মিসরজুড়ে নৈরাজ্য চলছে। অবনতি ঘটছে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির। জনগণ ২০১১ সালের জানুয়ারির অভ্যুত্থানের লক্ষ্য অর্জনে মুসলিম ব্রাদারহুড সরকার এবং এর প্রতিনিধি প্রেসিডেন্ট মুরসির ব্যর্থতায় হতাশ। ২০১১ সালে মোবারককে অপসারণের পর ইসলামপন্থী ও সামরিক প্রশাসন উভয়েই দেশ পরিচালনায় যারপরনাই ব্যর্থ হয়েছে।বিপ্লবোত্তর মিসরকে গণতান্ত্রিক, বেসামরিক ও আধুনিক রাষ্ট্র হিসেবে পরিচালনার জন্য দেশকে যে পথে পরিচালনা করা দরকার ছিল, যেভাবে রাষ্ট্রের ভিতগুলো আরও শক্ত করা দরকার ছিল, তা তো হয়ইনি; বরং সহিংসতা, লুটপাট আর আইনহীনতা পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।এসব হতাশাজনক পরিবর্তনের পাশাপাশি এখন দেশের বিভিন্ন শহরে শুরু হয়েছে গণ-অসহযোগ। সেই সব নগরের বেপরোয়া নাগরিকেরা মনে করছে, সরকার তাদের কথা শুনছে না, তাদের পাশে দাঁড়াচ্ছে না।এসব রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নৈরাজ্যের মুখে ক্রমেই জোরালো হচ্ছে সেনাবাহিনীকে ক্ষমতায় ফিরে আসার আহ্বান। সেনাবাহিনী দেশের মর্যাদা, অর্থনীতির সামর্থ্য ও গৃহযুদ্ধের পরিস্থিতি ঠেকিয়ে দিয়ে দেশকে বাঁচাবে—এসব ডাকের মধ্যে এমন আশা নিহিত আছে। ১৯৫২ সাল থেকেই মিসর সেনাশাসনে ছিল। প্রথম সামরিক অভ্যুত্থানের পর দেশটিকে প্রজাতন্ত্র ঘোষণা করা হলেও, সব প্রেসিডেন্টই ছিলেন বেসামরিক পোশাক পরিহিত সেনানায়ক। ২০১২ সালে মুরসির ক্ষমতায় আরোহণের মধ্য দিয়ে মিসর প্রথম বেসামরিক প্রেসিডেন্ট পায়।এই মার্চে মিসর যখন ভঙ্গুর অর্থনীতি ও রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তখন সামনে এগিয়ে আসছে সংসদ নির্বাচন। এ রকম সময়েই বন্দরনগর পোর্ট সৈয়দের নাগরিকেরা দ্বিতীয় সপ্তাহের মতো গণ-অসহযোগের মধ্যে সেনাবাহিনীকে ক্ষমতা নেওয়ার নিরাশাজনক আহ্বান জানাচ্ছে।সরকারের সঙ্গে শহরবাসীর সহিংসতা শুরু হয় আদালতের একটি রায় থেকে। ফুটবল খেলাকে কেন্দ্র করে সহিংসতায় বেশ কয়েকজন মারা যাওয়ার ঘটনায় আদালত এই রায় দেন। কিন্তু শহরবাসী মনে করে, আদালতে শাস্তিপ্রাপ্ত তাদের সন্তানদের প্রতি অবিচার করা হয়েছে। ইতিমধ্যে এর বিরুদ্ধের সহিংসতায় মারা গেছে ৫০ জন। অন্যান্য দাবির পাশাপাশি শহরবাসী এখন চায়, মুরসি সরকারিভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করুন।