সেকেন্ড হোমওয়ালাদের ফার্স্ট হোম কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: তুলি
কার্টুন: তুলি

পৃথিবীতে দুই শ্রেণির মানুষের দেশ নেই। প্রথমত যাঁরা নিঃস্ব ও সহায়-সম্পদহীন। দেশের কাছে তাঁরা অচ্ছুত এবং অনাকাঙ্ক্ষিত। আর বিদেশ তো তাঁদের কাছে অচেনা। তাঁরা সেখানকার ভাষা জানেন না, আচার জানেন না, সংস্কৃতি জানেন না। তবু লাল-সবুজ পাসপোর্টটি সম্বল করে তাঁরা দেশে কিছু করতে না পেরে বিদেশে গিয়ে শ্রম বিক্রি করে বেঁচে থাকতে চান। কেউ পারেন, কেউ পারেন না। কারও ঠাঁই হয় জেলখানায়। কেউবা ফিরে আসেন লাশ হয়ে।
আরেক শ্রেণির মানুষ আছেন, যাঁরা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেন, কিংবা প্রভাব–প্রতিপত্তির জোরে জনগণের মুখের চামচ ছিনিয়ে নেন। দেশে যেমন তাঁরা ভিভিআইপি, তেমনি বিদেশে গিয়েও ভিভিআইপি সিআইপির মর্যাদা পান। দেশের ফার্স্ট হোম একঘেয়ে লাগলে তাঁরা বিদেশে গিয়ে সেকেন্ড হোম বানান। আমেরিকায় জ্যাকসন হাইটস কিংবা কানাডায় বেগমপাড়া ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য বিখ্যাত হয়ে উঠেছে। এই ভাগ্যবানদের মধ্যে কেউ রাজনীতিক, কেউ শিল্পপতি, কেউ সাবেক সামরিক-বেসামরিক আমলা। প্রথম জীবনে তাঁরা যত কষ্টই করুন না কেন, শেষ জীবনে সেটি পুষিয়ে নেন এবং ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিশ্চিত করেন।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার নরলিন ওথম্যান সম্প্রতি আনুষ্ঠানিকভাবে তাদের সেকেন্ড হোম কর্মসূিচর আওতায় যেসব বাংলাদেিশ সুযোগ নিয়েছেন, তার হিসাব তুলে ধরেছেন। গত ১০ বছরে দুই হাজার ৯২৩ জন বাংলাদেশি এই সুবিধা নিয়েছেন।
এটা হলো সুবিধাভোগী ধনাঢ্য গোষ্ঠীর দেশপ্রেমের নমুনা! দারিদ্র্যজর্জর বাংলাদেশ নামের ভূখণ্ডে তাঁরা জন্ম নিলেও মরতে চান বিদেশে গিয়ে। এ কারণে নব্য ধনিক শ্রেণির প্রতিনিধিরা স্বেচ্ছায় ও সজ্ঞানে দরখাস্ত দিয়ে মালয়েশিয়া, কানাডা প্রভৃতি দেশে সেকেন্ড হোম বা দ্বিতীয় নিবাস হিসেবে বেছে নিয়েছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। যে দেশটিতে তাঁরা জন্ম নিয়েছেন, বড় হয়েছেন, সেই দেশটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ মনে করেন না।
নরলিন ওথম্যানের তথ্য অনুযায়ী ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম’ কর্মসূচির সুবিধা ভোগকারী শীর্ষ তিন দেশের মধ্যে চীন ও জাপানের পরেই রয়েছে বাংলাদেশ। নারীর ক্ষমতায়নসহ অনেক কিছুতে আমরা সাফল্য দেখাতে পারলে সেকেন্ড হোম কর্মসূচিতে পিছিয়ে থাকব কেন? সত্তর দশকেও দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের চেয়ে খুব ভালো ছিল, বলা যাবে না। কিন্তু সঠিক রাজনৈতিক নেতৃত্ব ও সঠিক অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে তারা এখন এশিয়ার দুই বড় অর্থনৈতিক শক্তি হতে পেরেছে। তারা এগোচ্ছে রকেট গতিতে, আর আমরা খরগোশ গতিতে। কিন্তু আমাদের অর্বাচীন নেতৃত্ব তাতেই দারুণ আহ্লাদিত।
পরিসংখ্যান অনুযায়ী ২০০৩ সাল থেকে বাংলাদেশিরা মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচির আওতায় হিজরত শুরু করেছেন। প্রথম বছর এই সুবিধা পান মাত্র ৩২ জন। গত ১০ বছরে হিজরতকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯২৩ জনে। এটি মালয়েশীয় সরকারের হিসাব অর্থাৎ বৈধ পথে সেকেন্ড হোম বেছে নেওয়াদের তালিকা। কিন্তু অবৈধ পথে, হুন্ডি ইত্যাদির মাধ্যমে যাঁরা সেখানে বা অন্যত্র সেকেন্ড হোম খুঁজে নিয়েছেন, তাঁদের সংখ্যা হয়তো জানা যাবে না।
আওয়ামী লীগের দাবি, ২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াতের আমলে ক্ষমতাসীনেরা দেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছেন। ২০০৩ সাল ছিল বিএনপি-জামায়াতের জমানা। আওয়ামী লীগের অভিযোগ সত্য হলে আমরা ধরে নিতে পারি, সে সময়ে সরকারের আশীর্বাদপুষ্ট ব্যক্তিরা অবৈধ পথে যে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করেছেন, তার একাংশ মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচার করে দিয়েছেন। সেকেন্ড হোম বানিয়েছেন।
কিন্তু ২০০৭ সাল থেকে তো বিএনপি-জামায়াত ক্ষমতায় নেই। প্রথমে এসেছিল দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণাকারী সেনাসমর্থিত জরুরি সরকার। তাদের পর এসেছে দিনবদলের আওয়াজধারী আওয়ামী লীগ বা মহাজোট সরকার। এই সাড়ে সাত বছরে দেশের যে সম্পদ ও অর্থ পাচার হয়েছে, তার জন্য কারা দায়ী?
মালয়েশিয়ার হাইকমিশনার যে তথ্য দিয়েছেন, তাতে বলার উপায় নেই যে কেবল বাংলাদেশি জাতীয়তাবাদী কিংবা ইসলামি হুকুমতের ঝান্ডাধারীরাই মালয়েশিয়ায় সেকেন্ড হোম খুঁজে নিয়েছেন। বিএনপি আমলের ২০০৩ সালে প্রক্রিয়াটি শুরু হলেও আওয়ামী লীগের আমলে তা আরও বেগবান হয়েছে। চলতি বছর আবেদন করেছেন ২৮৫ জন। এই ২৮৫ জনের মধ্যে কারা স্বাধীনতার পক্ষের শক্তি, কারা বিপক্ষের শক্তি, সেই তথ্যটি সরকার জানালে দেশবাসী উপকৃত হবেন। যাঁরা বেনামে ও প্রবাসে বসে সেকেন্ড হোম বানিয়েছেন, তাঁদের নাম-পরিচয় জানা কঠিন হলেও যাঁরা স্বনামে এবং দেশে থেকে সেকেন্ড হোমের জন্য আবেদন করেছেন, তাঁদের খুঁজে বের করা কঠিন নয়।
প্রথম আলোর এক প্রতিবেদনে জানা গেছে, গত ১০ বছরে বাংলাদেশ থেকে এক লাখ ২৮ হাজার ২১৬ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশের যেকোনো নাগরিক মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্পে ১ দশমিক ১৭ কোটি টাকা বিনিয়োগ করে সে দেশে ১০ বছরের জন্য মাল্টিপল ভিসা পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, দেশে টাকা বিনিয়োগের চেয়ে বিদেশে দেশের টাকা পাচার সহজ হয়ে উঠেছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর ৫(১) ধারা অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কেউই দেশ থেকে টাকা বিদেশে পাঠাতে পারে না।
মালয়েশীয় হাইকমিশনার বলেছেন, দেশ থেকে টাকা পাঠানোয় কড়াকড়ি থাকায় প্রবাসী বাংলাদেশিরাই তাঁদের দেশে বেশি সেকেন্ড হোম বানাচ্ছেন। কিন্তু তিনি যে কথাটি বলেননি সেটি হলো, দেশে বসবাসকারী কতজন প্রবাসীদের নামে অবৈধ পথে অর্থ পাচার করছেন।
নিচের উদাহরণটিতে বিষয়টি স্পষ্ট হবে। মনে করুন মি. ক দেশে থাকেন এবং মি. খ বিদেশে। এখন মি. ক সেকেন্ড হোম বা বেগমপাড়া বানানোর জন্য মি. খ-এর সহায়তা চাইলেন। এরপর মি. খ মি. ক-এর প্রার্থিত দেশে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে দিলেন। আর মি. ক সেই পরিমাণ অর্থ মি. খ-এর নামে দেশে জমা দিলেন। পরবর্তীকালে মি. খ প্রবাসী হওয়ার সুযোগে সেই সম্পদের উৎস নিজের নামে দেখালেন। এতে রাষ্ট্র বিদেশে বিনিয়োগকৃত অর্থের কর থেকে বঞ্চিত হলো। আবার মি. খ যে পরিমাণ অর্থ মি. ক-এর অনুকূলে পাঠালেন, সেই পরিমাণ বৈদেশিক মুদ্রা থেকে দেশ বঞ্চিত হলো।
লেখক ও ব্যাংকার ফারুক মঈনউদ্দীন কয়েক দিন আগে প্রথম আলোতেই এক কলামে লিখেছিলেন, ‘ব্যবসায়ী-শিল্পপতি, দুর্নীতিবাজ আমলা এবং পুঁজি-লুটেরা রাজনীতিবিদদের কালোটাকার বড় অংশই বিদেশে পাচার করার ‘কালচার’ যে আগের চেয়েও অনেক বেশি দৃঢ়মূল হয়েছে, সে ব্যাপারে কারও সন্দেহ থাকা উচিত নয়। উপরন্তু, বাংলাদেশের প্রায় এক কোটি অভিবাসী শ্রমিক, পেশাজীবী ও অনিবাসী বাংলাদেশি (নন-রেসিডেন্ট বাংলাদেশি, সংক্ষেপে এনআরবি) যেসব পদ্ধতিতে দেশে রেমিট্যান্স পাঠিয়ে থাকেন, সেগুলোই পুঁজি পাচার এবং মানি লন্ডারিংকে (বা কালোটাকা ধৌতকরণকে) দিন দিন সহজ করে দিচ্ছে।
অর্থনীতিবিদ মইনুল ইসলাম লিখেছেন, দুঃখজনক হলেও সত্য, গত ৪৩ বছরে এ দেশে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণে প্রতিটি

সরকারই কম-বেশি অবদান রেখে চলেছে। ১৯৭৮-৮০ এই তিন বছরে পাঁচ লাখ জনসংখ্যার শহর ন্যাশভিলে বাংলাদেশ থেকে প্রায় ১৫টি পরিবার গিয়ে বসতি স্থাপন এবং ব্যবসাপাতি গড়ে তুলতে দেখেছিলাম তদানীন্তন মার্কিন সরকারের নীতির সুবিধা গ্রহণ করে—ন্যূনপক্ষে ৪০ হাজার ডলার পুঁজি নিয়ে গিয়ে ওই দেশে বিনিয়োগ করলে পুরো পরিবারকে গ্রিন কার্ড দেওয়া হতো। তঁার মতে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এখনো সারা বিশ্ব থেকে পাচারকৃত পুঁজির সবচেয়ে বড় ‘নিরাপদ গন্তব্য ও আশ্রয়স্থল’ বা ‘সেফ হ্যাভেন’। কিন্তু ২০০১ সালের নাইন-ইলেভেনের পর যুক্তরাষ্ট্র অভিবাসীদের ব্যাপারে এখন অনেক বেশি কড়াকড়ি আরোপ করায় বাংলাদেশের পলাতক পুঁজির গন্তব্য হিসেবে কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, দুবাই, দক্ষিণ আফ্রিকা, হংকং, সিঙ্গাপুর, কেনিয়া, উগান্ডা, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
বাংলাদেশের ভিভিআইপিরা বৈধ-অবৈধ পথে যে হারে সম্পদ কামাচ্ছেন, বিভিন্ন ভুয়া ব্যবসার নামে ব্যাংকের টাকা লুটপাট করছেন, তাতে বিদেশে পাচার হওয়া অর্থের পরিমাণ হাজার কোটি কেন, লাখ কোটি ডলার হলেও অবিশ্বাস করার কিছু নেই।
আমাদের দেশদরদি সরকার যখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানা রকম ছাড় দিচ্ছে, একটার পর একটা বিশেষ অর্থনৈতিক জোন গঠনের ঘোষণা দিচ্ছে, সিঙ্গাপুর–লন্ডনে রোড শো করছে, তখন দেশীয় বিনিয়োগকারীরা কেন বিদেশে গিয়ে সেকেন্ড হোম বানাচ্ছেন? এর একটি কারণ, অবশ্যই লুটেরা-পুঁজিপতিদের দেশপ্রেমে মারাত্মক ঘাটতি। দ্বিতীয়ত, যাঁরা বিনিয়োগের আহ্বান জানাচ্ছেন, অর্থাৎ এখানকার সরকারের প্রতি তাঁদের অনাস্থা। গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে যেখানে চালু শিল্পকারখানার উৎপাদনক্ষমতার এক-তৃতীয়াংশ কাজে লাগানো যাচ্ছে না, সেখানে নতুন কারখানা প্রতিষ্ঠায় ব্যবসায়ীরা ভরসা পাবেন কীভাবে? এ দেশে পুঁজি পাচারের হাজারটা উপায় আছে, কিন্তু সৎভাবে ব্যবসা করতে গেলেই তাঁদের নানা রকম হয়রানি ও ভোগান্তির শিকার হতে হয়।
বাংলাদেশের স্বাধীনতার সুফল একেক শ্রেণির মানুষ একেকভাবে ভোগ করেন। কৃষক উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পেলেই খুশি। মাথার ঘাম পায়ে ফেলা শ্রমিক চান ন্যূনতম ন্যায্য মজুরি। আর যাঁরা জীবন-জীবিকার জন্য বিদেশে যান, তাঁরা স্বাধীনতার সুফল বলতে বোঝেন প্রতারিত না হওয়া।
আরেক শ্রেণির মানুষ স্বাধীনতার সুফল ভোগ করছেন ক্ষমতার চরম অপব্যবহারের মাধ্যমে। তাঁদের নীতি হলো সবকিছু লুটেপুটে খাও আর বিদেশে পাচার করো। তাঁরা দেশ চালান, সরকার চালান, এমনকি দেশের মানুষ কীভাবে কথা বলবে, কীভাবে চলবে, অহরহ সেই নসিহতও দেন। দেশের ভেতরে তাঁদের সুযোগ–সুবিধার অভাব নেই। তবু বিদেশে একটি বাড়ি এবং ব্যবসা–বাণিজ্যের জন্য মরিয়া হয়ে ওঠেন তাঁরা।
সরকার যদি সত্যিই বিদেশে অর্থ পাচার বন্ধ করতে চায়, তাহলে তাদের উচিত হবে, যেসব বাংলাদেশি মালয়েশিয়ায়, যুক্তরাজ্যে, যুক্তরাষ্ট্রে, কানাডায়, অস্ট্রেলিয়ায় ও আবুধাবিতে সেকেন্ড হোম নির্মাণ করেছেন, তাঁদের নাম ঠিকানা এবং গত ১০-২০ বছরের সম্পদ ও আয়করের হিসাব জনসমক্ষে প্রকাশ করা।
কীভাবে তাঁরা এত বিপুল সম্পদের মালিক হলেন, কীভাবে সেই অর্থ বিদেশে পাচার করে সেকেন্ড হোম করলেন, সেটি জানার অধিকার নিশ্চয়ই জনগণের আছে।
মালয়েশিয়ায় অতি ভাগ্যবান দুই হাজার ৯২৩ জন বাংলাদেশির খবর আমরা মালেয়শিয়ার হাইকমিশনারের বরাতে জানতে পারলাম। কিন্তু অন্যান্য দেশে সেকেন্ড হোমওয়ালাদের খবর জানার উপায় কী?
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]