আন্দোলন ও সংগ্রামে ধারাবাহিক ভূমিকার মাধ্যমে সাধারণ একজন নেতা থেকে অসাধারণ হয়ে ওঠেন কেউ কেউ। এতে ব্যক্তির সাহস, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগ ও কষ্ট স্বীকারের ক্ষমতার বিশাল অবদান থাকে অবশ্যই। কিন্তু এটুকুই যথেষ্ট নয়, জনগণের আকাঙ্ক্ষা অনুধাবন, তাদের সংগ্রামে উদ্বুদ্ধ ও অনুপ্রাণিত করা এবং দূরদর্শিতার সঙ্গে ভবিষ্যৎ বুঝে কৌশল ও কর্মপন্থা নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল যথাযথ। ফলে তাঁর চেয়ে বয়োজ্যেষ্ঠ, মেধাবী, উচ্চশিক্ষিত অনেক নেতাকে পেছনে ফেলে ১৯৪৮ থেকে শুরু করে দুই দশকের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে তিনি হয়ে ওঠেন এ দেশের মানুষের অবিসংবাদিত নেতা। তিনি মুজিব ভাই, তিনি বঙ্গবন্ধু, তিনি জাতির পিতায় আদৃত হলেন, থাকলেন।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর যখন আমরা মুক্তিযুদ্ধ শেষ করে বিজয়ী হয়ে স্বাধীন দেশ লাভ করলাম আর পেলাম বঙ্গবন্ধুর মতো ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা এক অনন্যসাধারণ নেতা, তখন ঠিক গতানুগতিক পথে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ শাসন সত্যিই ছিল কঠিন। শেখ মুজিবের নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আবার মুক্তিযুদ্ধের নয় মাসের বীরত্ব ও ত্যাগ এবং কষ্টভোগের অভিজ্ঞতা মানুষের মধ্যে দেশপ্রেম ও ব্যক্তিগত আকাঙ্ক্ষার এক নতুন উচ্চমাত্রা তৈরি করেছিল। এর ওপরে বঙ্গবন্ধুর মতো অদ্বিতীয় নেতার ওপর মানুষের প্রত্যাশা ও দাবিও বেড়েছিল বহুগুণ। এ রকম বাস্তবতায় বলা যায়, দেশ বহুদলীয় গণতন্ত্রের বদলে একটি ঐক্যবদ্ধ জাতীয় সরকারের নেতৃত্বে পরিচালিত হওয়ার জন্যই ছিল প্রস্তুত।বঙ্গবন্ধু বরাবর গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়েছেন, সত্তরের নির্বাচনে স্বায়ত্তশাসন ও গণতন্ত্র ছিল তাঁর প্রতি জনগণের ম্যান্ডেট। ফলে মুক্তিযুদ্ধে সৃষ্ট পরিবর্তিত বাস্তবতা সত্ত্বেও তিনি শাসন পদ্ধতি হিসেবে বহুদলীয় সংসদীয় গণতন্ত্রের পথে থাকলেন।আওয়ামী লীগ স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল দল, আবার তদুপরি জাতির পিতার নেতৃত্বাধীন দল হিসেবে সরকার গঠন করায় এর নেতা-কর্মীদের বিরাট অংশের মধ্যে এই অনুকূল পরিস্থিতির একচেটিয়া সুযোগ নেওয়ার মানসিকতা দেখা দেয়। ক্ষমতার অপব্যবহার করে স্বজনতোষণ, লুটপাট ও ব্যক্তিস্বার্থ উদ্ধারের প্রবণতা দেখা দেয়। এর পাশাপাশি জাসদের নেতৃত্বে তরুণদের একটি বড় মেধাবী অংশ হঠকারী রাজনীতিতে জড়িয়ে পড়ে। এই বাস্তবতায় বাংলাদেশে সরকার পরিচালনা বা শাসনকাজ চালানো রীতিমতো কঠিন হয়ে পড়ে। বিশেষ ক্ষমতা আইন প্রবর্তন এবং বাকশাল গঠনের মতো গণতান্ত্রিক মূল্যবোধবিরোধী পদক্ষেপ নিয়ে হলেও বঙ্গবন্ধু শেষ রক্ষা করতে চেয়েছিলেন। কিন্তু তাঁকে সেই সুযোগ দেয়নি ষড়যন্ত্রকারী ঘাতকেরা।ক্যারিশম্যাটিক নেতাদের নিয়ে গণতান্ত্রিক পদ্ধতি ঠিকভাবে পরিচালনা ও সফল করা কঠিন হয়, যদি না স্বয়ং নেতা এ বিষয়ে বিশেষভাবে সচেতন হন। সাম্প্রতিক বিশ্বে এ রকম পরিস্থিতিতে করণীয় সম্পর্কে চমৎকার আদর্শ দৃষ্টান্ত রেখেছেন দক্ষিণ আফ্রিকার মুক্তিকামী কৃষ্ণাঙ্গ মানুষের নেতা নেলসন ম্যান্ডেলা। তাঁর বাস্তবতাও বেশ কঠিন ছিল। কারণ, দক্ষিণ আফ্রিকায় সংখ্যালঘু শ্বেতাঙ্গদের দীর্ঘ বর্ণবাদী দুঃশাসনের বোঝা বহন করে বিজয়ী সংখ্যাগুরু কৃষ্ণাঙ্গদের মনে গভীর ক্ষত, তীব্র ক্ষোভ ও অনমনীয় জিঘাংসাবৃত্তি থাকাই ছিল স্বাভাবিক। ম্যান্ডেলা যথার্থ বিজয়ীর মতো এবং দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠাকেই প্রাধান্য দিয়ে সমাজে ঐক্য, স্থিতি ও সমঝোতার বাতাবরণ তৈরি করলেন।জাতীয় সমঝোতার জন্য ঔদার্য ও ত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ম্যান্ডেলা। সর্বশেষ নিজে এক মেয়াদের জন্য রাষ্ট্রপতি থেকে দ্রুত প্রত্যক্ষ প্রশাসনিক দায়িত্ব থেকে সরে এলেন, হয়ে রইলেন জাতির যথার্থ অভিভাবক।বঙ্গবন্ধু জাতিকে ঐক্যবদ্ধ করেই স্বাধীনতা সম্ভব করেছিলেন, তবে স্বাধীনতার পর মাত্র যে সাড়ে তিন বছর সময় তিনি পেয়েছিলেন, তাতে যথার্থ শাসন পদ্ধতির জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত তিনি একটা পথ খুঁজে পেতেন বলেই বিশ্বাস হয়, যখন দেখি অত্যন্ত কঠিন বাস্তবতায় তিনি দূরদর্শিতার সঙ্গেও জাতিকে সঠিক পথের দিশা দিয়েছিলেন। শাসক হিসেবে সেই পথের সন্ধান করতে করতে তিনি প্রাণ হারিয়েছেন ঘাতকদের হাতে।ইতিহাসের কথা রেখে বর্তমানের দিকে তাকানো যাক। বাংলাদেশে এখন একটা সংকট হচ্ছে, দুই বড় দলের দুই নেত্রী নিজ নিজ দলে অন্যদের চেয়ে অনেক ঊর্ধ্বে এবং একচ্ছত্র ক্ষমতার অধিকারী। জাতীয় জীবনেও তাঁরা এভাবে মূল্যায়িত হন। সামন্ততান্ত্রিক সংস্কৃতিতে এভাবে পরম মান্য ব্যক্তির জন্ম হওয়া স্বাভাবিক। ফলে দেশের সব রাজনৈতিক দলেই একজন করে পরম মান্য নেতার আবির্ভাব ঘটেছে। ছোট দল হলে সমস্যা কম, কিন্তু বড় দলে এই সমস্যা থাকলে গণতন্ত্রের বিকাশ ব্যাহত হতে বাধ্য। এতে আমাদের গণতন্ত্রের সমস্যা থেকেই যাচ্ছে। আওয়ামী লীগ গণতান্ত্রিক ঐতিহ্যের দল। এটি এ দেশের খেটে খাওয়া গণমানুষের দল, এই দলের শক্তি হলো এর কর্মী ও স্থানীয় পর্যায়ের ছোট-বড় নেতারা। এই শক্তির কারণেই পাকিস্তান আমলে, বিশেষত ছয় দফা ঘোষিত হওয়ার পরে জাতীয় জাগরণ ও আন্দোলনের সময় পাকিস্তান সরকারের শত অত্যাচারের মধ্যেও দলটি বিকশিত হয়েছে। আর বাংলাদেশে পঁচাত্তরের পরে প্রায় টানা দুই দশক ব্যাপক সরকারি নির্যাতন-নিপীড়নের মুখেও দলটি টিকে থেকে শক্তি সঞ্চয় করেছে এবং ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু মুশকিল হলো, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগও দেশের মানুষের আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণ করতে পারছে না। আমরা লক্ষ করি, এককালের এই জনসম্পৃক্ত দলটিও সুপার লিডারের ভার বহন করতে করতে ক্রমশ সাংগঠনিক শক্তি হারিয়ে ফেলছে। অতীতের মতো আর জেলা-থানা পর্যায়ের নেতা-কর্মীরা মূল্যায়িত হয় না, দলীয় গুরুত্ব পায় না বরং বিত্তবান ও ক্ষমতাবান একটি নতুন শ্রেণীর হাতে দলের ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে।সুপার লিডারকে কেউ অমান্য করে না। তাঁর সঙ্গে ভিন্নমত পোষণ করে না, এমনকি আগ বাড়িয়ে তাঁর সামনে নিজস্ব মতামত প্রকাশ করে না, তাই তাঁকে ঘিরে ক্ষমতার বলয় তৈরি হয় এবং এই বৃত্তের বাইরে দল আস্তে আস্তে গুরুত্ব ও ভূমিকা হারিয়ে ফেলে। অর্থাৎ যে সংগঠনের জোরে তথা স্থানীয় নেতা-কর্মীদের ত্যাগ ও সংগ্রামের জোরে এককালে দলটি সব প্রতিকূলতা জয় করে টিকে ছিল এবং সফল হয়েছে, সেই সংগঠন ও স্থানীয় নেতা-কর্মীরা আজ উপেক্ষিত ও দুর্বল। আমার এ কথা স্থানীয় নেতা-কর্মীদের কাছে সত্য বলে মনে হলেও ক্ষমতার বলয়ে যাঁরা আছেন, তাঁদের বিশ্বাস না-ও হতে পারে। কারণ তাঁরা ক্ষমতা ভোগ করছেন ও এর জোরে নিজেদের দুর্বলতা টের পান না। কিন্তু যখন দেখি আজ সারা দেশে আওয়ামী লীগেও উপদলীয় কোন্দল ও গোষ্ঠী প্রবণতা দেখা দিয়েছে, ব্যক্তিস্বার্থে অন্তর্দলীয় হানাহানি চলছে, যখন দেখি কোনো পর্যায়েই মূল সংগঠন ও অঙ্গসংগঠনকে গঠনতন্ত্র অনুযায়ী চালানো যায় না, সম্মেলন করা বা কমিটি গঠন করা যায় না, কমিটিকে কার্যকর রাখা যায় না, যখন দেখি জনগণের যথার্থ দাবি ও ইস্যুতে কোনো আন্দোলনে সংগঠন সক্রিয় হতে পারে না, তখন বুঝতে হয় যে দল সাংগঠনিক সমস্যার মধ্যে আছে। সংগঠনকে সমস্যায় রেখে বা স্থবির ও অচল করে রেখে গণতন্ত্রের রাজনীতি বেশি দূর এগোতে পারে না। শেখ হাসিনা আওয়ামী লীগের সুপার লিডার হয়ে গেছেন, পরিস্থিতিই তাকে এই পর্যায়ে নিয়ে গেছে। কিন্তু একবার এ রকম অতি উচ্চতায় উঠলে এ থেকে সাধারণ মানে নামা আর সম্ভব হয় না। অথচ গণতন্ত্র হলো এমন একটি প্রক্রিয়া, যা নেতৃত্বে পরিবর্তন বা গতিশীলতার অবকাশ রেখেই সফল হয়। সেই সুযোগ রুদ্ধ হয়ে গেলে সমস্যার সৃষ্টি হয়। উন্নত বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে দেখা যায় সংকটকালে বীরোচিত ভূমিকা পালন করে বিশেষ ভাবমূর্তি অর্জন সত্ত্বেও সেই নেতাকে ক্ষমতায় রাখা হয় না। ব্রিটেনে দ্বিতীয় মহাযুদ্ধে বিধ্বস্ত জাতিকে অসাধারণ নেতৃত্ব দেওয়া সত্ত্বেও চার্চিলকে প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচিত করা হয়নি। সাম্প্রতিককালে মার্গারেট থ্যাচার বা টনি ব্লেয়ারকে জনপ্রিয় থাকা সত্ত্বেও ক্ষমতা থেকে সরে যেতে হয়। আমেরিকার প্রথম রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন স্বেচ্ছায় দুবারের বেশি ক্ষমতায় থাকতে চাননি। ম্যান্ডেলাও নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়ে গণতন্ত্রের পথে দেশের অভিযাত্রায় সহায়ক হয়েছেন। আমাদের রাজনীতিতে, দলে ও সরকারে নতুনত্ব, পরিবর্তন, গতিশীলতার প্রয়োজন আজ সময়ের দাবি। দেশ, জাতি, সময়, ভবিষ্যতের দাবি ও চাহিদা বুঝে যদি সুপার নেত্রী দলের কর্মপন্থা নির্ধারণ ও নিজের ভূমিকায় পরিবর্তন আনেন, তাহলে হয়তো বর্তমান যে ঘূর্ণিচক্রে আমাদের গণতন্ত্র খাবি খাচ্ছে, তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া যেতে পারে।এ এক ঐতিহাসিক দায়িত্ব, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালন করতে হবে। আবুল মোমেন: কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক।