
যুক্তরাষ্ট্রের অলাভজনক বেসরকারি সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার অধিকারের পক্ষে কথা বলে। বিভিন্ন দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করে এবং এ বিষয়ে গবেষণা ও জরিপের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে। এই সংগঠনের এশিয়া অঞ্চলে কর্মসূচি সমন্বয়ক স্টিভেন বাটলার বহু বছর এশিয়ার বিভিন্ন দেশে সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ১৯৮০-এর দশকে দক্ষিণ কোরিয়া থেকে ফাইন্যান্সিয়াল টাইমস ও ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর-এর জন্য লিখতেন।
পুরো এক দশক ছিলেন জাপানের টোকিওতে। তাইওয়ান, হংকং ও চীনেও কিছু সময় কাজ করেছেন। পরে তিনি যোগ দেন ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট পত্রিকায়। তারপর আফগানিস্তান ও ইরাকে আমেরিকার যুদ্ধের সময় ওয়াশিংটন ডিসিতে ফিরে নাইট রাইডার্স-এর ওয়াশিংটন ব্যুরোর সম্পাদক হিসেবে যোগ দেন। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি ডিগ্রিধারী স্টিভেন বাটলার কিছু সময় ওয়াশিংটনের ইনস্টিটিউট অব কারেন্ট অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে যোগ দেন সিপিজেতে।
স্টিভেন বাটলার গত শনিবার এক সপ্তাহের সফরে বাংলাদেশে এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর স্থানীয় এক হোটেলে আমরা প্রায় ৩০ মিনিট কথা বলি। বিষয় ছিল বাংলাদেশসহ এশীয় অঞ্চলের দেশগুলোর সাংবাদিকতার বর্তমান হালচাল। আমি জানতে চাই, বাংলাদেশে এসে তিনি কী অবস্থা দেখলেন।
মৃদুভাষী বাটলার বললেন, ‘তেমন ভালো নয়। এখানে এই কদিনে কজন সম্পাদকসহ অনেক সাংবাদিকের সঙ্গে আমার আলাপ হয়েছে। কারও মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়ে ভালো কথা শুনতে পাইনি। কেউ বলেননি যে আমরা ভালো আছি, স্বাধীনভাবে কাজ করতে পারছি। বরং উল্টো কথাই শুনেছি বেশি।’
‘যেমন?’ আমার জিজ্ঞাসা।
বাটলার বললেন, ‘সাংবাদিকদের নিরাপত্তাহীনতার আশঙ্কার কথা বেশি শুনতে পেলাম। উগ্রপন্থীদের দিক থেকে হুমকি, গুম হয়ে যাওয়ার ভয়ের কথা বললেন কেউ কেউ। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার ঘটনা বেড়ে গেছে—এমন অভিযোগও শুনতে পেয়েছি। স্থানীয় সাংবাদিকেরা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের তরফ থেকে আক্রমণের শিকার হন, তাঁদের ভয়ভীতি দেখানো হয়।’
আমি বললাম, সাংবাদিকদের শারীরিক নিরাপত্তাহীনতার ঝুঁকি বাংলাদেশের তুলনায় পাকিস্তানে বেশি। সে দেশে এ বছরই তিনজন সাংবাদিক খুন হয়েছেন। গত বছর একাধিক নামকরা সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন। কেউ কেউ মৃত্যুর ঝুঁকি এড়াতে দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা বেশি, এটা বিভিন্ন সংস্থার আন্তর্জাতিক রেটিংয়ে বলা হয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার তাদের ২০১৭ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স প্রতিবেদনে মন্তব্য করা করেছে, পাকিস্তানের সংবাদমাধ্যমকে এশিয়ার মধ্যে সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমগুলোর অন্যতম বলে মনে করা হয় (দ্য পাকিস্তানি মিডিয়া আর রিগার্ডেড অ্যাজ অ্যামং দ্য ফ্রিয়েস্টস ইন এশিয়া)।
আমি বাটলারকে বলি, পাকিস্তানে সাংবাদিকেরা প্রতিনিয়ত খুন হচ্ছেন, কিন্তু তাদের সংবাদমাধ্যম অপেক্ষাকৃত বেশি স্বাধীন, অন্যদিকে বাংলাদেশে সাংবাদিকেরা অত ঘন ঘন খুন হচ্ছেন না, তবু আমাদের সংবাদমাধ্যম ততটা স্বাধীন নয়—এই পর্যবেক্ষণের ভিত্তি কী? এ রকম মূল্যায়ন কীভাবে করা হয়?
স্টিভেন বাটলার বললেন, ‘হত্যা, হামলা ইত্যাদি শারীরিক আক্রমণ সত্ত্বেও পাকিস্তানের সাংবাদিকেরা অপেক্ষাকৃত বেশি স্বাধীনতার চর্চা করেন; করার সাহসিকতা দেখাতে পারেন। তার একটা কারণ, সেখানে সাংবাদিক সম্প্রদায় বেশ সংগঠিত, তাদের মধ্যে বেশ ঐক্য সৃষ্টি হয়েছে। কোনো সংবাদকর্মী আক্রমণের শিকার হলে সাংবাদিকেরা সম্মিলিতভাবে তার প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন, ফলে সরকারের ওপর চাপ সৃষ্টি হয়। সেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত করার যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে সাংবাদিকেরা জোরালোভাবে কথা বলেন, মিছিল-সমাবেশ, সভা-সেমিনার করেন। কিন্তু বাংলাদেশের চিত্র সে রকম নয়। বাংলাদেশে সাংবাদিকদের
মধ্যে ঐক্যের অভাব আছে। তাঁদের মধ্যে রাজনৈতিক লাইনে বিভক্তি আছে।’
রিপোর্টার্স উইদাউট বর্ডারের ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী, সংবাদমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের পিছিয়ে পড়ার কারণ সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতিকূল আইনকানুন, সাংবাদিকদের বিরুদ্ধে প্রচুর হয়রানিমূলক মামলা দায়ের করা, সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধ সংঘটিত হলে আসামি গ্রেপ্তার না হওয়া, তাদের বিচার ও শাস্তি না হওয়া ইত্যাদি। আন্তর্জাতিক সংস্থাগুলো যখন এ ধরনের জরিপভিত্তিক প্রতিবেদন প্রকাশ করে, তখন আমাদের সরকারগুলো সেসব প্রতিবেদনকে ভিত্তিহীন বলে নাকচ করতে চায়। কখনো কখনো সেসব সংস্থারও সমালোচনা করা হয়। কিন্তু আমরা যদি সূচক নেমে যাওয়ার কারণগুলোর দিকে নজর দিই, তাহলে বুঝতে পারব কী কী কারণে আমরা নেমে গেছি।
গত বছরের উদাহরণ দেওয়া যেতে পারে: ৩৫টা নিউজ ওয়েবসাইট গত এক বছরে বন্ধ করে দেওয়া হয়েছে। সাইটগুলো হয়তো পেশাদারি দিক থেকে ভালো নয়, হয়তো তারা তথ্য ঠিকমতো যাচাই-বাছাই করে না, হয়তো গুজবধর্মী, ভিত্তিহীন কিন্তু চাঞ্চল্যকর খবর প্রচারের প্রবণতায় ভোগে। কিন্তু এসব অদক্ষতা বা ত্রুটি দূর করার উদ্যোগ নেওয়ার পরিবর্তে যখন সাইটগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং সংখ্যাটা হয় কয়েক ডজন, তখন বিদেশে এমন বার্তা চলে যায় যে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে।
একইভাবে যখন ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে দুই সপ্তাহে ৬৭টি মানহানির মামলা এবং ১৬টি রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, তখনো বহির্বিশ্বে বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে নেতিবাচক বার্তা চলে যায়। এতেও আমাদের সূচক নেমে যায়।
এ রকম পরিস্থিতিতে সরকার যতই বলুক দেশে সংবাদমাধ্যমের যথেষ্ট স্বাধীনতা আছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংস্থাগুলো তা বিশ্বাস করে না।
স্টিভেন বাটলার বললেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার একটা অবিচ্ছেদ্য অংশ হলো সাংবাদিকদের স্বাধীনতা। সংবাদপ্রতিষ্ঠানের মালিকদের তরফ থেকেও সাংবাদিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ ঘটে। মালিকদের অন্যান্য ব্যবসা থাকলে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট ঘটতে পারে। সে জন্য মালিকদের তরফে সংবাদমাধ্যমের সম্পাদকীয় নীতি ও কার্য সম্পাদনের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। এ ক্ষেত্রে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাঁর কিছু ধারণা আছে বলেও তিনি আমাকে বললেন। সঙ্গে সঙ্গে এ কথাও বললেন যে সংবাদপ্রতিষ্ঠানের মালিকদের নানা ধরনের ব্যবসায়িক স্বার্থ থাকা সত্ত্বেও তাঁদের নিজ নিজ সংবাদপ্রতিষ্ঠানের স্বাধীনতা বা স্বায়ত্তশাসন যথেষ্ট মাত্রায় চর্চা করা সম্ভব। এ প্রসঙ্গে তিনি আমাজন কোম্পানির মালিক জেফ বেজসের দৃষ্টান্ত টানলেন। বেজস ওয়াশিংটন পোস্ট পত্রিকা কিনে নিয়েছেন, কিন্তু সেটির সম্পাদকীয় নীতি বা কাজকর্মে হস্তক্ষেপ করেন না। ফলে পত্রিকাটির বস্তুনিষ্ঠতার খ্যাতি অক্ষুণ্ন রয়েছে। বাটলার ওয়াশিংটন পোস্ট-এর এই দৃষ্টান্তকে একটা মডেল হিসেবে বর্ণনা করলেন।
আলাপের শেষে স্টিভেন বাটলারের কাছে জানতে চাইলাম, বাংলাদেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা বাড়ানোর ক্ষেত্রে সাংবাদিকদের প্রতি তাঁর কোনো পরামর্শ আছে কি না। তিনি বললেন, সংবাদমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের স্বার্থ জড়িত থাকে, কেননা সংবাদমাধ্যম কাজ করে জনস্বার্থে। তাই সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকারের প্রতি জনসাধারণের সমর্থন থাকে। যারা এসব বাধাগ্রস্ত করতে চায়, তারা আসলে জনস্বার্থের পরিপন্থী কাজ করে। দুঃখজনকভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতা আপনা-আপনি আসে না, ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের পক্ষ থেকে বাধা থাকে। তাই স্বাধীনতা আদায় করে নিতে হয়। সে জন্য সাংবাদিকদের মধ্যে ঐক্য
খুব দরকার। সেই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া জোরদার করা দরকার। গণতান্ত্রিক পরিবেশে সংবাদমাধ্যম অধিক স্বাধীনতার চর্চা করতে পারে।
মশিউল আলম: সাহিত্যিক ও সাংবাদিক।