গত ২৩ অক্টোবর পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায় মারা গেছেন। কলকাতার লেখকসমাজের অতিপরিচিত ত্রিমূর্তি অর্থাৎ সুনীল, তারাপদ রায় ও শক্তি চট্টোপাধ্যায়ের মধ্যে ইনি ছিলেন শেষজন। বাকি দুজন আগেই লোকান্তরিত হয়েছেন। যৌবনে তিনজন ছিলেন একে অপরের অতি ঘনিষ্ঠ বন্ধু। সুনীল গঙ্গোপাধ্যায় ও তারাপদ রায়ের প্রিয় লেখক সৈয়দ মুজতবা আলীর ভাইপো হওয়ার সুবাদে আমি অতি সহজে তাঁদের স্নেহধন্য হওয়ার সৌভাগ্য অর্জন করি। তারই ফল হিসেবে আমার কলকাতা ভ্রমণের দিনগুলোতে তাঁদের খাস আসর ‘বুধসন্ধ্যা’য় প্রবেশ করার অধিকার পেয়ে যাই। ফলে প্রিয় লেখক যেমন সমরেশ বসু, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বুদ্ধদেব গুহ, দিব্যেন্দু পালিত, দেশ পত্রিকার তৎকালীন সম্পাদক সাগরময় ঘোষ, কবি ধ্রুবজ্যোতিসহ অনেককেই; যাঁদের শুধু লেখাই পড়েছিলাম, তাঁদের সামনাসামনি হয়ে আড্ডা মারার অপার সৌভাগ্য অর্জন করি। আশির দশকে আসরটা বসত বিচারপতি বিমল বসাকের বাড়িতে। বিমল বসাক ছিলেন ঢাকার বিখ্যাত ব্যবসায়ী মদনমোহন বসাকের বংশধর। আর তাঁর স্ত্রী সুনন্দা ছিলেন তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জের মেয়ে অর্থাৎ আসরের মূল হোস্ট। এ দম্পতির দুজনই ছিলেন পূর্ববঙ্গের। পরবর্তী সময়ে বুধসন্ধ্যার স্থানান্তর হয় শেক্সপিয়ার সরণির একটা ফ্ল্যাটে। এবার বুধসন্ধ্যার কথা বলা যাক। যতদূর জানি, এটা ছিল সুনীল, তারাপদদাদের দ্বিতীয় প্রচেষ্টা। প্রথম কীর্তি কৃত্তিবাস অনেকটাই অনিয়মিত হয়ে পড়লে নিজেদের লেখা কবিতা ইত্যাদি নিয়ে আলোচনা ছাড়াও নিয়মিতভাবে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার তাগিদে বুধসন্ধ্যার সৃষ্টি হয়। এই আসরে শুধু যে কবি বা লেখকেরা আসতেন তা নয়, বরং তাঁদের কিছু ঘনিষ্ঠ আত্মীয়স্বজন, যেমন—সুনীল গাঙ্গুলীর স্ত্রী স্বাতী গাঙ্গুলীর বোন মীনাদি, খুকুমণি ও তাঁদের জীবনসঙ্গী শীতল বাবু ও পার্থ চক্রবর্তী, স্বাতীদির ভাই, যাঁকে আমরা সবাই দাদা ডাকতাম উনি এবং উনার স্ত্রী বাণীদিও আসতেন। তা ছাড়া সুনীলের অতি ঘনিষ্ঠ বাল্যবন্ধু যুক্তরাজ্যপ্রবাসী ভাস্কর দত্ত ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া দত্ত আসতেন। ধবধবে সাদা গায়ের রং ছিল বলে ছেলেবেলায় উনার নাম ভিক্টোরিয়া রাখা হলেও উনি ছিলেন নিপাট ষোলোআনা এক অতিথিপরায়ণ বাঙালি মহিলা। স্বামী-স্ত্রী দুজনই ছিলেন সুনীলের অতি ঘনিষ্ঠজন। লন্ডন গেলে যেমন সুনীল কখনোই পারতপক্ষে উনাদের বাসা ছাড়া অন্য কোথাও থাকতেন না, তেমনি তাঁরাও কলকাতার সবটুকু সময়ই সুনীলদের সঙ্গে অতিবাহিত করতেন। বুধসন্ধ্যা কিন্তু লেখক-কবিদের একটা খেয়ালি আসর ছিল না। তারাপদদা যেমন কঠোর সরকারি কর্মকর্তা ছিলেন, তেমনিভাবে বুধসন্ধ্যার গঠনও ছিল সেই রূপ। এটার একটা লিখিত গঠনতন্ত্র ছিল। নিয়মমাফিক ভোট দিয়ে নির্বাচন করে বার্ষিক পরিচালনা কমিটি গঠন করা হতো। আমার দেখা সময়টুকুতে আমি সুনীল গঙ্গোপাধ্যায়কেই এর সভাপতি হিসেবে দেখেছি। অতি আয়েশি ভঙ্গিতে গল্প করার আসর হলেও আসরের লিখিত গঠনতন্ত্র অনুযায়ী সদস্যরা এর নিয়মনীতি মেনে চলতেন। আর আসরটি যে প্রতি বুধবার সন্ধ্যাবেলা বসত, তা বোধ হয় বলার প্রয়োজন রাখে না।