সুদৃঢ় হোক সম্প্রীতির বন্ধন
সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চল, বিশেষ করে রামু, উখিয়া, টেকনাফ, পটিয়া প্রভৃতি স্থানে প্রধানত বৌদ্ধ সম্প্রদায়ের ওপর যে বর্বরোচিত হামলা হয়ে গেল, সেটা গোটা জাতির বিবেককে প্রবলভাবে নাড়া দিয়েছে। সন্দেহ নেই যে সরকার যখন একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাচ্ছে, তখন কতিপয় স্বার্থান্বেষী ও সাম্প্রদায়িক গোষ্ঠী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব জঘন্য কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। আবার যে সরকার নিজেদের অবস্থান সম্পর্কে পরম আত্মতুষ্টি ও চরম আত্মবিশ্বাসে বলীয়ান ভাবছে, সেই সরকারের প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা চক্রান্তকারীরা এই ঘৃণ্য ঘটনায় সহায়তা করে থাকতে পারে। একজন বিকারগ্রস্ত ব্যক্তির দ্বারা ফেসবুকে বিকৃত ছবি ট্যাগ করাকে কেন্দ্র করে বাংলাদেশের কয়েকটি অঞ্চলে যে চরম হিংসাত্মক ঘটনা ঘটে গেল, সে জন্য আমি গভীরভাবে মর্মাহত।একজনের দুষ্কর্মের জন্য অন্যজনকে শাস্তি দেওয়া ইসলাম কখনোই সমর্থন করে না, সুতরাং, রামু ও অন্যান্য স্থানে বৌদ্ধবসতি ও মন্দিরগুলোতে অগ্নিসংযোগসহ লুটপাটের ঘটনা যারা ঘটিয়েছে, তারা কেবল দেশের নয়, ইসলামেরও শত্রু।বাংলাদেশ সরকারের উচিত এসব দুষ্কৃতকারী ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ নেওয়া। তাতে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম রক্ষা হবে।যুগ যুগ ধরে বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ শান্তিতে বসবাস করে আসছে। এ দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান ও উপজাতীয় শ্রেণীর মানুষ ধর্মবিশ্বাসের ক্ষেত্রে বিভিন্নতা সত্ত্বেও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহ-অবস্থান করে আসছে। তাদের মধ্যে যে কখনো বিরোধ বা সংঘাত হয়নি, এ কথা বললে সত্যের অপলাপ হবে। কখনো কখনো তাদের মধ্যে নানা কারণে বিরোধ দেখা দিয়েছে এবং কোনো কোনো সময় এর ফলে হিংসাত্মক দাঙ্গা-হাঙ্গামা হয়েছে; কিন্তু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এগুলো সংঘটিত হয়েছে। সাধারণ মানুষ কখনোই এ ধরনের কার্যকলাপকে সমর্থন করেনি।বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মাবলম্বী এবং অত্যন্ত ধর্মপ্রাণ; কিন্তু তারা মোটেই ধর্মান্ধ নয়। এখানকার মাটিতে সাম্প্রদায়িকতা কখনো দানা বাঁধতে পারেনি। মনে রাখা প্রয়োজন, এ দেশের মুসলমানদের ধর্মীয় জীবনের ওপর গোঁড়া রক্ষণশীলদের চেয়ে উদারমনা সুফি-দরবেশ, বাউল-ফকিরদের প্রভাব অনেক বেশি। এসব মরমি সাধক ধর্মবিশ্বাসের ক্ষেত্রে যে ঐতিহ্যের সূত্রপাত করেছিলেন, সেটা ছিল পরমত সহিষ্ণুতার ঐতিহ্য, যা বাংলার মন ও মানসকে গভীরভাবে প্রভাবিত করেছে। বস্তুত অমুসলমানদের প্রতি বাংলার মুসলমানদের দৃষ্টিভঙ্গি সব সময় পবিত্র কোরআনের এই মহান বাণীর দ্বারা চালিত হয়েছে যে ‘লাকুম দ্বীনকুম ওয়াল ইয়া দ্বীন’। অর্থাৎ ‘তোমার পথ তোমার, আমার পথ আমার।’ সুতরাং, যে যার পথে চলবে নিজের দায়িত্বে। কাউকে বাধা দেওয়ার অধিকার কারও নেই। এ কথা জোর দিয়ে বলতে চাই যে একমাত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রনীতির মাধ্যমে সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব।বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম ছিল ধর্মনিরপেক্ষ আন্দোলন। তাই স্বাভাবিক কারণে স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্রে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের অন্যতম প্রধান মূলনীতি হিসেবে সন্নিবেশিত করা হয়েছিল। আমরা জানি, পাকিস্তান আমলে পাকিস্তানি শাসকগোষ্ঠী নিজেদের সংকীর্ণ স্বার্থে ধর্মের অপব্যবহার করেছে। ধর্মকে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলায় ধর্মের পবিত্রতা ক্ষুণ্ন হয়েছে। রাজনীতিও কলুষিত হয়েছে। একমাত্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে ধর্মের পবিত্রতা রক্ষা করা সম্ভব। কেউ যেন ব্যক্তি বা গোষ্ঠীস্বার্থে ধর্মকে ব্যবহার করতে না পারে, তার নিশ্চয়তা বিধান করতে হবে।দুর্ভাগ্যবশত স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর যে প্রতিক্রিয়াশীল চক্র রাষ্ট্রীয় ক্ষমতা দখল করল, তারা প্রথমেই ধর্মনিরপেক্ষতাকে বিসর্জন দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ধর্মীয় লেবাস পরিয়ে বাংলাদেশকে একটি খুদে পাকিস্তানে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত হলো। তারা ইতিহাসের চাকাকে পেছন দিকে ঘোরাতে চেয়েছিল। দুঃখের বিষয়, এ প্রচেষ্টা এখনো অব্যাহত আছে এবং তার খেসারত আমরা দিয়ে চলেছি।এ মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হলো, উপদ্রুত এলাকায় একটি শান্তি মিশন প্রেরণ। কিছুসংখ্যক নিবেদিত প্রাণ ব্যক্তি (শিক্ষক-শিক্ষিকা হলে ভালো হয়), তাদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি পিস স্কোয়াড গঠন করে তাদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো যেতে পারে। তারা স্থানীয় জনগণের মধ্যে থেকে তাদের সহযোগিতায় পুনর্বাসনের কাজে সাহায্য করতে পারে। সেই সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতির ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। এটাকে বলা যেতে পারে, মোরাল রিলিফ ক্যাম্পেইন।১৯৪৬ সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক হাঙ্গামার সময় রেডক্রসের পক্ষ থেকে আমি এ ধরনের কাজে সম্পৃক্ত ছিলাম। এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের পৃষ্ঠপোষকতা ও সরকারি সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সালাহ্উদ্দীন আহ্মদ: ইতিহাসবিদ, জাতীয় অধ্যাপক।