
বাংলাদেশের টিভিতে সুলতান সুলেমান নামে যে ধারাবাহিক গত বছরের নভেম্বরে চালু হয়েছে, তা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। দীপ্ত টিভি নামের নতুন একটি চ্যানেল এ ধরনের এক বিদেশি ইতিহাসনির্ভর ধারাবাহিক নাটক প্রচারের সিদ্ধান্ত কেন নিল, সে রহস্যের উত্তর পেলাম রোজার শেষ সপ্তাহে। ঢাকায় এক কূটনীতিকের বাসায় ইফতার অনুষ্ঠানে ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান জানালেন, তাঁর পরামর্শেই দীপ্ত টিভি এই ধারাবাহিকটির বাংলায় রূপান্তর ও প্রচারের সিদ্ধান্ত নেয়। তাঁর পরামর্শে যে চ্যানেলটির কল্যাণ হয়েছে সন্দেহ নেই। সুলতান সুলেমান তুরস্কের অটোমান বা ওসমান সাম্রাজ্যের সবচেয়ে দীর্ঘকাল রাজত্ব করা সুলেমান বা সম্রাট। যাঁরা সুলতান সুলেমান ধারাবাহিকটি নিয়মিত দেখে থাকেন, তাঁরা সুলতানের প্রণয় ও রোমান্সের বাইরে নিশ্চয়ই ক্ষমতার নানা কুটিল দ্বন্দ্ব এবং রাজনীতির কলাকৌশলও অনুসরণ করে থাকবেন। তুরস্কে এখন একজন নতুন সুলতানের আবির্ভাব ঘটেছে বলে অনেক দিন ধরেই আলোচনা চলে আসছে। এই নতুন সুলতান হলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, যাঁকে উৎখাতের চেষ্টায় এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অন্তত আড়াই শ মানুষের জীবনহানি ঘটেছে। গণতন্ত্র ও জনতার জয় হয়েছে।
সেনা অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান আমাদের কাছে মোটেও অপরিচিত কিছু নয়। এগুলোতে অধিকাংশ সময়েই প্রাণহানি ও রক্তপাত ঘটে থাকে। শুক্রবার রাতে যখন এই অভ্যুত্থানচেষ্টার আলামতগুলো দৃশ্যমান হতে থাকে, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে রক্তপাত অনিবার্য। শুরুতেই অভ্যুত্থানকারী সেনাসদস্যরা তাঁদের শক্তি প্রদর্শনের যে মহড়া দেন, তাতে মনে হচ্ছিল প্রেসিডেন্ট এরদোয়ান হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন না। এমনিতে রাজনৈতিক প্রতিপক্ষগুলোর কাছে তিনি কর্তৃত্ববাদী শাসক হিসেবে অনেক দিন ধরেই অপ্রিয়। পশ্চিমা শক্তিগুলোও তাঁর ওপর নানা কারণে নাখোশ। সেনাবাহিনীতে ছিল একধরনের সুপ্ত অসন্তোষ। সুতরাং, স্বভাবতই সেনাবাহিনীর বিদ্রোহীরা এ সময়টিকে উপযুক্ত বলে বিবেচনা করেছিল। কিন্তু এই অভ্যুত্থানচেষ্টা যে ব্যর্থ হচ্ছে, সেটা টের পাওয়া যায় মাত্র ঘণ্টা কয়েকের মধ্যেই।
স্মার্টফোন ও স্মার্ট প্রযুক্তি যে এ ধরনের সংকটে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এ ঘটনা। বিদ্রোহী সৈন্যরা শুরুতে তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টায় দখল করে নেয় রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন কেন্দ্র, ইন্টারনেট সংযোগের গতি শ্লথ করে দেয়। কিন্তু মুঠোফোনের কল্যাণে সেই নিয়ন্ত্রণ খুব বেশিক্ষণ টেকেনি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ব্যবহারে প্রথমে কিছুটা বাধা তৈরির খবর শোনা গেলেও ঘণ্টা খানেকের মধ্যেই তা পূর্ণোদ্যমে সচল দেখা যায়। স্মার্টফোন ব্যবহার করে সিএনএনের তুর্কি ভাষায় প্রচারিত টেলিভিশন চ্যানেল সিএনএন টুর্ক–এর পর্দায় হাজির হন প্রেসিডেন্ট এরদোয়ান। অভ্যুত্থানচেষ্টার সময় এরদোয়ান ছিলেন মারমারায় অবকাশে। তিনি যে হোটেলে ছিলেন, সেখানেও বিদ্রোহীরা বোমা ফেলে। কিন্তু তিনি এর আগেই একটি বেসরকারি বিমানে ওই এলাকা ছেড়ে যেতে সক্ষম হন। সেনাপ্রধান