সৌদি আরবকে দায় স্বীকার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একজন আহত হাজিকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে
একজন আহত হাজিকে দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে

মিনার বিয়োগান্ত অধ্যায় নিয়ে সৌদি আরব ও ইরান দৃশ্যত সরাসরি বিরোধে জড়িয়েছে। তবে মনে হচ্ছে, দ্রুত গ্রহণযোগ্য তদন্ত ফল প্রকাশ না করা সম্ভব হলে উভয় দেশের পক্ষে অন্যান্য দেশও তর্কে জড়াতে পারে। এমনকি অবশিষ্ট বিশ্ব দেখবে, মুসলমানরা একে অন্যের বিরুদ্ধে কতটা অসদয় ও অবিনয়ী হতে পারে। ইতিমধ্যে তার সব লক্ষণ স্পষ্টরূপে ফুটে উঠেছে। এই দোষারোপ তীব্রতা পেলে মুসলিম দেশগুলোর স্বার্থহানির সমূহ আশঙ্কা রয়েছে। অবশ্য অনেকে বলবেন, এতে আর নতুনত্ব কী। মুসলিম দেশগুলোর ভ্রাতৃঘাতী কাণ্ডকারখানা তো নতুন কিছু নয়। তবে একটি নতুন মাত্রা আছে। আর সেটা হলো, হাজিদের পদদলিত হয়ে ব্যাপক মৃত্যুর ঘটনা নিয়ে ‘রাজনীতি’ করাটা আরও খারাপ নজির স্থাপন করবে। ইতিমধ্যে সৌদি গণমাধ্যমে ‘লাশের রাজনীতি’ (পলিটিকস ওভার দ্য ডেডবডিজ) শব্দটি জায়গা করে নিয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেন বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব বর্তমানে যুদ্ধে লিপ্ত রয়েছে, আর তাতে পাকিস্তান নিরপেক্ষ থাকলেও বাংলাদেশ সৌদি আরবের পাশে রয়েছে। এ রকম একটি পটভূমিতে সৌদি-ইরান চাপান-উতোর নতুন একটি মাত্রা পেয়েছে।
মুসলিম ওয়ার্ল্ড লিগের মহাসচিব আবদুল্লাহ আল তারকি বলেছেন, কতিপয় দায়িত্বহীন ইরানি কর্মকর্তার উক্তির লক্ষ্য হলো সৌদি আরব ও তার নেতাদের ক্ষতিসাধন করা। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ‘সৌদি আরবের বিপক্ষে যাঁরা বিবৃতি দিয়েছেন, তাঁদের প্রতি আমার সহানুভূতি নেই।’ তিনি অর্ধেক গ্লাস পূর্ণ দেখতে বলেছেন। তবে একজন তুর্কি কর্মকর্তা বলেছেন, তাঁরা হজ ব্যবস্থাপনার দায়িত্ব পেলে আরও ভালো করতে পারতেন। মুসলিম দেশগুলোতে হজযাত্রীদের যথেষ্ট প্রশিক্ষণ গ্রহণের প্রয়োজনীয়তাকে আর অগ্রাহ্য করা যাবে না।
সৌদি আরবের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, বিশেষ করে ইরান দ্রুত সৌদি আরবকে এই দুর্ঘটনার জন্য অভিযুক্ত করেছে। লক্ষণীয়, উভয়
দেশের গণমাধ্যমও নিজ নিজ সরকারের ভাষ্য বড় আকারে তুলে ধরা অব্যাহত রেখেছে। সৌদি গেজেট ও আরব নিউজ জোর দিয়ে লিখেছে যে, ৩০০ ইরানি হাজি নিয়ম ভেঙে চলাচল করতে গিয়েই এই দুর্ঘটনার জন্ম দিয়েছেন।
