সৌদি-ইরান স্নায়ুযুদ্ধ উত্তপ্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের পর বছর ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে হিংস্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও তারা একটি নীতি মেনে চলেছে: তারা কেউই একে অপরের অভ্যন্তরীণ ব্যাপারে প্রত্যক্ষ হস্তক্ষেপ করেনি, যদিও মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিবদমান গোষ্ঠীকে তারা মদদ দিয়েছে। রিয়াদ ও তেহরানের নীতিপ্রণেতারা জানতেন, ইরানের সুন্নি সংখ্যালঘু ও সৌদি আরবের শিয়া সংখ্যালঘুদের মদদ দিলে যে পরিণতি হবে, সেটা বরণ করার জন্য তাঁরা প্রস্তুত নন। কিন্তু এই মৌন ঐকমত্যও হয়তো ভেঙে পড়বে।

পাকা তথ্য-প্রমাণ হাজির করতে না পারলেও ইরান গত মাসে দাবি করেছে, সৌদি আরব তেহরানের কিছু গোষ্ঠীকে সহায়তা করছে, যারা তেহরানের সরকারকে উৎখাত করতে বা দেশটিকে অস্থিতিশীল করতে চায়। এরা কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের নতুন ফ্রন্ট খুলেছে। ওদিকে সৌদি আরব বলেছে, ইরান শিয়া জঙ্গিদের ব্যাপক সহায়তা করে যাচ্ছে। দুটি দেশই এই অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু গত জানুয়ারি মাসে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ায় এটা বোঝা কঠিন কিছু নয় যে এই উত্তেজনা এক ভিন্ন মোড় নিচ্ছে, এ রকম ঝঞ্ঝাবিক্ষুব্ধ অঞ্চলে এটা অসম্ভব ব্যাপার নয়। কথা হচ্ছে, ইরান ও সৌদি আরবের সুন্নি ও শিয়া জনগোষ্ঠী উভয় দেশেই রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধাবঞ্চিত হওয়ায় জঙ্গিগোষ্ঠীগুলোর জন্য উর্বর ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যারা বিদেশি সহায়তার জন্য মুখিয়ে রয়েছে।

>ইরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে যে সৌদি আরবের যোগ রয়েছে, ইরানের এই ধারণা আরও পোক্ত হয়েছে সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান প্রিন্স তুর্কি বিন ফয়সালের মন্তব্যে

সৌদি আরব বহুদিন ধরেই অভিযোগ করে আসছে, ইরান তাদের দেশে বিপ্লবী আদর্শ রপ্তানির চেষ্টা করছে। এ কারণেই রিয়াদ তাদের শিয়া সম্প্রদায়ের সঙ্গে তেহরানের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করেছে। এ বছরের জানুয়ারি মাসে সৌদি আরব যে ‘বিদেশি হস্তক্ষেপ আহ্বান’ ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে শিয়া ধর্মীয় নেতা শেখ নিমর আল-নিমরকে ফাঁসি দিল, তার আংশিক কারণ হচ্ছে শিয়া সম্প্রদায়কে ইরানের মুখাপেক্ষী হওয়া থেকে বিরত রাখা। তার কয়েক সপ্তাহ পর সৌদি আরব আরও ৩০ শিয়ার বিচার করে, যাদের ২০১৩ সালে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ ছিল, তারা ইরানের হয়ে সৌদি আরবে গুপ্তচরবৃত্তি ও সেখানে গোষ্ঠীগত বিবাদ লাগানোর চেষ্টা করত। সৌদি কর্মকর্তারা বলেছেন, ইরান সৌদি আরবের শিয়া জঙ্গিগোষ্ঠী হিজবুল্লাহ আল-হিজাজকে দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের জড়ো করে প্রশিক্ষণ দিয়েছে।

ওদিকে ইরান অভিযোগ করে, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকেই সৌদি আরব তাদের রাষ্ট্রকে খাটো করার চেষ্টা করছে। তারা বলে, সৌদি আরব তেল-সমৃদ্ধ খুজেস্তান প্রদেশের আহওয়াজি নামের নৃতাত্ত্বিক আরব গোষ্ঠীকে সহায়তা করছে। বিশেষ করে, কুর্দি বিচ্ছিন্নতাবাদী অভিযানের ব্যাপারে ইরানিরা রিয়াদের দিকে আঙুল তাক করে।
ইরানের কুর্দি ডেমোক্রেটিক পার্টি প্রায় দুই দশক সরকারের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখলেও এবার দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীর সঙ্গে ছোটখাটো যুদ্ধে লিপ্ত হয়েছে। তুরস্কের কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির শাখা পেজাকও গার্ড বাহিনীর সঙ্গে লড়াই করেছে। আর এ মাসের শুরুর দিকে এক ইরানি এমপি ইরাকের নিকটবর্তী কুর্দি অঞ্চলে গেলে জঙ্গিরা তাঁর গাড়ি ধাওয়া করে এলাকাছাড়া করে।
ইরানের এক জ্যেষ্ঠ জেনারেল বলেছেন, ‘প্রতিক্রিয়াশীল রাষ্ট্রের’ সহায়তা নিয়ে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ এসব হামলা করছে। ইরানে এই ‘প্রতিক্রিয়াশীল রাষ্ট্র’ শব্দবন্ধটি সৌদি আরবকে বোঝানোর ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়। ইরানের রেভল্যুশনারি গার্ডের সাবেক প্রধান কমান্ডার ও বর্তমানে প্রভাবশালী এক্সপেডিয়েন্সি কাউন্সিলের অন্যতম সদস্য মোহসেন সৌদি আরবে উপহাস করেছেন, কুর্দি বিদ্রোহীরা সৌদি আরবের আদেশ পালন করছে। যদিও সৌদি কনস্যুলেট এই অভিযোগ অস্বীকার করেছে। ওদিকে কুর্দি ডেমোক্রেটিক পার্টি অব ইরানও একইভাবে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে। কিন্তু তারা ভবিষ্যতে সৌদি আরবের সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

ইরানের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে যে সৌদি আরবের যোগ রয়েছে, ইরানের এই ধারণা আরও পোক্ত হয়েছে সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান প্রিন্স তুর্কি বিন ফয়সালের মন্তব্যে। তিনি এ মাসে যে কথা বলেছেন, তা ইরানের সরকার উৎখাতের আহ্বানের সমতুল্য। ৯ জুলাই তিনি ইরানের নির্বাসিত বিদ্রোহী গোষ্ঠী মুজাহিদীন খালকের বার্ষিক সমাবেশে ভাষণ দিয়েছেন, যে গোষ্ঠীকে ইরান সন্ত্রাসী আখ্যা দিয়ে থাকে।
কথা হচ্ছে, এ পর্যায়ে উত্তেজনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য কী করা যেতে পারে। অন্তত সৌদি নেতাদের এমন কাজ করা ও কথা বলা থেকে বিরত থাকতে হবে, যাতে মনে হয় তাঁরা তেহরানে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছেন। কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে সৌদি আরবকেও সতর্ক হতে হবে। দেশ দুটিকে নিজেদের স্বার্থেই সংখ্যালঘুদের বৈধ দাবি-দাওয়া মেনে নিতে হবে, যারা ক্রমেই চরমপন্থার দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে পশ্চিমকে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে কাজে লাগাতে হবে। আবার ইরানের সঙ্গেও তার সম্পর্কের দ্বার খুলে যাচ্ছে, তাকে সেটারও ব্যবহার করতে হবে, যাতে তারা কেউই এমন কিছু না করে, যার কারণে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

মধ্যপ্রাচ্যের নাগরিকেরা মরিয়া হয়ে এমন নেতৃত্বের খোঁজ করছেন, যে নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মকে আশার আলো দেখাবে, নতুন করে গুরুতর গন্ডগোল পাকাবে না। সৌদি আরব ও ইরান এ লক্ষ্যে পদক্ষেপ নিতে পারে। কিন্তু প্রথমে তাদের উভয়কে যেটা করতে হবে সেটা হলো, অপরের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলানো।
অনুবাদ: প্রতীক বর্ধন, নিউইয়র্ক টাইমস থেকে নেওয়া।
এলি জেরানমায়েহ্: ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের পলিসি ফেলো।