
চ্যানেল আই অনলাইনে একটা লেখার একটা পর্যবেক্ষণ বেশ মনে ধরেছে: হাতি নিয়ে ঢাকার সমালোচক বনাম চোখের পানি ফেলা চরাঞ্চলের মানুষ। মাকসুদ-উন-নবীর ওই লেখা থেকেই জানতে পারলাম, বিখ্যাত লেখক জর্জ অরওয়েল ১৯২৬ সালে মিয়ানমারে (বার্মা) এসেছিলেন উপবিভাগীয় পুলিশ কর্তা হিসেবে। সেখানে তাঁকে এক অত্যাচারী হাতি মারার দায়িত্ব পালন করতে যেতে হয়। তিনি রাইফেল নিয়ে গিয়ে দেখেন হাতি শান্তভাবে ধান খাচ্ছে। তিনি গুলি করতে চাননি। গ্রামবাসী তাঁকে প্ররোচিত করে, তিনি গুলি করেন। হাতির শরীর থেকে ভেলভেটের মতো রক্ত বেরিয়ে আসে। এই নিয়ে তিনি স্মৃতিকথা লেখেন, শুটিং অ্যান এলিফ্যান্ট। এটা এখনো পড়ানো হয়। মাকসুদ-উন-নবী বলছেন, তাহলে ভারত থেকে আসা হাতিটি নিয়ে এক মাস-দুই মাস যদি আলোচনা হয়, তাতে এত সমালোচনার কী আছে।
গত শুক্রবার অরণ্যে রোদনে লিখেছিলাম, মানুষ আবার কাঁদতে শিখুক। যশোরের কেশবপুরে একটা সেপটিক ট্যাংকে একজন সহকারী মিস্ত্রি ঢুকে পড়ে আর ওঠেননি, তখন প্রধান মিস্ত্রি ঢোকেন, তিনিও উঠছেন না দেখে ঢুকে পড়েন শ্রমিক, তাঁরা উঠছেন
না দেখে ঢুকে পড়েন দুই পিতা আর পুত্র। এঁরা কেউ আর ওঠেননি। কিন্তু তারপরেও যে এই পাঁচটি লাশ বের করা হয়েছে, সেটাও করেছে গ্রামবাসীই, ভেতরে ঢুকেই। এই মানুষই একজনের বিপদে আরেকজন এগিয়ে যায়, রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বিপন্ন মানুষকে উদ্ধার করতে এগিয়ে যায়, ফুটবল পানিতে পড়ে গেলে তা আনতে নেমে পড়া কিশোরদের বাঁচিয়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। এই মানুষই হলি আর্টিজান রেস্তোরাঁয় বন্ধুর জন্য নিজের জীবন উৎসর্গ করে। এই মানুষই একটা বিপন্ন হাতিকে উদ্ধার করতে এগিয়ে আসে, আর সেই হাতিটা মারা গেলে কাঁদে।
আমি বলি, মানুষ কাঁদুক। ঝরাপালকের বেদনায় বেদনার্ত হোক, একটা হরিণের মৃত্যুতে কাঁদুক, শালিকের মৃত্যুতে কাঁদুক এবং মানুষের সুখে-দুঃখে সে চোখের জল ফেলুক। মানুষের জীবন যেন তার কাছে সবকিছুর চেয়েই বেশি মূল্যবান বলে মনে হয়!
আমাদের নাগরিক সমালোচকদের চোখে ভারত থেকে আসা হাতিটার অনেক দোষ। একটা বড় দোষ যে সে ভারতের। ফেলানীর মৃত্যুর জন্য ওই হাতিটাই দায়ী। কিংবা রামপালে বিদ্যুৎকেন্দ্র বিতর্কে তারও দায় আছে। আর সবচেয়ে বড় কথা, সে মানুষ নয়, সে হাতি।
মৃত মানুষের জন্য পোষা প্রাণীর কাঁদার কাহিনি আমরা শুনেছি। মানুষের মৃত্যুতে প্রাণীরা কাঁদবে, সেটা খুব সচরাচর ঘটে না। কিন্তু মানুষ মানুষ হয়েছে, কারণ তার বোধ আছে, হৃদয় আছে, তার সংবেদন আছে। যে মানুষ একটা প্রাণীর মৃত্যুতে ব্যথা পায়, সে-ই মানুষ, সে-ই মানুষকে মানুষ রাখবে, তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাবে, অগ্রহণযোগ্য করে তুলবে চরমপন্থা, প্রত্যাখ্যান করবে জঙ্গিবাদ। আমাদের আজ এই রকম সহৃদয় নরম মনের মানুষই দরকার। গ্রামের চরাঞ্চলের সহজ সাধারণ মায়ায় ভরা অন্তরগুলোকেই আজ আমাদের চাই।
দুই.
আজ আমার গদ্যকার্টুন লেখার দিন। অভ্যাসবশত অরণ্যে রোদন করতে বসেছি। বরং গদ্যকার্টুনে ফেরা যাক।
হাতি নাকি বেশ বুদ্ধিমান প্রাণী। ভাবছি, হাতি যদি মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান হতো, তাহলে কী হতো?
