সুরের আকাশে শুকতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁকে আমি প্রথম দেখি পুরান ঢাকার রায়সাহেব বাজারে। মাঝেমধ্যেই বাজার করতে আসতেন। তবে কখনো একা দেখিনি তাঁকে, সঙ্গে একজন সহকারী থাকত ঢাউস সাইজের বাজারের ঝাঁপি নিয়ে। দোকানিরাও দাদা দাদা বলে খুব সম্মান-সমীহ করে কথা বলতেন। আর ভালো সওদাগুলো তাঁর ঝাঁপিতে তুলে দিতে কার্পণ্য করতেন না কখনো। আমি থাকতাম কাছাকাছি মালিটোলা এলাকায়। মেসে থাকি, রোজকার বাজার রোজই করি। তাই সপ্তাহে দু-এক দিন তাঁর সঙ্গে দেখা হতোই। তাঁর নামধাম কিছুই জানতাম না তখনো। কিন্তু তাঁর দীর্ঘ-সুঠাম দেহ, পৌরুষদীপ্ত গোঁফ, ব্যাক-ব্রাশ করা চুল আর ভরাট কণ্ঠস্বর প্রথম দর্শনেই আমাকে মুগ্ধ করেছিল। সত্যি কথা বলতে কী, অমন বাঙালি সুপুরুষ আমি কমই দেখেছি। দুই বছর পরের কথা। সময়টা ১৯৯৭ সাল। তত দিনে আমি অধিবেশন ঘোষক ও সংবাদ পাঠক হিসেবে বাংলাদেশ বেতারে বছর দেড়েক পার করে ফেলেছি। অনুষ্ঠান ঘোষণা করে ও খবর পড়ে নামমাত্র সম্মানীর যে চেকগুলো পাই, তা জমা দিতে মাঝেমধ্যেই যাই তৎকালীন শেরাটন হোটেলে, একটি ব্যাংকে। ওখানেই একদিন হঠাৎ দেখা পাই রায়সাহেব বাজারে দেখা ভদ্রলোকের। বোধ করি, বেশ জমিয়ে আলাপ করছিলেন ব্যাংক কর্মকর্তার সঙ্গে। আমি গিয়ে পাশে বসতেই আলাপে ছেদ পড়ল এবং ভদ্রলোক আমার দিকে খানিকটা ফিরে তাকাতেই ওই কর্মকর্তা আমাকে উদ্দেশ করে বললেন, ‘দাদাকে চেনেন না, উনি তো আপনাদের বেতারের চিফ মিউজিক ডিরেক্টর ছিলেন, সমর দাস!’ মুহূর্তের মধ্যে আমি থ মেরে গেলাম! এই সেই সমর দাস, যাঁকে আমি বছর দুয়েক ধরে দেখে আসছি, পুরান ঢাকায় রায়সাহেব বাজারে! সমর দাসের জন্ম ১৯২৫ সালের ১০ ডিসেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে। বাবা জিতেন্দ্রনাথ দাস আর মা কমলিনী দাস। বাবার ছিল বাদ্যযন্ত্রের ব্যবসা। তিনি পিয়ানোও বাজাতেন দক্ষ হাতে। তাই ছোটবেলা থেকেই একটা সাংগীতিক পরিবেশে বেড়ে ওঠেন সমর দাস। সংগীতাঙ্গনে তাঁর আত্মপ্রকাশ ১৯৪৫ সালে, মাত্র ১৬ বছর বয়সে, একজন বাঁশিবাদক হিসেবে, তৎকালীন অল ইন্ডিয়া রেডিওর ঢাকা স্টেশনে। একই সঙ্গে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে বাজাতে পারতেন বেহালা, পিয়ানো, অ্যাকর্ডিয়ান ও গিটার। ১৯৪৮ সালে তিনি হাওয়াইন গিটার ও পিয়ানোবাদক হিসেবে যোগ দেন বিখ্যাত এইচএমভি কোম্পানিতে। পাশাপাশি সমানতালে বাজাতে থাকেন মঞ্চে ও বেতারে। অনেকেই তখন বলতেন, তাঁর হাতে জাদু আছে!