সুচিত্রার বাড়িটি কি অর্পিত সম্পত্তি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ১৮ জুলাইয়ের প্রথম আলোর প্রতিবেদনে দেখলাম, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি দখলমুক্ত হওয়ার পর প্রশাসন মূল ফটকে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়ে তাতে লিখেছে: ‘“ক” তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি, বর্তমানে জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে।’
সাইনবোর্ডের কথা থেকে বোঝা যাচ্ছে, পাকিস্তান প্রতিরক্ষা আইনের অধীনে প্রণীত পাকিস্তান প্রতিরক্ষা বিধি, ১৯৬৫-এর ১৮২ বিধি মোতাবেক সুচিত্রা সেনের বাবা বাংলাদেশের পূর্বপুরুষ পূর্ব পাকিস্তানের শত্রু ছিলেন। তাই তাঁর সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে ‘ক’ তফসিলভুক্ত করা হয়েছে। কিন্তু ১৯৭১ সালে যারা মহান স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করে বাংলাদেশের শত্রু পাকিস্তানের পক্ষে কাজ করেছে এবং স্বাধীনতার পর বাংলাদেশের বিপরীতে পাকিস্তানের প্রতি আনুগত্য ঘোষণা করেছে, তাদের সম্পত্তি শত্রু সম্পত্তি ঘোষণা না করে অসাম্প্রদায়িক স্বাধীন বাংলাদেশ ‘পরিত্যক্ত সম্পত্তি’ ঘোষণা করেছে এবং দ্রুত নিষ্পত্তির স্বার্থে ‘কোর্ট অব সেটেলম্যান্ট’ গঠন করেছে। পরিত্যক্ত সম্পত্তির ব্যাপারে কোনো বিশেষ কৌঁসুলি নিয়োগ না করলেও শত্রু সম্পত্তির ব্যাপারে বিশেষ কৌঁসুলি নিয়োগ করেছে। রাষ্ট্র কর্তৃক প্রণীত সংবিধান, আইন, পরিপত্র ইত্যাদি থেকে স্পষ্টভাবে ধারণা জন্মে, রাষ্ট্রীয়ভাবে হিন্দু সম্প্রদায় রাষ্ট্রের প্রতিপক্ষ৷ তা না হলে কীভাবে সদ্য স্বাধীন দেশেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাজস্ব মন্ত্রণালয় স্মারক নং ৭৪-ইপি-৪/৭২ তাং ০১-০২-১৯৭২-এ আইনের অবিরত বলবৎ আদেশ ১৯৭১ জারি হওয়ার ফলে শত্রু সম্পত্তি ব্যবস্থাপনা আইন অক্ষুণ্ন এবং বলবৎ থাকার বিষয়ে
পরিপত্র জারি করে?
মুক্তিযুদ্ধ চলাকালে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণা এবং আইনের অবিরত বলবৎ আদেশ ১৯৭১ জারি করায় শত্রু সম্পত্তি আইন কোনোমতেই বাংলাদেশে প্রচলিত থাকার কথা নয়। তাহলে মুক্তিযুদ্ধ চলাকালে ইয়াহিয়া সরকারের করা রাজাকার পুনর্বাসন আইনও স্বাধীন বাংলাদেশে বলবৎ থাকত।
তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার, উপতত্ত্বাবধায়কের কার্যালয়, শত্রু সম্পত্তি (জমি ও ইমারত) বিভাগের স্মারক নং ৫৫(১৭)-৯-২২/৬৫-ইপি তাং ১৪-০৩-৬৬ ইং এর ৮ অনুচ্ছেদ এবং স্মারক নং ১৬৯৪-১৩-৫০৫/৬৭/ইপি তাং- ২৬-০৬-৬৮ ইং অনুসারে ভারতীয় মুসলমানরা পাকিস্তানের শত্রু ছিল না, পাকিস্তানের শত্রু ছিল সংখ্যালঘিষ্ঠ হিন্দু সম্প্রদায়। একই রূপে বাংলাদেশ সরকারের শত্রু সম্পত্তি-সংক্রান্ত আইনকানুন পরিপত্রগুলো তৎকালীন পাকিস্তান সরকারের অনুরূপ। রাষ্ট্র কর্তৃক প্রচারিত সার্কুলারগুলো থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান প্রতিপক্ষ রাষ্ট্র নিজেই।
১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে ভারতও শত্রু সম্পত্তি আইন জারি করেছিল। নিয়মানুযায়ী ভারত তার ভূখণ্ডে অবস্থিত পাকিস্তানি মালিকানাধীন ব্যাংক, বিমা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অন্যান্য সম্পত্তি অধিগ্রহণ করেছে। নিজ দেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এ আইন ব্যবহার করেনি। পাকিস্তানের শাসকগোষ্ঠী এ আইনকে রাজনৈতিক উদ্দেশ্যে নিজ দেশের সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করেছে। পাকিস্তানের প্রশাসন কায়েমি স্বার্থের পরিপূরক হওয়ায় পাকিস্তান আজ প্রায় মৃত্যু উপত্যকায় পতিত। সে পাকিস্তান নেই। তবু স্বাধীন বাংলাদেশ সরকার এ আইনকেই উত্তরাধিকার হিসেবে গ্রহণ করেছে। আরও মজার ব্যাপার, যারা এ শত্রু সম্পত্তি খুঁজে বের করে, শত্রু সম্পত্তির পরিমাণ বৃদ্ধি করে, আবার তাদের হাতেই সেই সম্পত্তি আদৌ শত্রু সম্পত্তি কি না, তা যাচাই-বাছাই করার ভার দেওয়া হয়।
মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২৩-০৩-৭৪-এর পরে অর্পিত সম্পত্তি ঘোষণা বেআইনি মর্মে রায় প্রদান করেছেন, যা ৫৮ ডিএলআর (আপিল্যাট বিভাগ) এ ১৭৭ পৃষ্ঠাসহ অপরাপর প্রকাশনায় নজির হিসেবে প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১১ অনুচ্ছেদ মোতাবেক সুপ্রিম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকারিতা সবার জন্য অবশ্যপালনীয়।
১৯৭৪ সালের ৪৫ নম্বর আইনে বাতিলকৃত অর্পিত সম্পত্তি আইন পরবর্তী সময়ে সামরিক সরকার ১৯৭৬ সালের ৯৩ নম্বর অধ্যাদেশমূলে চালু করে তা সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক রূপ দেয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ১০৪৪-১০৪৫/২০০৯ মামলায় সংবিধান (পঞ্চম সংশোধন) আইন অবৈধ, বাতিল, অস্তিত্বহীন মর্মে ঘোষণা করেন। নবম জাতীয় সংসদ সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন, ২০১১-এর মাধ্যমে সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করায় ১৯৭৬ সালের ৯৩ নম্বর অধ্যাদেশ সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ১১-১২-২০১১ সালে বাংলাদেশ গেজেটে প্রকাশিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন, ২০১১ মূলে সাংবিধানিকভাবে বিলুপ্ত এবং বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায়ের পরিপন্থী আইনকে বাতিল না করে, বরং তা অধিকতর সংশোধন করে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার জন্য আইন প্রণয়ন করে।
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ এ পর্যন্ত ছয়বার সংশোধন করে, ‘খ’ তালিকাভুক্ত গেজেট বাতিল করে সরকার বাহ্যিকভাবে দেখাতে চাইছে সংখ্যালঘুদের জন্য রাষ্ট্র অনেক কিছু করেছে। প্রকৃত পক্ষে অর্পিত সম্পত্তি এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের নামে রাষ্ট্রের বিভিন্ন আইনকানুন, পরিপত্র, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ ইত্যাদিতে দেখা যাচ্ছে, রাষ্ট্রের ঘোষিত নীতি হচ্ছে সংখ্যালঘুদের তাদের সম্পত্তি ভোগদখলের জন্য ‘বিনা যুদ্ধে নাহি দিবে সূচ্যগ্র মেদিনী’।
জাতির প্রত্যাশা, বর্তমান সরকার অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১ বাতিল করে পাকিস্তান প্রতিরক্ষা আইনের অধীনে প্রণীত পাকিস্তান প্রতিরক্ষা বিধি, ১৯৬৫-এর ১৮২ বিধি মোতাবেক তদানীন্তন পূর্ব পাকিস্তান এলাকার যেসব নাগরিক ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে গমন করায় বা অবস্থান করায় তাদের যাবতীয় সম্পত্তি শত্রু সম্পত্তি হিসেবে শুমারি তালিকাভুক্ত হয়েছে, সেই সম্পত্তি বাংলাদেশে বলবৎ ব্যক্তিগত আইন মোতাবেক সেই মালিকের বাংলাদেশি উত্তরাধিকারী বা বাংলাদেশি স্বার্থাধিকারী বা তাদের অনুপস্থিতিতে তাদের উত্তরাধিকার সূত্রে এমন সহ-অংশীদার যিনি বা যারা ইজারা গ্রহণ দ্বারা বা অন্য কোনোভাবে সম্পত্তিতে দখলে রয়েছে, তাদের কাছে স্বউদ্যোগে প্রত্যর্পণ করবে, জবরদখলকারীকে উচ্ছেদ করে দখল বুঝিয়ে দেবে এবং প্রত্যর্পণের জন্য কেউ দাবিদার না থাকলে সে সম্পত্তি হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্পত্তি হবে মর্মে বিধান করে আইন প্রণয়ন করবে। কেননা, সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকার-স্বত্ব একটি মৌলিক মানবাধিকার এবং এটা ব্যক্তির সম্মান, মর্যাদা ও ব্যক্তিত্বের মুক্ত বিকাশের জন্য অপরিহার্য।
অমূল্য বিকাশ বসাক: আইনজীবী, চট্টগ্রাম জজকোর্ট।