
দ্বিপক্ষীয় কাদা–ছোড়াছুড়ি আর এক পক্ষের আম্পায়ারিংয়ের মধ্য দিয়ে এক বছর হয়ে গেল দশম জাতীয় সংসদ নির্বাচনের। উল্লিখিত দুই পক্ষের এক পক্ষ হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর মিত্রপক্ষ। আরেক দিকে মজুত আছে বিএনপি ও শরিকেরা। উপরিতল থেকে দেখলে মনে হয়, এই দুই শিবির অনন্তকাল কোঁদলে লিপ্ত থাকার শাপগ্রস্ত। বর্তমান লেখায় দূরে (আসলে কি দূরে?) থাকল এরা; সামান্য চেষ্টা রইল গত নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনীতির আম্পায়ারদের ভাবনার সংক্ষিপ্ত তালাশের। এই আম্পায়ার হচ্ছে সাম্প্রতিক দশকগুলোতে অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা রাজধানীকেন্দ্রিক সুশীল সমাজ।
অবস্থাদৃষ্টে মনে হয়, বাংলাদেশের জনগণকে পশ্চিমা ধাঁচের একটি উদারনৈতিক গণতন্ত্র পাইয়ে দেওয়ার জন্য সুশীল সমাজ যথেষ্ট সুবিধাজনক অবস্থায় আছে। সুবিধাগুলো কেমন? প্রথমত, বাজার অর্থনীতির জমানাতে বিকশিত মধ্যবিত্ত যারা কিনা বিভাজনভিত্তিক সুডোল একটি উদারনৈতিক গণতন্ত্র চায়, তারা সুশীল সমাজের পক্ষে বড় বাজি রাখার অনেক কারণ খুঁজে পায়। দ্বিতীয়ত, মূলধারার দলগুলোর হাতে নাকাল জনগণের মনের কথাগুলো গুছিয়ে বলতে পারার সুবাদে সুশীল সমাজের শিরোমণিরা অনেক দিন থেকেই ভোগ করছেন মিডিয়ার যারপরনাই পৃষ্ঠপোষকতা।
এ ছাড়া বাংলাদেশের গণতন্ত্রের নিদান সম্পর্কে চিন্তাগত ঐক্যের জন্য বাংলাদেশি সুশীল সমাজের জন্য মজুত আছে শক্তিমান রাষ্ট্র ও সংস্থাগুলোর শুভেচ্ছা। তদুপরি সরকারব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো নিয়ে প্রধান দলগুলোর মধ্যে কোনো মতদ্বৈধতা অনুপস্থিত। কিন্তু এত সুবিধা থাকা সত্ত্বেও বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অভিযাত্রায় সুশীল সমাজের যে দেদীপ্যমান ভূমিকা থাকতে পারত তা নেই। দশম নির্বাচন নিয়ে সুশীল সমাজের ভাবনার দিকে চোখ ফেরালেই এই দুর্বলতার কারণ কিছুটা স্পষ্ট হতে পারে।
গত নির্বাচন নিয়ে সুশীল সমাজের অবস্থানের প্রধান সীমাবদ্ধতা হচ্ছে নির্বাচনভিত্তিক গণতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী গোটা দুনিয়ায় নজিরহীন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে ছাড়হীন অবস্থান আঁকড়ে থাকা, যা কিনা তাদের বিবাদ মীমাংসাকারীর ভূমিকায় আবির্ভূত হওয়ার সুযোগ নস্যাৎ করে দিয়েছে। সুশীল সমাজের এই অবস্থান ২০০৬ সালের মতোই সরকারবিরোধীদের সঙ্গে মিলে গেছে। ভালোভাবে হোক আর মন্দভাবে হোক, রাজনীতিতে একটা