হাতির নাম যে হাতি, এটা এসেছে তার হাত আছে বলে, এটা আমরা সবাই জানি। হাতির হাত হলো তার শুঁড়। তো ধরা যাক, হাতি মানুষের চেয়ে বুদ্ধিমান। তাহলে হাতি মানুষের আগে কম্পিউটার বানাত। সেই কম্পিউটার সে চালাত তার হাত দিয়ে। মানে শুঁড় দিয়ে। কি–বোর্ডগুলো কত বড় হতো ভাবুন।
এক হাতে হাতি অবশ্য বেশি তাড়াতাড়ি কম্পিউটার চালাতে পারত না। সম্ভবত বুদ্ধিমান প্রাণীটি তখন চেয়ারে বসে সামনের দুই পা দিয়ে কম্পিউটার চালাত। এবং যেহেতু সে বুদ্ধিমান, সে নিশ্চয়ই কি–বোর্ডে কির সংখ্যা কমিয়ে রাখত। তার এত হ্রস্ব–উকার দীর্ঘ–উকারের দরকার পড়ত না। আর ০ থেকে ৯ পর্যন্ত অঙ্ক না রেখে সে ০ আর ১ এই বাইনারি পদ্ধতিতেই হিসাবপাতি চালিয়ে নিত।
হাতি তার থাকার জন্য বড় বড় বাড়ি বানাত। বড় বড় গাছের গুঁড়ি টানার জন্য তখন হয়তো মানুষকে ব্যবহার করত। হাতির লিফটগুলো কত বড় হতো তাই ভাবছি। একটা লিফটে কতজন হাতি চড়তে পারত?
হাতি বেশি চালাক হলে কি শুধু তৃণভোজীই থাকত, নাকি ননভেজ হয়ে যেত? তাহলে তো হার্ট অ্যাটাকে অনেক হাতি মারা যেত। সে জন্য হাতিদের অনেক কার্ডিয়াক হাসপাতাল বানাতে হতো। তবে যেহেতু হাতি বুদ্ধিমান, সেহেতু সে সম্ভবত আমিষ এড়িয়েই চলত। তবে কলাগাছ কি সে কাঁটাচামচ দিয়ে খেত, নাকি এখন যেভাবে খায় সেভাবেই খেত? কলাগাছ কি সে রান্না করে একটু লবণ
ছিটিয়ে নিয়ে খেত? নাকি একেবারে সালাদের মতো কাঁচাই খেত?
বুদ্ধিমান হাতিরা কি জুতা পরত? হাতিদের ফুটবল খেলতে আমরা সার্কাসে দেখেছি। ফুটবল মাঠে কি তারা বুট পরে নামত!
হাতিদের সৌন্দর্য প্রতিযোগিতায় মিস ইউনিভার্স হতো যে হস্তিনীটি, সে কি যথেষ্ট মোটা থাকত? নাকি বেশ রোগা-পটকা হতো? হাতিরা কি ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করে শ্বেতহস্তী হতে চাইত?
হাতিদের যুদ্ধক্ষেত্রে কি অশ্ববাহিনী থাকত! নাকি মনুষ্যবাহিনী থাকত!
হাতিদের দেশে দেশে কি সীমানা থাকত? বানের জলে কোনো মানুষ সীমানা পেরিয়ে অন্য দেশে ভেসে এলে হাতিরা কি তাকে উদ্ধারের চেষ্টা করত? উদ্ধার করার কাহিনি কি হাতিদের সংবাদপত্রে ছাপা হতো? টেলিভিশনে লাইভ দেখানো হতো? হাতিরা কি মানুষটাকে উদ্ধার করতে গিয়ে মেরে ফেলত। মানুষটা মরে গেলে হাতিরা কি কাঁদত? তখন অন্য হাতিরা কি হস্তী গণমাধ্যমের সমালোচনা করত? বলত, হাতিদের এত সমস্যা থাকতে মানুষকে নিয়ে কেন এত হইচই? আমাদের প্রতিবেশী দেশ সীমান্তে গুলি করে করে এত হাতি মারছে, সেটা নিয়ে তো কাউকে কাঁদতে দেখি না।
সীমান্তে মানব চোরাচালান বন্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, হাতিদের মন্ত্রী কি সেটা বলতেন?
হাতিদের দাবা খেলার ছকে কি হাতি নামের ঘুঁটি থাকত? সে কি শুধুই কোনাকুনি যেত? নাকি হাতির বদলে সেই ঘুঁটিটার নাম হতো মানুষ? আর তার চালটা হতো ৩-এর মতো প্যাঁচানো! হাতিদের কি ফেসবুক থাকত? মোবাইল ফোন? সেটা কি শুঁড় দিয়ে কানে ধরত?
এই সব প্রশ্নের জবাব আমাদের কাছে নেই। শুধু একটা প্রশ্নের জবাব আছে। হাতিরা সেলফি তুলতে সেলফি স্টিক ব্যবহার করত না! সেলফিটা হাতিরা খুব সহজে খুব ভালোভাবেই তুলতে পারত। আর এলিফ্যান্ট রোডের নাম হতো হিউম্যান রোড!
আনিসুল হক: সাহিত্যিক ও সাংবাদিক।