রাজধানী ঢাকার বেইলি রোডে অবস্থিত দেশের অন্যতম সেরা দুটি শিক্ষাপ্রতিষ্ঠান—সিদ্ধেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয় ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ঠিক পাশেই যে ‘সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে, তা আশপাশের এলাকারই বা কজন জানত! স্কুলটির আহামরি কোনো সাফল্যও নেই। বেইলি রোডে প্রাইভেট কারের অত্যধিক আনাগোনার কারণে সৃষ্ট যানজটের জন্যও এ স্কুলকে কোনোভাবে ‘দায়ী’ করার সুযোগ নেই। স্কুলের শিক্ষার্থীর সংখ্যাও এমন আহামরি কিছু নয় এবং এদের কারও অভিভাবকেরই ব্যক্তিগত গাড়ি থাকার প্রশ্নই ওঠে না। বড়জোর প্রাইভেট কারের চালকের সন্তানেরাই এখানে পড়তে আসে। পানি ও বিদ্যুৎ-সরবরাহবিহীন স্যাঁতসেঁতে পরিবেশের স্কুলটিতে পড়ুয়া কোনো কোনো শিশুকে হয়তো ছুটির পর খেলার মাঠে না গিয়ে বাবার ছোট চায়ের দোকানে বসতে হয়। যখন রাতের আঁধারে এটি ভেঙে দেওয়া হয়, তখন ‘অখ্যাত’ এই স্কুলই সংবাদমাধ্যমগুলোয় বারবার আলোচনায় উঠে আসে।
১৯৬২ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৭৩ সালে জাতীয়করণ হওয়া এই স্কুলের জমির মালিকানা দাবি করে ভুল তথ্য দিয়ে গার্লস গাইড অ্যাসোসিয়েশনের করা রিটে হাইকোর্ট গার্লস গাইডের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু স্কুলটি অন্যত্র সরিয়ে নিতে কোনো আনুষ্ঠানিক নির্দেশপত্র ছাড়াই এবং স্কুল কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা স্থানীয় পুলিশ প্রশাসন কাউকে কিছু না জানিয়েই স্কুলটি ভেঙে ফেলা হয়। ঈদের ছুটি শেষে স্কুলে ফিরে এসে শিশুরা দেখে সব শেষ। তাদের ক্লাস বসে খোলা আকাশের নিচে। একপর্যায়ে একদিন তাদের আর গেটের ভেতরেই যেতে দেওয়া হলো না। সেদিন তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার শুরু। ফুটপাতে বসেই তারা পরীক্ষা দিল।
বেইলি রোডের ঘটনার কয়েক দিন পরই দেখা গেল মিরপুর-২-এর ‘চম্পা-পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ স্কুলের জায়গায় দেয়াল তুলে দখল করার চেষ্টা হচ্ছে। সর্বশেষ ২৩ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত হয় ‘২৮টি স্কুলে দখলদারদের থাবা’ শীর্ষক একটি প্রতিবেদন। স্কুল দখলের বিষয়ে সংবাদমাধ্যমগুলোয় এর আগে বহু প্রতিবেদন প্রকাশিত হলেও সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ দেখা যায়নি। প্রায় দেড় বছর আগে, ২০১৩ সালের ১৭ জানুয়ারি প্রথম আলোয় ‘রাজধানীর ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের জমি বেদখল’ শীর্ষক বিশদ প্রতিবেদন ছাপা হয়। এই বেহাল ১৫টির মধ্যে বেইলি রোডের সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ও ছিল। অর্থাৎ সম্প্রতি স্কুল ভবনটি ভেঙে ফেলার অনেক আগেই এর কিছু জমি বেদখল হয়ে ছিল। অবশ্য গত বছরের জানুয়ারিতে ২৬ হাজার ১৯৩টি এমপিওভুক্ত বেসরকারি বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণার পর ঢাকা মহানগরে স্কুলের সংখ্যা ২৯৫ থেকে বেড়ে ৩২৪ হয়।