ও এরদোয়ানের দল একে পার্টির সম্পাদককে বিদ্রোহীরা আটক করে রাখায় সবার মধ্যেই একধরনের সংশয় তৈরি হয়। সেই সংশয় কাটাতে এরদোয়ানের কৌশল—অর্থাৎ, মোবাইল টেলিফোনে ফেসটাইমে ভিডিওকল করে টিভি চ্যানেলের পর্দায় হাজির হওয়া দ্রুত কাজে লেগে যায়। দেশবাসীকে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য তাঁর আহ্বানে ইস্তাম্বুল, আঙ্কারাসহ বড় বড় শহরে তাঁর সমর্থকেরা রাস্তায় নেমে আসেন। সেনাবাহিনীর সিএনএন টুর্কের স্টুডিও নিয়ন্ত্রণের চেষ্টা সাংবাদিক এবং কিছু সাধারণ মানুষ যেভাবে প্রতিরোধ করে, তার ভিডিওচিত্র মুঠোফোনের কল্যাণে দ্রুত সবার মধ্যে
ছড়িয়ে পড়ে। টুইটার, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমেও সেনাবাহিনীকে প্রতিরোধের ছবি সরাসরি সম্প্রচারিত হতে থাকে। নতুন প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ার ক্ষমতা টের পায় অভ্যুত্থানকারীরা। তাদের মনোবল ভেঙে পড়ে। ঘণ্টা পাঁচেকের মধ্যেই বিমান ও নৌবাহিনীর প্রধানেরা, প্রধান বিচারপতি এবং স্পিকার সবাই অভ্যুত্থানের বিরুদ্ধে তাঁদের অবস্থানের কথা ঘোষণা করেন। তখনই বোঝা যায় যে অভ্যুত্থান ব্যর্থ হতে বাধ্য।
সুলতান সুলেমানের কথা দিয়ে শুরু করেছিলাম। কেননা, সুলতান সুলেমানের সঙ্গে একালের সুলেমান এরদোয়ানের অনেক ক্ষেত্রেই মিল পাওয়া যাবে। ইউরোপের সঙ্গে সুলতান সুলেমানের সম্পর্কটা ছিল অস্বস্তিকর। এরদোয়ানের সঙ্গেও ইউরোপীয় নেতাদের সম্পর্কটা সুখকর নয়। দেশের ভেতরে কর্তৃত্ববাদিতা, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং কুর্দিদের অধিকার প্রশ্নে যেমন ইউরোপের সঙ্গে রয়েছে টানাপোড়েন, তেমনি মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়েও রয়েছে দ্বন্দ্ব। তা ছাড়া ধর্মনিরপেক্ষতার জন্য একসময় বহুলভাবে আলোচিত দেশটির ক্রমশই ইসলামীকরণের দিকে ঝুঁকে পড়াকে পাশ্চাত্য সহজভাবে নিতে পারছে না। লন্ডনের সাবেক মেয়র বরিস জনসন এক ব্যঙ্গ কবিতায় এরদোয়ানের যৌনতা নিয়ে যে কটাক্ষ করেছেন, তা এ ক্ষেত্রে একটা দৃষ্টান্ত হতে পারে। অথচ সেই বরিস জনসনই যুক্তরাজ্যেরপররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই প্রথম যে বৈশ্বিক সমস্যার মুখে পড়লেন, সেটি হলো এরদোয়ানের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টা। বরিস জনসন যে অস্বস্তি নিয়ে এরদোয়ানের পাশে দাঁড়িয়েছেন, সেই একই ধরনের অস্বস্তি পাশ্চাত্যের অন্যদের মধ্যেও যে আছে তাতে কোনো সন্দেহ নেই।
অভ্যুত্থান যখন শুরু হয়েছে, সে সময় মস্কোতে এক সংবাদ সম্মেলনে হাজির হন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা—বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দুই শক্তির প্রতিনিধি। তুরস্কের পরিস্থিতি সম্পর্কে মন্তব্য জানতে চাইলে তাঁদের দুজনের কেউই এরদোয়ান সরকারের প্রতি সমর্থনের কথা কিংবা অভ্যুত্থানের নিন্দা জানাননি। তাঁরা দেশটিতে স্থিতিশীলতা, সাংবিধানিক ধারাবাহিকতা ও শান্তি বজায় রাখার আশাবাদ প্রকাশ করেছেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রতি সমর্থনের ঘোষণা আসে আরও কয়েক ঘণ্টা পরে। ততক্ষণে অভ্যুত্থানকারীদের ভাগ্য মোটামুটিভাবে নিশ্চিত হয়ে যায়। অভ্যুত্থান সফল হলে এরদোয়ানের ভাগ্য মিসরের মুরসির থেকে আলাদা কিছু হতো বলে মনে হয় না। পরদিন শনিবার লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরেকটি সংবাদ সম্মেলনে জন কেরিকে প্রশ্ন করা হয়েছিল, ন্যাটো জোটের সদস্য হিসেবে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ঘনিষ্ঠতা যে পর্যায়ে, তাতে যুক্তরাষ্ট্রের কাউকে কোনো আভাস-ইঙ্গিত না দিয়ে এ রকম অভ্যুত্থান কীভাবে ঘটল? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রেকর্ডে দেখা যায় যে জন কেরি জবাবে বলেছেন, কেউ অভ্যুত্থানের পরিকল্পনা করলে ন্যাটো শরিকদের কাছে নিশ্চয়ই তা প্রচার করবে না। তিনি আরও বলেছেন যে এটা খুব বুদ্ধিদীপ্তভাবে পরিকল্পনা তৈরি
এবং তা বাস্তবায়ন করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে না।
তুরস্কের ভৌগোলিক অবস্থান হচ্ছে বিশ্বরাজনীতিতে তার বিশেষ গুরুত্বের রহস্য। ইউরোপ ও এশিয়ার সংযোগ ঘটেছে এখানেই। ইরাক, সিরিয়া ও ইরান হচ্ছে তার প্রতিবেশী। সিরিয়ার সংঘাতে তুরস্ক আসাদবিরোধী বিদ্রোহীদের সাহায্য-সহায়তা করে আসছে অনেক দিন ধরেই। তবে ইসলামিক স্টেট বা আইএসবিরোধী অভিযানে যুদ্ধবিমান ব্যবহারের জন্য তুরস্ক তার একটি ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দিয়েছে। অবশ্য ব্যর্থ অভ্যুত্থানকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য মতবিরোধ দানা বাঁধতে শুরু করেছে ইনচিরলিকের এই ঘাঁটিকে নিয়েই। তুরস্কের দাবি, বন্ধুত্বের প্রমাণ দিতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত ফেতুল্লা গুলেনকে ফেরত না দিলে তুরস্কের আকাশসীমা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করতে দেওয়া হবে না। জন কেরি অবশ্য বলেছেন যে ফেতুল্লা গুলেনের বিরুদ্ধের অভিযোগ ও সাক্ষ্য–প্রমাণ দেওয়া হলে সেগুলো যাচাই-বাছাই করেই তাঁর সরকার তুরস্কের অনুরোধ বিবেচনা করবে।
ফেতুল্লা গুলেন এরদোয়ানের একজন সাবেক মিত্র এবং তুরস্কে ইসলামপন্থী রাজনীতি প্রতিষ্ঠায় তাঁরা দুজনে বহুদিন একযোগে কাজ করেছেন। কিন্তু, ২০১৩ সালে এরদোয়ান-পুত্রের কথিত দুর্নীতির বিষয়ে বিচার বিভাগের হাতে কিছু তথ্য-প্রমাণ তুলে দেওয়ার পর থেকেই গুলেনের সঙ্গে তাঁর বিরোধের সূত্রপাত। তুরস্ক এবং তুরস্কের বাইরে বিশ্বের নানা প্রান্তে গুলেনের অনেক অনুসারী আছেন। গুলেন বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্বেচ্ছানির্বাসনে আছেন। শুক্রবার অভ্যুত্থানচেষ্টার শুরু থেকেই এরদোয়ান ও তাঁর প্রধানমন্ত্রী গুলেনকে এই ষড়যন্ত্রের জন্য দায়ী করে আসছেন। তুরস্কে গুলেনের প্রভাব একেবারে নির্মূল করার এটিই মোক্ষম সুযোগ বলে ভাবছেন এরদোয়ান। সফল হলে আবারও মিল পাওয়া যাবে সুলতান সুলেমানের সঙ্গে। সুলতান সুলেমানের কাছে সবচেয়ে বিশ্বস্ত ছিলেন ইব্রাহিম পাশা নামে তাঁর এক বাল্যবন্ধু। ইব্রাহিম পাশা সুলতানের দরবারে কোনো উঁচু পদে বসতে চাননি, কিন্তু তাঁকে সবচেয়ে ক্ষমতাশালী সভাসদ বানানো হয়েছিল। একসময় সুলতান ইব্রাহিম পাশাকে অবিশ্বাস করতে শুরু করেন এবং তাঁকে ফাঁসিতে চড়ান। সুলতান এরদোয়ান যে কোনো ব্যতিক্রম ঘটাবেন, তেমনটি মনে হয় না; বরং ধর্মনিরপেক্ষতা, মানবাধিকার ও গণতন্ত্রপন্থীদের আশঙ্কা যে তুরস্কে একে পার্টি ও এরদোয়ান প্রতিহিংসাপরায়ণ হলে কর্তব্যপরায়ণতা আরও তীব্র হবে, ভিন্নমত দমন ও কুর্দি নিপীড়ন বাড়বে। ফলে সমাজে অস্থিরতা ও বিভাজন বাড়ার আশঙ্কাই প্রবল।
কামাল আহমেদ: সাংবাদিক।