গতকাল রোববার আরব নিউজ-এ রশিদ আবু-আলসাম ‘লাশের রাজনীতি’ বিশ্লেষণ করেছেন। তাঁর যুক্তি: ‘একটি একমুখী রাস্তায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় দুই বিপরীত দিক থেকে আসা হাজিরা, যাঁদের অনেকেরই কাঁধে ভারী ব্যাগ এবং অনেকেই দ্রুত শয়তানের দিকে পাথর ছুড়তে জামারাত এলাকায় যেতে অত্যুৎসাহী, তাঁরা মুখোমুখি হওয়ার কারণে দুর্ঘটনা ঘটে বলে প্রতীয়মান হয়। অন্যদিকে শত্রুরা বলছেন, হজ ব্যবস্থাপনা আর সৌদি আরবের হাতে নিরাপদ নয়। এই দাবি হাস্যকর, কারণ সৌদি আরব এই খাতে “বিলিয়নস অব রিয়ালস” খরচ করছে।’ ১৯৭৫ থেকে হজ গবেষণাকেন্দ্র সক্রিয় আছে। হজ নিরাপদ করতে বিদেশি বিশেষজ্ঞ জ্ঞানও আহরণ করা হয়েছে। স্থানস্বল্পতা বিবেচনায় নিয়েই ২০১২ সালে দেওয়া ৩০ লাখের হজ ভিসা ১০ লাখ কমিয়ে এবার প্রায় ২০ লাখ করা হয়। অবশ্য ১৯৫০ সালে হজ ভিসা ছিল এক লাখেরও কম। অবকাঠামো বেড়েছে, কিন্তু তা কি ২০ থেকে ৩০ গুণ বেশি?
তবে সৌদি মিডিয়ার অভিযোগ সত্য ধরে নিলেও অনেকের মতে তা যথাযথ নিরাপত্তার প্রশ্নটিকেই সামনে আনতে পারে। কারণ, কথিত ইরানি ৩০০ হাজির মতো অন্য অনেক দেশের হাজিদের দল এভাবে ‘ভুলক্রমে’ নিয়ম ভঙ্গ করতে পারে। আর তা যদি এত বড় মানব বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে তা প্রকারান্তরে নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতাকেই নির্দেশ করে।
গতকাল রোববার আরব নিউজ-এর একটি শিরোনাম ছিল ‘সৌদিবিরোধী প্রচারণায় নেমেছে ইরানপন্থী মিডিয়া’। কিন্তু প্রতিবেদনটির লেখক সিরাজ ওহাব শুরু করেছেন এভাবে: মিনায় পদদলিত হয়ে মৃত্যুর কারণ হিসেবে ইংল্যান্ডের কতিপয় সংবাদপত্র ভুল কাহিনির ভিত্তিতে কঠোর সমালোচনা করছে। দ্য টেলিগ্রাফ-এর চিফ ফরেন করেসপনডেন্ট কলিন ফ্রিম্যান অভিযোগ করেছেন যে, বাদশাহ সালমানের প্রাসাদের নিকটবর্তী এলাকায় দুটি রাস্তার প্রবেশমুখ ভিআইপি আগমনের কারণে পুলিশ আটকে দিয়েছিল, আর সেটাই এই ভয়ংকর দুর্ঘটনার কারণ। সিরাজ ওহাব এই তথ্য খণ্ডন করে লিখেছেন, ‘আসলে দুর্ঘটনা ঘটেছে যে রাস্তায় সেখান থেকে প্রাসাদ বহু দূরে। যেসব সাংবাদিক ওই এলাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে ওয়াকিবহাল, তাঁরা ওই সাংবাদিকের অজ্ঞতা আঁচ করে হেসেই খুন। মিসরীয় সাংবাদিক জামিল রাদওয়ান লিখেছেন, দুর্ঘটনাকবলিত ২০৪ নম্বর রাস্তা ও প্রাসাদ দুই মেরুতে। আর কোনো ভিআইপি সফরও ঘটেনি।’ তবে এক বন্ধু মিসরীয় সাংবাদিক গতকাল উইচ্যাটে জানালেন, তাঁর সংবাদপত্র কোনো অবস্থান নেয়নি। দুর্ঘটনার কারণ তারা তদন্ত করে দেখছে। টেলিগ্রাফ-এর ওই খবর প্রসঙ্গে এক সৌদি নাগরিক টুইটারে স্মরণ করিয়ে দিয়েছেন, শেফিল্ড স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে লিভারপুল বনাম নটিংহাম ম্যাচে ১০০ ব্যক্তির প্রাণহানি ঘটেছিল।
