সুড়ঙ্গ নিয়ে ইঁদুর-বিড়াল খেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলেপ্পো থেকে গাজা পর্যন্ত তাঁরা সুড়ঙ্গ খুঁড়েই যাচ্ছে। আলেপ্পোতে সিরীয় সেনাবাহিনী তাদের বিরোধীপক্ষ ইসলামপন্থীদের সুড়ঙ্গে ঢুকে পড়েছে, হোমস শহরে তারা পাল্টা সুড়ঙ্গও খুঁড়েছে। গাজায় ইসরায়েলি বাহিনী হামাসের সৃষ্ট মাটির নিচের সুড়ঙ্গ নেটওয়ার্ক বোমা মেরে উড়িয়ে দিয়েছে।
কিন্তু আলেপ্পোর উত্তর-পূর্বের মহান শেখ নজ্জর শিল্পপার্কে গিয়ে দেখা গেল, এই মাটির নিচে থেকে যুদ্ধ-বিগ্রহ পরিচালনা করার ব্যাপারটি ইসলামপন্থীদের রক্তে মিশে আছে। এই পার্কটিকে আল-কায়েদা-নুসরা-ইসলামিক স্টেট বাহিনী আসাদের সরকারের সঙ্গে যুদ্ধ করার জন্য এক বছরেরও বেশি সময় ধরে ঘাঁটি বানিয়ে রেখেছে।
তুরস্ক সীমান্তের দক্ষিণে নব্য অধিকৃত এলাকায় মাইলের পর মাইল এলাকাজুড়ে সুড়ঙ্গ আঁকাবাঁকা হয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে। এগুলোর বেশির ভাগেরই প্রশস্ততা এত বেশি যে সেখানে অনায়াসে গাড়ি চলতে পারবে। সিরীয় সেনারা হোমস শহর মাসাধিককাল ঘেরাও করে রেখেছিল, সুন্নি মুসলিম জঙ্গিরা খনি কাটার ড্রিল মেশিন ব্যবহার করে ভেঙে পড়া দালানের নিচে জীবন্ত পাথর কেটে কেটে সুড়ঙ্গ বানিয়েছে। গাজার সুড়ঙ্গগুলো বারবার বানানো হয়েছে, ইসরায়েলের অধিগ্রহণের মধ্যেই তা হয়েছে। সুড়ঙ্গে রেলপথ আছে, সেগুলোর দেয়াল ও সিলিং ঘাতসহ কংক্রিটে বানানো হয়েছে। খাদ্য ও অস্ত্র সরবরাহের জন্য এসব সুড়ঙ্গ ব্যবহার করা হয়। ইসরায়েলের বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হয়। আর পুরো ব্যাপারটাই আক্ষরিকভাবে মাটির নিচে পরিচালিত হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এটাকে ‘সুড়ঙ্গ-সন্ত্রাস’ হিসেবে অভিহিত করেছেন। ব্যাপারটা ক্লিশে হয়ে গেছে, মানে এর মধ্যে নতুনত্ব কিছু নেই। ইহুদিরা জুদেয়া ও সামারিয়ায় যে মহাবিদ্রোহ করেছিল, তাতে রোমানদের পিলে চমকে গিয়েছিল। ধর্মযোদ্ধা ও সারাসনেরা উভয়ই একে অপরের প্রাসাদের নিচ পর্যন্ত সুড়ঙ্গ কেটে চলে গিয়েছিল। বিশ্বযুদ্ধেও ব্রিটিশ ও জার্মানরা সমি যুদ্ধক্ষেত্রের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে একে অপরের শিবিরে হামলা চালানোর চেষ্টা করেছে।
আলেপ্পোতে ১৯১৭ সালের ব্রিটিশ খনি বিস্ফোরণের ছোটখাটো পুনরাবৃত্তি ঘটেছে: যখন নুসরা ও অন্য ইসলামপন্থী দলগুলো সিরীয় সরকারের ফ্রন্টলাইনের নিচ দিয়ে সুড়ঙ্গ খোঁড়ে এবং শহরের সরকারনিয়ন্ত্রিত অংশের সেনা কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়। সিরীয় কর্মকর্তারা বলেছেন, ১৩ শতকের উমাইয়া মসজিদের নিচে একটি খনিকূপ খোঁড়া হয়েছিল। এর ফলে ভূ-অভ্যন্তরে সৃষ্ট কম্পনের কারণে এই ঐতিহ্যবাহী মসজিদটি ধুলায় মিশে যায়। আলেপ্পো ফ্রন্টলাইনে সেনাবাহিনীর বেসামরিক কর্মীরা সরকারি বাহিনীর চোখের সামনে রাস্তা খুঁড়ে রাখছে, যাতে সুড়ঙ্গখোদকেরা তাদের বাড়িঘর ধ্বংস করতে না পারে। দামেস্ক উপশহরে জঙ্গিরা সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা করেও সফল হয়নি, সেখানকার মাটি অত্যধিক পাথুরে হওয়ায় এমনটা হয়েছে।
বছরের পর বছর ধরে গাজা ও মিসরের মধ্যকার এই সুড়ঙ্গগুলো বেসামরিক লোকজন ও যোদ্ধাদের জন্য জীবনরেখা হিসেবে কাজ করছে। গাড়ি, জীবন্ত প্রাণী, বিছানাপত্র, গৃহস্থালি দ্রব্য, খাবার—সবই এ সুড়ঙ্গের মধ্য দিয়ে আনা-নেওয়া হয়েছে। এগুলোর ওপরই ইসরায়েল এখন বোমাবর্ষণ করে যাচ্ছে আর মিসরীয় সেনাবাহিনী এগুলো পানি দিয়ে ভরিয়ে দিয়েছে। হামাস তাদের অভিযান থেকে মিলিয়ন টাকা কর হিসেবে আয় করে, সে কারণেই এগুলো খোলা রাখার জন্য হামাস যুদ্ধ করবে।
মধ্যপ্রাচ্য কাঁটাতারের ঘেরাওয়ে বন্দী, দেয়াল ও নিরাপত্তা পোস্টে ভরপুর। তার পরও মুসলিম সামরিক শক্তির মাটির নিচে যেতে এত সময় কেন লাগল, তা অপরিষ্কার। তোরা বোরায় আল-কায়েদার সুড়ঙ্গ গুহার দৈর্ঘ্য ১৫ মাইল। জালালাবাদের পর্বতের বাইরে দিয়ে এটা চলে গেছে। ওসামা বিন লাদেনের যোদ্ধারা এ সুড়ঙ্গ পদ্ধতিতে প্রথমে রুশ ও পরে মার্কিন সেনাদের চোখে ধুলা দিতে পারায় সিরিয়া ও গাজার যোদ্ধারা এতে উৎসাহিত হয়েছেন।
ইরাকের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ১৯৮০-৮৮ সালে বিশাল গর্ত নেটওয়ার্ক গড়ে তোলে, মধ্যপ্রাচ্যের মুসলিম গেরিলারা এটা দেখেও উৎসাহিত হতে পারেন। সেই যুদ্ধক্ষেত্রের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধের বধ্যভূমির অনেক মিল আছে। ইসরায়েলিরা গাজা সীমান্তে মাটির অনেক নিচ দিয়ে খোঁড়া যে সুড়ঙ্গের অস্তিত্ব পেয়েছে, সেগুলো বাঁকানো কংক্রিটের দেয়াল দিয়ে তৈরি। ইরানিরা সাদ্দামের সঙ্গে যুদ্ধেও যে সুড়ঙ্গ বানিয়েছিল, তার সঙ্গে এগুলোর মিল রয়েছে।
সিরীয় বাহিনী ইসলামপন্থীদের সঙ্গে যুদ্ধের সময় যে সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল, সেগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। হোমস শহরের সুড়ঙ্গগুলো পরস্পর কঠিন শিলার মাধ্যমে সংযুক্ত। খোদকেরা ঢোকার মুখে তাদের নাম ও কাজ শেষ হওয়ার তারিখ লিখে রেখেছে। সুড়ঙ্গের দিক পরিবর্তনও হয়েছে গ্যাসের পাইপ ও ভূগর্ভস্থ পানির লাইনকে অক্ষুণ্ন রেখে। আলেপ্পোর উত্তর-পূর্বের সুড়ঙ্গগুলো আল-কায়েদার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে, এগুলোও মাইল মাইলব্যাপী লম্বা সুড়ঙ্গের সঙ্গে সংযুক্ত লোহা ও বালুর ব্যাগ দিয়ে এগুলোর দুই পাড় বাঁধা হয়েছে। এগুলোও ইরাক-ইরান যুদ্ধের ফ্রন্ট লাইনের হুবহু নকল।
বৈরুতে একজন ফিলিস্তিনি কর্মকর্তা সে শহরটিকে ১৯৮২ সালে ইসরায়েল যেভাবে অবরুদ্ধ করে রেখেছিল, তা স্মরণ করে আমাকে বলেন, চালকবিহীন ড্রোন বিমান থেকে আক্রমণ চালানোর কারণে যোদ্ধারা মাটির নিচে চলে যাচ্ছে। যেমন, যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে এবং ইসরায়েলিরা যেভাবে গাজার ওপর ড্রোন হামলা করেছে, সে প্রেক্ষাপটে এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়।
হোমস শহরে গত দুই বছরের মধ্যে সিরীয়রা ড্রোন ব্যবহার করেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহরাও ইসরায়েলের আকাশে নিজেদের ড্রোন উড়িয়ে দেশটির হাইফার বাইরে ভূগর্ভস্থ যোগাযোগের ছবি তুলেছে। হিজবুল্লাহর যন্ত্রপাতি ইরানে তৈরি আর ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করেছে।
আকাশে নজরদারি যত শক্তিশালী হবে, তত বেশি সুড়ঙ্গও খোদা হবে। মার্কিন বাহিনীর মন্ত্রে গেরিলা যুদ্ধ অনিয়মিত প্রকৃতির যুদ্ধ। এটা দিনে দিনে আরও ত্রিমাত্রিক হয়ে উঠছে।
ইংরেজি থেকে অনুবাদ: প্রতীক বর্ধন
দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া
রবার্ট ফিস্ক: মধ্যপ্রাচ্যবিষয়ক সাংবাদিক।