়াল আপনাকে রক্ষা করবে। আপনাকে যা করতে হবে তা হলো, ইসরায়েলকে জিজ্ঞাসা করুন। তাদের দেশেও একসময় বিপর্যয় নেমে আসছিল, তখন তারা দেয়াল নির্মাণ করে। ফলে মানুষের আসা-যাওয়া ৯৯ দশমিক ৯ শতাংশ কমে গেছে।’
কেউ বলতে পারেন, ইসরায়েলিদের নয়, প্রকৃত অর্থে ফিলিস্তিনিদের জীবনে বিপর্যয় নেমে আসছিল। ১৯৬৭ সালের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের ভূমিতে ২৫০টি অবৈধ বসতি ও পর্যবেক্ষণ-ফাঁড়ি নির্মাণ করে, যেখানে এখন ছয় লাখ ইসরায়েলি নাগরিক বসবাস করে, যা জেনেভা কনভেনশনের চতুর্থ রীতির লঙ্ঘন।
আপাতত এই বিষয়টি সরিয়ে রাখলেও ট্রাম্পের দাবির মধ্যে বেশ কটি গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। প্রথমত, তাঁর দেয়াল নির্মাণের মূল উদ্দেশ্য কী? বিষয়টি হচ্ছে ট্রাম্পের প্রস্তাবিত দেয়াল কিন্তু নিরাপত্তা দেয়াল নয়, এর হিব্রু নাম অনুসারে এটি ‘বিচ্ছেদের দেয়াল’। মূলত ২০০০ সালে এহুদ বারাকের সরকার এই দেয়ালের কথা চিন্তা করেছিল, ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে আলোচনায় হুমকি হিসেবে তারা এটি হাতে রেখেছিল। অর্থাৎ এর অর্থ ছিল এ রকম, ‘আরও শিথিল হোন, না হলে আমরা নিজেদের জনগণের জন্য সংহত একটি সীমান্ত গড়ে তুলব।’ এরপর দ্রুত কয়েকটি বছর পেরিয়ে এলে আমরা দেখব, সেই হুমকি শেষমেশ বাস্তবায়িত হলো, যার গভীর মানবিক ও অর্থনৈতিক প্রভাব ফিলিস্তিনিরা এখনো টের পাচ্ছে।
এই বিচ্ছেদের দেয়ালের মানচিত্রে চোখ রাখলে দেখা যাবে, এর ৮৫ শতাংশ পশ্চিম তীরের ভূমিতে নির্মিত। এটি সেই গ্রিন লাইন বা ১৯৪৯ সালের সাময়িক যুদ্ধবিরতি রেখা ঘেঁষে নির্মিত হয়নি, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এটিকে ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীরের সীমান্ত হিসেবে স্বীকৃতি দিয়েছিল।
এর মধ্য দিয়ে পশ্চিম তীরের ১০ শতাংশ ভূমি ইসরায়েলের দখলে চলে যায়, যার মধ্যে উর্বর কৃষিজমি ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলাধারও রয়েছে। আর একটি জায়গায় তো দেয়ালটি পশ্চিম তীরের ২২ কিলোমিটার গভীরে ঢুকে গেছে।
এই দেয়াল ফিলিস্তিনিদের জীবনে প্রতিবন্ধক হিসেবে আবির্ভূত হয়েছে। এটা যেমন তাদের চলাফেরা সীমিত করেছে, তেমনি অনেক পরিবারকে ভূমি থেকে বিচ্ছিন্ন করেছে। একটি সমাজ আরেকটি সমাজ থেকে বিচ্ছিন্ন হয়েছে, তেমনি অনেক সম্প্রদায় শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় সেবা থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই দেয়াল জেরুজালেমকে ফিলিস্তিন শহর ও নগর থেকে বিচ্ছিন্ন করেছে। শহরটি ফিলিস্তিনের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র থেকে বিচ্যুত হয়েছে।
২০০৪ সালে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস অ্যাডভাইজরি অপিনিয়ন এই দেয়ালের অবৈধতা সম্পর্কে মতামত দিতে গিয়ে একপর্যায়ে বলেছে, দেয়ালটি পশ্চিম তীরের অনেকটা ভেতর পর্যন্ত ঢুকে ইসরায়েলি স্থাপনাকে এর মধ্যে এনেছে। এমনকি এগুলো যাতে সম্প্রসারিত
হতে পারে, তার জন্য জায়গাও দেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়, এই দেয়াল নির্মাণের পেছনে নিরাপত্তাই প্রধান কারণ ছিল না। অনেক নামকরা ইসরায়েলি ও আন্তর্জাতিক এনজিও একই মত দিয়েছে।
ট্রাম্পের দাবির দ্বিতীয় সমস্যা হচ্ছে, তিনি ‘৯৯ শতাংশ যাতায়াত বন্ধ’ হওয়ার কথা বলেছেন। শুরুতে বলে রাখি, ইসরায়েলের এই দেয়াল কিন্তু মাত্র দুই-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে। তান্তুর একুমেনিকাল ইনস্টিটিউটের রেক্টর আমাকে বলেছেন, ‘অসম্পূর্ণ দেয়াল অনেকটা এ রকম যে ধরুন, মশারি আপনার শরীরের দুই-তৃতীয়াংশ ঢেকে রেখেছে। আপনি নিজেকে রক্ষা করতে একটা মশারি কিনবেন?’
কথা হচ্ছে এই দেয়াল কিন্তু দ্বিতীয় ইন্তিফাদার সময় ইসরায়েলিদের ওপর ফিলিস্তিনিদের হামলা ঠেকায়নি। বরং ২০০৫ সালের দিকে যে এ ধরনের হামলা অনেকাংশে কমে আসার কারণ হলো, হামাসসহ অন্য ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলো দেশটির সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা বন্ধ করেছিল। ২০০৬ সালে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেট এই তথ্য দিয়েছিল। তবে এসব হামলা বন্ধ হওয়ার পেছনে এই দেয়ালটি আংশিক ভূমিকা পালন করেছে। তার সঙ্গে পশ্চিম তীরের ভেতরে বিস্তৃত ইসরায়েলি গোয়েন্দা জাল ও সামরিক উপস্থিতিও এতে সহায়ক হয়েছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষও এতে সহায়ক ভূমিকা পালন করেছে।
২০০৯ সালে শিন বেটের প্রধান ইয়ুভাল দিসকিন বলেন, এই দেয়ালের কাজ শেষ করার দরকার নেই। কারণ, ইসরায়েলের সামরিক গোয়েন্দারা পশ্চিম তীর থেকে যেকোনো আক্রমণ প্রতিহত করার মতো শক্তি ধারণ করেন। জানা যায়, প্রতিদিনই ফিলিস্তিনের হাজার হাজার শ্রমিক দেয়াল টপকে ইসরায়েলে কাজ করতে যান। জেরুজালেমের আশপাশে অরক্ষিত জায়গা দিয়ে শ্রমিকেরা মই বেয়ে দেয়াল টপকান। অথবা তঁারা দড়ি ব্যবহার করেন। এটা পরিষ্কার যে তঁারা মূলত কাজের সন্ধানে ইসরায়েলে যান। কারণ, এই দেয়াল ও দখলদারি ফিলিস্তিনি অর্থনীতিতে যে বিপর্যয় ডেকে এনেছে, তার পরিণতি হিসেবেই শ্রমিকেরা ইসরায়েলে যাচ্ছেন।
ট্রাম্প যে ইসরায়েলের দেয়ালকে সফল নিরাপত্তাব্যবস্থা হিসেবে আখ্যা দিলেন, তা খুবই অজ্ঞতাপ্রসূত। এ প্রসঙ্গে সর্বোচ্চ এটাই বলা যায়। তবে এতে মূলত যে ক্ষতি হচ্ছে তা হলো ইসরায়েলের মতো দখলদারি ও ঔপনিবেশিক দেশ নির্মিত এই দেয়াল বৈধতা পেল, যেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তাঁর এ রকম প্রকাশ্য বিবৃতির কারণে ইসরায়েল বিচারহীনভাবে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করতে পারছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, আল-জাজিরা থেকে নেওয়া।
উইলিয়াম প্যারি: ফ্রিল্যান্স লেখক।