সৌদি বাদশাহ দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, কিন্তু এখনো তার কোনো অগ্রগতি জানা যায়নি। চলতি হজ মৌসুমে এটা দ্বিতীয় দুর্ঘটনা। মিনার দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৬৯ জন নিহত ও ৯৩৪ জন আহত হওয়ার খবর এসেছে। ৯৮ বাংলাদেশি হাজি নিখোঁজ। গত ১১ সেপ্টেম্বর একটি নির্মাণ–ক্রেন মসজিদের ওপর আছড়ে পড়লে ১১১ জন নিহত ও ৩৯০ জন আহত হন। কর্তৃপক্ষ বলেছে, শক্তিশালী ঝড় থেকে ধেয়ে আসা তীব্র বাতাসের ছোবলে ক্রেনটি বিধ্বস্ত হয়। যদিও তদন্তে একটি কোম্পানিকে এ জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু আদালতে সে জন্য কারও শাস্তি হয়নি। পদদলিত হয়ে ২০০৪ সালে ২৪৪ জন নিহত হওয়ার পরে ২০০৬ সালেও প্রায় একই স্থানে ৩৬০ জনের বেশি হাজি পদদলিত হয়ে নিহত হন। ১৯৯০ সালের ট্র্যাজেডি ছিল সব থেকে ব্যাপক: পদদলিত হয়ে ১ হাজার ৪২৬ জন নিহত হন। নিকট অতীতেই চারটি ঘটনায় কেবল পদদলিত হয়ে ২ হাজার ৭৯৯ হজযাত্রী নিহত হয়েছেন। এই মৃত্যুর মিছিল আর বাড়তে দেওয়া চলে না।
গতকাল রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় সৌদি গেজেট পত্রিকার ওয়েবসাইটে একেবারে বাঁ দিকে শীর্ষ শিরোনাম ছিল: ‘ইরানি হাজিদের বিধি লঙ্ঘনের কারণেই এই দুর্ঘটনা’। একই গুরুত্ব দিয়ে খবরটি প্রকাশ করেছে খালিজ টাইমস। গত শনিবার এই খবর ছেপেছে লন্ডন থেকে প্রকাশিত আরবি দৈনিক আশারক আল-আওসাত। তারা বরাত দিয়েছে একটি ইরানি সূত্রের। ইরানি হাজিদের তাওফা এস্টাবলিশমেন্টের। ওই কর্মকর্তা তার নাম প্রকাশ করেননি।
গতকাল তেহরান টাইমস-এর শীর্ষ শিরোনাম ছিল: শনিবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে অনুষ্ঠেয় ওআইসির জরুরি বৈঠকে হজ ব্যবস্থাপনা কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে ইরান আলোচনায় আগ্রহী। তেহরান টাইমস-এর এই খবরের সূত্র হলো ‘স্টাফ অ্যান্ড এজেন্সিস’। কিন্তু কোনো এজেন্সির নাম নেই। এতে নিহত ব্যক্তিদের সংখ্যা ১৩৬ ইরানিসহ দুই হাজার উল্লেখ করা হয়েছে। তেহরান টাইমস বলেছে, এটা রিপোর্ট করা হয়েছে যে সৌদি যুবরাজকে বহনকারী গাড়িবহর ওই স্থানে পৌঁছায়। সে কারণে হাজিরা তাঁদের গতিপথ বদলাতে বাধ্য হন। আর সেটাই দুর্ঘটনার কারণ। কিন্তু এই খবরের ভিত্তি কী, তা ওই প্রতিবেদনে নেই। এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রীও তা বলেননি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির মন্তব্য কিছুটা সতর্ক। তিনি বলেন, ‘অব্যবস্থাপনা ও অযথাযথ পদক্ষেপের কারণে সংঘটিত এই দুর্ঘটনা উপেক্ষা করা যায় না। সৌদি আরবকে এর দায় স্বীকার করতে হবে।’ ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক টাইমস এপির সংবাদ ছেপেছে। এতে বলা হয়েছে, দুটি বড় ধরনের মানুষের ঢল বিপরীত দিক থেকে ধেয়ে আসার সময় দুর্ঘটনা ঘটে। ‘দুর্ভাগ্যবশত মুহূর্তের মধ্যে এটা ঘটে’, মন্তব্য করেছেন সৌদি মুখপাত্র জেনারেল তার্কি।
টেলিগ্রাফ-এর সাংবাদিক কলিন ফ্রিম্যান সোমালিয়ায় অপহৃত হয়ে বিশ্ব মিডিয়ার শিরোনাম হয়েছিলেন। তিনি ইরাক যুদ্ধ নিয়ে প্রতিবেদন লিখেছেন। ২৫ সেপ্টেম্বর তিনি আসলে নিজে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করেননি। তিনি সাদামাটা একটি রিপোর্ট করেছেন। ব্রিটেনভিত্তিক হজ উপদেষ্টা জাফরির বরাতে তিনি ওই রিপোর্ট করেছেন। গত শুক্রবার বিবিসি রেডিওতেও জাফরি ওই দাবি করেন। এমনকি সৌদি দূতাবাস যে রাগতভাবে তাঁর দাবি নাকচ করেছেন, তারও উল্লেখ আছে কলিনের রিপোর্টে। ব্রিটেনের একটি প্রতিষ্ঠান জনসমাগম নিয়ন্ত্রণে সৌদি আরবকে যে যন্ত্র দিয়েছিল, তারা বলেছে, সে যন্ত্র ওই এলাকা কভার করে না।
ব্যবস্থাপনার দিকটি যে নাজুক, তাতে সন্দেহের অবকাশ কম। এপির একজন সাংবাদিক দুর্ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পরেও মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন। সৌদি আরব হজ ব্যবস্থাপনার জন্য গৌরবান্বিত ছিল। সৌদি বাদশাহর একটি আনুষ্ঠানিক খেতাব হলো, ‘কাস্টডিয়ান অব দ্য টু হলি মস্কস’। কিন্তু এই গৌরব ম্লান হয়ে গেছে। মক্কা ও মদিনায় পাঁচ হাজার সিসিটিভিসহ এক লাখ নিরাপত্তাকর্মী নিয়োজিত ছিলেন। সুতরাং, বর্তমান যুগে খোলা স্থানের তদন্ত ফল পাওয়া দুঃসাধ্য নয়। স্যাটেলাইট থেকে তোলা ছবি ও সিসিটিভির ফুটেজ পরিষ্কার করে দিতে পারে, সেখানে কী ঘটেছিল।
কিন্তু খালিজ টাইমস মিনা ডেটলাইনে এএফপির বরাতে রোববার একটি খবর ছেপেছে, যা আমাদের বিস্মিত ও মর্মাহত করেছে। মসজিদুল হারামের শীর্ষ মুফতি শেখ আবদুল আজিজ আল শেখ তদন্তের আগেই শুক্রবার মিনায় অনুষ্ঠিত এক সভায় সৌদি ক্রাউন প্রিন্স নায়েফকে বলেছেন, দুর্ঘটনাটি মানুষের নিয়ন্ত্রণের বাইরে ছিল। তিনি এমনকি এ কথাও বলেন, ‘যা ঘটেছে সে জন্য আপনারা দায়ী নন।’ এরপর তাহলে কি সুষ্ঠু তদন্ত হবে?
ইরানসহ সব দেশেরই উচিত হবে হজ ব্যবস্থাপনা কী করে উন্নত ও অধিকতর নিরাপদ হতে পারে সেই বিষয়ে সঠিক পরামর্শ দেওয়া। সৌদি সরকারেরও উচিত হবে এই বিষয়ে বিনা দ্বিধায় পরামর্শ চাওয়া। তবে তাদের উচিত হবে যেকোনো কারণেই হোক পদ্ধতি যে ভেঙে পড়েছে, তা স্বীকার করা। দায়দায়িত্ব আপন কাঁধে তুলে নিলেই তা সত্যিকারের অভিভাবকসুলভ মনোভাবের পরিচয় দেওয়া হবে। ক্রেন দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। এবারের হতাহতদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রাপ্য। হাজিদের ওপর দায় চাপিয়ে তা থেকে পরিত্রাণ মিলবে না।
মিজানুর রহমান খান: সাংবাদিক৷
[email protected]

আরও পড়ুন: