
কমবেশি বছর পঞ্চাশ আগের ছোটবেলায় পাড়া-প্রতিবেশীদের স্বপ্নে পাওয়া ওষুধের প্রচলনের কথা এখনো ভাসা–ভাসা মনে আছে। হঠাৎ শোনা যেত বা গুজব রটত—কোনো এক ব্যক্তি স্বপ্নে দেখেছে যে অমুক গাছের পাতা,
অন্য কোনো গাছের শিকড় আর তার সঙ্গে ছাগলের দুধ—ভীষণ স্বপ্ন হলে বাঘের দুধ পর্যন্ত গড়াত এবং সেই সঙ্গে কিছু মন্ত্রতন্ত্র মিশিয়ে ওষুধ তৈরি করে এই ব্যাধি-ওই ব্যাধির রোগীকে খাওয়ালে নির্ঘাত ভালো হয়ে যাবে। দুই-চারজন রোগীর ওপর ওই ‘ওষুধ’ তামিল করার পর রোগমুক্তি হতো। ওষুধের সুখ্যাতি ছড়িয়ে পড়ত দাবানলের মতো। বলা বাহুল্য, স্বপ্নে পাওয়া ওষুধের জন্য কোনো হাদিয়া নেওয়া হতো না প্রথম প্রথম। আস্তে আস্তে রোগীর সংখ্যা বেড়ে যাওয়া আর গাছটির ফল বা বাঘের দুধ সহজলভ্য না হওয়ায় বাধ্য হয়েই ওষুধদাতাকে কিছু ‘দান-খয়রাত’ নিতে হতো। ইত্যাদি ইত্যাদি।
সিলেটের মেয়র আরিফুল হকের পুনর্বরখাস্তের রিপোর্ট পড়েই ছোটবেলার সেই স্বপ্নে পাওয়া ওষুধের কেচ্ছাগুলো মনে পড়ল। ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাইয়ে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের ওপর বোমা হামলা মামলায় ২০১৭ সালের ২২ মার্চ তদন্তকারী সংস্থা টের পায় যে আরিফুল হক সে বোমা মারার ঘটনায় জড়িত ছিলেন। ঘটনাটি কি স্বপ্নে পাওয়ার মতো কিছু? নাকি আরিফুল হককে মেয়র পদে থাকতে দেওয়া যাবে না?
১২-১৩ বছরের পুরোনো মামলায় জড়িয়েও যদি কাজ না হয়, অর্থাৎ আদালত আবার এই সাময়িক বরখাস্ত আদেশ বাতিল করার পর সরকারের প্রতি আমার সুচিন্তিত উপদেশ—এরপর ঝাড়ফুঁকের ব্যবস্থা করেন অথবা ‘বাণ’ মারেন। তাতে নিশ্চয় আরিফুল হক কুপোকাত হবেন। হাজার হলেও জেলে আটকে রেখেও তাঁর নির্বাচিত হওয়া ঠেকানো যায়নি। মামলায়ও কাজ যদি না হয়, তাহলে ঝাড়ফুঁক বা স্বপ্নে পাওয়া তরিকা ছাড়া সরকারের জন্য কীই-বা পথ খোলা থাকবে।
২
চোরা না শোনে ধর্মের কথা।
সরকারের নিচ থেকে উঁচু—সব পর্যায়ের নেতারা বছর দুই ধরে গন্ডা-গন্ডা, ডজন-ডজন, শত-শত, হাজার-হাজারবার বলছেন—ওরা বোমা মারে, পেট্রল দিয়ে মানুষ পোড়ায়, রিকশা পোড়ায়, বাস পোড়ায়, জীবন্ত পোড়ায় আর ঘুমের মধ্যেও পোড়ায়। ওরা জঙ্গি-সন্ত্রাসী। জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদকে লালন করে। দুর্নীতি করে, লুটপাট করে। সাম্প্রদায়িক পাকিস্তানি মহব্বতে মাতোয়ারা এবং আরও অনেক জঘন্য জঘন্য...।
এত কিছু জেনেও কুমিল্লার ভোটাররা কিনা তাঁদের একজনকেই ভোট দিলেন—হাজার হাজার। এ দেশের ভোটারদের বিশ্বাস করা মুশকিল। মেয়র নির্বাচন এলেই তাঁরা ওদিকে ঝুঁকে পড়েন।
ভাগ্যিস, সেলিনা হায়াৎ আইভীকে শেষ মুহূর্তে দলে টানা গিয়েছিল।
৩
রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে মামলা ২৩টি। হাইকোর্টের আদেশ হাতে নিয়ে মেয়র অফিসে বসতে পারেননি বললেই চলে। আবার সাময়িক বরখাস্ত।
হবিগঞ্জের জি কে গউছ পদে টিকে ছিলেন ১১ দিন। প্রথমে শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলা, পরে সুরঞ্জিত সেনগুপ্তের মিটিংয়ে বোমা হামলা—আবারও এক যুগের পুরোনো অপরাধগুলোর অছিলায় বরখাস্ত। গউছও কারাগারে বন্দী থেকেই নির্বাচন করে জিতেছিলেন। আবারও একই উপদেশ—জেলে পুরে অথবা বরখাস্ত করেও যদি কাজ না হয়, তাহলে ‘বাণ’ মারেন।
বলা বাহুল্য, ‘বাণ মারা’ কথাটা রূপক অর্থে ব্যবহার করছি। তাঁদের জনপ্রিয়তা ঠেকাতে সাইবার আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, সন্ত্রাস প্রতিরোধ আইন ইত্যাদি প্রয়োগ করুন। সাধারণ ফৌজদারি আইন বা স্থানীয় সরকার আইনগুলোর ‘সাময়িক বরখাস্ত’-সংক্রান্ত ধারাগুলোতে তো আর কাজ হচ্ছে না। গত সপ্তাহে এক টিভি চ্যানেলের বিশেষ রিপোর্টে দেখলাম বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার পঁচিশেক মামলা হয়েছে, আসামি প্রায় দশ লাখ।
পীর-ফকির-ওঝা-স্বপ্নে ওষুধ পাওয়া কবিরাজ অথবা ম্যাজিশিয়ানও ট্রাই করতে পারেন! অবশ্য এসবের বাইরে মহা ওষুধ আরেকটা আছে। অন্য আরেক দিন বলব!
৪
আসল কথায় আসি। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিকে এভাবে পছন্দ না হলেই তাৎক্ষণিক (সাময়িক) বরখাস্তের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকা মানেই স্থানীয় সরকারগুলো ঠুঁটো জগন্নাথ। অনেক মেয়রের ভোটারসংখ্যা সাংসদদের থেকেও বেশি। হলফ করে এই মুহূর্তে বলতে পারব না, কারণ হিসাবগুলো হাতের কাছে নেই—তবে এটা বললে নিশ্চয় অত্যুক্তি হবে না যে অনেক না হলেও কিছু কিছু উপজেলার চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়রও নির্বাচিত হন অনেক সাংসদের চেয়ে বেশি ভোট পেয়ে। আর যে হারে শহরগুলোর জনসংখ্যা বাড়ছে, সে হার বজায় থাকলে অনেক পৌরসভায়ই অচিরেই সংসদীয় এলাকা থেকে বেশি ভোটার থাকবেন।
নির্বাচিত সাংসদকে কেউ বরখাস্ত করতে পারে না। সাংসদ নির্বাচিত হওয়ার পর কোনো সাংসদ যদি পাগল, দেউলিয়া, ঋণখেলাপি বা অন্য কোনো অযোগ্যতার শিকার হন, তাহলে তাঁর পদ শূন্য ঘোষিত হতে পারে। কোনো মামলার আসামি হয়ে কারাবাস হলেও কিছু যায়-আসে না। মামলার বিচারে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হলেও আজকাল কিছুই যায়-আসে না। কারণ, বর্তমানে সাজাপ্রাপ্ত দুজন সাংসদ সংসদে বহাল তবিয়তে আছেন (আপিল কিংবা রিভিউয়ের আবেদন দাখিলেই এই অবকাশ)।
স্পষ্টত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা সেকেন্ড ক্লাস জনপ্রতিনিধি। যেকোনো মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে, চার্জশিট এক সাব-ইন্সপেক্টর দিয়ে লিখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিবের কলমের এক খোঁচায় সাময়িক বরখাস্ত করা যায়।
সামরিক সরকারের আমলে প্রণীত স্থানীয় সরকার আইনগুলোতে সামরিক সরকারগুলো নিজেদের জন্য এ রকম ক্ষমতা সযত্নে রেখেছিল। সামরিক সরকারগুলো স্থানীয় পর্যায়ে একটা ভিত্তি তৈরির জন্য নিয়ন্ত্রিত নির্বাচনের ব্যবস্থা চালু করে। নির্বাচনে ‘অবাঞ্ছিত’ ব্যক্তি নির্বাচিত হয়ে গেলে তাঁদের যাতে সহজেই সরানো যায় (সাময়িক বরখাস্ত), সে জন্যই আইনের এ বিশেষ বিধান। বলা বাহুল্য, আমলারাও নির্বাচিত প্রতিনিধিদের ওপর ছড়ি ঘোরানোর জন্য এ বিধানটিকে বিশেষভাবে পছন্দ করেন।
সামরিক শাসক আর আমলাদের পছন্দে নির্বাচিত সরকার কি বাদ সাধবে? অসম্ভব।
৫
আমাদের আদালতগুলো ক্ষতিপূরণের আদেশ দিতে কেন জানি বেশ ইতস্তত করেন। অবশ্য আসল দোষ আইনজীবীদের। আইনজীবীরা না চাইলে আদালত করবেনটা কী?
গউছ, আরিফ আর মোসাদ্দেকের সাময়িক বরখাস্তের ঘটনাগুলো যেভাবে ঘটেছে, তাতে অধমের আপাতত মনে হচ্ছে যে আদেশগুলো তাঁদের পদে থাকা থেকে বিরত রাখার জন্যই দেওয়া হয়েছে। অর্থাৎ অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
বলা বাহুল্য, অধমের মনে করা বা না করাতে কিছু যায়-আসে না।
মেয়রদের আইনজীবীরা যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে এই আদেশগুলো অসৎ উদ্দেশ্যপ্রণোদিত, তাহলে নিশ্চয় ক্ষতিপূরণ চাইতে হবে। অবশ্য মামলা-মোকদ্দমা মূল বিষয় নয়। স্থানীয় সরকার নিয়ে তামাশা বন্ধ করতে হবে। স্থানীয় সরকার প্রতিনিধিরা ভোটের সময় যত কথাই বলুন না কেন, তাঁদের কোনো ক্ষমতা নেই।
যানজট নিরসনের অনেক কথা বলে আমাদের ঢাকার মেয়র সাঈদ খোকন কেন শুধু ফুটপাত নিয়ে মেতে আছেন, জানেন? সড়কের ওপর তাঁর (মেয়রের) কোনো ক্ষমতা নেই। মেয়রের ক্ষমতা শুধু ফুটপাতের ওপর। আর জেব্রাক্রসিং (সড়কে সাদা রং লাগাতে পারবেন) আর আলো নিয়ন্ত্রণ করতে পারবেন।
বলা বাহুল্য, এত ক্ষমতা দিয়ে ঢাকার যানজট সমস্যার নিরসন অসম্ভব। দুনিয়ার প্রায় সব গণতান্ত্রিক দেশের বাজেটের কমবেশি শতকরা ৫০ ভাগ নিয়ন্ত্রণ ও খরচ করে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার। আমাদের স্থানীয় সরকারগুলো কুল্লে শতকরা পাঁচ ভাগও পায় না।
এই তামাশা বন্ধ না করলে, অর্থাৎ স্থানীয় সরকারের ক্ষমতা না বাড়ালে আর সাময়িক বরখাস্তের খড়্গ তুলে না নিলে উন্নয়নটা থাকবে সামরিক সরকারগুলোর বুলির মতো।
ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট, আইনের শিক্ষক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক।