
দেশে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ১০ বছর আগের করুণ অভিজ্ঞতা কারোরই সহজে ভুলে যাওয়ার কথা নয়। বর্তমান সরকার তাই জোর গলায় তখনকার তুলনায় প্রায় তিন গুণ বিদ্যুৎ উৎপাদনের যে কৃতিত্ব দাবি করে, সেটা নাকচ করে দেওয়াও তাই কারও পক্ষে সম্ভব নয়। সুতরাং, দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে সরকার তার পরিকল্পনার বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। প্রতিবেশী দেশের সঙ্গে বিদ্যুৎবিষয়ক সহযোগিতার চুক্তিগুলোকেও তাই সাধারণভাবে সবাই মেনে নিয়েছেন। প্রধানত, এর কারণ দুটো। চাহিদা পূরণের বাস্তবসম্মত বিকল্প খুব একটা নেই। দ্বিতীয়ত, যারা ভারতবিরোধী রাজনীতির জন্য সবচেয়ে বেশি পরিচিত, তারাও রাজনৈতিক কারণে ভারতবিরোধিতার কৌশল পরিহার করছে। ফলে, এই দ্বিপক্ষীয় সহযোগিতার ভালো-মন্দ নিয়ে খুব একটা উচ্চবাচ্য শোনা যায়নি। একমাত্র ব্যতিক্রম হচ্ছে রামপালের প্রকল্পটি। আবার, রামপাল প্রকল্পের বিরুদ্ধে যাঁরা এখন কথা বলছেন, তাঁরাও প্রধানত দুটি ধারার প্রতিনিধি। একটি হচ্ছে রাজনীতির কয়েকটি প্রান্তিক গোষ্ঠী, যাঁদের নির্বাচনী সাফল্যের ইতিহাস খুব একটা নেই এবং অপরটি হচ্ছে অরাজনৈতিক নাগরিক গোষ্ঠী বা সুশীল সমাজ। কোনো ধরনের গণ-আন্দোলন গড়ে তোলার সামর্থ্য এঁদের কতটুকু তা এখনো পরীক্ষাধীন বিষয়।
বছর খানেক আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ফি এবং অন্যান্য সেবার ওপর ভ্যাট আরোপের বিরুদ্ধে একটি অরাজনৈতিক ছাত্র আন্দোলন হয়েছিল। আন্দোলনের শুরুর দিকে পুলিশ এবং সরকার-সমর্থক ছাত্রলীগের মারধরের মুখে সাধারণ ছাত্রছাত্রীরা একটুখানি থমকে গিয়েছিলেন। তখন আমার কাছে একজন জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে গণ-আন্দোলনের ভবিষ্যৎ কী? ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর হঠকারী ঘোষণা দিয়ে বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছিল, তার পরিণতির কথা আমাদের সবারই জানা আছে। তারপর ২০১৫-এর শুরুতে ওই নির্বাচনের বছরপূর্তি ঘিরে প্রতিবাদের কর্মসূচি নিয়ে তিন মাস ধরে চলতে থাকা কথিত অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ, আগুনে বোমার ব্যবহার এবং প্রাণহানির পরিণতিও তখন সবার চোখে ভাসছিল। সরকারের দমননীতি কতটা কঠোর হতে পারে তার নতুন নজির তৈরি হওয়ায় সাধারণভাবে একটি ধারণা তৈরি হয় যে এ দেশে আপাতত আন্দোলনের ভবিষ্যৎ নেই। কিছু কিছু নাগরিক সমস্যা নিয়ে অরাজনৈতিক আন্দোলনের চেষ্টাও তাই বিভিন্ন সময়ে ভন্ডুল হয়ে যেতে দেখা গেছে।
এই পটভূমিতে তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলনেরও একই পরিণতি ঘটবে বলে ধরে নেওয়া হয়েছিল। কেননা, তাঁদের কোনো সংগঠন ছিল না, ছিল না কোনো রাজনৈতিক সমর্থন বা আশীর্বাদ। আবার, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রধানত সচ্ছল পরিবারের সন্তান হওয়ায় তাঁদের প্রতি সহানুভূতির মাত্রাও ছিল সীমিত। কিন্তু, ঝানু সাংবাদিক, বোদ্ধা কলামলেখক এবং টক শোর টকারদের সবাইকে চমক দেখিয়ে অদ্ভুত দ্রুততা এবং দক্ষতায় তাঁরা রাজপথ দখলে রাখতে সক্ষম হলেন। ফলে, সরকারও পিছু হটল। সম্ভবত আওয়ামী লীগ সরকারের গত দেড় মেয়াদে এই প্রথম কোনো আন্দোলন সাফল্য পেল।
ওই ছাত্র আন্দোলন ছাড়া দেশে গত কয়েক বছরে অন্য যে আন্দোলনটির আওয়াজ মাঝেমধ্যে পাওয়া যায়, সেটি হচ্ছে একটি অরাজনৈতিক নাগরিক আন্দোলন। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ বাতিলের আন্দোলন। ওই নাগরিক গোষ্ঠীর আন্দোলন থেকে যতটুকু বোঝা যায় তা হলো, তাঁরা মনে করছেন রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে তা সুন্দরবনের মৃত্যু ডেকে আনবে। ব্যাপারটা এমন নয় যে তাঁরা ভারতবিরোধী বলে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগের বিরোধিতা করছেন। আবার এ কথাও সত্য নয় যে তাঁরা সবাই ইউরোপের গ্রিন পার্টির আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে। এই নাগরিক আন্দোলনে বামপন্থী অনেক রাজনীতিকও যুক্ত হয়ে সামনের সারিতে থাকছেন। তাহলে কি তাঁরা সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত? যেমনটি অভিযোগ আছে বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি ও তার মিত্র জামায়াতের বিরুদ্ধে। আওয়ামী লীগবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ অন্তত কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ওঠানো চলে না। এসব রাজনীতিকের থেকে একটু নিরাপদ দূরত্বে থেকে কয়েকটি এনজিওর যে জোট রামপাল প্রকল্পের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধেও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তোলা শুধু অবিশ্বাস্যই নয়, হাস্যকরও বটে।
রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে সরকার এবং ভারত-বাংলাদেশ যৌথ বিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা চলছে যে সুন্দরবনের কোলঘেঁষা এই প্রকল্প সুন্দরবনের ক্ষতি করবে না। কেননা, তারা এমন সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করবে, যাতে কম কয়লায়
বেশি তাপবিদ্যুৎ উৎপাদিত হবে এবং পরিবেশের সম্ভাব্য ক্ষতি প্রশমনের সব পরীক্ষিত ব্যবস্থাই তারা গ্রহণ করছে। কিন্তু প্রকল্পের বিরোধিতাকারীরা সরকারের এসব আশ্বাসে আশ্বস্ত হতে পারছেন না। অবশ্য এখানে স্মরণ করা ভালো যে আমাদের রাজকোষের দায়িত্ব যাঁর, সেই অর্থমন্ত্রীও স্বীকার করে নিয়েছেন যে, ‘সুন্দরবনের কিছুটা ক্ষতি হবে, কিন্তু প্রকল্পটি বাতিল করা যাবে না।’ তিনি বলেছেন, ‘দেয়ার উড বি সাম ইমপ্যাক্ট, অবভিয়াসলি (অবশ্যই কিছু প্রভাব পড়বে)। এত নৌকা আসবে, ক্যারিং সো মাচ কোল; এই নৌকা আসার ফলেই তো ফ্লোরা-ফনা ভেরি সাবস্টেনশিয়ালি অ্যাফেক্টেড হবে।’ (১৫ ফেব্রুয়ারি, ২০১৫, বিডিনিউজ২৪)।
আপনার ক্ষতি হবে জেনেও আপনি ঘরে আগুন লাগাবেন কেন—তার সন্তোষজনক জবাব না পেলে ক্ষোভ জমতে থাকাই কি স্বাভাবিক নয়? প্রশ্ন উঠছে, ভারত কেন তার অংশে সুন্দরবনের কাছে বিদ্যুৎ প্রকল্প করার কথা ভাবে না। কয়লা পরিবহনের সুবিধা বিবেচনায় এই বিদ্যুৎকেন্দ্রটি রামপালে না হয়ে খুলনা কিংবা যশোরেও তো হতে পারে। কেননা, ভারত থেকে কয়লা আমদানি হলে রেলপথেই তা পরিবহন সহজ হবে। আর মোংলা বন্দরকে ভারত ও নেপালের ব্যবহারের জন্য উপযোগী করতে সেখানে রেলপথ সংযোগের পরিকল্পনাও সরকারের রয়েছে। মোংলা থেকে নৌপথে রামপালে কয়লা পরিবহনের বাড়তি ঝুঁকি নিতে হবে কেন? প্রকল্পের স্বাগতিক দেশ হিসেবে নতুন জায়গায় সেটি স্থানান্তরের প্রস্তাবে তো ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার কারণ দেখি না। শ্রীলঙ্কা ভারতের সঙ্গে এ ধরনের বিদ্যুৎ প্রকল্প বাতিল করায় ওই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটেছে, এমন কোনো আলামত তো চোখে পড়ে না।
