
বঙ্গীয় বদ্বীপে গণতন্ত্রের সঙ্গে গমের সম্পর্ক গভীরতর। বলতে গেলে আইয়ুবীয় বুনিয়াদি গণতন্ত্রের সময় থেকে অবিচ্ছেদ্য। গণতন্ত্রের জন্য নির্বাচন অপরিহার্য। এককালে নির্বাচন কমিশন ছিল না গণতন্ত্র নির্মাণের জন্য। এই জিনিস ছাড়াই সুষ্ঠু নির্বাচন হতো। বর্তমানে প্রবল নিরপেক্ষ ও দক্ষ নির্বাচন কমিশন বিদ্যমান। সুতরাং শুধু স্থানীয় পর্যায়ে নয়, গণতন্ত্র যে বাংলার ঘরে ঘরে প্রতিষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক গম যে সুষ্ঠুভাবে সরকারি গুদাম থেকে একেবারে গণতন্ত্রীদের গঞ্জের গুদামে পৌঁছাবে ট্রাকবোঝাই হয়ে, তাতে ভোটদাতাদের একজনেরও বিন্দুমাত্র সন্দেহ নেই।
আমরা পঞ্চাশের দশক পর্যন্ত ইংরেজ প্রবর্তিত ধারার সাদামাটা গণতন্ত্র দেখেছি। গণতন্ত্র শব্দটির আগে-পরে কোনো বিশেষণ প্রয়োগের প্রয়োজন হয়নি। ষাটের দশকে শুনলাম, পুরোনো ধাঁচের গণতন্ত্র চলবে না পাকিস্তানে। এখানে প্রবর্তিত হবে বেসিক ডেমোক্রেসি অর্থাৎ মৌলিক গণতন্ত্র। পাকিস্তানি পরিভাষায় বুনিয়াদি গণতন্ত্র। ঠিক এখন যেমন দলীয় মার্কায় দেশসুদ্ধ নির্বাচনের সিদ্ধান্তে এক দল স্বনামধন্য শক্ত ছাড়পত্র দিচ্ছেন, ঠিক এভাবেই তখনকার কোনো কোনো প্রখ্যাত কথাশিল্পী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী বুনিয়াদি গণতন্ত্রের ভূয়সী প্রশংসা করে রচনা লিখেছেন। বিশ্ববিদ্যালয়ের কোনো নারী অধ্যাপক উনিশ শতকের বাংলা নাটক নিয়ে এক হাতে করেছেন গবেষণা, অন্য হাতে বুনিয়াদি গণতন্ত্র নিয়ে ফেঁদেছেন প্রবন্ধ। তখন টিভি টক শো ছিল না, সবেধন নীলমণি রেডিতে সন্ধ্যাবেলা বসত বুনিয়াদি গণতন্ত্রের উপযোগিতা ও বৈশিষ্ট্য নিয়ে মনোজ্ঞ আলোচনার আসর। বড় বড় লেখকের মৌলিক গণতন্ত্র-বিষয়ক রচনা পুস্তিকা আকারে ছাপা হয়ে হাজার হাজার কপি বিনা মূল্যে বিতরিত হতো। একষট্টিতে যাঁরা মৌলিক গণতন্ত্র ও তার প্রবক্তার প্রশস্তি গেয়েছেন, একাত্তরের পরে তাঁরা করেছেন তার নিকুচি।
একজীবনে কত রকম গণতন্ত্র আর কত প্রকার নির্বাচনই না দেখলাম! একেক দশকে একেক রকম নির্বাচন এবং সেই নির্বাচনপ্রসূত একেক ধাঁচের গণতন্ত্র। পঞ্চাশে দেখেছি একধরনের নির্বাচন, ষাটে আরেক রকম, সত্তরে অন্য রকম, আশিতে একেবারেই আলাদা এবং একুশ শতকে নির্বাচন ও গণতন্ত্রে যোগ হলো সম্পূর্ণ নতুন মাত্রা। মাটির কাছের মানুষ জাতীয় পর্যায়ে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে বিশেষ মাথা ঘামায় না, তারা স্থানীয় সরকারকেই শুধু চেনে। তারা দেখছে স্থানীয় সরকার আছে, চেয়ারম্যান-মেম্বার আছেন এবং গণতন্ত্র থাক বা না থাক, টেস্ট রিলিফের জ্ঞাতি ‘কাজের বিনিময়ে খাদ্য’ আছে, আর আছে গম।
বাংলার মাটিতে কয়েক বছর পরপর নানা রকম নির্বাচনের বাদ্যি বেজে ওঠে। ঢাকের আওয়াজ শোনামাত্র সেই আদিকালের নাচুনে বুড়ি যেমন তিড়িং করে উঠে নাচন শুরু করত, তেমনি নির্বাচনের আওয়াজে এক দল প্রার্থী ও তাঁদের মোটরসাইকেলঅলা কর্মীরা চঞ্চল হয়ে ওঠেন। ভোটাররাও তখন আর অচঞ্চল থাকতে পারেন না। তাড়াতাড়ি কাজকর্ম সেরে মহল্লার চা দোকানে গিয়ে বসেন। যে মোটরসাইকেল আরোহীকে সামনাসামনি দেখলে আগে অন্তরাত্মা খাঁচাছাড়া হওয়ার জো হতো, সে-ই হোন্ডায় ব্রেক কষে সালামালেকুম দিয়ে দাঁত বের করে বলে, চাচা, চা খাইবেন না কোক খাইবেন? চাচির মাজার ব্যথাটা কি ভালোর দিকে?
নির্বাচনী ডামাডোলে চাচির মাজার ব্যথা নিয়ে চাচা চিন্তিত নন। তাঁর দুশ্চিন্তা তাঁর দুটি খাসি নিয়ে। নির্বাচনের আগের দিন সান্ধ্যভোজে খাসি-মুরগির প্রয়োজন হতে পারে। ওগুলোর ওপর যদি মোটরসাইকেল আরোহীদের শুভদৃষ্টি পড়ে, পৃথিবীর কোনো শক্তির সাধ্য নেই যে ওই নিষ্পাপ বোবা প্রাণী দুটিকে বাঁচায়। আগেকার দিনে নির্বাচনে প্রার্থী ও ভোটারদের ভাগ্য জড়িত থাকত, একালে নির্বাচনের সঙ্গে গেরস্তের খাসি ও খোপের মোরগ-মুরগির নিয়তি জড়িত।
বেসিক ডেমোক্রেসি বা বুনিয়াদি গণতন্ত্রের একটি সংক্ষিপ্ত নাম ছিল বিডি মেম্বার। পাকিস্তানের দুই অংশে ৪০ হাজার করে ৮০ হাজার বিডি মেম্বার নির্বাচিত হতেন প্রত্যক্ষ ভোটে। তাঁরা ভোট দিয়ে নির্বাচিত করতেন প্রাদেশিক ও জাতীয় পরিষদের সদস্যদের ও রাষ্ট্রপতিকে। বিডি মেম্বারদের অনেকেই বিরোধী দল থেকেও নির্বাচিত হয়েছেন, তবে গম-সংক্রান্ত কারণে অধিকাংশই ছিলেন সরকারি দলের অথবা সরকারের অনুগত।
বহুদিন নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হয়ে এসেছে। এবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং জাতীয় সংসদে আলোচনা না করেই ধা করে সিদ্ধান্ত নেওয়া হয় স্থানীয় সরকার প্রতিনিধিদের নির্বাচন দলীয়ভাবে দলীয় প্রতীকে হবে। ত্বরিতগতিতে স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ সংশোধন করা হয়। কালবিলম্ব না করে নির্বাচন কমিশন পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ রচনা করেছে। এত তাড়াহুড়ার কারণ নির্বাচন কমিশন ও অন্তর্যামী ছাড়া আর কারও পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়, অনুমান করা সম্ভব।
সুপারসনিক গতিতে ৩০ ডিসেম্বর ৩২৩টির মধ্যে মেয়াদ-উত্তীর্ণ ২৩৬টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে সন্দেহের লেশমাত্র নেই। কারণ, নির্বাচন ১৫ দিন পেছানোর প্রস্তাব বিরোধী দল থেকে দেওয়ায় জনৈক মাননীয় কমিশনার সংবাদমাধ্যমের কাছে মন্তব্য করেছেন: ‘কোনো আবদার করতে তো অসুবিধা নাই।’ রাজনৈতিক দলের নেতারা সাংবিধানিক কর্তৃপক্ষের কাছে যা করেন, তা প্রস্তাব বা দাবি। তাঁরা নাবালক শিশু নন যে কোনো কিছুর জন্য ‘আবদার’ করবেন। ক্ষমতাসীন দলের নেতাদের মেঠো বক্তৃতার পরিভাষা সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তাদের মুখে শোভা পায় না।
স্থানীয় সরকার প্রতিনিধিদের ব্যবহার করে ক্ষমতাকে অনির্দিষ্টকাল প্রলম্বিত করার আইয়ুবীয় পদ্ধতি স্বাধীনতার আগে চালু হয়। তা অব্যাহত আছে, বরং এখন আরও সুদৃঢ় হলো। পঞ্চাশের দশকে ইউনিয়ন বোর্ডের নির্বাচন বার দুই দেখেছি। তবে ৫১ বছর আগের বিডি নির্বাচনের একটি স্মৃতি এখনো পরিষ্কার রয়ে গেছে। আজিমপুর কলোনি ছিল সরকারি কর্মকর্তা-অধ্যুষিত এলাকা। সংস্কৃতিমান ও প্রগতিশীল মানুষই বেশি।
আমাদের নির্বাচনী এলাকা ছিল আজিমপুর কলোনি ও শেখ সাহেব বাজার নিয়ে। তখন ওই এলাকাটিতে একটি সাংস্কৃতিক আবহাওয়া বিরাজ করত। কিছুটা রোমান্টিকও বটে। আজিমপুর কলোনি ও তার আশপাশ ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন। আমাদের মতো তরুণেরা বিকেলে কলোনির মাঠে হাঁটাহাঁটি করত। কোনো কোনো বিল্ডিংয়ের সামনে কেউবা শুকাতে দিত সালোয়ার-কামিজ। ওই বস্ত্রের মালিকদের চকিতে দেখা পাওয়া যেত সৌভাগ্যবশত। ইডেন কলেজ হোস্টেলের জানালায়ও হঠাৎ নড়াচড়া করত ছায়া। আমরা কখনো তাকাতাম আকাশে, কখনো জানালায়। হারানো দিনের কথা মনে পড়ে যায়—।
১৯৬৪-র বিডি নির্বাচনের কথায় এলাকার কথা মনে পড়ল। তখন আজিমপুরের রাস্তায় বড় বড় ছায়া-দেওয়া গাছও ছিল। গাবগাছও কয়েকটি। শীতের শেষ অথবা বসন্তের শুরুতে নির্বাচন। একদিক আইয়ুবের কনভেনশন লীগের প্রার্থী। তাঁর জোর বেশি। বিপরীতে সম্মিলিত বিরোধী দল বা কপ-এর প্রার্থী। কপ থেকে প্রার্থী করা হয়েছিল আমাদের অগ্রজপ্রতিম এক রবীন্দ্রপ্রেমীকে। কলোনির ৪ নম্বর বিল্ডিংয়ের বাসিন্দা। অন্যান্য বিল্ডিংয়ে অনেক কবি, লেখক, চিত্রশিল্পী থাকতেন। আমাদের প্রার্থীর মার্কা ছিল কোদাল। দামি কাগজে পোস্টার ছাপার সংগতি ছিল না। খবরের কাগজে হাতে লিখে পোস্টার করা হয়েছিল। কোদাল আঁকায় আমিনুল ইসলাম, কাইয়ুম চৌধুরী, নিতুন কুন্ডুদের সহযোগিতা পাওয়া গিয়েছিল। রবীন্দ্রপ্রেমী প্রার্থী কবিগুরুর পুণ্য আত্মার আশীর্বাদে ১০-১৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন।
বাঙালির অসাধুতা অনাদিকাল থেকে। তবে নির্বাচনে কোনো বড় কারচুপি হতো না সেকালে। দু-চারটি জাল ভোট পড়ত। ধরাও পড়ত। আইয়ুব খানের প্রার্থীর পক্ষে দু-একজন জাল ভোট দিতে এসে রবীন্দ্রপ্রেমীর পোলিং এজেন্টের হাতে ধরা পড়ে। ঠিক সেই সময়ই আজিমপুর গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন ঢাকার বিভাগীয় কমিশনার গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী। তিনি ফারুক চৌধুরী ও ইনাম আহমদ চৌধুরীর বাবা। তাঁর কাছে নালিশ দিলে ভুয়া ভোটারটিকে জরিমানা করা হয়। এখন কোনো উচ্চপদস্থ কর্মকর্তার ঘাড়ে কয়টি মাথা যে সরকারি দলের কাউকে সাজা দেন!
স্থানীয় সরকারের মর্যাদা এখন বলতে গেলে নেই। বিডি মেম্বারদের যে মানমর্যাদা ছিল, তা-ও খোয়া গেছে। পঞ্চাশ ও ষাটের দশকে বহু হিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। শরীয়তপুরের পালং ইউনিয়নের রথীন্দ্রনাথ ঘটক চৌধুরী, যিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেন, ১৯৫৭ থেকে ’৮৩ পর্যন্ত টানা ২৬ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট/ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন একজন লেখক ও কবি। নওরোজ কিতাবিস্তানের মোহাম্মদ নাসির আলীর অফিসে তাঁকে আমি দু-একবার দেখেছি। বড় ভালো মানুষ। নির্দলীয় নির্বাচনের ব্যবস্থা থাকলে তাঁর মতো ভালো মানুষেরা বারবার নির্বাচিত হতে পারেন। স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করার এবং স্বাধীনভাবে ভোট প্রয়োগের অধিকার না থাকা রীতিমতো দাসত্ব।
রথীন্দ্রনাথ ঘটক স্কুলশিক্ষক ছিলেন। জনবহুল দেশে বিভিন্ন এলাকায় তাঁর মতো গুণী, সৎ ও যোগ্য মানুষ রয়েছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক ও প্রশাসনিক দক্ষতাসম্পন্ন কর্মকর্তা, সমাজকর্মীরা আছেন। তাঁরা নাৎসি বাহিনীর মতো শক্তিশালী দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় যেতে পারেন না। তাঁদের জনসমর্থন আছে, কিন্তু ক্যাডার নেই। ব্যাংকের ভল্টে বা ঘরে বাক্সভর্তি টাকাও নেই। ওপর থেকে তৃণমূলে কাউকে চাপিয়ে দিলে তিনি যে মুসোলিনির মতো ডিকটেটরশিপ চালাবেন, তাতে সন্দেহ কোন বোকার? তিনি তো কেন্দ্রীয় সরকারের পেটোয়া ও প্রিয়পাত্র।
গত দুই–আড়াই বছরে দেশের বিভিন্ন সিটি করপোরেশন/পৌরসভার মেয়র ও উপজেলার চেয়ারম্যানদের, যাঁরা বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছিলেন, তাঁদের ভাগ্যবিড়ম্বনা দেখেছে দেশবাসী। বিরোধী দল থেকে নির্বাচিত হওয়া মানে জেলখানার মোটা চালের ভাত খাওয়ার ব্যবস্থা সুনিশ্চিত করা। ফলে বর্তমান ব্যবস্থায় বিরোধী দলের কেউ নির্বাচন করতে উৎসাহ পাবেন না। দুঃসাহস করে কেউ যদি নির্বাচনে দাঁড়িয়ে বিজয়ী হনও, দুর্নীতির অভিযোগে তিন-চার মাসের বেশি মেয়রগিরি করা সম্ভব হবে না। মন্ত্রী-এমপিদের ধমক ও দুর্ব্যবহার হজম করা শুধু নয়, সরকারি দলের ছাত্র–যুব সংগঠনের নেতা-কর্মী ও ক্যাডারদের বহুমুখী অত্যাচারে হয়তো আত্মহত্যা করা ছাড়া তাঁদের অন্য কোনো পথ থাকবে না।
জয় হোক দলীয় মার্কায় নির্বাচনব্যবস্থার। সরকারি দলের বিজয়ী মেয়রদের অগ্রিম রক্তিম শুভেচ্ছা। বিরোধী দলের বিজয়ীদেরও যেন আল্লাহ হেফাজত করেন, এই প্রার্থনা করি।
সৈয়দ আবুল মকসুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক৷