সুপার ট্যুইসডে ও ট্রাম্পের বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

সুপার ট্যুইসডে প্রাইমারির ফলাফলে রিপাবলিকান পার্টি এক অচিন্তনীয় জায়গায় এসে দাঁড়িয়েছে: ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রার্থী হওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতাটা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও এটা পরিষ্কার, ট্রাম্পের রথ থামানোর ক্ষমতা কারও নেই। ট্রাম্প হচ্ছেন যুক্তরাষ্ট্রের মূলধারার গোঁড়ামি ও বিদেশিদের সম্বন্ধে বহু পুরোনো ভীতির রাজনীতির প্রতিনিধি।
ট্রাম্পের হোয়াইট হাউসে যাওয়ার জন্য এটাই যথেষ্ট কি না, আমরা তা এখনো জানি না, কিন্তু সব প্রতিবন্ধকতাই ট্রাম্পের পক্ষে চলে আসছে। ওদিকে হিলারি ক্লিনটন সম্ভবত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন, কিন্তু তাঁর অনেক দুর্বলতা আছে: তাঁর নির্বাচিত হওয়ার হার অনেক কম, ভোটারদের মধ্যে তাঁর জনপ্রিয়তা কম, আর সঙ্গে আছে অতীতের নানা কেলেঙ্কারির অিভযোগ।
ট্রাম্পের ভাবমূর্তিটা বেশ কিছুদিন ধরেই নির্মিত হচ্ছে। ২০০৯ সালের জানুয়ারি মাসে বারাক ওবামা প্রথমবার ক্ষমতায় আসার পর দেউলিয়া-ঘোষিত বাড়ির মালিকদের আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিলে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে টি পার্টি আন্দোলন গড়ে ওঠে। এরা রক্ষণশীল, রিপাবলিকান পার্টির অনুসারী। ট্রাম্পের প্রার্থিতার জন্য তারাই চালিকাশক্তি হিসেবে কাজ করছে। ২০০৮ সালের নির্বাচনের পর এই টি পার্টি রিপাবলিকান পার্টির মধ্যে ফাটল ধরাতে ও তা চিরস্থায়ী করতে সক্ষম হয়। ওবামার বিরুদ্ধে রিপাবলিকান পার্টির প্রচারণার ফলে দলটির মধ্যে চরমপন্থী ও বর্ণবাদী গোষ্ঠীর উত্থানের সুযোগ হয়, আর তারা জনপ্রিয় ও বিদেশভীতির নীতিতে কার্যক্রমও চালাতে সক্ষম হয়। রিপাবলিকান পার্টির এই চরমপন্থী অংশ যত দিন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে তোপ চালিয়ে গেছে ও জাতীয় নেতাদের সঙ্গে কাজ করে ওবামার এজেন্ডা নস্যাৎ করেছে, তত দিন সব ঠিক ছিল।
রিপাবলিকান পার্টি এই টি পার্টিকে নানা কিছু দিয়ে সহায়তা করেছে, বড় বড় চাঁদা দেওয়া মানুষেরা তাদের পেছনে জড়ো হয়েছেন। তারা অসন্তুষ্ট সাদা ও আর্থিক ধসে বসে যাওয়া শ্রমিক শ্রেণির মনের জোর বাড়ানোর চেষ্টা করেছে। বিপুল পরিমাণ টাকা ঢেলে ওয়াশিংটনের রাস্তায় ক্ষুব্ধ লোকজনকে নামানো হয়েছে, যার লক্ষ্য ছিল ওবামা প্রশাসনের কাজে দীর্ঘ সময়ের জন্য বাধা সৃষ্টি করা।
আর্থিক খাতের ধসের পর রাঘববোয়ালরা চেষ্টা করছিল, যাতে ওবামা প্রশাসন প্রকৃত অর্থে সংস্কার আনতে না পারে। একই সঙ্গে যেসব বিধিবিধান ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছিল, সেগুলো যাতে ঠিকঠাক কাজ করতে না পারে এবং তদারকির ব্যবস্থা গড়ে না ওঠে, সেই চেষ্টাও করছিল তারা।
ট্রাম্পের সমর্থনের ভিত্তি হচ্ছে মূলত সাদা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের শ্রমিকেরা, ১৯৭০-এর দশক থেকে যাঁদের আয় দ্রুত হারে কমছিল, গত এক দশকে যার গতি আরও কমেছে। উৎপাদনের কাজ আউটসোর্স করে দেওয়ার কারণে তাঁরা চাকরি হারিয়েছেন, শিল্প খাত সংকুচিত হয়েছে, ফলে তাঁরা চাকরি তো হারিয়েছেনই, সঙ্গে সঙ্গে তাঁদের চাকরি পাওয়ার সম্ভাবনাও শেষ হয়ে গেছে।
এই ক্রোধ ভিত্তিহীন নয়, ফলে ভবিষ্যৎ নিয়ে তাঁরা ভীত হতেই পারেন। কিন্তু এর জন্য কে দায়ী বা আর কেইবা তার সমাধান করতে পারে, সে ব্যাপারেই এই টি পার্টি ভুল করেছে। ট্রাম্প এই ক্ষুব্ধ জনতাকে নিয়ে খেলা করছেন, যেন তারা টিভির রিয়েলিটি শোর অংশ, আর এমনভাবে মানুষের এই ক্রোধ নিয়ে তিনি খেলা করছেন, যাতে এর সমাধান নিয়ে তাঁরা গুরুতর প্রশ্ন তুলতে না পারেন। আউটসোর্সিংয়ের হোতাদের মধ্যে ট্রাম্পও একজন, স্বল্প খরচে কাজ করিয়ে আনার যে মনোভাব প্রধান নির্বাহীদের মধ্যে আছে, তাঁর মধ্যেও সেটা আছে।
ট্রাম্প একদিকে চীনকে গালমন্দ করছেন, অন্যদিকে ব্ল্যাক লাইভস মুভমেন্টে জড়িত আফ্রিকান-মার্কিন, মেক্সিকান অভিবাসী ও মুসলমানদের দিকে আঙুল তাক করছেন। কিন্তু এতে সমাধান আসার সম্ভাবনা খুবই কম, স্রেফ গোঁড়ামির ধুয়া তোলা ছাড়া এতে আর কাজ হবে না। আগের দিনের জনপ্রিয়তাবাদী রাজনীতিকেরা বারবার এই দোষারোপের কৌশল ব্যবহার করেছেন, ফলে দেখা গেছে সমাজ বিভাজিত হয়েছে আর সেখানে রক্তপাত হয়েছে। যদি প্রমাণের অভাব থাকে অথবা রাতের খবরে এটা কাভার করার যথেষ্ট সময় না থাকে, তাহলে জার্মানির অভিজ্ঞতার দিকে আমাদের নজর দিতে হবে, তাদের বর্ণবাদী রাজনীতির কী ফলাফল হয়েছিল তা আমরা দেখেছি। এটা আমাদের সবার জন্য সতর্কসংকেত হওয়ার উচিত।
প্রাইমারিতে ট্রাম্পের বিজয়ী হওয়া ফ্যাসিবাদকে হ্যাঁ বলার শামিল। একই সঙ্গে এক টিভি অনুষ্ঠানে তাঁকে সাদা শ্রেষ্ঠত্ববাদী ডেভিড ডিউকের দাবি অস্বীকার করার আহ্বান জানানো হলে তিনি দ্ব্যর্থবোধক উত্তর দেন। ফলে বোঝা যাচ্ছে, সামনে ঘোর কৃষ্ণপক্ষ। ফ্যাসিবাদ সব সময় জনপ্রিয় আন্দোলনের ঘাড়ে চেপে আসে। ফ্যাসিবাদ সমৃদ্ধির কাল্পনিক বাণী শোনায়, বিরাজমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেয়, অতীতের মহত্ত্বের বাণী শোনায়, আর একই সঙ্গে দেশি ও বিদেশি শত্রুর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধের ডাক দেয়। দেশে ফ্যাসিবাদ একবার শিকড় গেড়ে বসে গেলে সমালোচনার কণ্ঠ স্তব্ধ হয়ে যায়, বিরোধীদের দমন-পীড়ন করা হয়, আর বিদেশি অভিযান ও অভ্যন্তরীণ নিপীড়নের নানা আয়োজন করা হয়।
এই ঘটনাগুলোরই পুনরাবৃত্তি হবে। কারণ, এখন যাঁরা ট্রাম্পকে ঘাড়ে নিয়ে নাচছেন, তিনি নির্বাচিত হওয়ার পর যদি তাঁদের প্রতিশ্রুতি না রাখেন, আর তাঁরা সেটার প্রতিবাদ করেন, তাহলে প্রতিবাদকারীদের নিরাপত্তার অজুহাতে হাজতে পোরা হবে। এখন কথা হচ্ছে, ট্রাম্প জেতেন বা না জেতেন, রিপাবলিকান পার্টি কিন্তু বর্ণবাদের জনপ্রিয়তার ফসল ঠিকই ঘরে তুলবে, যেটা তারা ওবামার বিরুদ্ধে কাজে লাগিয়েছে।
গত আট বছরে যুক্তরাষ্ট্রে ওবামার ছবি সাইন পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এটাকে স্বাভাবিক ব্যাপারে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আর তার সঙ্গে সাদাদের ক্ষোভ উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সরকারের কাজে বাধা সৃষ্টি করে রিপাবলিকানরা আবার ক্ষমতায় আসার চেষ্টা করেছে। ট্রাম্প বর্ণবাদের ঢেউয়ে চেপে দোষারোপের সংস্কৃতিকে চূড়ান্ত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, আর সেটা করতে গিয়ে রিপাবলিকানদের ক্ষমতাচক্রকে স্থানচ্যুত করে ফেলেছেন।
নোংরা বর্ণবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, যুক্তরাষ্ট্রজুড়েই বর্ণবাদী রাজনীতি জিততে শুরু করেছে। সময় এসেছে, আমাদের বর্ণবাদবিরোধী, অন্তর্ভুক্তিমূলক এক বৃহত্তর জোট গঠন করতে হবে।
আল-জাজিরা থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন
হাতেম বাজিয়ান: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিয়ার ইস্টার্ন অ্যান্ড এথনিক স্টাডিস বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক।