
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম ‘আমদানি করা জ্বালানির ভার সহনীয় হবে কি?’ শিরোনামের এক নিবন্ধে (প্রথম আলো, ২৪ ডিসেম্বর ২০১৭) বিদ্যুৎ উৎপাদনের সরকারি মহাপরিকল্পনা ২০১৬-এর সমালোচনা করেছেন। কেননা, এতে স্থানীয় প্রাথমিক জ্বালানির উৎসসমূহকে গুরুত্ব দিয়ে বিবেচনা না করে ব্যয়বহুল আমদানি করা জ্বালানির ওপর এককভাবে নির্ভর করা হয়েছে। তঁার মতে, আমদানি করা প্রাথমিক জ্বালানির (এলএনজি, কয়লা ও তেল) ভারে বিদ্যুতের উচ্চমূল্য অর্থনীতিতে চাপ ফেলবে। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদনের মূল প্রাথমিক জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে আসছে বা অচিরেই এর সরবরাহ একেবারেই নিঃশেষ শেষ হয়ে যাবে—এই ধারণা থেকেই সরকার আমদানি করা প্রাথমিক জ্বালানির দিকে ধাবিত হয়েছে। অধ্যাপক ইমাম মনে করছেন, এতে সম্ভাবনাময় এলাকায় (বিশেষ করে দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকা) গ্যাস অনুসন্ধানের কার্যকর উদ্যোগ নেওয়ার তোড়জোড় দেখা যাচ্ছে না।
ওই নিবন্ধের শেষের দিকে অধ্যাপক ইমাম প্রাথমিক জ্বালানির আরেকটি স্থানীয় উৎস নিয়ে আলোকপাত করেছেন। তা হলো উত্তরাঞ্চলের কয়লাখনিসমূহ, বিশেষ করে দিনাজপুরের চারটি কয়লাখনি। তঁার মতে, সরকার নিজস্ব কয়লাখনি উন্নয়নের দিকে মনোযোগ না দিয়ে ব্যয়বহুল আমদানি করা কয়লার দিকেই ধাবিত হচ্ছে। তিনি মত দিচ্ছেন যে ‘বড় আকারের উন্মুক্ত’ খনি ভূতাত্ত্বিক ও আর্থসামাজিক প্রেক্ষাপটে জটিল এবং এটি পরিবেশবান্ধবও নয়। কিন্তু সরকার তো ভূগর্ভস্থ পদ্ধতিতে অন্য কয়লাখনির উন্নয়নে মনোনিবেশ করতে পারে; তা থেকে সরকার বিরত আছে। এ প্রসঙ্গে আমি ভিন্নমত তুলে ধরতে কিছু পর্যবেক্ষণ উল্লেখ করছি।
জ্বালানি মন্ত্রণালয় সূত্রে জানা যায় যে বাংলাদেশে পঁাচটি আবিষ্কৃত কয়লাখনি আছে: জামালগঞ্জ, বড়পুকুরিয়া, খালাসপীর, দীঘিপাড়া ও ফুলবাড়ী। এই খনিগুলোতে কয়লার মজুত যথাক্রমে এরূপ: ১০৫৩, ৩৯০, ৬৮৫, ৬০০, ৫৭২ মিলিয়ন টন (ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা: ২০১১-১৫, ভলিউম-২, পাতা-১৫৪)। এটা কি প্রমাণিত মজুত, নাকি সম্ভাব্য মজুত, নাকি উত্তোলনযোগ্য মজুত—তা কিন্তু স্পষ্ট নয়। ২০০৭ সালের ডিসেম্বরে পাটোয়ারী কমিটি কর্তৃক প্রণীত কয়লা নীতিবিষয়ক প্রতিবেদনের পরিশিষ্টে দেওয়া তথ্য অনুযায়ী প্রমাণিত মজুতের পরিমাণ এ রকম: বড়পুকুরিয়া (৩০৩ মিলিয়ন টন), খালাসপীর (১৪৩ মিলিয়ন টন), দীঘিপাড়া (১৫০ মিলিয়ন টন) এবং ফুলবাড়ী (২৮৮ মিলিয়ন টন)। তদুপরি প্রমাণিত মজুতই শেষ কথা নয়। প্রমাণিত মজুত থেকে কী পরিমাণ কয়লা উত্তোলন করা যাবে, তা নির্ভর করে খনি পদ্ধতি এবং আনুষঙ্গিক নানা বিষয়ের ওপর।
বাংলাদেশ কয়লা নীতির চতুর্থ ভার্সনের (এপ্রিল ২০০৬) পরিশিষ্টে দেওয়া তথ্য অনুযায়ী উত্তোলনযোগ্য কয়লার পরিমাণ এ রকম: জামালগঞ্জ (১২০ মিলিয়ন টন), বড়পুকুরিয়া (৬৪ মিলিয়ন টন), খালাসপীর (১৪ মিলিয়ন টন), দীঘিপাড়া (৪০ মিলিয়ন টন) এবং ফুলবাড়ী (২৯৮ মিলিয়ন টন)। এর মধ্যে ফুলবাড়ী ছাড়া বাকিগুলোকে ভূগর্ভস্থ পদ্ধতির খনি হিসেবে ধরা হয়েছে। অন্যদিকে ২০০৪ সালে প্রণীত জাতীয় জ্বালানি নীতির খসড়ায় বলা হয়েছে, ফুলবাড়ী খনিতে প্রাথমিক মজুত আছে ৪০০ মিলিয়ন টন; আর এ থেকে উত্তোলনযোগ্য মজুতের পরিমাণ ৮০ মিলিয়ন টন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন খনিতে থাকা কয়লার মধ্যে ৪৯২ মিলিয়ন টন উত্তোলনযোগ্য। সরকারি হিসাবের কত গরমিল!
