গত ২৯ জুলাই মহানগরে বাসের নির্দয় রেসখেলায় ১৭ বছরের করিম ও ১৬ বছরের দিয়ার হৃদয়বিদারক প্রাণহানিতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সামাজিক ক্রোধ বিস্ফোরিত হয়েছে। ‘যার কাজ তারই সাজে’ নিয়ামককে বাদ দিয়ে স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা রাস্তায় যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরিদর্শন করছে। এক সপ্তাহ ধরে জনসাধারণের সমর্থনে ‘নিরাপদ সড়ক চাই’ আপাতদৃষ্টিতে সফল হলেও স্বার্থান্বেষীরা স্কুল-কলেজের ইউনিফর্ম গায়ে দিয়ে ভাঙচুর করছে এবং যানবাহনে আগুন দিচ্ছে। ৯ দফা দাবির বাস্তবায়নযোগ্য দাবিগুলো সরকার মেনে নিলেও আন্দোলন থামছে না।
দ্য ডেইলি স্টার-এর ৪ আগস্ট সংখ্যা থেকে জানা যায়, দেশে ৩৫ লাখ নিবন্ধিত এবং ২০ লাখ নিবন্ধনহীন যানবাহন রয়েছে এবং তার বিপরীতে অর্ধেকের কমসংখ্যক ২৬ দশমিক ৩৯ লাখ ড্রাইভিং লাইসেন্স ইস্যু করা হয়েছে। এর মধ্যে নিঃসন্দেহে মেয়াদোত্তীর্ণ, ভুয়া নিবন্ধনপত্র ও ড্রাইভিং লাইসেন্স রয়েছে। বছরে ১০ লাখ যানবাহনের লাইসেন্স নেওয়ার কথা থাকলেও মাত্র ৬ দশমিক ৩ লাখ সনদ নেওয়া হয়।
মোটাদাগের এসব পরিসংখ্যানের সঙ্গে এ কথা স্মরণ করা যায় যে ঢাকা মহানগরে প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার লোকের বসবাস, যে ঘনত্ব পৃথিবীতে সর্বোচ্চ এবং দৈনিক ১২০টি মোটরযান এই মহানগরে সংযুক্ত হয়। ঘুষ, দুর্নীতি, অদক্ষতা, অবহেলার সঙ্গে এ কথাও জানতে হবে যে মোটরযান শ্রমিকেরা দৈনিক মজুরির ভিত্তিতে জীবন বাঁচানোর প্রাণপণ প্রচেষ্টায় প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপে রেস করে গাড়ি চালাতে বাধ্য হন। তার ওপর বিআরটিসির দুর্নীতি ও দীর্ঘসূত্রতায় (সম্ভবত কাজের তুলনায় জনশক্তির অপ্রতুলতা একটি কারণ) অনেক ক্ষেত্রে বাধ্য হয়ে জাল ড্রাইভিং লাইসেন্স নিতে হয়। ড্রাইভিং লাইসেন্স নবায়নের পরীক্ষায় পাস করলেও তিন থেকে ছয় মাস অপেক্ষা করতে হয়। ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয়ে যে আইনটি ছিল, তাতে চরম অবহেলা ও ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনায় প্রাণহানি ঘটানোর অপরাধ জামিনের অযোগ্য ছিল এবং তা প্রমাণিত হলে সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান ছিল। সম্ভবত ১৯৮৫ সাল থেকে ক্রমাগত আইনটিকে নমনীয় করে বর্তমানে জামিনযোগ্য করা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে মাত্র তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। কিন্তু কোনো শাস্তিই কার্যকর করা যায় না দেশ অচল করে দেওয়ার হুমকিতে।
এদিকে স্বাধীনতার ৪৭ বছরে রেলপথ ও জলপথের অগ্রগতি জনপথের আগ্রাসী সম্প্রসারণে শম্বুকগতিতেই চলছে। যানবাহনের অনিয়ম ও অব্যবস্থা দীর্ঘদিন ধরেই চলে আসছে। সে জন্য আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা মূল কাজ লেখাপড়া বাদ দিয়ে সরকারপ্রধানের দাবি মেনে নেওয়ার সদিচ্ছাকে অগ্রাহ্য করে আন্দোলন দীর্ঘায়িত করলেও রাতারাতি কোনো সুফল আসবে না। তবে আন্দোলনের মর্মবাণী জনগণ বুঝতে পেরেছেন এবং সমর্থন করেছেন। এখন ছাত্রছাত্রীদের উচিত হবে বিদ্যায়তনে লেখাপড়ায় ফিরে যাওয়া। সরকার পর্যায়ক্রমে আগামী পাঁচ বছরে টেকসই আর্থসামাজিক অগ্রগতির পরিমণ্ডলে অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে সমন্বিতভাবে এই সমস্যার সমাধানে তৎপর হবে বলেই আমাদের আশা।
