সুশাসনের অভাবেই পাহাড়ে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো আয়োজিত ‘পাহাড় ধস: কেন, কী করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ রোববার এই বৈঠকের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন
প্রথম আলো আয়োজিত ‘পাহাড় ধস: কেন, কী করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে আজ রোববার এই বৈঠকের আয়োজন করা হয়। ছবি: সাবিনা ইয়াসমিন

পাহাড় ধসকে শুধু প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখলে হবে না। এটি মানবিক বিপর্যয়। উন্নয়নের নামে পাহাড়ের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট করে সড়ক-বসতি ও নানা অবকাঠামো নির্মাণের ফলে এই এই বিপর্যয় ত্বরান্বিত হয়েছে।

আজ রোববার প্রথম আলো আয়োজিত ‘পাহাড় ধস: কেন, কী করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বক্তারা পাহাড়ের বন, পাহাড়, ঝরনা, ভূতাত্ত্বিক গঠন নষ্ট না করার পরামর্শ দেন। তারা পুরো পার্বত্য চট্টগ্রামের ভূতাত্ত্বিক গঠনের ওপরে জরিপ চালানোর পরামর্শ দেন। সেখানকার গাছ কাটার অনুমতি একদম বন্ধ করে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বৈঠকের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক হুমায়ূন আখতার পার্বত্য চট্টগ্রামের ভূতাত্ত্বিক গঠন সম্পর্কে আলোকপাত করেন। উত্তর-দক্ষিণ অংশে পাহাড়ের গঠন বিন্যাস ভেঙে সড়ক নির্মাণের ফলে ঝুঁকি বেড়ে গেছে এবং ওই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে অপরিকল্পিত বসতি বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। হুমায়ূন আখতার বলেন, সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচলের ফলে পাহাড়গুলোর গঠনবিন্যাস নষ্ট হয়ে গিয়েছিল। এর সঙ্গে বনভূমি ধ্বংস ও জলাভূমি ধ্বংস এবং অতিবৃষ্টি—সব মিলিয়ে পাহাড়ে বিপর্যয় ঘটেছে।
সাবেক প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, প্রাকৃতিক বনভূমি ও বৃক্ষ না থাকলে একটি এলাকার মাটির গঠন বদলে যায়। ১৯৭৫ সালের পর জিয়াউর রহমানের আমলে পাহাড়ে ১০ একর করে জমি রাবার চাষের জন্য ইজারা দেওয়া হয়েছে। এভাবে ধারাবাহিকভাবে পাহাড়ে বন ধ্বংস করে আজকের এই বিপর্যয়ের পরিবেশ তৈরি করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ও লেখক প্রশান্ত ত্রিপুরা পাহাড়ের বিপর্যয়কে শুধু প্রাকৃতিক কোনো দুর্ঘটনা হিসেবে না দেখে একে মানবিক বিপর্যয় হিসেবে দেখার আহ্বান জানান। তিনি বলেন, পাহাড়ে বাঙালি না পাহাড়ি মারা গেল, সেটা না দেখে সমাজের কোন শ্রেণি ও বয়সের মানুষ মারা গেছে, তা দেখতে হবে। বিশেষ করে শিশু ও নারীরা বেশি মারা গেছে—এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, মৃত ব্যক্তিদের বেশির ভাগই গরিব মানুষ। ফলে আমাদের জাতিগতভাবে বিষয়টিকে না দেখে শ্রেণিগতভাবে দেখতে হবে। এই বিপর্যয়কে সুশাসনের অভাবের ধস হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়াটার এইড, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খায়রুল ইসলাম বলেন, পাহাড়ে এক যুগে ২৭ শতাংশ বনভূমি ধ্বংস হয়েছে। বন ধ্বংস হওয়ার কারণে জলাভূমিগুলো শুকিয়ে গেছে। আগের পাহাড়ের মানুষ ঝরনার আশপাশে বসত করত। ঝরনা শুকিয়ে যাওয়ায় মানুষ অন্যত্র বসতি শুরু করে। এতে পাহাড়গুলো আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টের (সেড) পরিচালক ফিলিপ গাইন পাহাড়ের বন ধ্বংসের ইতিহাস তুলে ধরতে গিয়ে বলেন, পাকিস্তান আমলে রাঙামাটিতে বন ডুবিয়ে কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তার জন্য সেনা মোতায়েন করা হয়েছে আর বাঙালিদের সেখানে মানবঢাল হিসেবে নেওয়া হয়েছে। ওই ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। পার্বত্য চট্টগ্রামে প্রায় ছয় হাজার আসবাবের কারখানা রয়েছে। সেখানে বন থেকে কেটে আনা কাঠ দিয়ে আসবাব তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। পাহাড়ে সম্প্রতি তামাক চাষ ও বিভিন্ন ফলের একক বাগান গড়ে তোলা হচ্ছে। এগুলো পাহাড়ের প্রতিবেশব্যবস্থা ও ভারসাম্য নষ্ট করে দিচ্ছে।
ব্র্যাকের জলবায়ু ও দুর্যোগ বিভাগের পরিচালক নঈম গওহর ওয়ারা বলেন, সমতল ভূমি থেকে যেসব মানুষ পাহাড়ে বসতি করতে গিয়েছে, তাঁরা সেখানে কীভাবে থাকতে হয় তা জানেন না। জীবিকার প্রয়োজনে তাঁরা বন ধ্বংস করে তা কৃষিজমিতে পরিণত করেছে। ফলে পাহাড়গুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান পাহাড়ধস নিয়ে প্রথম আলোর ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশের কথা উল্লেখ করেন। তিনি জানান, প্রথম আলো ট্রাস্ট তার সীমিত সামর্থ্য নিয়ে বিপর্যস্ত মানুষকে সহায়তা দেওয়ার জন্য এগিয়ে গেছে। কিন্তু পাহাড়ের এই বিপর্যয়ের প্রকৃত কার্যকারণ কী তা আমরা আরও গভীরভাবে বুঝতে চাই। হঠাৎ করে বেশি বৃষ্টি হয়ে এমনটা ঘটল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা জানতে চাই। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় কী করা যেতে পারে, সে জন্য বিশেষজ্ঞদের পরামর্শ দেওয়ার আহ্বান জানান তিনি।

গোলটেবিল বৈঠকে প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা প্রথম আলোর কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।