
হ্যাঁ, সুলতান জারের সঙ্গে দেখা করতে সেন্ট পিটার্সবার্গে গেলেন। আর দামেস্কের খলিফা সিরিয়া থেকে এই প্রত্যয় নিয়ে তাকিয়ে দেখবেন যে, বাথ পার্টির নীতির কার্যকারিতা আবারও প্রমাণিত হয়েছে। নীতি? দাঁড়ান পাঠক, অপেক্ষা করুন।
সিরিয়ার ওপর তুরস্কের প্রভাব দামেস্কের জন্য বড় হুমকি, এরপর আসল তুরস্কের সেই রহস্যজনক অভ্যুত্থান, যাদের সেনাবাহিনী এর পরিণতিতে খাসি হয়ে গেল। আর তারপর তুর্কি সুলতান এরদোয়ান রাশিয়ায় গিয়ে তাঁর দেশকে ন্যাটো থেকে মা রাশিয়ার ছায়াতলে নিয়ে গেলেন। আর এসবই হচ্ছে তখন, যখন সিরিয়ার বিদ্রোহী সেনারা আলেপ্পোতে সরকার অনুগত সেনাদের ঘিরে ফেলেছিল, যাদের লক্ষ্য ছিল, তুরস্কের সঙ্গে তাদের যে সরবরাহ লাইন আছে, সেটা আবার চালু করা।
রুশ সেনারা তুর্কি সীমান্তের ৩০ মাইল দক্ষিণে অবস্থান করছে। যে বিদ্রোহীরা আলেপ্পো ঘেরাও করে আছে, রুশ সেনারা তাদের ওপর প্রতিদিনই বোমা বর্ষণ করছে। ফলে জার পুতিন এটা আর সহ্য করবেন না, তাঁর ক্ষেপণাস্ত্র তুর্কি সীমান্ত দিয়ে পাচার হয়ে বিদ্রোহীদের হাতে পড়ুক, আর তারা সেটা দিয়ে রুশ বিমান ভূপাতিত করুক। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন যদি বিশ্বাস করে যে, বাশার সরকারের পতন ও ইউরোপে শরণার্থীর স্রোত ঠেকাতে তারা সুলতান এরদোয়ানের ওপর ভরসা রাখতে পারেন বা ইনসারলিক বিমানঘাঁটিসহ আনাতোলিয়ার সাবেক আর্মেনীয় ভূখণ্ড থেকে মার্কিন বিমান বিনা বাধায় উড়তে পারবে, তাহলে তাদের নতুন করে চিন্তা করতে হবে।
সুলতানের রাশিয়া সফরের গুরুত্ব অপরিসীম। সুলতান নিজেই বলেছেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এই সফর এক নতুন মাইলফলক। আমি ব্যক্তিগতভাবে ও তুর্কি জাতির পক্ষ থেকে প্রেসিডেন্ট পুতিন ও রুশ জনগণকে সালাম জানাই।’ রুশ টেলিভিশনে তাঁর এ কথা শোনা গেছে। এরপর রুশ সংবাদ সংস্থা তাসের কাছে তিনি পুতিনকে ‘বন্ধু পুতিন’ বলে সম্বোধন করেছেন। তিনি অঙ্গীকার করেছেন, ‘আমাদের দুটি দেশের একত্রে আরও অনেক কিছু করার আছে।’ এবার জার-সুলতান গল্প বাদ দিই। এটা অনেকটা এ রকম যে, ব্রেজনেভ ও পডগর্নি ওয়ারশ চুক্তির লঙ্ঘনকারী দেশগুলোর কাছ থেকে এ রকম ভ্রাতৃত্বমূলক বাণী শোনার আশা করতেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্কে’ ভরপুর, আর সঙ্গে আছে ‘সালাম’, ‘বন্ধুত্ব’ (যদিও ‘চিরস্থায়ী বন্ধুত্ব’ নয়, ভ্রাতৃপ্রবণ দেশগুলো যেগুলো ক্রেমলিনকে একদা প্রতিশ্রুতি দিতে পারত)।
কথা হচ্ছে, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পর এরদোয়ান প্রথম সফরে গেলেন রাশিয়ায়, আর এটি এক ভিন্ন ধরনের অভ্যুত্থান। এরদোয়ান প্রাক-পিটার্সবার্গ ঘোষণায় বলেছেন, ‘রাশিয়াকে ছাড়া সিরিয়ার সমস্যা সমাধান করা সম্ভব নয়। শুধু রাশিয়ার সহায়তা নিয়েই আমরা সিরিয়ার সংকট মোকাবিলা করতে পারি।’ আর বাশার আল-আসাদের সঙ্গে সহযোগিতার কী হবে? এই স্মৃতি বাশারের হৃদয়কে উষ্ণ করবে যে, তিনি একসময় এরদোয়ান ও তাঁর স্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এটি আমাদের মনে রাখা দরকার। তুরস্ক যদি রুশ বিমান ভূপাতিত করে আবার পুতিনকে ‘বন্ধু’ বলে জড়িয়ে ধরতে পারে, তাহলে এরদোয়ান বাশারকেই বা আবার বন্ধু হিসেবে গ্রহণ করবেন না।
হিলারি ক্লিনটন ও ট্রাম্পও কথাটি ভেবে দেখতে পারেন। যদিও জার সম্পর্কে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এখনকার সুলতানের মতোই। সেন্ট পিটার্সবার্গের মঞ্চে অনেকেই হয়তো পরাজিত হবেন। প্রথমত, আইএস ও আল-কায়েদা/নুসরা/ফাতাহ্ এল-শাম, যারা হঠাৎ করেই দেখল, তাদের সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র সরবরাহকারী তাদেরই সবচেয়ে ঘোরতর শত্রুর সঙ্গে হাত মিলিয়েছে রুশ বিমানবাহিনীর মালিকের সঙ্গে। এরপর সৌদি ও কাতারের কোটিপতিরা তো আছেনই, যারা সুন্নি যোদ্ধাদের টাকা ও অস্ত্র দিচ্ছে, যে যোদ্ধারা দামেস্ক ও বাগদাদে সরকার উৎখাত করতে চায় এবং ইরান, সিরিয়া ও লেবাননের শিয়াদের পোষ মানাতে চায়।
সর্বোপরি তুর্কি সেনাবাহিনী তো আছেই, যার সদস্যরা জারের প্রাসাদে সুলতানের প্রমোদ ভ্রমণের পর প্রাণহানির আশঙ্কায় দিন কাটাবে। যে ব্যাপারটা ক্রমেই স্পষ্ট হচ্ছে তা হলো—যাকে বলে গল্পের শুরু—রাশিয়া ও ইরান সম্ভবত গোয়েন্দা তথ্য দিয়ে এরদোয়ানকে সতর্ক করেছিল, তাঁর বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা হচ্ছে। আরবদেরও রুশরা বলেছে, সাবেক কেজিবি প্রধান পুতিন ব্যক্তিগতভাবে এরদোয়ানকে বার্তা পাঠিয়েছিলেন, অভ্যুত্থান হতে যাচ্ছে। তিনি তুর্কি সেনাবাহিনীর বার্তা প্রেরণ ব্যবস্থায় হস্তক্ষেপ করে এটা জানতে পেরেছিলেন। সিরিয়ার লাতাকিয়ার একটু বাইরে রুশ টেকনিশিয়ানরা এই বার্তা প্রেরণ ব্যবস্থায় ঢুকে তাদের কথোপকথন শুনতে পেয়েছিলেন। ওদিকে ইরানিরাও চায়, তুর্কিরা সিরিয়ার সুন্নি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক, যারা তাদের শত্রু। ফলে তারাও এরদোয়ানকে এ অভ্যুত্থানের খবর জানিয়ে দিয়েছিলেন। বেশি দিন আগের কথা নয়, হিলারি পুতিনের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন বলে মনে হয়। এখন এরদোয়ান সে চেষ্টা করছেন, কেউ ভাবতে পারেন, এর কার্যকারিতা অনেক বেশি হবে।
কথা হচ্ছে, ‘সন্ত্রাসী’ শব্দটা এখন এতটা ভেদবিচারহীনভাবে ব্যবহৃত হয় যে, শব্দটা মার্কিন যুক্তরাষ্ট্রের আবিষ্কার। প্রকৃতপক্ষে ফরাসি বিপ্লবের পর এই শব্দের প্রথম এস্তেমাল হয়েছিল মস্কোতে, যেখানে জারের দিকে যারা বোমা ছুড়ে মারত, তাদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যা দেওয়া হতো, যারা জারকে উৎখাত করতে চেয়েছিল। এখন সুলতান-জারের সম্মেলনের পর সরকারি ইশতেহারে ‘সন্ত্রাসী’ শব্দটার কী ব্যবহার হয়, সেদিকে খেয়াল করুন। সন্ত্রাসের বিরুদ্ধে সেন্ট পিটার্সবার্গের মহা ঐক্য। সন্ত্রাস, সন্ত্রাস, সন্ত্রাস। সামনের দিনে যদি মাতা রাশিয়ার কাছ থেকে এই বাণী শোনেন, তাহলে জানবেন, সিরিয়ায় পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে।
অনুবাদ: প্রতীক বর্ধন, দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।