স্কুল কেবিনেট নির্বাচনে যে গণতন্ত্র শেখানো হলো
গণতন্ত্রকে তৃণমূলে নিয়ে যেতে হবে। শিশুরা হলো জাতির তৃণমূল। গণতন্ত্রের অগ্রযাত্রায় শিশুদের শামিল করতে হবে। তাই ঘরে ঘরে নেতা বানাতে হবে। নেতা বানাতে হলে নির্বাচন লাগবে। অতএব নির্বাচনের টেকনিক শেখাতে হবে শিশুদের। জালিয়াতি, কারচুপি, ভোটারবিহীন মনোনয়ন, প্রতিদ্বন্দ্বীদের হুমকি দিয়ে বসিয়ে দেওয়া এবং সন্ত্রাস ও রক্তপাত হলো এসব জরুরি টেকনিক। শিশুদের এসবও শেখাতে হবে। বড় হলে ‘গণতন্ত্রচর্চায়’ এসব কাজে লাগবে। তো, ঘটনা হলো এই, সারা দেশে স্কুল ও মাদ্রাসায় স্কুল কেবিনেট নির্বাচন হয়ে গেল। তাতে ওসব জরুরি টেকনিক অনেক বিদ্যালয়েই হাতেকলমে শেখানো হয়েছে। এত সব ব্যাপার কে আর শেখাবেন, শিক্ষকেরা ছাড়া? সক্কলে না হলেও অনেক শিক্ষক, প্রধান শিক্ষক, স্কুলের গভর্নিং বডির লোকেরা গণতান্ত্রিক দায়িত্বটা সুন্দরভাবে সেরেছেন। মানে, একেবারে সেরেই দিয়েছেন।
আসুন, খবরটা পড়ি। দৈনিক জনকণ্ঠ পত্রিকার মঙ্গলবারের খবর: ‘গভর্নিং বডির অসৎ সদস্য ও কিছু প্রধান শিক্ষকের কারণে ভেস্তে যেতে বসেছে ছোটদের মন্ত্রিপরিষদ খ্যাত “স্টুডেন্ট কেবিনেট”...অধিকাংশ শিক্ষার্থীকে না জানিয়ে গোপনে প্রধান শিক্ষকেরা পছন্দের শিক্ষার্থীকে নির্বাচিত করতে জাল ভোটের আশ্রয় নিয়েছেন বলে ছড়িয়ে পড়েছে অসন্তোষ। শিশুরা চাইলেও নির্বাচন করেনি অনেক প্রতিষ্ঠান। এসব ঘটনায় সংঘর্ষও হয়েছে কোথাও কোথাও। পরিস্থিতি সামাল দিতে ওই সব এলাকায় বিতর্কিত নির্বাচন বাতিল করে নতুন নির্বাচনের ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন।’
বিনা যুদ্ধে কি ছেড়ে দিতে পারে আমাদের সন্তানেরা? তারা প্রতিবাদ করেছে। যদিও ফল পায়নি; বরং ‘গত তিন দিন ধরে বিভিন্ন এলাকায় অনিয়ম-জালিয়াতির প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকেরা আন্দোলন করার পর তাঁদের ওপর চড়াও হয়েছেন প্রধান শিক্ষকেরা। মাদারীপুর, শেরপুর, টাঙ্গাইলসহ কয়েকটি এলাকায় প্রধান শিক্ষকেরা অন্যায়ের প্রতিবাদকারী শিশুদের ডেকে পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে পা ধরিয়েছেন।’
সত্যিই আপ্লুত হওয়ার মতো খবর। বড়দের অনুরূপ কঠোর আইনের শাসনে আছে আমাদের শিক্ষার্থীরা। এক্ষণে গভর্নিং বডির জায়গায় প্রশাসন, প্রধান শিক্ষকের জায়গায় প্রধান নির্বাচন কমিশনার আর শিক্ষা প্রশাসনের জায়গায় সরকার কথাটা বসালেই জাতীয় নির্বাচনের হুবহু আদলটা পেয়ে যাবেন। এসব ‘গভর্নিং বডির অসৎ সদস্য ও কিছু প্রধান শিক্ষক’, যাঁরা নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ছাত্রছাত্রীদের পা ধরান, কারচুপি করেন, তাঁদের নিয়ে কী করা উচিত, ভেবে পাচ্ছি না। সরকার চাইলে তাঁদের আগামী নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা কিংবা সরকারদলীয় প্রার্থীর এজেন্ট বানাতে পারে। আজকের শিশু আগামীর নাগরিক। আগামীর নাগরিকদের আগামীর পরিস্থিতির জন্য কী দারুণভাবেই না তৈরি করে দিচ্ছেন এসব শিক্ষক। ভোট জালিয়াতি শেখাচ্ছেন, নির্বাচন ছাড়াই কীভাবে মন্ত্রিপরিষদ তথা সরকার গঠন করতে হয় তার কায়দাকানুন বাতলাচ্ছেন। হানাহানি আর নির্বাচন যে মানিকজোড়, সেই ব্যবহারিক ‘জ্ঞান’ও দিচ্ছেন।
নির্বাচন হলো ঈদের মতো। এই দেশে তা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়। একশ্রেণির প্রধান শিক্ষক ভাবগম্ভীর পরিবেশে ভোটার শিক্ষার্থীদের ঠেকিয়ে নির্বাচন ‘করিয়ে’ নিয়েছেন। এবং আরেক শ্রেণির শিক্ষার্থী ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলে পড়েছে। বালিকারাও পিছিয়ে নেই। ‘নরসিংদীর সরকারি উচ্চবালিকা বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে সন্ত্রাসী হামলায় শিক্ষকসহ ৫ ছাত্রী আহত হয়েছে।’ সাংবাদিক সাহেব নিরীহ ভঙ্গিতে জানাচ্ছেন, ‘...এক প্রার্থী নির্বাচনে তার পরাজয়ের খবর জানতে পেরে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে কেন্দ্রে হামলা করে।’ ওই বালিকার সন্ত্রাসী বাহিনীটি বহিরাগত স্কুলপড়ুয়া বালক। ভারতের বিখ্যাত দস্যু ফুলন দেবী। তাঁর ডাকাত দলের অধিকাংশ সদস্যই ছিলেন পুরুষ। তিনি ডাকাতি ছেড়ে নির্বাচনে জয়ী হয়ে গণতন্ত্রের শক্তি দেখিয়ে দিয়েছিলেন। আশা করতে পারি, আমরাও এহেন গণতন্ত্রচর্চার পথ ধরে ভবিষ্যতে একজন নির্বাচিত ফুলন দেবীকে সংসদে দেখতে পাব। সে জন্য সন্ত্রাসী বাহিনীর ওই বালিকা নেত্রীকেও আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। যেভাবে ক্ষমা, ছাড়, দায়মুক্তি ও প্রশ্রয় পেয়ে অনেক আইন ভঙ্গকারী আইনপ্রণেতা হয়ে যান, সেভাবে স্কুল কেবিনেট নির্বাচনের দুই নম্বরি করে বিজয়ী হওয়া বালক-বালিকাদেরও আমাদের এগিয়ে দেওয়া উচিত। এটাই তো আমাদের রাজনীতির মূলধারা, তাই না? আপনি দুর্বৃত্ত থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হতে পারেন, আবার নির্বাচিত হয়ে সন্ত্রাসী বাহিনী চালানোর দুর্বৃত্তগিরিতে হাত পাকাতে পারেন। যেদিক থেকেই শুরু করেন, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল।
খবর শেষ নয়, আরও আছে: এদিকে বরিশালের কয়েকটি উপজেলায় মনগড়া ভোটবিহীন নির্বাচনের খবর পাওয়া গেছে...প্রতিপক্ষের ছুরিকাঘাতে তিন ছাত্র গুরুতর জখম হয়েছে...প্রার্থী নবম শ্রেণির ছাত্র পাভেলের পক্ষে জাল ভোট দিতে আসে শুভ শিকদার নামের এক বহিরাগত তরুণ। এ সময় অপর প্রার্থীর এজেন্ট রমজান জাল ভোট প্রদানে বাধা দেয়। এ ঘটনায় শুভ ও পাভেল ক্ষুব্ধ হয়।
ক্ষুব্ধ তো হওয়াই উচিত, জাতীয়ভাবে মনগড়া ভোটবিহীন নির্বাচনের যে মডেল আমরা হাল আমলে প্রতিষ্ঠা করেছি, স্কুলপর্যায়েও তা কায়েম হতে পারবে না কেন? এই যে ছাত্রছাত্রীদের কাছ থেকে নির্বাচনের খরচ বাবদ টাকা নিয়ে তছরুপও করা হলো, সেটাও তো কোনো ব্যতিক্রম নয়। এক দেশে তো দুই নিয়ম চলতে পারে না!
