সেরা টিমের সেরা সমর্থক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিম যত সমৃদ্ধ হয়, সমর্থক তত বেশি উদার হয়
টিম যত সমৃদ্ধ হয়, সমর্থক তত বেশি উদার হয়

এই চ্যাম্পিয়নস ট্রফি একবার আমাদের দেশে অনুষ্ঠিত হয়েছিল। সেবার যোগ্যতা প্রমাণ ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। আফসোস নিয়ে আমরা সেদিন অন্যদের খেলা দেখেছি আর লগ্নের আশায় দিন গুনেছি। লারা, হেইডেন, টেন্ডুলকার, ক্যালিস, ক্রিসকেইন, ম্যাকগ্রা, ওয়াসিম, ওয়ালস, পোলকদের যুগে আমরা ছিলাম বেশ অনগ্রসর। আমাদের দু-একটা সফলতা কে তখন ‘আপসেট’ হিসেবেই গণ্য করা হতো। আর তাতেই আমরা তৃপ্তির ঢেকুর তুলতাম।

সত্যি, তখন এই মনস্তাত্ত্বিক খেলাটায় আমরা এতটা রপ্ত হইনি। ফলে প্রফেশনালিজমের চেয়ে ইমোশনালিজমটা বেশি কাজ করত। আমাদের আত্মবিশ্বাসের পারদ ছিল অনেক নিচে। কী সাংঘাতিক! একসময় আমরা টানা দুই বছর শুধু হেরেই গেছি। প্রতিপক্ষ কেনিয়া, জিম্বাবুয়ে, হল্যান্ড বা আয়ারল্যান্ড হলেই বেশ উদ্দীপ্ত হয়ে উঠেছি। এই সেদিনও এক বিদেশি ক্রিকেটার আমাদের ‘পাড়ার টিমের’ কালিমা উপহার দিয়ে গিয়েছিল। এক দিকপাল কমেন্টেটর আমাদের ফিউচার পাকিস্তান বা মোস্ট আন কন্সিসটেন্ট টিমের উপমায় ভূষিত করে গেছেন।

দাঁতে দাঁত চেপে আমরা সব সহ্য করেছি আর দিন গুনেছি। অবশ্য, ক্রিকেটের প্রতি বাঙালির এই বিশাল আবেগের স্থানটা তখনো তাবৎ বিশ্বই জানত। কিন্তু বঙ্গদেশের খর্বকায় ছেলেরা কীভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে লড়বে, তা নিয়ে তাদের ছিল মহা সংশয়। অনেকে আমাদের ক্রিকেটের অন্তর্ভুক্তিকে ক্রিকেট বিশ্বে ‘ক্ষমতা রাজনীতির’ পার্শ্বফল হিসেবেও দেখতে চেয়েছিল। তখন প্রতিটি খেলার পর আমরা অনেকের উপহাসের পাত্রে পর্যবসিত হতাম। আমাদের টিম ক্যাপ্টেনদের বিমর্ষ মুখের দিকে তাকানো যেত না। আমরাই জানি আমাদের তখনকার কষ্ট আর বেদনা।

তবে, বাঙালির বুকে ছিল পূর্বপুরুষের ‘সংগ্রাম থেকে স্বাধীনতা’ অর্জনের সাহস। আমরা বিশ্বাস রেখেছিলাম টাইগারদের সামর্থ্যের ওপর। এমনকি ‘আইসিএল’ নামে এক ঘূর্ণিঝড়ের প্রলয়কাণ্ডে যখন আমাদের প্রথম সারির অধিকাংশ ক্রিকেটার দেশের সঙ্গে ‘বিট্রে’ করল, তখনো আমরা মাশরাফিসহ অনেক টাইগারের মুখপানে চেয়ে বিশ্বাসের বাতিটা প্রজ্বলিত রেখেছি। এই চরম বিশ্বাসই সাকিব-রিয়াদ-তামিম-মুশফিকদের লড়াকু জেনারেশনে রূপান্তরিত হলো। তখন কে জানত, একদিন এরা দৌর্দণ্ড প্রতাপে দাপিয়ে বেড়াবে বিশ্ব ক্রিকেট পরিমণ্ডল।

সময় বদলেছে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফিতে দীর্ঘ ১১ বছর পর অংশগ্রহণ সর্বোচ্চ প্রাপ্তি হওয়ার কথা ছিল, সেখানে আমরা আজ সেমিফাইনালের সেরা চারে। বঙ্গ শার্দূলরা আজ বিশ্ব ক্রিকেটে সমীহের পাত্র। আর সমর্থক...দেশে কি বিদেশে যেখানেই তাকান, লাল-সবুজের সমারোহ। সংখ্যাতত্ত্বেও আজ আমরা ক্রিকেটের প্রথম দিককার সমর্থকগোষ্ঠী।

সময়ের সঙ্গে আমাদের ক্রিকেট অঙ্গন অনেক এগিয়েছে। আজকাল যেকোনো মা-বাবা তাঁর সন্তানকে ক্রিকেটের অংশ ভেবে গর্ববোধ করেন। আমাদের টাইগার্স এখন ন্যাশনাল হিরো। তবে এই এগিয়ে যাওয়ার পথে আমরা সমর্থকেরা মনে হয় একটু পিছিয়ে পড়েছি। অবশ্য আবেগপ্রবণ বাঙালির ভালো-মন্দের কিছুটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই আবেগের মাত্রা অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায়। আকাশকুসুম চিন্তায় ডুবে আমরা অনেক ভুল করি। আমরা ভুলে যাই, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’।

সম্মান পেতে হলে আগে সম্মান দেখানো শিখতে হয়। খেলার আগে বা পরে ইন্টারনেটে বিভিন্ন ট্রল, ছবি, কার্টুন আর ভিডিও দিয়ে আমরা প্রতিপক্ষের সঙ্গে প্রায় যুদ্ধ ঘোষণা করে বসি। অনেক সময় তা শিষ্টাচারের সীমা লঙ্ঘন করে যায়; যা অন্যদের কাছে আমাদের অগ্রহণযোগ্য করে তোলে। অন্যের ভুলের শিক্ষা না নিয়ে, আমরা চেষ্টা করি আরও বড় ভুল করে তা ছাপিয়ে যেতে। সাইবার স্পেসে এই ভুলগুলো আমাদের জাতিগতভাবে হেয় করে।

খেলাধুলা সুস্থতার প্রতীক। আর ক্রিকেট শুধুই একটা খেলা। কোনটা উচিত বা কোনটা অনুচিত, তা মাঠে যাঁরা আছেন, তাঁদের ভাবতে দিন। আমি-আপনি কোনোভাবেই তাঁদের চেয়ে বেশি জানি না। অথচ প্রায়ই আমরা প্রাগৈতিহাসিক সমর্থকদের মতো খুনে মেজাজে খেলা দেখি। বাস্তব আর অবাস্তবের ফারাকটা বুঝি ঠিক, কিন্তু মানতে চাই না। খারাপ ফলাফলের কারণে আমরা প্রায়ই খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে আক্রমণ করি। অনেক সময় তা খেলোয়াড়দের পারিবারিক জীবন অবধি পৌঁছে যায়। আমাদের মনে রাখতে হবে, কোনো খেলোয়াড় স্বেচ্ছায় মন্দ খেলে না। আর অফ ফর্মে একজন খেলোয়াড় যখন দ্বিধাগ্রস্ত, তখন যদি তাকে উৎসাহ দিতে না পারেন, তবে ধ্বংস করতে চাইছেন কেন? ব্যাপারটা নিজ পায়ে কুড়াল মারার শামিল। চার-ছক্কার ফুলঝুরিতে যদি আপনি মাঠে উল্লাসে ফেটে পড়তে পারেন, তাহলে খেলা খারাপ হলে বিতৃষ্ণা নিয়ে গ্যালারি ছেড়ে চলে আসবেন কেন? অথচ টিমের খারাপ সময়ে আপনার সমর্থনটার প্রয়োজন ছিল সবচেয়ে বেশি। থাকুন না এই সময়ে। একটা টার্নিং পয়েন্টে টিম কীভাবে ঘুরে দাঁড়ায়, তা উপভোগ করার চেয়ে ভালো কিছু নেই।

টিম স্পিরিট বা খেলাধুলার আদর্শ আমরা অনেকেই বুঝতে চাই না। খেলাধুলাকে ভিন্ন খাতে প্রবাহিত করে নিজের কুরুচি জাহির করা বা শেয়ার করে একে উৎসাহিত করা অপরাধের শামিল। ক্রিকেট আমাদের ধৈর্যশীল হতে শেখায়। অথচ আমরা সামান্য বিচ্যুতিতে প্রচণ্ড রিঅ্যাক্ট করি। ভুলে যাই, খেলা শেষে এই আবেগ ফানুসের মতো হারিয়ে যাবে।

এবার সেমিফাইনাল প্রসঙ্গ। খেলাটা যেহেতু ভারতের সঙ্গে, সুতরাং আমাদের প্রচলিত কিছু বাস্তবতা অনুধাবন করতে হবে। আমাদের প্রত্যেকের ঘরে ভারতীয় স্যাটেলাইট চ্যানেলের প্রাধান্য। নিজেদের শিল্পীদের গান না শুনে আমরা ভারতীয় অখ্যাত শিল্পী দেখলেও মুগ্ধ হয়ে যাই। বিশাল বাণিজ্যঘাটতি জেনেও আমরা দেশি পণ্য না কিনে চোরাই পথে আসা ভারতীয় পণ্য কিনি। করপোরেট সেক্টরে দেশের পরিবর্তে ভারতীয়দের আমরা দ্বিগুণ বেতনে চাকরি দিই। এত কিছুর পরও যখন ভারতের সঙ্গে ক্রিকেট খেলা হয়, তখন সব ছাপিয়ে দেশপ্রেম মুখ্য হয়ে ওঠে। আমরা আমাদের অনেক অচরিতার্থতা ক্রিকেট দিয়ে জয় করতে চাই। ওদের ‘মওকা মওকা’র জবাবে আমরাও বানাই ‘ব্যাম্বু ইজ অন’ জাতীয় বিজ্ঞাপন। বাস্তবে এগুলোর সঙ্গে ক্রিকেটীয় সংযোগ নেই। অনেকে এসবে ইন্ধনও জোগান। অনেকে গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে তৈরি করে অস্থিরতা। অথচ দেশপ্রেম কখনোই অন্যকে ঘৃণা করতে শেখায় না।

ক্রিকেট বিশ্বে আমাদের সাফল্যের যাত্রা মাত্র শুরু হলো—যা চলবে শতাব্দীর পর শতাব্দী। এই মুহূর্তে র‍্যাঙ্কিংয়ে আমরা হয়তো ছয় নম্বর হতে পারি। কিন্তু সমর্থক হিসেবে এক নম্বর হতে আমাদের কোনো বাধা নেই। টিম যত সমৃদ্ধ হয়, সমর্থক তত বেশি উদার হয়। আসুন, আমরা ক্রিকেটীয় আদর্শে নিজেদের রপ্ত করার চেষ্টা করি। জেন্টেলম্যান গেম উপভোগ করার আগে জেন্টেলম্যান হই। জয়-পরাজয়ের সব মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকি। শুভকামনা টিম টাইগার্স।

জিতলে বাংলাদেশ—হারলে আরও বেশি বাংলাদেশ।

সুমন শিকদার: প্রথম আলোর পাঠক।