সেচের নতুন সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ মন্ত্রণালয় ‘সাসটেইনেবল রিনিউএবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি’ (স্রেডা) গঠন করেছে। স্রেডা ২০২০ সালের মধ্যে সারা দেশে পাঁচ লাখ ‘সোলার পাম্প’ স্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে। সরকার দেশে গ্রিড বিদ্যুতের পাশাপাশি পরিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং কৃষিতে সেচের জন্য বিদ্যুৎশক্তি ও ডিজেলচালিত প্রায় ১৭ লাখ পাম্প পর্যায়ক্রমে সোলার পাম্প দিয়ে প্রতিস্থাপন করতে চায়। ইতিমধ্যে সারা দেশে ২০০-এর বেশি সৌরশক্তিচালিত সেচপাম্প বা সোলার পাম্প স্থাপিত হয়েছে। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামে স্থাপিত হয়েছে তেমনি তিনটি সোলার পাম্প। মাঠে মাঠে
ধানের খেতগুলো অপেক্ষায় আছে কৃষক শিগগিরই ফসল তুলবে, নবান্নের আয়োজনে মেতে উঠবে। সোলার পাম্প কেমন চলছে দেখতে গত সপ্তাহে তাই পোড়াদহের তেঘরিয়া গ্রাম ঘুরে এলাম।
দেশে ক্রমেই সংকুচিত হয়ে আসা চাষযোগ্য কৃষিজমিতে এখন উদ্বৃত্ত ফসল ফলে। এ ক্ষেত্রে কৃষিপ্রযুক্তির বিকাশ ও তার ব্যবহার, সেচের আওতায় বর্ধিত কৃষিজমির ভূমিকা উল্লেখযোগ্য। এখানকার মাঠে ফসলের খেতে সেচের পানি পেতে গতানুগতিক ডিজেলচালিত অগভীর নলকূপের পাশাপাশি সৌরবিদ্যুৎ-চালিত নলকূপ ব্যবহার করা হচ্ছে। স্থাপিত সোলার পাম্প তিনটির প্রতিটি ১৩ কিলোওয়াট বিদ্যুৎশক্তির পাম্প। সারা দিনে প্রতিটি পাম্প প্রায় ১৫০-১৮০ লাখ লিটার পানি ভূগর্ভের ২৪০ ফুট গভীরে অবস্থিত জলস্তর থেকে টেনে তুলছে। প্রতিটি পাম্পের উত্তোলিত পানি ১২৫ বিঘা জমিতে সরবরাহ করছে সারা দিন বিরতিহীন। সূর্য অস্ত গেলে পাম্পও বন্ধ থাকে, কেননা সোলার পাম্পের সঙ্গে স্থাপিত সোলার প্যানেলগুলো সূর্যের আলোতে সরাসরি বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে পাম্প চালায়। প্রতিটি পাম্পের সঙ্গে স্থাপিত প্যানেল ১৯.২ কিলোওয়াট বিদ্যুৎশক্তি উৎপাদনে সক্ষম। সূর্যের আলো ছাড়া এখানে কোনো জ্বালানি যেমন দরকার নেই, তেমনি পাম্প চালু করে দিয়ে এর পাশে কারও বসে থাকারও দরকার নেই।
বাংলাদেশ ইতিমধ্যে গ্রিড এলাকার বাইরে ‘সোলার হোম সিস্টেমস’ স্থাপনে বিশ্ববাসীর নজর কেড়েছে। ২০০৩ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত স্থাপিত প্রায় ৪০ লাখ সোলার হোম সিস্টেমস দেশের শহর, গ্রাম, দোকান, কুটিরশিল্পে, নৌকায় রাতের আঁধার সরিয়ে বিদ্যুতের আলো ছড়াচ্ছে। গ্রিড বিদ্যুৎ যেখানে যায়নি, সেখানে মোবাইল ফোন, টেলিভিশন সচল রাখার শক্তি জোগান দিচ্ছে। এককভাবে সামান্য বিদ্যুৎ উৎপাদন এবং সঞ্চয়ে রেখে তা দীর্ঘ সময় ব্যবহারের ব্যবস্থা হলেও সম্মিলিতভাবে স্থাপিত সোলার হোম সিস্টেমস দেশে প্রায় ১৪৫ মেগাওয়াট পরিমাণ বিদ্যুতের জোগান দিচ্ছে। ২০১৭ সাল নাগাদ দেশে ৬০ লাখ সোলার হোম সিস্টেমস স্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

>সোলার পাম্প কাঙ্ক্ষিত পরিমাণ স্থাপন করা গেলে সেচের জন্য স্থাপিত দেশের প্রায় ১৩ লাখ ডিজেল পাম্প পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা সম্ভব হবে

তেঘরিয়া গ্রামে স্থাপিত সোলার পাম্পের চেয়ে বড় বা ছোট সোলার পাম্পও দেশের বিভিন্ন স্থানে বসেছে। পাম্পের পানি উত্তোলন ক্ষমতা অনুযায়ী তার সেচসুবিধা দেওয়ার ক্ষমতা নির্ধারিত হয়। এখানকার মাঠের অভিজ্ঞতা থেকে ‘ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনে’র চেয়ারম্যান দীপাল বড়ুয়া বললেন, সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে সেচের পাম্প চালানো, উত্তোলিত পানি ভূগর্ভস্থ নালা
দিয়ে জমিতে পৌঁছে দেওয়ার আয়োজন সম্পন্ন করতে প্রায় ১০ শতক জায়গা দরকার হয়। ১২৫ বিঘা জমিতে সোলার পাম্প দিয়ে সেচ দেওয়ার জন্য এখন অবধি এককালীন প্রায় ৪৫ লাখ টাকা বিনিয়োগ দরকার। ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের এই সোলার পাম্প স্থাপনে আর্থিক সহায়তা করেছে সরকারের প্রতিষ্ঠান ‘ইডকল’। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই বিনিয়োগ কয়েক বছরেই তুলে আনা সম্ভব।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশে ফসলের জমিতে সেচ দেওয়ার জন্য প্রায় ১৭ লাখ পাম্প স্থাপিত হয়েছে, যার মধ্যে ৮৩ শতাংশ ডিজেলচালিত পাম্প এবং অবশিষ্ট ১৭ শতাংশ বিদ্যুৎ-চালিত পাম্প। সেচ মৌসুমে সেচের পাম্প চালু রাখতে বছরে প্রায় ১ হাজার ৫০০ মেগাওয়াট পরিমাণ বিদ্যুৎ ও প্রায় ৯ লাখ টন জ্বালানি ডিজেল প্রয়োজন হয়। প্রায় ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দেশে সেচের জন্য নিরবচ্ছিন্নভাবে বিদ্যুতের জোগান দেওয়া তাই বড় চ্যালেঞ্জ। অপরদিকে, জীবাশ্ম জ্বালানি ডিজেল পুড়িয়ে বিপুলসংখ্যক অগভীর নলকূপ চালানোর ফলে ক্রমাগত ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড উদ্গীরিত হয়ে বায়ুমণ্ডলে মিশছে। সোলার পাম্প স্থাপনের মাধ্যমে ব্যয়বহুল ডিজেল ও ব্যাপক চাহিদার ‘গ্রিড বিদ্যুৎ’ সাশ্রয় এবং পরিবেশ রক্ষা উভয়ই সম্ভব।
এলাকার কৃষকও সোলার পাম্প নিয়ে বেশ উজ্জীবিত। নতুন এই প্রযুক্তির দিকে শুরুতে খানিক বিস্ময়ে-সংশয়ে তাকালেও এখন প্রকৃতির উদার হাতে বিলিয়ে দেওয়া সূর্যের আলোর মতোই অনায়াসে ফসলের জমিতে সেচের পানি গড়িয়ে আসতে দেখে ভালোই লাগছে এখানকার কৃষক, চাষিদের। কেবল ধান নয়, কৃষক সেচের পানি ব্যবহার করছেন কলার বাগানে। পরিকল্পনা করছেন, সহজেই যখন সেচের পানি মিলছে, ধান কাটা হয়ে গেলে রবিশস্যের চাষে মনোযোগ দেবেন। তবে, কৃষকের আশা ডিজেলচালিত পাম্প দিয়ে সেচের চেয়ে এখন চাষবাসে খরচ কম হবে।
সোলার পাম্প কাঙ্ক্ষিত পরিমাণ স্থাপন করা গেলে সেচের জন্য স্থাপিত দেশের প্রায় ১৩ লাখ ডিজেল পাম্প পর্যায়ক্রমে প্রতিস্থাপন করা সম্ভব হবে। সোলার পাম্প স্থাপনে সম্পৃক্ত এনজিও এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌক্তিক দাবি, সেচ মৌসুমের পর সোলার পাম্পের সঙ্গে বসানো সোলার প্যানেল যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তা যেন যৌক্তিক মূল্যে গ্রিডে সরবরাহ করার সুযোগ দেওয়া হয়। তা ছাড়া, যেখানে গ্রিড সংযোগ জটিল, সোলার পাম্পের উদ্বৃত্ত বিদ্যুৎ সেখানকার ধানমাড়াই, কুটিরশিল্পে ব্যবহারের উপায় নিয়ে ভাবা হচ্ছে, উদ্যোগগুলো সফল হলে আগামী কয়েক বছরে সারা দেশে সোলার পাম্প গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান হয়ে সামনে আসবে।
ড. মুশফিকুর রহমান, খনি প্রকৌশলী। জ্বালানি ও পরিবেশবিষয়ক লেখক।