সহিংসতা দমানো এবং শহরবাসীকে থামাতে মুরসি পোর্ট সৈয়দে জরুরি অবস্থা জারি করেছেন, ঘোষণা করেছেন কারফিউ। কিন্তু নগরবাসী এই পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট ও তাঁর ইসলামপন্থী প্রশাসনের কাজকর্মে ক্ষিপ্ত হয়ে সেনাবাহিনীকে আবার ক্ষমতায় ফিরে আসার বৈধতাও দিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা মুসলিম ব্রাদারহুড সরকারকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। তারা এখন আশা করছে, সেনাবাহিনীর হস্তক্ষেপে সহিংসতা কমবে এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক পরিস্থিতির অবনতি ঠেকানো যাবে। মিসরের মর্যাদা ফিরিয়ে আনতে তারা তাই সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের ডাক দিচ্ছে।একইভাবে, হাজার হাজার কায়রোবাসী ছুটির দিনে নাসের সিটিতে জড়ো হয়ে ব্রাদারহুডকে অপসারণ করে সেনাবাহিনীকে ক্ষমতা নেওয়ার ডাক দিয়েছে। তাদের বিরাট ব্যানারে প্রতিরক্ষামন্ত্রী আবদেল ফাতাহ আল-সিসির প্রতি আহ্বান করা হয়েছে, তিনি যাতে সেনাবাহিনীর ‘ব্রাদারহুডকরণ’ ঠেকিয়ে দেন। মুরসি নির্বাচিত হওয়ার পর থেকে অনেক নাগরিকই সেনাবাহিনীর রূপান্তরের আশঙ্কা করেছিল। তারা মিসরের প্রত্নতাত্ত্বিক সম্পদ তথা গিজার পিরামিড ও লুক্সরের মন্দির রক্ষায় এগিয়ে আসার জন্যও সেনাবাহিনীকে বলেছে। সম্প্রতি এসবের বিরুদ্ধে ইসলামপন্থীরা বিচিত্র মন্তব্য করার অভিঘাতে এই আহ্বান জানানো হয়। জনতা সেখানে ব্রাদারহুডের ইসলামি রাষ্ট্রের বদলে সিভিল রাষ্ট্র দাবি করেছে।এ সবই ঘটছে এমন এক সময়ে, যখন মিসর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার ঋণ পাওয়ার চেষ্টা করছে, যখন পর্যটকদের আগমন কমে এসেছে, বিনিয়োগ হাওয়া হয়ে গেছে এবং মুদ্রাস্ফীতির জন্য জ্বালানি সরবরাহ কমে গেছে। ইতিমধ্যে বিপর্যস্ত অর্থনীতিতে বাজেটের ঘাটতিও গেছে বেড়ে।২০১১ সালের যে অভ্যুত্থানে হোসনি মোবারকের পতন হয়েছিল, তার পরে মিসরীয় পাউন্ডের মূল্য ১৪ শতাংশ কমে গেছে। একই সঙ্গে আইএমএফের পাশাপাশি বিদেশি ঋণ পাওয়াও হয়ে পড়েছে দুঃসাধ্য। বেকারত্ব বাড়ছে, নিরাপত্তাহীনতা পৌঁছেছে সর্বনিম্ন অবস্থায়।অর্থনৈতিক দুর্দশার দিকে তাকানোর সুযোগ পাচ্ছেন না মিসরের রাজনীতিবিদেরা। তাঁরা এখন ব্যস্ত আছেন সংবিধান লেখা নিয়ে দ্বন্দ্বের মধ্যে। এই সংবিধান লিখিত হয়েছে সংকটকালীন পরিবেশে ইসলামপন্থী নিয়ন্ত্রিত গণপরিষদে। সব মিলিয়ে ব্রাদারহুড সরকার কোনো সমস্যারই সমাধান করতে পারছে না।বিক্ষোভকারীরাই কেবল নয়, মিসরের বুদ্ধিজীবীরাও টেলিভিশন ও সংবাদপত্রে সেনাবাহিনীকে ফিরে আসতে বলছেন। এঁদের মধ্যে অন্যতম হলেন লেখক লামিস গাবের, যিনি প্রতিরক্ষামন্ত্রীকে চিঠি লিখে জাতীয় নিরাপত্তার আসল হুমকিগুলো কী, তা জানিয়েছিলেন।গাবের লিখেছিলেন, আইনের শাসন না থাকা যদি জাতীয় নিরাপত্তার হুমকি হয়, তাহলে পুলিশ সংস্থার অপব্যবহার, নারী ধর্ষণ, পুরুষদের প্রকাশ্যে নগ্ন করা এবং আর যেসব গর্হিত কার্যকলাপ এখন মিসরে ঘটছে, সেগুলোও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। মিসরে গত কয়েক মাসের পরিস্থিতির সাক্ষ্য এসব ঘটনা।