জাতীয় নির্বাচন এক ধুন্ধুমার কাণ্ড। হইচই, রেষারেষি, সংঘাত-টংঘাত না হলে কি আর নির্বাচন জমে? স্কুল কেবিনেট নির্বাচন কিন্তু দারুণ জমেছে। কোথাও কোথাও শিক্ষার্থীরা থানা ঘেরাও করেছে। যেসব স্কুলে নির্বাচন না দিয়ে কর্তাব্যক্তিদের পছন্দের ছাত্রছাত্রীকে মন্ত্রী করা হয়েছে, সেসব স্কুল বেশ উত্তপ্ত হয়ে আছে। কোথাও কোথাও স্কুল বন্ধ রাখতে হচ্ছে। অভিভাবকেরাও সন্তানদের পক্ষে মাঠে নামায় এলাকায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন ও নেতারা গলদঘর্ম হচ্ছেন।
তবে মজার বিষয় হলো, বাদ পড়েনি একটি শিশুও। তারা সবাই জেনেছে নির্বাচন কেমন জিনিস। শিক্ষামন্ত্রী এ উপলক্ষে বলেছেন, ‘এই নির্বাচন আমাদের শিশুদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশে সাহায্য করবে। এটা তাদের মধ্যে বাল্যকাল থেকেই নেতৃত্বের গুণের বিকাশ ঘটাবে, যা তাদের সফল পেশাজীবীতে পরিণত করবে।’ উদ্দেশ্য মহৎ। কিন্তু এ পরিণতির দায় কার?
এক যাত্রায় দুই ফল কীভাবে হবে? জাতীয় নির্বাচন যেমন, স্কুলপর্যায়ে নির্বাচনও তেমনি হবে। ফেসবুকে দেখলাম, স্কুল ‘ক্যাপটিন’ নির্বাচনের পোস্টার ছেপেছে চতুর্থ শ্রেণির এক ছাত্র। প্রচারে: প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। ক্যাপটেন পদপ্রার্থী ‘বন্ধুবান্ধব’ এবং ‘অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দে’র সেবা করার সুযোগ চায়। স্কুল কেবিনেট নির্বাচনেও পোস্টার ছাপিয়েছে প্রার্থীরা। নিচে লিখেছে, ‘ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের’।
চার্লস ডারউইনের বিবর্তনবাদী তত্ত্বে প্রাকৃতিক নির্বাচন বলে একটা সূত্র আছে। প্রকৃতির জগতে সম্পূর্ণ নিরপেক্ষ পরিবেশে এই নির্বাচন হয়। এই নির্বাচন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তার জনগোষ্ঠীতে সংখ্যাগরিষ্ঠতা পায়। অর্থাৎ কোনো প্রাণীর টিকে থাকার জন্য যেসব বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, অভিযোজনের মাধ্যমে ওই প্রাণীর পরবর্তী বংশধরের মধ্যে সেসব গুণ টিকে যায়। বলা হয়, এটি বিবর্তনের অন্যতম চালিকাশক্তি।
প্রাকৃতিক নির্বাচন এমন এক ছাঁকনি, যার ভেতর দিয়ে শুধু দরকারি প্রকরণগুলোই পরবর্তী প্রজন্মে যায়, অদরকারিগুলো বাদ পড়ে। অনেক সময় নিরপেক্ষ প্রাকৃতিক নির্বাচনকে প্রভাবিত করায় মানুষই ওই ‘ছাঁকনি’র ভূমিকা পালন করে। অর্থাৎ মানুষের হস্তক্ষেপের কারণে প্রাণী ও উদ্ভিদের মধ্যে আত্মরক্ষার খাতিরে নতুন নতুন বৈশিষ্ট্য দেখা দিতে থাকে। একে বলে কৃত্রিম নির্বাচন।
জাতীয় সংসদ থেকে স্কুল কেবিনেট—কৃত্রিম নির্বাচন হলেও প্রাকৃতিক নির্বাচনের কিছু বৈশিষ্ট্য এতে খেয়াল করা যায়। স্কুল কেবিনেট নির্বাচনের অভিজ্ঞতার ‘ছাঁকনি’ দিয়ে বেরিয়ে আসতে পারল সেসব বৈশিষ্ট্য, যা আগামী দিনে বাংলাদেশি নির্বাচনে কাজে লাগতে পারে। আগামী প্রজন্মকে শেখানো হলো—কীভাবে নির্বাচন না করেও জেতা যায়, কিংবা কীভাবে নির্বাচনের মাঠ দখলে রাখা যায়। শিক্ষকেরাই শেখালেন।
সেলুকাস, এই দেশে কি উদ্ভট ও অসম্ভব বৈচিত্র্যের কোনো শেষ হবে না?