১৯৬১ সালে তিনি সংগীত প্রযোজক হিসেবে যোগ দেন তৎকালীন রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে। একে একে সৃষ্টি করে চলেন কালজয়ী সব সুর! তাঁর সুরারোপিত বিখ্যাত গানের মধ্যে আছে, ‘তন্দ্রাহারা নয়ন আমার এ মাধবী রাতে’, ‘লাজুক লাজুক চোখ মেলে ওই’, ‘পুরোনো আমাকে খুঁজে’, ‘কাঁকন কার বাজে রুমঝুম’, ‘কত যে ধীরে বহে মেঘনা’, ‘সাগর ভেঙে বন্যার বেগে আয়’—এমনি আরও অসংখ্য গান। এ দেশের চলচ্চিত্রের সংগীত পরিচালনায়ও পথিকৃৎ ব্যক্তিত্ব হলেন প্রয়াত সমর দাস। তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত প্রথম সবাক ছবি মুখ ও মুখোশ-এর সংগীত পরিচালনার দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করেন। পরবর্তীকালে মাটির পাহাড়, আছিয়া, ধীরে বহে মেঘনাসহ আরও অনেক ছবিতে সফল সুরকার ও সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৭১ সালের উত্তাল মার্চ। মার্চের শেষের দিকে পরিবার-পরিজন নিয়ে চলে গেলেন সীমান্ত শহর কুড়িগ্রামে। ওখানে কিছুদিন থেকে বহু কষ্টে জীবনের ঝুঁকি নিয়ে স্ত্রী-পুত্র-কন্যাসহ গরুর গাড়িতে করে সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিলেন এক খ্রিষ্টান মিশনারিতে। তার কিছুদিন পরই মুখ্য সংগীত পরিচালক হিসেবে যোগ দেন মহান মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে পরিচিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। শুরু হয় সমর দাসের সংগীতজীবনের এক সংগ্রামী অধ্যায়। যুদ্ধের উত্তাল দিনগুলোতে তিনি সৃষ্টি করেন ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো, সময় যে হলো হলো’, ‘ভেবো না মাগো তোমার ছেলেরা’ এসব চেতনাদীপ্ত গানের অবিনাশী সুর!স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সমর দাস নতুন উদ্যমে কাজ শুরু করেন। ১৯৭২ সালে রাষ্ট্রীয়ভাবে তাঁকে দায়িত্ব দেওয়া হয় আমাদের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ অর্কেস্ট্রেশনের। তিনি চলে যান লন্ডন, সেখানে বসে রাষ্ট্রীয় এ দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ১৯৮৫ ও ১৯৯৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ গেমসের সূচনা ও সমাপনী অনুষ্ঠানের সংগীত পরিচালনা। সংগীত প্রতিভার স্বীকৃতি হিসেবে সমর দাস বহু সম্মান, সম্মাননা ও পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে রাষ্ট্রীয় স্বাধীনতা পদক, ইউনিসেফ পদক, ব্রিটিশ রাজকীয় পদক, সাফ গেমস পদক বিশেষভাবে উল্লেখযোগ্য।শ্রদ্ধেয় সমর দাসের সঙ্গে আমার শেষ দেখা ২০০০ সালের শেষ দিকে জাতীয় জাদুঘর মিলনায়তনে একটি অনুষ্ঠানে। প্রয়াত বেতার ব্যক্তিত্ব হেনা কবীরের সংগঠন ‘সেতুবন্ধ’ আয়োজিত ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সমর দাস ছাড়া আরও তিন বিশিষ্ট ব্যক্তিকে। সেই শেষ দেখা। নানা ব্যস্ততায় কোনো দিনই আর যাওয়া হয়নি তাঁর কাছে। তারপর ২০০১ সালের ২৫ সেপ্টেম্বর টিভি স্টেশনে বসেই পেলাম সংগীত কিংবদন্তি সমর দাসের চলে যাওয়ার খবর! তাঁর চলে যাওয়ার দিনে তাঁকে শুধু স্মরণ করি হূদয়ের সব ভালোবাসায়—পরম শ্রদ্ধায়। এম ওবায়দুর রহমাননির্বাহী প্রযোজক ও সংবাদ উপস্থাপক, এটিএন বাংলা।