
‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়ল তোমায়’—
—আর কোনো দিন কাউকে তোমার মনে পড়বে না।
—তোমাকে আর কেউ ফেরাতে চাইবে না—
—তুমি আর কখনো কারও মন ফিরে চাইবে না—
—রাতের নিরজনে কেউ কবিতা পড়বে না—
প্রেমের এত সব আকুলতা তোমাকে সুরের মূর্ছনায় সৃষ্টির রাজ্যে উদ্বেলিত করবে না।
সত্তর-আশির দশকে বাংলা আধুনিক গানে নতুন মাত্রার সুর সংযোজন করে সংগীতপিপাসুদের যে তৃষ্ণা তুমি মিটিয়েছিলে, সবকিছুর যবনিকাপাত হলো—সাঙ্গ হলো সুরের নতুন ধারায় তোমার বিচরণ।
লাকী আখান্দ্—কোন উপমা-বিশেষণ তোমার প্রাপ্য, তা আমার জানা নেই।
সদা আনমনা-উদাস ভাবনা—নতুন সৃষ্টির সন্ধানে বিভোর কোন পথে চলবে, তার কোনো দিকনির্দেশনা তোমার কাছে নেই।
আশির দশকে বাংলাদেশ টেলিভিশনে ‘কথা ও সুর’ শিরোনামে একটি সংগীতানুষ্ঠান প্রযোজনার দায়িত্ব ছিল আমার।
একজন গীতিকারের আটটি গান একজন সুরকার সুর দেবেন—চারজন শিল্পী দুটো করে গান করবেন।
লাকীকে ফোনে পাওয়া খুবই দুষ্কর। আরমানিটোলার বাসায় গিয়ে অনুষ্ঠানের প্রস্তাব দিলে খুব খুশি হলেন।
কাওসার আহমেদ চৌধুরীর লেখায় লাকী আখান্দের সুরে গানে কণ্ঠ দিলেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী ও লাকীর ভাই হ্যাপী আখান্দ্।
সেই অনুষ্ঠানের গান—
নিয়াজের কণ্ঠে ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, সামিনা চৌধুরীর কণ্ঠে ‘কবিতা পড়ার প্রহর এসেছে,’
‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’
অনুষ্ঠানের সব কটি গান জনপ্রিয়তার শীর্ষে তখনো ও এখনো।
‘কবিতা পড়ার প্রহর এসেছে’ এবং ‘আমায় ডেকো না’ গান দুটো তখন ‘এলভিস’ স্টুডিওতে অডিও রেকর্ড করা হয়। সুর শুনে স্টুডিওর মালিক আলী হাসান গানে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরে তিনি আর স্টুডিওর ভাড়া নেননি। কারণ, বিটিভির গানের অনুষ্ঠানের অডিও ধারণ করা হতো অডিটোরিয়ামে। সেখানে ট্র্যাক মেশিনের ব্যবস্থা ছিল না।
মাঝেমধ্যে শিল্পীরা নিজেরা পয়সা খরচ করে বাইরে স্টুডিওতে অডিও ধারণ করতেন এবং সে সময় এলভিসেই একমাত্র আধুনিক ট্র্যাক মেশিনে অডিও ধারণের ব্যবস্থা ছিল।
লাকীর ছোট ভাই হ্যাপী আখান্দ্ আরেক প্রতিভাবান শিল্পী। তার গিটারবাদনের মুনশিয়ানায় উপমহাদেশের বড় বড় সংগীতজ্ঞও বিস্ময়ে অবাক হতেন। একবার বোম্বে থেকে ফিরে হ্যাপী অফিসে দেখা করে বলল, ‘বুবু, তোমার জন্য আজমির থেকে আমি একটা আতর এনেছি।’
ছোট্ট একটা আতরের শিশি—ফুলের সুবাসে ম–ম। বহুদিন সযত্নে রেখেছিলাম আতরের শিশিটি। এমনকি হ্যাপীর মৃত্যুর পরও। ব্যবহার করতাম না, যদি ফুরিয়ে যায়!
অনেক পরে হ্যাপীর মতো সেই সুবাসও উড়ে গেল। ওদের দুই ভাইকে দেখলে আমার অনেক কষ্ট হতো—কেমন যেন অগোছালো জীবন ছিল ওদের। বুকের গভীরের যন্ত্রণার একটা ব্যথা চোখেমুখে ফুটে উঠত।
যদি বলতাম রেকর্ডিংয়ে সন্ধে ছয়টায় আসতে হবে, তারা আসত নয়টায়।
কোনো ভালো একটা অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে না পারলে নিজেই ওদের বাসায় চলে যেতাম। নির্মল-নিষ্পাপ হাসি আর খুশি ভাব ওদের মাঝে তখন দেখতাম।
হ্যাপী মারা যাওয়ার পর ওদের মা অফিসে এলেন আমার সঙ্গে দেখা করতে।
ছেলেদের প্রসঙ্গে অনেক কথা হলো। আমি শুধু বলেছিলাম, আপনি জানেন না আপনার ছেলেরা কত প্রতিভাবান, আপনি একজন রত্নগর্ভা—এমন ছেলে কজনের হয়—ওদের বুকে আগলে রাখলে ওরা এমন বোহেমিয়ান হতো না। তিনি চুপ করে থাকলেন।
মা-বাবার ভুলের মাশুল সন্তানদেরই দিতে হয়।
শুধু কি সুর সৃষ্টি—অ্যাকোর্ডিয়ান আর কি-বোর্ড বাজানোতে লাকীর জুড়ি মেলা ভার ছিল।
আর্থিক সংগতি নেই কিন্তু অসাধারণ সৃষ্টির নেশায় বিভোর সারাক্ষণ।
সারাটা জীবন আর্থিক অনটনেই কেটেছে। অর্থের ভান্ডার নেই—সুর সৃষ্টির ভান্ডার যে কানায় কানায় পূর্ণ।
চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর লাকীর পাঁচটি গান ভিডিও করে দিতে বললেন।
বিভিন্ন লোকেশনে লাকীর কণ্ঠে গানগুলো ধারণ করেছিলাম। সেটা নব্বইয়ের মাঝামাঝি সময়ে।
‘ফেরানো যাবে না আমাকে আর’ গানটিতে মডেল হয়েছিলেন অপি করিম।
অন্য একটি গানে মডেল হয়েছিলেন ফারিয়া চৌধুরী—লোকেশন ঢাকার বাইরে ভালুকায়।
সংগীতানুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন সে সময়ের জনপ্রিয় ইংরেজি সংবাদ পাঠিকা দিলরুবা হায়দার।
লাকী, এমন এক দেশে তুমি জন্মেছিলে, শুধুই দিয়ে গেলে, বিনিময়ে তার কী পেলে—
জাতীয় কোনো পদকের তকমা তোমার গলে শোভা পায়নি—তাতে কী—
সুরের রাজ্যে তুমি রাজকুমার
এ তকমা আপনিই আসে
কাউকে পরিয়ে দিতে হয় না।
লক্ষ-কোটি মানুষের শ্রদ্ধা-ভক্তি-ভালোবাসায় তুমি সিক্ত। সঠিক মূল্যায়ন হলে এই সংগীত-খরার দেশে তুমি আরও অনেক দিতে পারতে।
লাকী-হ্যাপীরা বারবার জন্মায় না। একবারই আসে। আমরা পারিনি তোমাদের অমিত সম্ভাবনা—প্রতিভাকে মূল্যায়ন করতে—
হয়তো মরণোত্তর পদক পাবে কিন্তু তা আর তোমায় কেউ পরাতে পারবে না—
জীবনে না পারলে হয়তো তোমার সমাধিতে সে পদকের বার্তা পৌঁছাবে—
ক্ষমা করে দিয়ো আমাদের অপরাধ—
ধরায় পাওনি শান্তি—ওপারে যেন পরম শান্তিতে থাকো, পরম করুণাময়ের কাছে আজ শুধুই এই প্রার্থনা।
কামরুননেসা হাসান: কনসালট্যান্ট, ব্র্যাক শিক্ষা কর্মসূচি।