একবার গিয়ে দেখি, শিবাজী বন্দ্যোপাধ্যায় নামের এক তরুণ (বর্তমানে তিনি খ্যাতিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব) সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে জীবননৌকা নামের একটি চলচ্চিত্র প্রযোজনা করছেন। সুনীল সেই ছবির গানও লিখে দিয়েছেন। সেই আসরে সুনীল স্বকণ্ঠে গানগুলো গেয়েও শোনালেন। লেখক ও কবি সুনীলের এ নতুন পরিচয়ে আমি বেশ অবাক হলেও বাকিরা দেখলাম তাঁর এ বিশেষ গুণটির সঙ্গে পরিচিত। পরে তারাপদদার কাছে শুনলাম, সুনীল গঙ্গোপাধ্যায় গায়ক হিসেবে নিজের কোনো পরিচয় প্রকাশ পাক তা মোটেও চান না। আরেকবার কলকাতার পাবলিক লাইব্রেরিতে বার্ষিক কবিতা সম্মেলন হচ্ছে। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট সুনীল গঙ্গোপাধ্যায়। যথাসময়ে মাইকে উদাত্ত কণ্ঠে নিজের কবিতা আবৃত্তি করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করলেন। তাঁর মুখ দেখে মনে হলো, কবি পরিচয়টিতে উনি শুধু স্বাচ্ছন্দ্যই নন, সবচেয়ে বেশি উপভোগ করেন। ভালো মানের গায়ক এবং অতি উচ্চ মানের লেখক হওয়া সত্ত্বেও ‘কবি’ পরিচিতি তাঁর এবং তারাপদদার কাছে কেন অধিক প্রিয়—এ প্রশ্ন একবার তাঁদের এক কবি বন্ধুকে করে উত্তর পেয়েছিলাম, দেখো ভাই, কবিতা নামে প্রচুর মহিলা আছেন, যেমন কবিতা সিংহ, কবিতা রায় প্রমুখ। কিন্তু গল্প, উপন্যাস নামে কোনো ভদ্রলোক আছেন? তাঁরা পুরুষ কবি হিসেবে কবিতাকেই তাঁদের মানসী ভাববেন, এটা আর বড় কথা কী?কবিরা যেহেতু যুক্তিহীন, তাই এ যুক্তিহীন উত্তর মেনে নেওয়া ছাড়া আমার আর উপায় কী?সুনীলের স্মরণশক্তি ছিল অত্যন্ত প্রখর, তা তিনি নিজেও গর্ব করে বলতেন। তাই যাঁরা তাঁর ক্ষতি করেছিল বা করার চেষ্টা করেছিল বা উপকার করেছিল—সবই মনে রেখেছিলেন। অপকারের কথা না বললেও উপকারের কথা বলতেন বারবার। আমাদের সদ্য প্রয়াত লেখক হুমায়ূন আহমেদ সম্পর্কেও শুধু অত্যন্ত উচ্চ ধারণা পোষণ করেই ক্ষান্ত হননি, লেখায়ও সেটা প্রকাশ করেছিলেন। কবি ও লেখক সুনীল গাঙ্গুলী যখন জনপ্রিয়তার শীর্ষে, তখন কিন্তু তিনি যৌবনের সীমা পেরিয়ে গেছেন বেশ আগেই। তবু তাঁর আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অসাধারণ কবিতার জন্য ছিলেন তারুণ্যের প্রতীক। শক্তি চট্টোপাধ্যায় লোকান্তরিত হয়েছেন বহু বছর আগে। তারাপদ রায় গেলেন ২০০৭ সালে আর এখন চলে গেলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তাঁদের এ তিরোধান আমাদের জন্য যতই বেদনাবহ হোক, তাঁদের আত্মার মিলনে আনন্দধারা বয়ে যাক—এই কামনাই করি। ইবনে মুস্তাফা