সু চির সমস্যা জটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনের আগে অং সান সু চিকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁর দল ক্ষমতায় এলে মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু জাতিগোষ্ঠীর ব্যাপারে কী করবে, যাদের ওপর দীর্ঘদিন ধরে নিপীড়ন করা হচ্ছে। উত্তরে তিনি বলেছিলেন, ‘বার্মায় একটি প্রবাদ আছে: আপনাকে বড় সমস্যাগুলো ছোট করে ফেলতে হবে, আর ছোট সমস্যা নিশ্চিহ্ন করতে হবে।’
নির্বাচনের পর এক বছর পেরিয়ে গেছে, কিন্তু রোহিঙ্গা সমস্যা আরও বড় হয়েছে। মিয়ানমারের পশ্চিম সীমান্তের রাখাইন প্রদেশে সহিংসতা সৃষ্টি হয়েছে, যেখানে সিংহভাগ রোহিঙ্গার বাস। সু চির বিরুদ্ধে এত দিন সমালোচনা ছিল, তিনি রোহিঙ্গাদের সমস্যার ব্যাপারে নিরাসক্ত। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ হলো, তিনি নীরবে রোহিঙ্গাদের নির্যাতনের পক্ষে দাঁড়িয়েছেন।
এই সমালোচনার আংশিক সু চির প্রাপ্য, পুরোটা নয়। এনএলডি সরকার বোধগম্যভাবেই বিরক্ত। কিন্তু মিয়ানমারের সরকার, গণমাধ্যম ও রাজনৈতিক কর্মীরা পরস্পরের প্রতি কাদা–ছোড়াছুড়ি করছে। কিন্তু কয়েক দশকের সামরিক শাসনের কারণে অং সান সু চি উত্তরাধিকার সূত্রে এক দুর্দমনীয় সমস্যা পেয়েছেন। ব্যাপারটা হচ্ছে কী, রোহিঙ্গাদের যদি সাহায্য করতে হয়, তাহলে এই সমস্যার সুনির্দিষ্ট দিকগুলো বুঝতে হবে।
এমনিতেই মিয়ানমারে কয়েক দশক ধরে নানা উত্তেজনা ছিল, কিন্তু ২০১২ সালে রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়লে মুসলিম ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যকার যোগসূত্র ছিঁড়ে যায়। ফলে সেখানকার প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ গৃহচ্যুত হয়ে পড়ে, যাদের বেশির ভাগই রোহিঙ্গা। যে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিককে ক্রমেই নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছিল এবং নির্বাচনের আগে যাদের ভোটাধিকার রহিত করা হয়েছিল, তাদের অনেকের কাছে এখন যথাযথ পরিচয়পত্র নেই। ওদিকে রাখাইন প্রদেশের উত্তরাঞ্চলে মানুষের চলাচলের ওপর যে বিধিনিষেধ আরোপ করা হয়, তাতে মানুষের কর্মসংস্থান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি মৌলিক সরকারি সেবা লাভ ও ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে।
পরিস্থিতি এমনিতেই উত্তপ্ত ছিল, এর মধ্যে গত অক্টোবর মাসে মিয়ানমারের বাংলাদেশ সীমান্তের নিরাপত্তাচৌকিতে হামলার কারণে সীমান্ত পুলিশের নয় সদস্য নিহত হন, তাতে আগুন লেগে যায়। অভিযোগ আছে, স্থানীয় রোহিঙ্গা ও বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গারা এ হামলা চালিয়েছে। এরপর মিয়ানমারের সামরিক বাহিনী এই ঘটনার নির্মম প্রতিশোধ নেয়। তথ্যমতে, মংডু শহরের দেড় হাজার ঘরবাড়ি তারা জ্বালিয়ে দেয়। বিচারবহির্ভূতভাবে অনেক মানুষকে হত্যা করা হয়। জাতিসংঘের তথ্যমতে, এই ঘটনার পর ৬৫ হাজার মুসলিম রোহিঙ্গা বাংলাদেশে চলে গেছে।

>দীর্ঘদিনের সামরিক জমানায় সেনাবাহিনী মিয়ানমারজুড়ে জাতিগত বিভক্তি উসকে দিয়েছে। রাখাইন প্রদেশে তারা ক্রমবর্ধমান হারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছে

যদিও মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম স্বীকার করেছে, অনেক মানুষকে ‘মৃত অবস্থায় পাওয়া’ গেছে, দেশটির সরকার মূলত অস্বীকার করেছে যে, নিরাপত্তা বাহিনী গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। রাষ্ট্রের কৌঁসুলির দপ্তর নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত যৌন সহিংসতার খবরের সত্যতা ক্ষুণ্ন করতে ওয়েবসাইটে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি লিখেছে। সন্দেহ নেই, গণমাধ্যমেও অনেক যত্নহীন খবর এসেছে। কিন্তু কোনো সরকার যদি প্রকৃত অর্থেই স্বচ্ছতা বজায় রাখতে চায়, তাহলে তাদের এই উন্মত্ততা এড়ানো প্রয়োজন ছিল। তাদের উচিত ছিল, অনুমোদিত সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের আক্রান্ত এলাকায় বিনা বাধায় প্রবেশ করতে দেওয়া, যাতে তাঁরা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সত্যতা যাচাই করতে পারেন। এর বদলে এনএলডি সরকার অধিকাংশ গণমাধ্যমের সম্মানহানি করে বসল, তাদের গায়ে কলঙ্ক লেপন করল।
বোধগম্যভাবেই মানবাধিকারের আইকন হিসেবে এত দিন অং সান সু চির যে আন্তর্জাতিক ভাবমূর্তি ছিল, তা বিনষ্ট হয়েছে। একই সঙ্গে তাঁর এত সমালোচনা হচ্ছে, যে কারণে তাঁর সরকার কর্তৃত্বপরায়ণ যুগ-উত্তর যেসব সমস্যার সম্মুখীন হচ্ছে, তা আড়ালে থেকে যাচ্ছে।
একটি ব্যাপার, সু চি যখন ক্ষমতায় আসেন, তখন তাঁর ঘাড়ে রোহিঙ্গাদের প্রাতিষ্ঠানিকভাবে নিপীড়ন করার দায়িত্ব চাপে। বহুকাল ধরেই রাখাইন ও মুসলমানদের মধ্যকার সম্পর্কে টান টান উত্তেজনা বিরাজ করছে, ২০১২ সালের সহিংসতার অনেক আগে থেকেই। রাখাইনরা মিয়ানমারে জাতিগতভাবে সংখ্যালঘু বৌদ্ধ, যারা মনে করে, এই রাষ্ট্র তাদের অবহেলা করে, তাদের অনেকেই সামরিক ও কেন্দ্রীয় সরকারকে গভীরভাবে অবিশ্বাস করে, যেখানে জাতিগত বর্মিদের একক কর্তৃত্ব রয়েছে। রাখাইনরা এটাও মনে করে, তাদের প্রদেশের প্রাকৃতিক সম্পদ লুট করা হয়েছে। দীর্ঘদিনের সামরিক জমানায় সেনাবাহিনী মিয়ানমারজুড়ে জাতিগত বিভক্তি উসকে দিয়েছে। রাখাইন প্রদেশে তারা ক্রমবর্ধমান হারে রোহিঙ্গাদের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছে। একবার ১৯৭৮ সালে ও তারপর ১৯৯০-এর দশকে রাখাইন প্রদেশে যে সহিংসতা চালানো হয়েছে, তার ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে।
এই গভীর বিভাজন দূর করতে অং সান সু চির সরকার ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি যেমন সেন্ট্রাল কমিটি ফর ইমপ্লিমেন্টেশন অব পিস অ্যান্ড ডেভেলপমেন্ট গঠনের ঘোষণা দিয়েছেন, তেমনি সমন্বিত অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা করেছেন। আবার জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে রাখাইন প্রদেশের জন্য পরামর্শ কমিশন গঠন করেছেন তিনি।
সু চির সমালোচনা হয়েছে এ কারণে যে তিনি বিদেশি সাংবাদিকদের ‘রোহিঙ্গা’ শব্দটি পরিহারের অনুরোধ করেছেন। কিন্তু এটাও কালেভদ্রে স্বীকার করা হয় যে তিনি মিয়ানমারের সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, রোহিঙ্গাদের যেন ‘বাঙালি’ বলা না হয়, যেটা তারা নিজেরাই স্বীকার করে না। আবার কখনো কখনো রোহিঙ্গাদের অপবাদ দেওয়ার জন্য বাঙালি বলা হয়। তিনি কার্যত রোহিঙ্গাদের পরিচয় নিয়ে যে বিতর্ক রয়েছে সেখান থেকে দৃষ্টি সরিয়ে রোহিঙ্গাদের অর্থনৈতিক সমস্যার বাস্তব সমাধান করতে চান, যাতে তাদের জীবন-জীবিকার উন্নতি হয়।
মিয়ানমারের সামরিক বাহিনীর অপকর্মের জন্য সু চির সমালোচনা হয়, কিন্তু তিনি বাহিনীর পায়ে বেড়ি দিতে পারেননি। বিষয়টা হচ্ছে, ২০০৮ সালে দেশটির যে সংবিধান প্রণীত হয়েছিল, সেখানে সু চির হাত বেঁধে দেওয়া হয়েছে। এই সংবিধান অনুসারে মিয়ানমারের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও সীমান্ত মন্ত্রণালয়ের দায়িত্ব সামরিক বাহিনীর। এখন সু চি যদি সামরিক বাহিনীর কাছে এই নিপীড়নের জবাবদিহি চান, তাহলে তাঁর তৎপরতার পরিসর আরও ছোট হয়ে যাবে। এখানেই শেষ নয়, মিয়ানমারের সংসদের এক-তৃতীয়াংশ আসন সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত।
এ অবস্থায় সু চিকে খুবই সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখতে হবে। রোহিঙ্গাদের দুর্দশা ঘোচাতে ও বাস্তব পদক্ষেপ নিতে হলে সু চির সরকারকে যেসব সমস্যা মোকাবিলা করতে হচ্ছে, সে সম্পর্কে সূক্ষ্ম বোঝাপড়া লাগবে, গয়রহ সমালোচনা নয়।
অনুবাদ: প্রতীক বর্ধন, মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
ডেভিড স্কট ম্যাথিয়েসো: মিয়ানমারবিষয়ক জ্যেষ্ঠ গবেষক।