সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও 'মি. নোবডি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্টের মামলা ও বিচারকের অনুপাতের মধ্যে ব্যবধান বাড়লেও বিচারকের সংখ্যা বাড়ানোর আশু সম্ভাবনা আছে বলে প্রতীয়মান হয় না। এ মুহূর্তে আপিল বিভাগের সাতজন বিচারকের মাথাপিছু ১ হাজার ৮৫৭ এবং হাইকোর্টের ৮৭ (এ বছর আরও সাতজন অবসরে যাবেন) জন বিচারকের মাথাপিছু ৪ হাজার ৮৮৪ মামলা বিচারাধীন আছে।
আমরা আগাগোড়াই বিচারকের সংখ্যা নির্ধারণে বিচার বিভাগের স্বাধীনতার প্রতিফলন দেখেছি। বিশ্বের বহু দেশে উচ্চ আদালতের বিচারকের সংখ্যা সংবিধানে নির্দিষ্ট করা থাকে।
৬ মার্চ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আপিল বিভাগের একটি মামলার শুনানিকালে আপিল বিভাগের বিচারক–স্বল্পতা বিষয়ে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে রাষ্ট্রের নিস্পৃহতার বিষয়টি উত্থাপন করেন। তিনি মামলার চাপে জেরবার হওয়ার কথাও বলেন। অনেকে ভাবছেন, বর্তমান প্রধান বিচারপতির দীর্ঘ মেয়াদের তুলনায় বিচারক নিয়োগ এমনিতেই কম হয়েছে, বাকি মেয়াদে আরও নিয়োগের সম্ভাবনা ক্ষীণ থাকে কি না। তিনি অবসরে যাবেন ১ ফেব্রুয়ারি ২০১৮।
৭ মার্চ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দৃষ্টি আকর্ষণ করলে লেখকের সঙ্গে আলোচনায় তিনি এ ব্যাপারে ভিন্নমত প্রকাশ করেন। তাঁর যুক্তি: ‘আপিল বিভাগে আর মামলার চাপ নেই। ২০১৫ সাল থেকেই শুধু মামলা ঝুলে আছে। তা-ও ২০১৫ সালের সিভিল পিটিশন প্রায় শেষ হওয়ার পথে। ফৌজদারি দিকেও বহু দরখাস্ত নিষ্পত্তি হয়ে গেছে। অনেক সময় আইটেম ১ থেকে ৯০ পর্যন্ত শুনে ফেলেন। যেদিন লিভ পিটিশন থাকে, সেদিন তাঁরা ৫০ থেকে ৯০টি মামলা নিষ্পত্তি করেন।’
এখন আপিল বিভাগে ১ নম্বর বেঞ্চে তিনজন, ২ নম্বর বেঞ্চে তিনজন বিচারক বসেন। একজন সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন।
সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, আপিল বিভাগের বিচারকের সংখ্যা থাকার কথা ১১। কিন্তু দীর্ঘদিন ধরে তিনজনের পদ শূন্য আছে। এখানে একটা আইনি শর্ত পূরণের বিচ্যুতি আছে, সেটা পুনর্ব্যক্ত করতেই অ্যাটর্নি জেনারেল যথারীতি ভিন্নমত প্রকাশ করেন। বললেন, ‘এখানে ১১ জন বিচারক থাকার মানে হলো, এর ওপরে নিয়োগ দেওয়া যাবে না। আমাদের আপিল বিভাগ অনেক সময় তিনজন দিয়েও চলেছে। আমি বলি, না, তাহলে আইন শুধরে “বিচারকের মোট সংখ্যা হবে ১১”-এর পরিবর্তে বলে দিতে হবে, “অনধিক ১১ জন বিচারক থাকবেন”।’
