
যখন শুনলাম ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ লেবাননের অপহৃত প্রধানমন্ত্রী সাদ হারিরিকে পরিবারসহ দ্রুত প্যারিসে নিয়ে যেতে প্রস্তুত, তখন মনে পড়ল প্রধানমন্ত্রী হওয়ার কয়েক বছর পর ২০০৯ সালে তিনি আমাকে কী বলেছিলেন। যদিও এই অপহরণকে সৌদি ইতিহাসের সবচেয়ে ভদ্রোচিত অপহরণ বলা যায়। কোরেইতেম প্রাসাদে তাঁর কার্যালয়ে বসে জিজ্ঞাসা করেছিলাম, তিনি লেবাননের প্রধানমন্ত্রী হতে চান কি না। তাঁর সঙ্গে তখন কেবল দুজন উপদেষ্টা ছিলেন। তিনি কয়েকবার বললেন, ‘আমি বাবার পদাঙ্ক অনুসরণ করতে চাই।’ তাঁর বাবা লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা করা হয়েছিল। কিন্তু তিনি সব সময় বাবার পদাঙ্ক অনুসরণের কথা বলতেন আর লোকে এ নিয়ে হাসাহাসি করত। কিন্তু আমি সত্যি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, লেবাননের প্রধানমন্ত্রী হতে কেমনলাগে? তাঁর উত্তরে আমি ধাক্কা খাই, যদিও সেটা হওয়ার কথা ছিল না।
সাদ হারিরি বললেন, ‘ব্যাপারটা হলো এটা আমার দায়িত্ব। কিন্তু সৌদি আরবের দিনগুলোর কথা আমার মনে পড়ে, রাতের বেলা পরিবার নিয়ে মরুভূমির রাস্তায় গাড়ি চালানো এবং মুখে মরুর বাতাসের স্পর্শ পাওয়া—এসব আমার বড্ড মনে পড়ে। শুধু আমরা, আর কেউ নয়, কোনো পুলিশ, নিরাপত্তা প্রহরী বা সেনা থাকবে না।’ যাক, এখন আমার মনে হয়, তিনি এখন থেকে লেবানন নয়, সৌদি আরবের সঙ্গেই পুলিশ, নিরাপত্তা প্রহরী ও সেনাদের জড়াবেন।
আমি সাদের চেয়ে বরং তাঁর বাবাকেই ভালো জানতাম। ২০০৫ সালে বৈরুতে সমুদ্রের ধারে তিনিসহ ২১ জন আত্মঘাতী বোমা হামলায় মারা গিয়েছিলেন। রাস্তার পাশে আমি তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেছিলাম। রফিক হারিরির সঙ্গে আমার প্রথম দেখা হয় সৌদির রাজধানী রিয়াদে, বৈরুতে নয়। তাঁর ছেলেও এই সৌদি আরবে অন্তরীণ হন, যেখানে তিনি পরিবারসহ বেশ আরাম-আয়েশেই কিছুদিন ছিলেন।
১৯৯০-এর দশকে রফিক বেশ তরুণই ছিলেন, তখনো তিনি প্রধানমন্ত্রী হননি। তিনি তখন কার্যালয়ে বসে আরব ব্যবসায়ীদের প্রিয় একটি কাজ করছিলেন: টেলিভিশনের বড় পর্দার দিকে তাকিয়ে উপদেষ্টাদের সঙ্গে কথা বলা। যদিও ব্যাপারটা বিরক্তিকর। লেবাননের ব্যাপারে হারিরির অনেক বড় চিন্তা ছিল। গৃহযুদ্ধের পর তিনি দৃশ্যত দেশটি পুনর্গঠন করতে চেয়েছিলেন। তাহলে আপনি সৌদি আরবে আছেন কেন, আমরা তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ‘বসবাসের জন্য এই দেশটা ভালো। এটা এক মহান দেশ, যদি আপনি রাজনীতিতে না জড়ান।’
কিন্তু সেটাই সমস্যা ছিল। হিজবুল্লাহর ক্রমবর্ধমান রাজনৈতিক উচ্চাশা সব সময় তাঁর হাত-পা যেন বেঁধে দিচ্ছিল। হিজবুল্লাহর নেতা সাইয়েদ হাসান নাসারাল্লাহ বৈরুতের নবনির্মিত আধুনিক বিমানবন্দরের বিপরীত দিকে তাঁর শহীদদের স্মরণে সমাধিফলক নির্মাণের সিদ্ধান্ত নিলে তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। রেগেমেগে তিনি আমাকে বলেছিলেন, ‘কল্পনা করতে পারেন? এই মানুষটি ইসরায়েলের হাতে নিহত সেনাদের মৃতদেহ আন্তর্জাতিক বিমানবন্দেরর পাশে কবর দিতে চায়। বিদেশিরা লেবাননে এলে এটাই প্রথম দেখতে পাবে।’ এরপর রফিক হারিরি এই ষড়যন্ত্র বন্ধ করে দেন।
পৃথিবী, অর্থাৎ যুক্তরাষ্ট্র ইরানি তহবিলে পরিচালিত হিজবুল্লাহকে দোষারোপ করেছিল যে তারাই রফিক হারিরিকে হত্যা করেছে। ফলে সাদ যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনিও ভয়ে ছিলেন যে হিজবুল্লাহ তাঁকে হত্যা করতে পারে। যদিও আমার মতো তাঁর মনেও সন্দেহ আছে, রফিক হারিরিকে আসলে কে হত্যা করেছে। তবে তাঁর ব্যাপারটা একটু ভিন্ন, কারণ হিজবুল্লাহ তাঁর সরকারের অংশীদার। তিনি একাধারে সুন্নি ও লেবাননীয়, ফলে সৌদি আরব আশা করে, তিনি শিয়া হিজবুল্লাহকে বশে আনবেন। কিন্তু তাঁকে সংযুক্ত লেবানন শাসন করতে হবে, দেশটিকে আরেকটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া তাঁর কাছ থেকে প্রত্যাশিত নয়।
ফলে সৌদি আরবের ৩২ বছর বয়সী সিংহাসনের উত্তরাধিকারী যবুরাজ মোহাম্মদ বিন সালমান যখন শিয়া ইসলামের ক্ষমতা ধ্বংস করতে লেগে গেলেন, তখন লেবানন ও হারিরি যে এই তরুণের আক্রোশের শিকার হবেন, তা অবধারিতই ছিল। যুবরাজ বাশার আল–আসাদের শিয়া জমানা ধ্বংস করতে চেয়েছিলেন। কিন্তু এতে তিনি ব্যর্থ হয়েছেন। তিনি ইয়েমেনের শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন। এটা বিপর্যয়কর হয়েছে। ইরানের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি কাতারকে ধ্বংস করতে এবং আল-জাজিরা চ্যানেল গুঁড়িয়ে দিতে চেয়িছেলন, এখানেও তিনি ব্যর্থ হয়েছেন। সে কারণে তিনি এখন তাঁর ব্যাপক ক্রোধ লেবাননের দিকে তাক করেছেন।
মনে হচ্ছে এটাও দুঃখজনকভাবে ব্যর্থ হবে, যার জন্য ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আংশিক ধন্যবাদ প্রাপ্য। বিশেষ করে এ কারণে নয় যে হারিরি নিজেও একজন ফরাসি নাগরিক, যার পক্ষে মাখোঁ ন্যায্যভাবেই দাঁড়াতে পারেন (তবে হারিরি স্ত্রীসহ এক সন্তান নিয়ে প্যারিসে গেলেও স্কুলের পরীক্ষারজন্য দুই সন্তান রিয়াদে থেকে গেছে—অনুবাদক)।
মুখে মুখে অনেক ফেনা তুললেও সৌদি আরব ইরানে হামলা করবে না। যুবরাজের জন্য এটা অত্যন্ত ভীতিকর ব্যাপার হবে। এটাও মনে রাখা দরকার যে সাদ হারিরি সৌদি আরবকে কতটা পছন্দ করেন, ঠিক যেমন তাঁর পিতাও করেছেন। সৌদি আরবের মরুভূমিতে রাত্রিকালীন গাড়ি চালনাই শুধু নয়, আমার এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘লেবাননের রাজনীতিতে পাঁচ বছর, এরপর আমি চলে যাব।’
‘পদত্যাগের’ ঘোষণা দেওয়ার আট বছর আগে তিনি এ কথা বলেছিলেন। এখন দেখা যাচ্ছে, রিয়াদের এক ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ওই কুখ্যাত ও লিখিত বক্তৃতার পর সাদ হারিরির জীবনের ব্যাপারে শঙ্কিত ছিলেন। অন্যরা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর জীবন
নিয়ে শঙ্কিত ছিলেন, কারণ তিনি যুবরাজকে বলেছিলেন, হারিরিকে যেন পদত্যাগের চাপ দেওয়া না হয়। তিনি সে রকম উপদেশ দিয়ে থাকলেও যুবরাজ তাঁকে পাত্তা দেননি।
ব্যাপারটা হলো সাদ হারিরিকে যখন সৌদি নিরাপত্তাকর্মীরা রিয়াদ বিমানবন্দর থেকে নিয়ে যান, তখন তিনি দেখলেন, রিটজ কার্লটন হোটেলের কয়েক শ ফুট দূরেই তাঁকে রাখা হয়েছে। ওই হোটেলে তখন ইতিমধ্যে ডজনখানেক যুবরাজ ও সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজের বিরোধীদের দুর্নীতির অভিযোগে আটকে রাখা হয়েছে। সাদও নিশ্চয়ই ভাবছিলেন, তাঁকেও ওখানে যেতে হবে কি না। তখন বোধ হয় সৌদি মরুভূমির বাতাস তাঁর কাছে অতটা আকর্ষণীয় মনে হয়নি।
দ্য ইনডিপেনডেন্ট থেকে নেওয়া, অনুবাদ: প্রতীক বর্ধন।
রবার্ট ফিস্ক: দ্য ইনডিপেনডেন্টের মধ্যপ্রাচ্য প্রতিনিধি।