সুরক্ষিত ও নারীবান্ধব পরিবেশের প্রত্যাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির ভেতর একটি মেয়ের সম্ভ্রমহানির চেষ্টা হচ্ছে, ধস্তাধস্তি হচ্ছে, মেয়েটি নিজেকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। এমন ঘটনা ঘটেছে ঢাকা শহরের ব্যস্ত রাস্তায়। বলতে হবে মেয়েটি বড়ই ভাগ্যবান। সিগন্যালে গাড়ি থামলে রাস্তার লোকজন দেখতে পান গাড়ির ভেতরে কিছু একটা হচ্ছে। একটি মেয়ের ওপর জবরদস্তির চেষ্টা হচ্ছে। জনগণ এগিয়ে এসেছেন। সবাই মিলে গাড়িটিকে আটক করেছেন। সেখান থেকে মেয়েটিকে উদ্ধার যেমন করেছেন, তেমনি টেনেহিঁচড়ে লম্পটটিকে বের করে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন। ধন্যবাদ সাধারণ  পাবলিকের অসাধারণ কাজের জন্য। যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন পরিস্থিতি সামাল দিতে পারে না, সেখানে কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে।
এ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার দুটো ঘটনা উল্লেখ না করে পারছি না। ১৯৮৮ সালের কথা, এরশাদবিরোধী আন্দোলনের হরতাল চলছে। বিকেলে বাংলাদেশ টেলিভিশনে আমার কাজ আছে বিধায় যেতেই হবে। মতিঝিল সরকারি বাসভবন থেকে বেরিয়ে হাঁটছি কোনো একটা রিকশা পাওয়া যায় কি না। কোনো গাড়িও নেই। হঠাৎ দেখি রেডক্রস চিহ্ন দেওয়া একটি গাড়ি ধীরগতিতে আসছে। সাহস করে হাত বাড়িয়ে থামার ইশারা করি।

‘ভাই, আমি রামপুরা টেলিভিশন সেন্টারে যাব। খুবই জরুরি। আমাকে একটু সাহায্য করবেন?’ সহাস্যে দরজা খুলে দিলেন। নিশ্চিন্তে বসলাম। সামান্য কথা, আমি বিটিভিতে কী করি, তাঁকে জানালাম আমার কাজের ধরন—অনুষ্ঠান প্রযোজনা করা। ‘সময়মতো অনুষ্ঠান তৈরি করে প্রচার করতে হবে। কর্তৃপক্ষ হরতালের অজুহাত শুনবে না। তাই আপনাকে বিপদে ফেললাম।’ তাঁর পরিচয় জানতে চাইলে বললেন, আমি নিছক ড্রাইভার। কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না। তাঁর গন্তব্য সোহরাওয়ার্দী হৃদ্‌রোগ হাসপাতাল। আমাকে তিনি রামপুরা টিভি সেন্টারে নামালেন। রাস্তা একেবারে খালি। সারা রাস্তায় মনে হয় শুধু একটিই গাড়ি। তাতে আমি এবং সেই চালক ভদ্রলোক। এর মধ্যে আমার বদ্ধমূল ধারণা, তিনি আসলে একজন চিকিৎসক। মজা করে নিজের পরিচয় গোপন রেখেছেন।

এর কিছুদিন পর টেলিভিশনে ‘আপনার স্বাস্থ্য’ অনুষ্ঠানে ওপেন হার্ট সার্জারির ওপর একটি অনুষ্ঠান ধারণ করেছিলাম সোহরাওয়ার্দী হৃদ্‌রোগ হাসপাতালে এবং সেই আগন্তুক চিকিৎসক ছিলেন একজন অবেদনবিদ। কোনো অপ্রীতিকর ঘটনার কথা সে সময় কেউ কল্পনাও করতে পারেনি, ভাবতে পারেনি কোনো রকম অশুভ, বীভৎস পরিস্থিতি গাড়িতে হতে পারে। বিটিভিতে সেই চিকিৎসকের বেশ কিছু অনুষ্ঠান ধারণ ও প্রচার করেছিলাম।
আরেকটি ঘটনা সেই সময়েরই। মতিঝিল থেকে যাব এলিফ্যান্ট রোডে। সময়টা সন্ধ্যা। আমি একা রিকশায়। তখন মেয়েদের একা রিকশায় চলাচলে খুব একটা সমস্যা হতো না। রিকশাটা যখন শিশুপার্কের কাছাকাছি, লক্ষ করলাম, একজন মোটরসাইকেল আরোহী আমাকে অনুসরণ করছে। আমি ভয় পেয়ে রিকশাওয়ালাকে বললাম, ‘ভাই, আপনি একটু জোরে চালান।’ তখনো ঢাকা যানজটের যন্ত্রণাদায়ক শহর হয়নি। আমার কথা শুনে মাঝবয়সী রিকশাওয়ালা আমার দিকে ফিরে বললেন, ‘আপা, আপনি ভয় পাইয়েন না। আমি আছি না! আপনাকে ঠিকমতো পৌঁছে দেব। কারও সাহস হবে না আমার রিকশার সামনে আসতে।’ এবং দ্রুতবেগে রিকশা চালিয়ে তিনি আমাকে গন্তব্যে পৌঁছে দিয়েছিলেন। অশিক্ষিত গরিব রিকশাচালকের মানবিক মূল্যবোধ এত বছর পরও আমাকে বিমুগ্ধ করে রেখেছে। ঘটনা দুটো স্মৃতিতে অম্লান।

আশির দশকের ঢাকা শহরের তথা সমাজের চালচিত্র ছিল এমন। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েরা নির্দ্বিধায় পথ চলতেন। স্বাধীনতার আগে একুশের প্রভাতফেরিতে অন্ধকারে কারও বাগান থেকে কিছু ফুল চুপ করে নিয়ে খালি পায়ে হেঁটে হাতিরপুল থেকে শহীদ মিনারে চলে গেছি দল বেঁধে গাইতে গাইতে। অথবা পয়লা বৈশাখে রমনার বটমূলে সূর্য ওঠার আগেই পৌঁছে যেতাম। রাস্তায় কোনো মেয়েকে কেউ উত্ত্যক্ত করে কীভাবে, তা আমাদের জানা ছিল না। আজ আমাদের প্রিয় বাংলা মায়ের এ কী রূপ!

খুন, ডাকাতি, ধর্ষণ যেন নিত্যদিনের চিত্র। ত্রিশ লাখ শহীদের রক্তে ভেজা এ মাটি, লাখো মা-বোনের সম্ভ্রম হারানোর আহাজারি আজও বাংলার আকাশে-বাতাসে। মানবিক মূল্যবোধ একেবারে নিঃশেষ। মায়া-মমতা-স্নেহ একেবারে উধাও। এত নৃশংসতা, এত অমানবিকতা, এত নিষ্ঠুরতা, চারদিকে হাহাকার, বাংলার বাতাস ভারী। ব্রিটিশরা গেছে, পাকিস্তানিরা বিতাড়িত। তবে বঙ্গসন্তানের এ কী রূপ! একটা দমবন্ধ পরিবেশ, ঘরে-বাইরে কেউই নিরাপদ নই। এমন তো হওয়ার কথা ছিল না। দেশ পাল্টায়, সমাজ পাল্টায় কিন্তু তা জনগণের কল্যাণে সামনে এগিয়ে যায়। আর আমরা কোন অন্ধকার গহিনে তলিয়ে যাচ্ছি, বিবেক কই? আর কতকাল অপেক্ষা করব। আমি আমার সেই সুরক্ষিত নিরাপদ শৈশব-কৈশোর-যৌবন আগামী প্রজন্মের জন্য ফিরিয়ে দিতে চাই। প্রতিটি শিশুর জন্মের পর তার সব অধিকার নিশ্চিত হোক, এই প্রত্যাশা রইল।

কামরুন নেসা হাসান ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরামর্শক