বললাম, প্রধান বিচারপতির প্রত্যাশা কবে পূরণ হতে পারে? অ্যাটর্নি জেনারেল বললেন, ‘এটা রাষ্ট্রপতি ও আইন মন্ত্রণালয়ের বিষয়। আমি মনে করি, যে গতিতে মামলার বিচারের গতি চলছে, তাতে বিচারক–স্বল্পতা বড় প্রশ্ন নয়, শুনানি প্রশ্নে আইনজীবীদের সহযোগিতা বড় প্রশ্ন।’ সেই সহযোগিতায় ঘাটতির কথা তুললে তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ থেকে সহযোগিতা করছি। প্রাইভেট মামলাও তো বহু আছে। সেখানে দুই পক্ষের আইনজীবীরা যদি সহযোগিতা বাড়ান।’ অবশ্য তিনি সতর্কতার সঙ্গে এটাও জুড়ে দেন, ‘তাঁরা সহযোগিতা দিচ্ছেন। তবে আমি বলতে চাই, আপিল বিভাগে রেকর্ড পরিমাণ মামলা নিষ্পত্তি হয়েছে।’
বর্তমানে আপিল বিভাগে ১৩ হাজারের বেশি মামলা বিচারাধীন। তবে রিভিউ বাড়ছে।
কেন আপিল বিভাগে দ্রুত কাজ করা সম্ভব হয়েছে। এর উত্তরে তিনি বলেন, ‘বিচারকেরা দ্রুতগতিতে মামলা নিষ্পত্তি করছেন।’ মুলতবি হচ্ছে বিরল ক্ষেত্রে বলে দাবি করেন তিনি। এরপর হাইকোর্ট বিভাগের বিচারকের সংখ্যা নির্ধারণের দিকে তাঁর নজর আকর্ষণ করি। তিনি বলেন, ‘সেখানে বিচারক-স্বল্পতা বড় প্রশ্ন নয়, বড় প্রশ্ন হলো দক্ষ বিচারক নিয়োগ করা।’
আপনি কি এই যুক্তি ৬ মার্চ আপিল বিভাগে বলেছেন? প্রসঙ্গটি সেখানে কীভাবে এসেছিল? তাঁর উত্তর: ‘বিচারক আরও নিয়োগ করার বিষয়ে। উনি (প্রধান বিচারপতি) বলছিলেন যে...।’ অ্যাটর্নি জেনারেলের কথার সূত্র ধরেই আমি বললাম, সেটা কি আপিল বিভাগেই?
তাঁর উত্তর: ‘উভয় বিভাগেই। আমি বলেছি, বিচারকের সংখ্যা বাড়ালেই লাভ হবে না।’ এই কলামেই আমরা একবার পরিসংখ্যান দিয়ে দেখিয়েছিলাম যে বিচারকের সংখ্যা বাড়লে সেই অনুপাতে মামলা নিষ্পত্তির হার বাড়ে না।
‘দক্ষ বিচারক নিয়োগ করতে হবে, যাঁরা নাকি মামলা নিষ্পত্তি করতে পারেন, রায় দিয়ে নিষ্পত্তি করতে পারেন।’ তাঁর এই মূল্যায়ন যথার্থ। বললাম, তাহলে কি দক্ষ আইনজীবী বা উপযুক্ত লোকবলের একটা ঘাটতি পড়েছে? তাঁর উত্তর: ‘বিচারপতিদের ক্ষেত্রে আমরা তো বাইরে থেকে একটা ক্যাটাগরি করি, আমরা একটা বিবেচনা করি। সব সময় দেখা গেছে, কিছু বিচারপতি মামলা নিষ্পত্তি করতে খুবই পারঙ্গম। মানুষের তো মেধা, অভিজ্ঞতা বিবেচনায় নিতে হবে। কাজেই সবচেয়ে বড় ব্যাপার হলো, এমন বিচারপতি নেওয়া, যাঁরা নাকি মামলা নিষ্পত্তি করতে পারবেন।’
আপনি যে প্রক্রিয়ায় বলছেন, সেই বিবেচনায় কোনো নিয়োগ-প্রক্রিয়া চলমান আছে কি না? জানতে চাইলে তাঁর মন্তব্য: ‘এটা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, আইন মন্ত্রণালয় তাদের এখতিয়ারের বিষয়। সংখ্যা বৃদ্ধি করলেই হবে না, বিচারক যদি দক্ষ না হন বা এমন বিচারক নিয়োগ করা হয়, যিনি শুধু একটা চেয়ার অলংকৃত করবেন; তাহলে তো হবে না।’ তিনি অবশ্য এটিকে তাঁর ব্যক্তিগত মত বলে উল্লেখ করেছেন।
তবে আমরা অবাক না হয়ে পারি না, যখন অ্যাটর্নি জেনারেল বলেন, ‘হাইকোর্টের বিচারকের সংখ্যা বেঁধে দেওয়া সম্ভব নয়, এটা বাড়তেও পারে, কমতেও পারে।’ তিনি ইঙ্গিত দেন ‘এটা মামলার সংখ্যার সঙ্গেও সম্পর্কিত।’ তাঁকে স্মরণ করিয়ে দিই, এই উপমহাদেশের হাইকোর্টগুলোতে একটা মান কিন্তু বাঁধা আছে। ভারত ও পাকিস্তান হাইকোর্টের বিচারকের সংখ্যা আইন করে নির্দিষ্ট করেছে। এই যুক্তির পিঠে তাঁর যুক্তি: ‘বাংলাদেশে এর কোনো প্রয়োজন নেই। তার কারণ আমাদের যে দেওয়ানি, ফৌজদারি ও রিট, কোম্পানি বা অ্যাডমিরালটি-বিষয়ক যেসব অধিক্ষেত্র আছে, সেসব যাঁরা সামাল দিতে পারবেন, সেটা দেখা বড় কথা।’
প্রধান বিচারপতি গত ডিসেম্বরে বিচারকদের সম্মেলনে বলেছিলেন, আইনমন্ত্রীর সঙ্গে সমঝোতাক্রমে হাইকোর্টে আটজন বিচারক নিয়োগ দিতে তিনি একটি তালিকা সরকারকে দিয়েছেন। তার কী হলো? অ্যাটর্নি জেনারেল এর জবাবে বলেন, ‘সংবিধান বলেছে, প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে নির্বাহী বিভাগ বিচারপতি নিয়োগ দেবেন। এখানে তো প্রধান বিচারপতির তালিকা দেওয়ার প্রশ্ন না। তাঁদের মধ্যে পারস্পরিক কথা হতে পারে, তবে সেটার কী হয়েছে, না হয়েছে, তা বাইরের লোকের জানার কথা নয়। আমাদের জানার কথা না।’
বিচারপতি ফরিদ আহমদ শিবলী বর্তমান প্রধান বিচারপতির পরামর্শেই অতিরিক্ত বিচারক নিয়োগ পেয়েছিলেন। কিন্তু অন্য আটজনের সঙ্গে তাঁর নিয়োগ স্থায়ী না হলে তিনি তা রিটে চ্যালেঞ্জ করেন। একই আইনি বিষয় আপিল বিভাগে বিচারাধীন, তাই হাইকোর্ট তা খারিজ করেন। ২০১০ সালে ১০ জন বিচারকের মামলায় এটাই প্রতিষ্ঠা পেয়েছিল যে প্রধান বিচারপতির পরামর্শের প্রাধান্য থাকবে। বিএনপির আমলে প্রধান বিচারপতির পরামর্শ সত্ত্বেও যাঁরা বাদ পড়েছিলেন, তাঁরা আদালতের রায়মতে পুনরায় নিয়োগ লাভ করেন। তাতে ক্ষুব্ধ হয়ে হাইকোর্টের কর্মরত উল্লেখযোগ্যসংখ্যক বিচারক হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিলেন। যা একটি নজিরবিহীন ঘটনা।
ওই ১০ জন যখন ২০১০ সালে শপথ নেন, তখন প্রথম আলোসহ গোটা গণমাধ্যম সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় বাস্তবায়নের জন্য সরকারকে অভিবাদন জানিয়েছিল। সেটা মূলত এই আশায় যে প্রধান বিচারপতি নামের একটি প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণের পথে একটা ধাপ তৈরি করা যাবে। কিন্তু সেটা যে এত বড় একটা ‘বালির বাঁধ’ হতে পারে, তা কল্পনা করিনি। অ্যাটর্নি জেনারেল অকপটে বললেন, ‘১০ বিচারকের রায়ের কারণে তাঁদের নেওয়া হয়নি, তাঁদের নিয়েছে এই সরকার। রায়ে তো কথা ছিল না, তাঁদের নিতে হবে।’
বুঝতে চেয়েছিলাম, প্রধান বিচারপতির পরামর্শ থাকার বিষয়ে রাষ্ট্রপক্ষ সাত বছরের ব্যবধানে কী বলেছে। অ্যাটর্নি জেনারেল বললেন, ‘ওই রায় বলেছে, প্রধান বিচারপতি দেখবেন শিক্ষাগত দিক, রাষ্ট্রপতি দেখবেন তার পূর্ববৃত্তান্ত।’ বলি, কিন্তু সার্বিকভাবে কার অভিমত প্রাধান্য পাবে? অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুটোই প্রাধান্য পেতে পারে। অন্তত রাষ্ট্রপতি নিয়োগকর্তা। প্রধান বিচারপতি কোনো দেশেই নিয়োগকর্তা নন। আমেরিকায় যেখানে বিচার বিভাগের এমন জয়জয়কার, সেখানে রাষ্ট্রপতি কারও সঙ্গে পরামর্শ করেন না।’ তাঁর সঙ্গে দ্বিমতের অবকাশ আছে।