ফুলবাড়ী খনি প্রসঙ্গে আসা যাক। এতে উন্মুক্ত পদ্ধতি প্রয়োগ করা যাবে না। এই খনি উন্নয়নের প্রস্তাবক কোম্পানি ‘এশিয়া এনার্জি’ জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের জন্য (যদিও এশিয়া এনার্জির দলিল-দস্তাবেজমতে ফুলবাড়ীর বেশির ভাগ কয়লা বিদেশে রপ্তানির জন্য; বাংলাদেশের স্থানীয় খাতে ব্যবহারের জন্য নয়) উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের পক্ষে দেনদরবার অব্যাহত রাখলেও সরকার এই খনিতে উন্মুক্ত পদ্ধতির বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী স্থানীয় খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিষয় সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছেন (ডেইলি সান, ১০ এপ্রিল ২০১৫)। জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, সরকার ঘন জনবসতি ও কৃষিভিত্তিক অর্থনীতির বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে (নিউএজ, আগস্ট ২৪ ২০১৫)। তিনি আরও বলেন ‘শেখ হাসিনার সরকার মনে করে, আগে কৃষক, তঁার জমি ও তারপর কয়লা’ (ইনডিপেনডেন্ট টিভি টক শো, আজকের বাংলাদেশ, ১৪ জুন ২০১৫)। এ ছাড়া ২০১৫ সালে জ্বালানি মন্ত্রণালয় এশিয়া এনার্জির ২০০৫ সালের অক্টোবর মাসে জমা দেওয়া ফুলবাড়ী খনির সম্ভাব্যতা সমীক্ষায় আস্থা রাখতে না পেরে বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকে গবেষণার দায়িত্ব দিয়েছে।
সবশেষে প্রশ্ন তুলতে চাই, বাংলাদেশের কয়লাখনিসমূহ থেকে ভূগর্ভস্থ পদ্ধতিতে কয়লা তোলা কতটুকু যৌক্তিক? প্রধানমন্ত্রী ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে বলেন, দেশের খনিসমূহে মজুত কয়লা বিপুল পরিসরে ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যৎ (লাগসই) প্রযুক্তির জন্য অপেক্ষা করা হবে। এখন অগ্রাধিকার দেওয়া হবে খাদ্যনিরাপত্তা ও কৃষিজমি সংরক্ষণের ওপর (প্রথম আলো, ৭ ফেব্রুয়ারি ২০১৪)। আমার বিবেচনায় জ্বালানি নিরাপত্তাবিষয়ক আলোচনায় ‘খাদ্যনিরাপত্তা ও কৃষিজমি সংরক্ষণ’ খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয় বলে আমলেই নেন না অনেক বিশেষজ্ঞ। কৃষি, খাদ্য উৎপাদন, কৃষিনির্ভর মানুষের জীবিকা এবং তাদের দারিদ্র্য পরিস্থিতি আমলে নিয়েই (ভূগর্ভস্থ পদ্ধতিতে) কয়লা উন্নয়নে মনোনিবেশ করা দরকার। বড়পুকুরিয়ার অভিজ্ঞতা আমাদের এসব বিষয়ে আশ্বস্ত করতে পারে না।
সরকারি দলিল ব্যবহার করে ২০১৬ সালে এনার্জি, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নাল–এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে সিলেট বিশ্ববিদ্যালয়ের ড. ফরহাদ হাওলাদার উল্লেখ করেছেন, এ পর্যন্ত ব্যবহৃত তিন বর্গকিলোমিটার খনি এলাকার এক বর্গকিলোমিটারের বেশি এলাকার জমি ইতিমধ্যে দেবে গেছে; ভবিষ্যতে আরও দুই বর্গকিলোমিটারের বেশি এলাকা দেবে যাবে (পাতা-৩৮২)। কোনো জমি দেবে যাওয়ার পর সরকার অ্যাডহক ভিত্তিতে কিছু পদক্ষেপ নেয়, যা টেকসই সমাধান নয়। একসময়ের ধানি জমি এখন এক মিটার পানির নিচে। এক সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে ১৯৯১-১৯৯৫ সালে এ খনির ডিজাইন ও চুক্তি চূড়ান্ত করার সময় ভূমি দেবে যাওয়ার বিষয়টি আমলেই নেওয়া হয়নি (ডেইলি স্টার, ১৮ জানুয়ারি ২০০৯)। জ্বালানি মন্ত্রণালয়ের এই অবহেলার মাধ্যমে সৃষ্ট খনি থেকে কয়লা উৎপাদনের মাশুল কে দিচ্ছে? একমাত্র জীবিকার উৎস হারানো ধানি জমি ও ঘরবাড়ি ফাটলের ক্ষতিপূরণ স্থানীয় মানুষ না পেয়ে এখনো আন্দোলন করছে (বাংলা ট্রিবিউন, ৬ ডিসেম্বর ২০১৭)। ভূগর্ভস্থ পদ্ধতির খনি সম্প্রসারণ ওই অঞ্চলে কৃষিভূমি, কৃষক-খেতমজুরের জীবন-জীবিকা, খাদ্য পরিস্থিতি ও দারিদ্র্যের ওপর কেমন প্রভাব ফেলবে, তা অধ্যাপক ইমাম এড়িয়ে গেছেন।
২০১৭ সালের অক্টোবর মাসে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ‘খানাভিত্তিক আয়-ব্যয়-দারিদ্র্য’বিষয়ক ২০১৬ সালের জাতীয় জরিপের ফলাফল প্রকাশ করেছে। এই জরিপে দারিদ্র্য নিরসন নিয়ে যেমন আশাব্যঞ্জক তথ্য আছে, তেমনি কয়লা অঞ্চলের কথা বিবেচনা করলে হতাশাজনক তথ্যও আছে। বাংলাদেশে দরিদ্র ও হতদরিদ্র মানুষের সংখ্যা কমলেও কয়লাখনি অঞ্চলে এ সংখ্যা এখনো অনেক বেশি। ওই পরিসংখ্যান থেকে দেখা যায়, দিনাজপুর জেলায় (যেখানে বেশির ভাগ কয়লাখনি অবস্থিত) দরিদ্র ও হতদরিদ্র মানুষের সংখ্যা ৩৫ শতাংশ বা তার বেশি। অথচ জাতীয় পর্যায়ে দরিদ্র ও হতদরিদ্রের শতকরা হার হলো যথাক্রমে ২৪ দশমিক ৩ ও ১২ দশমিক ৯। ভবিষ্যতে ভূগর্ভস্থ পদ্ধতির খনি উন্নয়নের সম্প্রসারণ ওই অঞ্চলে দারিদ্র্যের প্রকোপ আরও বাড়াবে, তাতে কোনো সন্দেহ নেই।
ফলে স্থানীয় কয়লা উন্নয়ন বিষয়ে আরও সতর্কভাবে ভাবতে হবে। অধ্যাপক ইমাম বর্ণিত ‘উন্নত ও আধুনিক প্রযুক্তি’ ব্যবহার করার পূর্বে খনিতে বিনিয়োগ, উৎপাদিত কয়লার পরিমাণ, কৃষিভূমি, কৃষক-খেতমজুরের জীবন-জীবিকা, খাদ্য উৎপাদন ও দারিদ্র্য পরিস্থিতির ওপর এর প্রভাব—এসবের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ প্রয়োজন। পরিতাপের বিষয়, স্থানীয় কয়লা উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনায় কয়লাখনি–সংশ্লিষ্ট অঞ্চলের মানুষের বৃহত্তর কল্যাণের কথা বিবেচনা করার বিষয়টি একেবারেই অনুপস্থিত।
ওমর ফারুক: পিএইচডি গবেষক, সমাজবিজ্ঞান বিভাগ, টরন্টো বিশ্ববিদ্যালয়, কানাডা।