বড় বিষয় হচ্ছে করে দেখানো। ২০০৭ সালে সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার যেমন ক্ষমতাটি হাতে নিয়ে করে দেখিয়ে দিয়েছিল। এবার আর তা হয়নি। আর নির্বাচনের অনেক আগেই আদালতের মাধ্যমে তত্ত্বাবধায়কব্যবস্থা বিলোপ হওয়ায় নিজেদের রাস্তায় অনেকটাই এগিয়েছিল ক্ষমতাসীনেরা। সুশীল সমাজ গত বছরের দ্বিতীয় ভাগে ক্ষমতাসীন দলকে কথার চাবুকে তত্ত্বাবধায়কব্যবস্থা মানাতে চেয়েছিল। মুশকিল হচ্ছে, বড় দলেরা ক্ষমতাসীন থাকা অবস্থায় নয় বরং বিরোধী দলে থাকা অবস্থায় তত্ত্বাবধায়ক চায়।
বিরোধীরা অবশ্য কোনো তাত্ত্বিক অবস্থান-টবস্থান থেকে তত্ত্বাবধায়কের কথা বলে না। তারা ক্ষমতাসীনদের প্রভাবমুক্ত নির্বাচন, যা তারা ক্ষমতায় থাকতে চায় না, চায়। ঠিক এই জায়গায় আসামাত্রই সুশীল সমাজ আরেক দফা চাবুক ঘোরায় এবং এবারও ঘুরিয়েছে। তারা পুরোনো গীতটি গেয়েছে যে বাংলাদেশে দলীয় সরকার সুষ্ঠু নির্বাচন করতে পারে না। কিন্তু এই চাবকানোতে বড় ফাঁকটি সুশীল সমাজ কখনো খোলাসা করে না। অতীতে করেনি, ২০০৬ সালে করেনি, এবারও করেনি—বাংলাদেশে দলীয় সরকার নির্বাচন পরিচালনার সুযোগ পেল কোথায়? ১৯৭৫ থেকে তো সামরিক সরকার আর ১৯৯১ থেকে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন চালায়। তাহলে? রাজনীতিকদের দোষ ধরতে গিয়ে সুশীল সমাজ সংসদীয় ব্যবস্থার অন্যতম স্তম্ভ দলব্যবস্থার পা সাংঘাতিকভাবে মাড়িয়ে দিয়েছে। এই ক্ষতির পূরণ হতে লম্বা সময় লাগবে। রাজনীতিক ও রাজনৈতিক দলের প্রতি সুশীল সমাজের এহেন ক্ষোভ মাত্রাতিরিক্ত বলেই মনে হয়। এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ ক্ষোভের মধ্যে শ্রেণিভিত্তিক খাড়াখাড়ি না হলেও এলিট মানসিকতানির্ভর আড়াআড়ি সামাজিক বিভাজন কাজ করছে কি না, তা ভাবা যেতে পারে।
একটি অদ্ভুত ব্যাপার এই যে বাংলাদেশের সুশীল সমাজ নির্বাচন তথা রাজনীতি নিয়ে আলাপে রাষ্ট্রের চরিত্র নিয়ে কথা বলে না। রাষ্ট্র নিয়ে সমাজের কোন অংশটি ফুটবল খেলে, তা সহজ ভাষায় মানুষের সামনে উন্মুক্ত করে না। বিভিন্ন অরাজনৈতিক এলিট গ্রুপ কীভাবে রাষ্ট্রের গলা পেঁচিয়ে আছে, তা নিয়ে কথা বলে না। বিশ্লেষণের ক্ষেত্রে এই এড়িয়ে যাওয়াগুলো সাধারণ মানুষকে একাধিক বিভ্রান্তিকর বার্তা দেয়। যাবতীয় দুর্গতির জন্য রাজনীতিক ও রাজনৈতিক দল দায়ী ভাবার মধ্য দিয়ে বিভ্রান্তির শুরু হয়। সাংঘাতিক ব্যাপার হলো, এই ধারাবাহিকতায় অনেক অনেক মানুষ বিশ্বাস করতে শুরু করে যে বড় দুই দলের মধ্যে নিয়মিত ক্ষমতার