এর মধ্যে মিসরের প্রখ্যাত বিরোধী নেতা, প্রধান বিরোধীদলীয় জোটের নেতা মোহামেদ এলবারাদেই ঘোষণা করেছেন, তাঁদের ন্যাশনাল সলভেশন ফ্রন্ট আসন্ন নির্বাচনে অংশ নেবে না। কারণ, সেটাও হতে যাচ্ছে মোবারক আমলের নির্বাচনের মতোই সাজানো ও অর্থহীন। তিনি আরও যোগ করেছেন, নির্যাতনের বাড়াবাড়ি এবং সামাজিক ন্যায়বিচারের ঘাটতি ও নৈরাজ্য হলো অনেক কারণে অন্যতম, যার কারণে সেনাবাহিনী হয়তো আবার মিসরের শাসনক্ষমতায় আসতে পারে।বিরোধীদলীয় ফ্রন্টের অন্য গুরুত্বপূর্ণ নেতা হামদিন সাবাহি সামরিক বাহিনীর ক্ষমতায় ফিরে আসাকে সম্পূর্ণ নাকচ করেছেন। তিনি সেনাবাহিনীকে রাজনৈতিক দৃশ্যপটের সম্পূর্ণ বাইরে থাকার আহ্বান জানিয়েছেন। তা হলেও তিনি জোর দিয়ে রাষ্ট্রের ‘ব্রাদারহুডকরণ’ প্রত্যাখ্যানও করেছেন।রাজনৈতিক সংগঠক ও বিশ্লেষক আমর হামজাবিও একইভাবে সেনাবাহিনীর প্রত্যাবর্তনের বিরোধিতা করে বলেছেন, সেটা হবে সামরিক অভ্যুত্থান এবং মিসরকে তার আগে অবশ্যই এমন এক বেপরোয়া অবস্থায় পৌঁছাতে হবে, যেখানে জনগণ এ রকম সমাধান চাইতে পারে।মোবারকের হাত থেকে ক্ষমতা হস্তান্তরের রূপান্তরকালীন অবস্থায় সামরিক পরিষদের কাজকর্ম ছিল হতাশাজনক। এবং আমাদের মোটেই ভুললে চলবে না যে মিসরের সেনাবাহিনীকে তার শ্রদ্ধাপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান ধরে রাখতে হবে। আমাদের ভুললে চলবে না যে মোবারক-পরবর্তী মিসরে সামরিক জেনারেলরা মিসরকে পরিচালনায় ব্যর্থ হয়েছিলেন। এ-ও ভোলা উচিত নয়, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ২৫ জানুয়ারির বিদ্রোহের সময় সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে জনগণের পাশে দাঁড়িয়েছিল। যদিও সত্য যে এর এই পক্ষপাত ছিল ঝুঁকিপূর্ণ। কেননা, এতে করে প্রতিষ্ঠানটি দ্বিধাবিভক্ত হওয়ার ঝুঁকিতে পড়তে পারত। তা হলেও এর কুশলী আচরণ ও পেশাদারির কারণে সেই বিপত্তি ঘটেনি।আমার আশঙ্কা হয়, সেনা হস্তক্ষেপ কোনো রাজনৈতিক সমাধান তো নয়ই, বরং তা হবে গৃহযুদ্ধের কাছাকাছি হওয়া থেকে বাঁচতে এক মরিয়া চেষ্টা। আমার আরও আশঙ্কা হয়, এর জন্য চড়া মূল্য দিতে হতে পারে আমাদের সন্তানদের। হয়তো এর মূল্য হিসেবে তাদের জীবন ও ভবিষ্যৎকে বিসর্জন দিতে হবে।এমনকি সেনাবাহিনী যদি ‘রাজনীতি করতে’ চায়ও, দেশকে বাঁচানো তখন হয়ে উঠবে আরও অসম্ভব।বিশেষভাবে প্রথম আলোর জন্য রচিত, ইংরেজি থেকে অনূদিত কামাল গাবালা: মিসরের বহুলপ্রচারিত আল আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক।