সুসংবাদ আসবে কবে?
এটা তথ্যের যুগ। অবারিত তথ্যের যুগ। লক্ষ্য উৎস থেকে চারদিকে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে তথ্য। কোনো সীমানা মানছে না কিছু। সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য ছুটছে, যেন পাখা মেলেছে। কত রকমের তথ্য। উন্নয়নের তথ্য, নিমজ্জনের তথ্য। আবিষ্কার ও তিরস্কারের তথ্য। হত্যা ও পীড়নের তথ্য। প্রতিদিন সংবাদপত্রের পাতা ভরে এসব তথ্য এসে দোরগোড়ায় দাঁড়ায়, যার প্রথম পাতাতেই অবধারিতভাবে থাকে দুঃসংবাদ। একই কাণ্ড সবখানে। যেন ভালো কিছু ঘটছে না আর; ভালো কিছু ঘটবার নয়।
এত বিচিত্র সব দুঃসংবাদ এত দ্রুত ছুটে আসছে যে, মানুষ একটি দীর্ঘশ্বাস ফেলারও সময় পাচ্ছে না। ২২ জানুয়ারি যখন সাভারের এক তরুণী যৌন নির্যাতনের পীড়ন নিয়ে নদীতে ঝাঁপ দিচ্ছে, তখন নরসিংদী, মৌলভীবাজার ও চট্টগ্রামের তিন পরিবার তাদের শিশু সন্তানকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করছেন থানায়। সড়কে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৮ সালে ৫ হাজার ৫১৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৭ হাজার ২২১ জন নিহত হয়। আহত হয়েছে ১৫ হাজার ৪৬৬ জন। এই প্রতিটি দুর্ঘটনায় গত বছর সংবাদ হয়ে এসে দরজায় কড়া নেড়েছে। কড়া নাড়তে নাড়তে সংখ্যা হয়ে গেছে। রয়েছে তথাকথিত ‘বন্দুকযুদ্ধ’, হত্যা, নির্যাতন, দুর্নিতি, উন্নয়ন উদ্বাস্তুসহ আরও কত কী। রয়েছে প্রবল প্রতাপে ছুটে চলা পোশাক খাতের শ্রমিকদের সঙ্গে তামাশা, মজুরি বাড়াতে যেখানে মৃত্যুর প্রয়োজন পড়ে। কোনটির দিকে তাকাবে মানুষ?
তবু মানুষ তাকায়। দুঃসংবাদই পড়ে, দেখে ও শোনে। এ যেন এক অনিঃশেষ চাহিদা। আর সংবাদমাধ্যমগুলোও দারুণ দক্ষতায় এ চাহিদা পূরণ করে চলেছে। প্রশ্ন হলো, দুঃসংবাদের এই চাহিদা কেন?
এই প্রশ্নের উত্তর খোঁজার আগে একটা গল্প শোনা যাক। এক মানসিক রোগীর চিকিৎসা চলছে। বেশ কিছুদিন পর তার অবস্থার উন্নতি হলো কিনা দেখতে চিকিৎসক তাকে ডেকে পাঠালেন। পরীক্ষার জন্য চিকিৎসক তাকে বেশকিছু আঁকিবুকি করা কার্ড দিলেন। একটির পর একটি। ওই রোগী একেকটি কার্ড দেখে, আর নির্বিকারভাবে দিয়ে চলে সব বিভৎস দৃশ্যের বর্ণনা। শেষ কার্ডটি ছিল লালচে ফুলের নকশা। কিন্তু ওই রোগী দেখল রক্ত, অগণিত মানুষের রক্ত। চিকিৎসক বিরক্ত। বললেন, ‘আপনার মনটা বিষিয়ে গেছে।’ শুনে ক্ষেপে গেল রোগী। বলল, ‘আপনার দেখানো বিভৎসতার বর্ণনাই তো আমি দিলাম, তাতেই আমার মনের বিষ দেখলেন?’ চিকিৎসক প্রমাদ গুনলেন। অবধারিতভাবেই ওই রোগীকে আবার হাসপাতালে পাঠানো হলো। মুক্তি মিলল না তার। অথচ প্রতিদিন অসংখ্য হত্যা, নির্যাতন ও রক্তপাতের খবর পাওয়া মানুষেরা গোলাপেও রক্তের দেখা পেলে দোষের কিছু হওয়ার কথা নয়। প্রতিদিন দুঃসংবাদে বেঁচে থাকা আমরাও তাই নির্দোষ বলা চলে। মুক্তি মিলছে না আমাদেরও।
গল্পটিকে বর্ম হিসেবে নিতে পারেন হালে ‘দুঃসংবাদদাতা’ অভিধা জোটা সংবাদকর্মীরা। তাঁরাও বলতে পারেন, ‘ভালোর চেয়ে খারাপ বেশি ঘটলে এবং এই খারাপ তুলনায় বেশি প্রভাবশালী হলে আমরা তো নাচার।’ কিন্তু বিষয়টি যখন হয় বিকি–কিনির, তখন এর সঙ্গে জুড়ে যায় চাহিদা ও জোগানের মতো ব্যবসায়িক সমন্ধ। তখন আর এত সরল উত্তরে ঠিক পোষায় না।
কথা হচ্ছে সংবাদমাধ্যমগুলো কেন দুঃসংবাদই গুরুত্ব দিয়ে বেশি ছাপে? যদি চাহিদাই না থাকবে, তবে জোগান কেন? উত্তর হচ্ছে দুই সত্য। চাহিদা আছে বলেই জোগান হচ্ছে, আর জোগান হচ্ছে বলেই তৈরি হচ্ছে আরও নতুন চাহিদা। মনোবিদেরা বলেন, মানুষ খারাপ খবরের দিকে তুলনামূলক বেশি আকৃষ্ট হয়। খারাপ খবরকেই গুরুত্ব দেয় বেশি। মনোবিদদের এই কথা বুঝতে নিজের দিকে তাকালেই চলে। দশ বছর আগে করা কারও অপমান হয়তো আমরা মনে রেখেছি, কিন্তু বেমালুম ভুলে গেছি সকালেই পথ চলতে গিয়ে আচমকা দুর্ঘটনার হাত থেকে বাঁচানো ব্যক্তির মুখটিকে। কে না জানে দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায়।
ওহাইও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জন টি ক্যাসিওপ্পো পরিচালিত এক গবেষণায় জানানো হয়েছে, মানুষের মস্তিষ্ক নেতিবাচক তথ্যের প্রতি পক্ষপাতদুষ্ট। খারাপ খবরের প্রতি সে বেশি সংবেদনশীল। দ্য গার্ডিয়ান বলছে, গবেষণায় ক্যাসিওপ্পো সেচ্ছাসেবী কয়েকজনকে কিছু চিত্র দেখান ওই চিকিৎসকের মতো। না ওই স্বেচ্ছাসেবীদের কেউ সেই অর্থে মানসিক রোগী ছিল না। তিনি তাদেরকে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের ছবিই দেখান। একই সঙ্গে অংশগ্রহণকারীদের মস্তিষ্কে ওই সময় চলমান ইলেকট্রিক্যাল সংকেত রেকর্ড করেন। দেখা যায়, নেতিবাচক ছবি দেখার সময় সবার মস্তিষ্কই বেশি সচকিত হয়ে উঠেছে।
দ্য সাইকোলজিস্ট জার্নাল ঘাটলে এমন বহু গবেষণা নিবন্ধ পাওয়া যাবে, যেখানে দুঃসংবাদের সঙ্গে মানুষের এই সমন্ধটিই উঠে এসেছে। এর কারণও খুঁজে বের করেছেন গবেষকেরা। তাঁদের মতে, আদি থেকেই বিরুদ্ধ প্রকৃতিতে টিকে থাকতে মানুষকে সদাসতর্ক থাকতে হয়েছে। তাকে নানা ঝড়–ঝঞ্ঝার মধ্য দিয়ে পার হতে হয়েছে। এই বিরুদ্ধ বাস্তবতায় টিকে থাকার একমাত্র উপায় হিসেবে সামনে এসেছে বিপদ থেকে সতর্ক থাকা ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তাই সুসংবাদের বদলে দুঃসংবাদের দিকেই তার মনোযোগ বেশি। অর্থাৎ যে কারণে মানুষ জোটবদ্ধ হয়ে বাস করছে, সে কারণই তার দুঃসংবাদের প্রতি আগ্রহের মূলে। আর এই আগ্রহের কারণেই মৃত বাড়ি যেতে কোনো নিমন্ত্রণ লাগে না।
কিন্তু এই আগ্রহ ও এর কারণে সৃষ্ট জোগান এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা এক ধরনের সংকট ঘনিয়ে তুলছে। সংকটটি হচ্ছে দুদিক থেকে। প্রথমত, ছোট দুঃসংবাদ চাহিদা হারাচ্ছে। ফলে আপাত অর্থে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অনেক কিছু আড়ালে পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, দুঃসংবাদগুলো মানুষকে সতর্ক করার, জোটবদ্ধ করার শক্তি হারাচ্ছে। মানুষ অনেকটাই নিস্পৃহ হয়ে উঠছে। নব্বইয়ের দশকে ইয়াসমিন হত্যা নিয়ে যতটা আলোড়ন হয়েছে, তার ছিটেফোঁটাও হচ্ছে না এখন। অথচ নির্যাতন ও নিপীড়ন কী প্রকরণে, কী সংখ্যায়—সব বিচারেই বেড়েছে। হাজার কোটির অঙ্কের নিচে দুর্নীতি এখন আর তেমন ধর্তব্যেই পড়ছে না। অধিকার নিয়ে কথা বলাটা রাতের ‘টক শো’র প্রধানতম বিষয় হলেও তা নিয়ে কেউ তেমন একটা উদ্বিগ্ন নয়। দূষণে সবাই অভিযোজিত হয়ে গেছে। অর্থাৎ একটা সামষ্টিক নিস্পৃহতা জেঁকে বসেছে। এই ফুরসতে দুঃসংবাদগুলো আরও বড় দুঃসংবাদ হয়ে উঠছে। প্রতিনিয়ত। কথা হচ্ছে নিষ্কৃতি কোথায় তবে? উত্তর, সুসংবাদে। কারণ একমাত্র সুসংবাদ, খারাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো সুসংবাদ, প্রতিবাদের মতো সুসংবাদ, তথাকথিত উন্নয়ন নয় নির্মাণের মতো সুসংবাদই পারে মানুষকে আশ্বস্ত করতে। তৈরি করতে পারে নিজের ক্ষমতার ওপর পুনঃআস্থা, যার শক্তিতে মানুষ তার চোখ থেকে নিস্পৃহতার মেঘ সরিয়ে স্বচ্ছ চোখে আকাশ দেখতে পারে। তথাকথিত উন্নয়নের খবর এ শক্তি জোগাতে পারবে না, যা কিছু মানুষের অতিকায় ছায়ার নিচে দাঁড় করাতে অগণিত মানুষকে খর্বশক্তি বানায়, প্রকৃতিকে বনসাই করে। কারণ এও আদতে দুঃসংবাদই। এই সব দুঃসংবাদ ছাপিয়ে সংবাদমাধ্যমগুলো সুসংবাদ দিক। একটু প্রাণভরে দম নিক মানুষেরা।
ফজলুল কবির: সাংবাদিক, প্রথম আলো
ই–মেইল: [email protected]