যুক্তরাষ্ট্র ভিন্নভাবে বিচারক নিয়োগ করে। রাষ্ট্রপতির প্রাথমিক মনোনয়নের পরে সিনেটে শুনানি সাপেক্ষে তা চূড়ান্ত হয়। ১০ বিচারকের রায়মতে প্রধান বিচারপতির পরামর্শই প্রাধান্য পাবে, সেটা কি আমাদের অর্জন ছিল না? অ্যাটর্নি জেনারেল দ্ব্যর্থবোধকই থাকলেন। পুনরায় প্রশ্ন করি, শেষ পর্যন্ত কার প্রাধান্য? তাঁর উত্তর: ‘রাষ্ট্রপতির।’
অ্যাটর্নি জেনারেলের উত্তর আক্ষরিক অর্থে সংবিধানসম্মত। কিন্তু সংবিধানের চেতনাবিরুদ্ধ। তাঁর ব্যাখ্যাটি আমরা নেব, এটা পরিষ্কার করতে যে ১০ জন বিচারকের রায়, যাকে আমরা মাইলফলক বলেছিলাম, সেটি তার বাস্তব কার্যকারিতা হারিয়েছে। অ্যাটর্নি জেনারেলের ব্যাখ্যা বিবেচনায় নিলে আমরা ভাবতে পারি যে বিচারপতি নিয়োগে শেষ কথা রাষ্ট্রপতির নয়, প্রধানমন্ত্রীর। তাই এই রাষ্ট্রের বিচার বিভাগের স্বাধীনতা আমরা এর আলোকেই দেখব। বিচারক নিয়োগে একটি কমিশন হোক আর তা সংবিধানেই যুক্ত করতে হবে। ব্যক্তির মত আর নিরাপদ নয়, সমষ্টির মত উত্তম।
সংবিধানের ৯৫(২গ) অনুচ্ছেদে থাকা বিচারক নিয়োগের আইন পেলে ভালো। কিন্তু এই আইন তো বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর ‘সংবিধানসম্মত’ প্রাধান্য বদলাতে পারবে না। উপরন্তু এই আইনও কেউ দিচ্ছে না। সুপ্রিম কোর্ট নিজেও কখনো এই আইনটা করতে সুয়োমোটো রুল জারি করতে পারতেন। কিন্তু করেননি।
সুপ্রিম কোর্ট বার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে বেজায় খুশি। বিএনপির প্যানেল জিতেছে বলে িবচারক নিয়োগে তারা কমিশন গঠনের দাবি তুলবে এমনটি ভাবার কোনো কারণ নেই। তবে আপাতত আমরা উদ্বেগের সঙ্গে দেখি, গত আগস্টে দেওয়া হাইকোর্টে আট বিচারক নিয়োগে প্রধান বিচারপতির প্রস্তাব ঝুলে আছে। ১৯৯৪ সালে বিএনপির আমলে প্রধান বিচারপতিকে পাশ কাটিয়ে কয়েকজন হাইকোর্ট বিচারক নিয়োগ পেয়েছিলেন। প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ প্রকাশ্যে প্রধান িবচারপতির পদকে ‘মি. নোবডি’ অভিহিত করে খেদ প্রকাশ করলে ঝড় ওঠে। নিয়োগ বাতিল হয়। সেই অবস্থাটাই একটু ভিন্ন রূপ নিয়ে পুনরায় যেন ‘মি. নোবডি’ হিসেবেই ফিরে এসেছে। সম্প্রতি প্রধান বিচারপতি প্রকাশ্য আদালতে বলেন, বিচার বিভাগ সরকারের হাতে জিম্মি।
মহান স্বাধীনতা দিবস উদ্যাপনের লগ্নে বিচার বিভাগের স্বাধীনতার এই দশা বা দুর্দশা ইংল্যান্ডের প্রধান বিচারপতি কোকের লড়াইয়ের কথা স্মরণ করিয়ে দেয়। কোক যে লড়াই করেছেন, তার সঙ্গে তুলনীয় লড়াইটা আমরা একদিন শুরু করব—সেটাই হোক স্বাধীনতা দিবসের অঙ্গীকার।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]