বিদ্যুৎ খাতে সরকারের আশ্বাসে আস্থাহীনতা কেন? এ কথা ঠিক, সরকার বিদ্যুতের চাহিদা পূরণে দুঃসাধ্য সাধন করে তার আগের সরকারের চেয়ে উৎপাদনক্ষমতা তিন গুণ করেছে। কিন্তু তার জন্য যে মূল্য দিতে হয়েছে, সেটিও বিতর্কের ঊর্ধ্বে নয়। কুইক রেন্টাল নামে বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে বিদ্যুৎ কিনতে ব্যয় হয়েছে সরকারি প্রকল্পে উৎপাদিত বিদ্যুতের তিন থেকে পাঁচ গুণ। অভিযোগ উঠেছে দুর্নীতির এবং তার জবাবদিহি এড়াতে দায়মুক্তির আইনও করা হয়েছে। তবে যুক্তি হিসেবে বলা হয়েছে বিদ্যুৎ দিতে না পারার জন্য দেশের যে আর্থিক ক্ষতি হবে, তা ওই বিদ্যুৎ কেনার খরচের চেয়ে অনেক বেশি। যুক্তি যা-ই দেওয়া হোক গ্রাহকের ব্যয় বেড়েছে।
এই সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই জ্বালানি ও বিদ্যুৎসংকট মোকাবিলায় নেওয়া হয়েছিল এক তুঘলকি সিদ্ধান্ত। গ্রীষ্মমণ্ডলীয় দেশ হওয়ার পরও বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে চাপিয়ে দেওয়া হয়েছিল ঘড়ির কাঁটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত (ডেলাইট সেভিং আওয়ার)। দুর্ভাগ্যজনক হলেও সত্য তখন কতটা সাশ্রয় হয়েছিল তা নিয়ে আমাদের সরকার, কোনো শিল্প সমিতি, বণিক সভা বা গবেষণাপ্রতিষ্ঠান আজ অবধি কোনো গবেষণা করেনি। তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশলের চারজন শিক্ষার্থী তাঁদের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে একটি গবেষণা প্রতিবেদন রচনা করেছিলেন ২০১০ সালে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানির সরবরাহ করা তথ্য-উপাত্ত ও পরিসংখ্যান নিরীক্ষা করে তাঁরা দেখিয়েছেন যে সাশ্রয় তো দূরের কথা ওই সময়ে আসলে আরও বেশি পরিমাণে বিদ্যুতের প্রয়োজন পড়েছিল। সরকার বলেছিল দৈনিক ২০০ মেগাওয়াট সাশ্রয় হবে, কিন্তু বাস্তবে তৈরি হয় ৬৯১ মেগাওয়াট বাড়তি চাহিদা। অথচ বিশেষজ্ঞ মত উপেক্ষা করে একতরফাভাবে চাপিয়ে দেওয়া সিদ্ধান্তের কারণে সবার কী ভোগান্তিই না হলো!
জ্বালানি খাতে বড় বড় প্রকল্প নিয়ে সরকারের আস্থার সংকট রয়েই গেছে। রূপপুরে যে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নের উদ্যোগ, সেটি নিয়েও দেশে-বিদেশে উদ্বেগ রয়েছে। পরমাণু বিদ্যুতের ওপর নির্ভরশীল শিল্পোন্নত দেশগুলোর অনেকেই এখন জনজীবনের ঝুঁকি ও দুরূহ তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার কারণে ওই পথ থেকে সরে আসছে। জার্মানি তার পরমাণু কেন্দ্রগুলো আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। অথচ বিশ্বের অন্যতম সবচেয়ে জনঘনত্বের দেশ হওয়ার পরও আমরা সেই ঝুঁকির পথে পা বাড়াচ্ছি এবং তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনার নিরাপত্তার জন্য নির্ভরশীল হচ্ছি ভিন্ন আরেকটি রাষ্ট্রের ওপর।
সরকারের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে যে ভোগান্তিটুকু হয়েছে তা হয়তো সহনীয় সীমার মধ্যেই ছিল। কিন্তু সুন্দরবনের মৃত্যু হলে সহনীয় মাত্রার প্রশ্ন উঠবে না, তাতে দেশের দক্ষিণাঞ্চলের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। রামপাল প্রকল্পের বিরোধীদের এই যুক্তিটুকু মানতেই হয় যে দেশের মধ্যে বিদ্যুৎ উৎপাদন সম্ভব না হলে তা বিদেশ থেকে আমদানি করা যাবে, কিন্তু সুন্দরবন হারালে আরেকটা সুন্দরবন পাওয়া যাবে না।
কামাল আহমেদ: সাংবাদিক ।