স্বল্প মেয়াদে (তাৎক্ষণিকভাবে শুরু করে এক বছর) রূপরেখা নিবেদন করছি
১. বিভিন্ন মহলের সঙ্গে সুর মিলিয়ে রাজনৈতিক দলগুলো ছাত্রছাত্রীদের স্কুলে ফেরার আহ্বান জানাতে পারে। এ বিষয়ে রাজনীতি করা নিন্দনীয়।
২. গত ২৫ জুন মন্ত্রিসভার বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত পাঁচটি নির্দেশ, যথা দূরপাল্লায় বিকল্প চালক রাখা, যাতে পাঁচ ঘণ্টা পরপর গাড়িচালক বদল হবেন; নির্দিষ্ট দূরত্বে চালকদের জন্য বিশ্রামাগার করা; চালক ও তাঁর সহকারীর প্রশিক্ষণের ব্যবস্থা করা; রাস্তায় পর্যাপ্ত জেব্রা ক্রসিং করা, যাতে যাত্রীরা যখন যেখানে খুশি রাস্তা পার না হয় এবং যানবাহনে গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স প্রদর্শন করা।
৩. বর্তমান পরিপ্রেক্ষিতে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে যানবাহন মালিক সমিতি ও ফেডারেশনগুলো সারা দেশে অন্তত ৩০টি বিশ্রামাগার নির্মাণ করে দিতে পারে।
৪. রাস্তা পারাপারে প্রতিবন্ধিতায় অসুবিধাগ্রস্ত যাত্রীদের জন্য আলাদা জেব্রা ক্রসিং করা যেতে পারে। সব মহল সমবেত কণ্ঠে এসব ব্যক্তির জন্য আলাদা আসন সংরক্ষণ ও তা কঠোরভাবে বাস্তবায়নের ব্যবস্থা করতে পারে।
৫. জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজ ছাড়া যাতে কেউ রাস্তা পারাপার না হতে পারে, সে জন্য আইনি কড়াকড়ি ছাড়াও সামাজিক চাপ সৃষ্টি করা জরুরি।
৬. ফুটপাতে মোটরসাইকেল ওঠানোর বিপক্ষে উচ্চতর ন্যায়ালয় যে নির্দেশনা দিয়েছেন, তা পালন করার বিষয়ে সামাজিক চাপ সৃষ্টি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত শক্তিশালী করা সমীচীন হবে।
৭. মহানগরের বড় টার্মিনালগুলোতে শ্রমজীবী, মালিক, বিআরটিএ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ পরিদর্শন দল কেবল যানবাহন ও চালকের বৈধ কাগজপত্রসংবলিত যানগুলোকেই চলাচল করার অনুমতি দেবে। জরিমানা ছাড়াও কিছুকালের জন্য মেয়াদোত্তীর্ণ কাগজপত্র বাজেয়াপ্ত করে রাখা যেতে পারে।
৮. মহানগরের কয়েকটি রাস্তায় দুই পাশে দিনের বেলা যে সারি বাঁধা বাস-ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়, তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
৯. রাজীব হত্যাসহ কয়েকটি দুর্ঘটনা মামলায় প্রদত্ত হাইকোর্টের অর্থ দণ্ডাদেশ প্রতিপালন করা।
১০. প্রস্তাবিত যানবাহন চলাচল আইনটিতে ১৯৮৫-পূর্ববর্তী সময়ের মতো এবং উচ্চতর ন্যায়ালয়ের নির্দেশনা মেনে অবহেলাজনিত অথবা ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা (?) ঘটানোকে জামিনের অযোগ্য অপরাধ বলে চিহ্নিত করে অপরাধ প্রমাণিত হলে অন্তত সাত বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রাখা।
১১. আস্থা অর্জনের জন্য পরীক্ষামূলকভাবে অতিসাম্প্রতিক দুর্ঘটনার মামলাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু করা বা স্থানান্তর করা।
১২. বাস, ট্রাক, ট্যাক্সিসহ সব ধরনের গণপরিবহনে ফিটনেস, ব্লু বুক, চালকের ছবিসহ লাইসেন্স দৃশ্যমানভাবে প্রদর্শন করা বাধ্যতামূলক করা।
১৩. বিআরটিএর জনবল কয়েক গুণ বৃদ্ধির অগ্রাধিকার প্রদান।
মধ্যমেয়াদে তিনসালা
১. চালক ও তাঁর সহকারী নিয়োগে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
২. চালক ও তাঁ সহকারীদের কর্মকাণ্ড নিয়মিত মজুরিভিত্তিক করা এবং ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজের তিরস্কার বা শাস্তির ব্যবস্থা করা।
৩. সড়ক পরিবহনকাজের দুর্নীতিতে এসিসির বিশেষ মনোযোগ প্রদান।
৪. চালক ও তাঁর সহকারীদের সমিতি গঠন করা এবং তাতে মালিক ও সরকারের তরফে অনুদান বা আর্থিক অংশগ্রহণ নিশ্চিত করে তাঁদের বিমা ও চাকরি শেষে গ্র্যাচুইটির ব্যবস্থা করা।
৫. সড়কযানের আগ্রাসী সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত সবচেয়ে সাশ্রয়ী, নিরাপদ ও দ্রুততর সময়ে যাতায়াত-সম্ভব রেলপথের ব্যাপক উন্নয়ন জরুরি। চলমান ব্রডগেজকরণ, ডবল লাইনিং নির্মাণ ও অন্তত নিরীক্ষামূলকভাবে বৈদ্যুতিকীকরণের উদ্যোগকে দ্বিগুণ বেগে প্রণয়ন ও বাস্তবায়ন করা।
৬. বিশ্বের প্রায় সব দেশের মতো নদীপথে, বিশেষ করে বড় বড় বার্জসহকারে পণ্য পরিবহনের ব্যবস্থা করা।
৭. এলাকাভিত্তিক স্কুলে ভর্তি এবং ছেলেমেয়েদের স্কুল-কলেজের বাসে যাতায়াত বাধ্যতামূলক করা।
৮. মহানগরের প্রবেশপথে টোল মেশিন বসানো।
৯. চলমান মেট্রোরেল প্রকল্পের সফল বাস্তবায়ন।
১০. মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা পর্যালোচনা ও সুপারিশ প্রণয়নের জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পর্যালোচনার ব্যবস্থা করা।
১১. জানুয়ারি-ডিসেম্বর অর্থবছর চালু করা।
দীর্ঘ মেয়াদে পাঁচসালা
১. শুরুতেই প্রস্তাবিত সার্কুলার রোডটির নির্মাণকাজ শেষ করা।
২. অফিস-আদালতের নমনীয় ক্রমিক (ফ্লেক্সিবল) সময়সূচি নির্ধারণ করা।
৩. সব রেলগেটে সুরক্ষাব্যবস্থা চালুকরণে কমিউনিটির অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ।
৪. বয়সের ভারে লক্কড়ঝক্কড় হয়ে পড়া গণযানবাহনের ক্ষেত্রে উচ্চতর হারে সড়ক কর আরোপ করা।
৫. আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর।
৬. মহানগরের অদূরে চার কোণে গাজীপুর, সাভার, নরসিংদী ও কেরানীগঞ্জে উপনগর গড়ে তোলা এবং কমিউটার যানবাহনের ব্যবস্থা করা, বিশেষ করে বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা।
৭. সুষ্ঠু পরিকল্পনা ও সমন্বয় এবং সময় ও সম্পদের অপচয় রোধ করে পরিবহনসহ সব ক্ষেত্রে সুশাসনের জন্য দ্য ঢাকা সিটি গভর্নমেন্ট ব্যবস্থা
চালু করা।
৮. গণপরিবহন খাতের জন্য ন্যায়পালের সাংবিধানিক ব্যবস্থা করা।
ড. মোহাম্মদ ফরাসউদ্দিন: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য