প্রথম আলোর ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী শুধু প্রভাবশালী ব্যক্তিরাই নন, কোনো কোনো সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এমনকি বেসরকারি বিদ্যালয়ের নামেও এসব দখলবাজি চলে আসছে। কোথাও কোথাও দেখা গেছে যাঁরা বা যাঁদের পূর্বপুরুষেরা বহু বছর আগে স্কুলের জন্য জমি দান করে গিয়েছিল, তাঁরাই এখন তা ফিরিয়ে নিতে চাইছেন। প্রতিবেদনটির একটি অংশে বেইলি রোডের স্কুলটির জমি প্রদানকারী গার্লস গাইড অ্যাসোসিয়েশনের তৎকালীন কমিশনার ফুলরানী সরকারের উক্তি ছাপা হয়, ‘আমরা স্কুলের জায়গা দখল করিনি। এই জায়গা আমাদের। আমাদেরই একটি প্রকল্প ছিল...। পরে এটি জাতীয়করণ করা হয়...।’ দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখা করানোর যে মহৎ উদ্দেশ্য-আদর্শ থেকে গার্লস গাইড ৫২ বছর আগে ‘সামাজিক শিক্ষাকেন্দ্র’ নামে প্রকল্প গ্রহণ করেছিল, সে উদ্দেশ্য-আদর্শ থেকে কি তাদের বিচ্যুতি ঘটেছে? স্কুলের জমিটির উচ্চ বাজারমূল্যের কারণেই কি গার্লস গাইডের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের আদর্শ রাতারাতি বদলে যাবে? মুক্তবাজারের এই যুগে বাজারমূল্যই সবার ওপরে ঠাঁই পাবে? তাই জনসেবামূলক খাতগুলোও আজ বাজারের জন্য উন্মুক্ত। পাশাপাশি সেবামূলক বা সামাজিক সংগঠনও যে আজ শিক্ষার চেয়ে আর্থিক লাভকেই গুরুত্ব দিচ্ছে, তার প্রমাণ রেখেছে গার্লস গাইড অ্যাসোসিয়েশন।
আমাদের দেশে শিক্ষাবৈষম্যের একটি প্রকট উদাহরণ দিই। গত ৫ জানুয়ারি একতরফা নির্বাচন আয়োজন করতে গিয়ে সরকার সারা দেশে বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করলেও ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮২টি উচ্চবিদ্যালয়, ২১টি মাদ্রাসা, নয়টি কলেজসহ মোট ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন বর্জনকারী দলগুলোর কর্মীদের দেওয়া আগুনে পুড়ে যায়। বলা বাহুল্য, এগুলোর অধিকাংশই মফস্বলের প্রতিষ্ঠান। নির্বাচনের আগে জামায়াত-বিএনপি জোটের হরতাল-অবরোধেও স্কুলগামী শিক্ষার্থীরা পেট্রলবোমা ও ককটেলে মারাত্মকভাবে আহত হয়েছে। হরতালের কারণে পাবলিক পরীক্ষার রুটিনে বারবার পরিবর্তন আনতে হয়েছে।
তবে এত লঙ্কাকাণ্ডের মধ্যেও বিদেশি পাঠ্যসূচি মেনে পরিচালিত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে এতটুকু আঁচড় লাগেনি। কারণ, হরতাল-অবরোধের নাশকতার মধ্যেও তাদের পরীক্ষাকেন্দ্রে নির্বিঘ্নে পৌঁছে দিতে এবং পরীক্ষা শেষ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছিল। গত ৮ জানুয়ারি প্রথম আলো অনলাইনে প্রকাশিত এ-সংক্রান্ত খবরের নিচে পাঠকদের করা মন্তব্যগুলোর মধ্যে প্রথমটি ছিল এ রকম, ‘আপনাদের ছেলেমেয়েরা এ-লেভেলে ও-লেভেলে পড়ে, তাই তাদের বিশেষ নিরাপত্তা? সাধারণ লাইনের শিক্ষার্থী কি পরীক্ষার্থীর মধ্যে পড়ে না?’ ১৩টি মন্তব্যের মধ্যে একমাত্র ও সর্বশেষটি ছিল, ‘মাই চাইল্ড উইল গো ফর ও-লেভেল এক্সাম, থ্যাংকস পুলিশ।’ ভদ্রলোক নিজের সন্তানের নিরাপত্তাতেই বেজায় খুশি। অন্যকিছু ভাবার সময় তাঁর নেই। সরকার কিংবা বিরোধী দলের রাজনীতিবিদ, আমলা, বড় পুলিশ কর্মকর্তা—তাঁদের কারও সন্তানের স্কুলটি যদি দখলদারের থাবার মুখে পড়ত, তাহলে রাষ্ট্রযন্ত্র এত নির্লিপ্ত থাকত কি?
লাকী আক্তার: সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।