হাতবদল হলে কিছু শান্তি মিলবে। সুবিধাজনক অবস্থানে থাকা শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে এই মানসিকতা প্রকট। অবস্থাদৃষ্টে মনে হয়, সুশীল সমাজ পরিস্থিতি উত্তরণের জন্য যেকোনোভাবেই হোক না কেন, বাংলাদেশে একটি দ্বিদলীয় ব্যবস্থা কায়েম করতে চায়। এই দ্বিদলীয় ব্যবস্থা কায়েমের পথে একটি দলের মতাদর্শ, জন্মবৃত্তান্ত, পথপরিক্রমার ইতিহাস যাচাই থাকে না সুশীল সমাজের বক্তব্যে। বরং ‘জনগণ যাকে চায়’ কথাটাকেই আপ্তবাক্য করে বসে থাক হয়। ‘জনগণ যাকে চায়’—এর ওপরে ছেড়ে দিলে সুশীল সমাজকে উদারনৈতিক গণতন্ত্রের পথনির্দেশক হিসেবে নেওয়ার সুযোগটা থাকে কোথায়? জনগণ অনেক সময় অনেক কিছুই চায়। রাজনীতিকদের ওপরে ত্যক্ত হয়ে লোকে নানান দেশে সময়ে-সময়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখলেও প্রথম কিছুদিন উদ্বাহু হয়ে নৃত্য করে। তাই বলে কি সমাজের অগ্রসর অংশ জনগণের চাওয়ার সঙ্গে সুর মিলিয়ে সামরিক শাসনকে কুর্নিশ করবে?
আরেকটি লক্ষ করার বিষয় হচ্ছে আমাদের সুশীল সমাজের রাজনীতিসংক্রান্ত আলোচনা-পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সমাজসংক্রান্ত আলোচনা সেভাবে থাকে না। শ্রেণিগত ও ধর্মগত সীমাবদ্ধতা সত্ত্বেও ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কলকাতাকেন্দ্রিক বাঙালি সুশীল সমাজের যে ভ্রূণটি দেখা যাচ্ছে, তার মধ্যেও কিন্তু ঔপনিবেশিক রাষ্ট্রের সঙ্গে সংলাপ ও বিতণ্ডায় সমাজ প্রসঙ্গ উপস্থিত দারুণভাবে। বিংশ শতাব্দীর বিশের দশকে ঢাকায় শিক্ষিত মুসলিম মধ্যবিত্ত সুশীল সমাজের গড়ে তোলা শিখা গোষ্ঠীর দিকে তাকালেও সমাজ দেখি। পাকিস্তানি অভ্যন্তরীণ উপনিবেশবাদী পাকিস্তান পর্বে রাষ্ট্রভাষা আন্দোলনে নেতৃত্বদানকারী সুশীল সমাজও বাংলা রাষ্ট্রভাষা থাকা এবং না থাকার মধ্যে কৃষক সমাজের সমস্যা ও সম্ভাবনা আলোচনায় লয়। বাংলাদেশ পর্বে সামরিক শাসনামলেও সুশীল সমাজ রাষ্ট্রের চরিত্র আলোচনা ও সামাজিক কাঠামো আলোচনা এখনকার মতো বলতে গেলে সিস্টেমেটিক্যালি বে-ইয়াদ হয় না। ক্ষমতাসীনেরা যে দশম নির্বাচনে এত লম্বা ঐতিহ্যবাহী সুশীল সমাজকে বলতে গেলে অবজ্ঞা করতে সক্ষম হলো, তার কারণ কি কেবলই গায়ের জোর? মনে হয় না। বরং নির্বাচন তথা রাজনীতিকে সমাজ বিচ্ছিন্নভাবে খণ্ডিত দৃষ্টিতে দেখার মধ্যে সুশীল সমাজের বড় এক দুর্বলতা নিহিত আছে বলে মনে হয়।
রাজনীতি কী? রাজনীতি হচ্ছে প্রধান দুই দল ও তাদের মিত্রদের মারামারি! নির্বাচন কী? নির্বাচন হচ্ছে ক্ষমতায় যাওয়া বা থাকার জন্য বড় দলগুলোর যা খুশি তাই করা। গত দুই-আড়াই দশকের রাজনীতি সম্পর্কে সুশীল সমাজের মোটা দাগের ব্যাখ্যা অনেকটাই এ রকম। জানুয়ারির নির্বাচনের আগে ও পরে সুশীল সমাজের আলোচনার সারাংশ এটাই। কেউ বলতে পারেন বাংলাদেশে নির্বাচন বা রাজনীতির নামে যা চলে, তাতে করে আর কিই-বা বলা যায়? কথা সত্য। কিন্তু নাগরিকদের অগ্রসর অংশ হিসেবে যদি সুশীল সমাজকে চিহ্নিত করতে হয়, তাহলে তাদের তরফ থেকে রাজনীতি কিংবা নির্বাচনের এ রকম সামান্য ব্যাখ্যা কোনো কাজের কথা নয়। কিছু ব্যতিক্রম বাদ দিলে নির্বাচনের অনেক অনেক আগেও নির্বাচনী অনাচার নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিভিন্ন ফর্মে দোষারোপ করা ছাড়া সুশীল সমাজকে আর কী করতে দেখা যায়? জানুয়ারির নির্বাচনের সময়ও তাই হয়েছে। নির্বাচনী অনাচার যে সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির একটি প্রতিফলন—এই সহজ কথাটা সুশীল সমাজের বরণীয় ব্যক্তিদের কাছ থেকে সহজবোধ্যভাবে জনগণের কাছে যায় না। এবং নির্বাচনী অনাচারে কেবল ক্ষমতাসীনেরা নয়, বরং বিরোধী দলেরাও যে সমানভাবে যুক্ত থাকতে পারে, এই কথাটা স্পষ্ট করে না সুশীল সমাজ। ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরে এই প্রবণতা ভালোভাবে লক্ষ করা গেছে।
জাতীয় নির্বাচনটিকে ফালতু করে দেওয়ায় কোনো এক পক্ষকে দায়ী করা যায় কি? এক পক্ষ নির্বাচন থামাতে চেয়েছে, আরেক পক্ষ যে করেই হোক, এটা চালাতে চেয়েছে। সুশীল সমাজ তত্ত্বাবধায়কের ব্যাপারে অনড় থাকার কারণে ক্ষমতাসীনদের যেনতেনভাবে নির্বাচন করার ব্যাপারে কঠোর সমালোচনা এবং বিরোধীরা যেনতেনভাবে নির্বাচন থামানোর ব্যাপারে প্রায়-নীরব থেকেছে। এতে ভালো কিছু যে হয়নি, তা বুঝতে অসুবিধা হয় না। নির্বাচনে অনির্বাচিত তত্ত্বাবধায়ককে সর্বরোগহরা মনে করার অবস্থানে অনড় থেকে সুশীল সমাজের পক্ষে বড় দুই পক্ষের উভয় পক্ষের কাছে পথপ্রদর্শক দূরে থাকুক, শুধু বিবাদ মীমাংসাকারী হিসেবে অনুভূত হতে পারার সম্ভাবনাও খুব কম। এর চেয়ে বরং সংসদীয় গণতন্ত্রের বৈশ্বিক অভিজ্ঞতাকে সামনে রেখে রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণের দিকে মনোযোগী হলে ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরে থাকা প্রাধান্যশীল রাজনৈতিক এলিটদের উদারনৈতিক গণতন্ত্রের পথে নিয়ে আসায় সুশীল সমাজ বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে হয়।
শান্তনু মজুমদার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক।