বাংলাদেশে স্থানীয় সরকারের আলোচনায় বিভিন্ন স্তর ও পর্যায়ের পাঁচটি প্রতিষ্ঠানের প্রসঙ্গ বিভিন্নভাবে ঘুরেফিরে আসে। শিকড় থেকে শিখর পর্যন্ত এ প্রতিষ্ঠানগুলো ইউনিয়ন পরিষদ ও পৌরসভা এবং মধ্যবর্তী ও অন্যান্য পর্যায়ে যথাক্রমে উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং মহানগরগুলো সিটি করপোরেশন হিসেবে পরিচিত। এভাবে দেশে কমবেশি চার হাজার ৫০০ ইউনিয়ন পরিষদ, ৩০৯টি পৌরসভা, ৪৮৫টি উপজেলা পরিষদ, ৬৪টি জেলা পরিষদ এবং নয়টি সিটি করপোরেশন রয়েছে। এসব প্রতিষ্ঠানে (সঠিক ও সময়মতো নির্বাচন হলে প্রায় পাঁচ হাজার ৩০০ নির্বাচিত [পুরুষ-মহিলা] মেয়র, চেয়ারম্যান, সদস্য ও কাউন্সিলর থাকার কথা) বর্তমানে প্রায় ৬৩ হাজারের মতো নির্বাচিত জনপ্রতিনিধি পাঁচ হাজার ২৬৭টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন। এসব প্রতিষ্ঠানে আট-দশ হাজার কর্মকর্তা-কর্মচারী সরাসরি কাজ করেন। উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (যা ২০০৯ এবং ২০১১ সালে সংশোধিত) এবং ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ যথাযথভাবে কার্যকর হলে আরও অন্তত এক লাখ ৫২ হাজার কর্মকর্তা-কর্মচারীর এ দুই প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ সৃষ্টি হতো। এর মধ্যে উপজেলা পর্যায়ের ১৭টি দপ্তরের মোট এক লাখ ২১ হাজার কর্মকর্তা-কর্মচারী এবং ইউনিয়ন পর্যায়ের সাতটি দপ্তরের প্রায় ৩২ হাজার কর্মচারী অন্তর্ভুক্ত। স্থানীয় সরকারব্যবস্থা বললে সংকীর্ণ অর্থে উপরোল্লিখিত সংগঠন, জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীর একটি ব্যবস্থাকে বোঝাবে। তবে বাংলাদেশের স্থানীয় সরকার, স্থানীয় শাসন এবং স্থানীয় পর্যায়ের সেবাব্যবস্থা শুধু উল্লিখিত পাঁচটি প্রতিষ্ঠানের ৬৩ হাজার জনপ্রতিনিধিনির্ভর নয়, এখানে এ পাঁচ প্রতিষ্ঠানের বাইরের ব্যবস্থা ও অবস্থা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রকৃতপক্ষে স্থানীয় সরকারব্যবস্থা পরিধি অনেক বেশি বিস্তৃত। বাস্তবিক পক্ষে স্থানীয় সরকারব্যবস্থার শীর্ষে স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয় এবং তার সঙ্গে সংশ্লিষ্ট অন্য সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর (যেমন এলজিইডি, ডিপিএইচ, ওয়াসা, এনআইএলজি প্রভৃতি) অবস্থান অনেক বেশি গুরুত্বপূর্ণ। তা ছাড়া রয়েছে অন্যান্য মন্ত্রণালয় ও সেসব মন্ত্রণালয়ের অধিদপ্তর-পরিদপ্তরগুলোয় যাঁরা স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবাদানকাজে নিয়োজিত এবং স্থানীয় সরকারের সঙ্গে মাঠপর্যায়ের কাজের জন্য আইনগতভাবে সম্পৃক্ত তাঁরাও। সরকারের বাইরেও আরও বহু সংস্থা ও প্রতিষ্ঠান এ ব্যবস্থার উৎকর্ষ ও অপকর্ষে অবদান রাখছে। তাই তাদের সবাইকে বৃহত্তর স্থানীয় সরকার ব্যবস্থার অঙ্গীভূত বিবেচনা করেই স্থানীয় সরকারকে মূল্যায়ন করতে হবে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা। যেমন: জাতিসংঘ সংস্থা (ইউএনডিপি, ইউএনসিডিএফ ও ইউনিসেফ), দ্বিপক্ষীয় সংস্থা (যেমন: এসডিসি, ডিএফআইডি, ডানিডা, ইইউ, ইউএসএইড, জিআইএফ প্রভৃতি), আন্তর্জাতিক উন্নয়নলগ্নি সংস্থা (বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক) এবং দেশি-বিদেশি বিভিন্ন এনজিও, ফাউন্ডেশন, ট্রাস্ট ও নাগরিক সংগঠন। স্থানীয় সরকারব্যবস্থার সামগ্রিক কর্মকাণ্ডে অর্থ, উপদেশ-পরামর্শ, নীতি-গবেষণা প্রভৃতি কর্মকাণ্ডে সরকারের পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সম্পৃক্তিও বিবেচনার দাবিদার।বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থার বিগত চার বছর বিশেষ একটি সরকারের সময়কাল। এ চার বছরে স্থানীয় সরকারের অর্জন বা সফলতা-ব্যর্থতার মূল্যায়ন একটি জনপ্রিয় প্রসঙ্গ হতে পারে কিন্তু কাজটি খুব সহজসাধ্য নয়। এ জন্য একটি পূর্ণাঙ্গ গবেষণা দরকার। এ গবেষণা কাজে সরকার ও উন্নয়ন সহযোগী সবারই এতে অংশগ্রহণ থাকা উচিত। স্থানীয় সরকারব্যবস্থার এ মূল্যায়নে শুধু সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি এবং চার বছরের সমাপ্ত কার্যক্রম একটি অন্যতম পদ্ধতি হতে পারে। এটি একটি সরকারের জবাবদিহির জন্য প্রয়োজন বটে, তবে তা পূর্ণাঙ্গ মূল্যায়ন কোনোভাবেই নয়। সঙ্গে স্থানীয় সরকারব্যবস্থার ধারক-বাহক ৬৩ হাজার স্থানীয় জনপ্রতিনিধি ও নেতা এবং আট-দশ হাজার কর্মকর্তা-কর্মচারী তাঁদের অবদানেরও একটি মূল্যায়ন হওয়া উচিত। সর্বশেষ উন্নয়ন সহযোগী বা কথিত দাতা সংস্থা এবং তাদের সঙ্গে সম্পৃক্ত দেশি-বিদেশি এনজিও যারা এখানে অবদান রাখার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বা প্রকল্পাংশের সঙ্গে জড়িত, তাদের কার্যক্রমেরও মূল্যায়ন হওয়া উচিত। স্থানীয় সরকারকে পর্যাপ্ত ক্ষমতা, অর্থ ও প্রশাসনিকভাবে শক্তিশালী ও কার্যকর করার ক্ষেত্রে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপ বিষয়ে মূল্যায়নে যাওয়া যেতে পারে। সরকার দৃশ্যমানভাবে বিলম্ব হলেও ঢাকা মহানগর ছাড়া উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন সমাপ্ত করেছে। নির্বাচনগুলো শেষ করলেও বিলম্ব করার অভিযোগ থেকে রেহাই পেতে পারে না। অহেতুক দ্বিধাগ্রস্ততা ও বিলম্বের কারণে ইউনিয়ন ও উপজেলায় প্রাতিষ্ঠানিকতা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থ বরাদ্দ ও স্থানীয় সরকারের প্রশাসনিক গতিশীলতার ক্ষেত্রেও গতানুগতিকতার ঊর্ধ্বে উঠতে পারেনি। সরকারের বাজেটের স্থানীয় উন্নয়ন বরাদ্দ এখনো ২ শতাংশের মধ্যেই আটকে আছে। অথচ স্থানীয়ভাবে অসংখ্য মাধ্যমে মোট ১৬৩ হাজার কোটি টাকার বাজেটের ১৫-২০ শতাংশ স্থানীয় পর্যায়ে ব্যয়ের জন্য নির্ধারিত হলেও তার সঙ্গে সাংবিধানিকভাবে ম্যান্ডেটপ্রাপ্ত স্থানীয় সরকারের সম্পৃক্ততা খুবই প্রান্তিক। এ ব্যর্থতা শুধু একটি সরকারের নয়, এটি ঐতিহাসিক জাতীয় ব্যর্থতার ধারাবাহিকতা এবং তার সযত্ন ও সচেতন লালন। একটি উপজেলায় ২৪-২৫টি বিভাগের মাধ্যমে সরকারের সরাসরি বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় বরাদ্দ প্রায় ৭০-৯০ কোটি টাকা। সে ক্ষেত্রে একটি উপজেলা পরিষদের প্রাপ্তি বছরে এক-দুই কোটি টাকার বেশি নয়।২০১১-১২ সালে বাংলাদেশের তিনটি উপজেলার উন্নয়নপ্রাপ্তি ও উৎসের বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় মোট বরাদ্দের মাত্র ২ শতাংশ, একই জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় তা ৩.৬৯ শতাংশ এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় তা ২ শতাংশ। বাকি অর্থ ১৭টি সরকারি দপ্তর যা উপজেলা পরিষদে আইনত হস্তান্তরিত কিন্তু কার্যত নয়, ওই সব বিভাগের মাধ্যমে ব্যয় করা হয়। ইউনিয়ন পরিষদ অর্থায়ন ব্যবস্থায় কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়। দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদকে থোক বরাদ্দ হিসেবে সরাসরি ১৫-২০ লাখ টাকা এ বছর থেকে দেওয়া হচ্ছে। এ অর্থের ৫০ শতাংশ সরকারের গৃহীত বিশ্বব্যাংকের ঋণ। বিশ্বব্যাংকের ঋণের অর্থে তৃণমূলের স্থানীয় সরকারের অর্থায়ন কতটুকু যুক্তিসংগত—এ বিষয়টি সরকার বা নাগরিক সমাজ কাউকে কোনোভাবে উদ্বিগ্ন করেছে বলে মনে হচ্ছে না। কিন্তু বিষয়টি উদ্বিগ্ন হওয়ার মতো। দুই.স্থানীয় সরকারব্যবস্থা এবং এ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট প্রাতিষ্ঠানিক কার্যক্রমগুলো সম্পূর্ণ অরাজনৈতিক হবে তা প্রত্যাশিত ও বাস্তবসম্মত কোনোটাই নয়। ক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিষয়াদি ও আর্থিক বরাদ্দের রাষ্ট্রীয় দিকগুলো স্বাভাবিকভাবে সম্পূর্ণ রাজনীতিনিরপেক্ষ হয় না। কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা নিয়ে আমাদের রাষ্ট্রীয় নীতি এবং তা বাস্তবায়ন কৌশলে বরাবরই একটি অস্বচ্ছ পথ, পন্থা ও কৌশল অবলম্বন করা হচ্ছে, যা শেষ পর্যন্ত সত্যিকারের রাজনৈতিক প্রক্রিয়াকে সম্মান না করে অপরাজনীতির নিম্নস্তরের কৌশল হিসেবে প্রতিভাত হয়। সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাসকগোষ্ঠী সব সময়ই নীতিবিরুদ্ধভাবে স্থানীয় সরকারকে দলীয় কার্যক্রমের অন্তর্ভুক্ত করে নেয়, যাতে কেন্দ্রীয় ও স্থানীয় কোনো পর্যায়েই স্থিতিশীল শাসন ও সেবা কাঠামো এবং কার্যকর গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতা গড়ে উঠছে না। বাংলাদেশে বর্তমানে গ্রামীণ স্থানীয় সরকারের তিনটি স্তরের মধ্যে সংবিধানের অত্যন্ত স্পষ্ট নির্দেশনা (১১, ৫৯, ৬০ ও ১৫২) সত্ত্বেও জেলাপর্যায়ে জেলা পরিষদ গঠনের কোনো উদ্যোগ নেই। এ বিষয়ে মহাজোটের প্রধান দল আওয়ামী লীগ, বিরোধী জোটের প্রধান দল বিএনপি এবং ক্ষমতাসীন মহাজোটের বড় শরিক জাতীয় পার্টি অন্তত এ তিনটি দল তাদের নবম জাতীয় সংসদ নির্বাচনে অঙ্গীকারের প্রতি তারা কেউ যথাযথ শ্রদ্ধা দেখাতে পারেনি। ক্ষমতাসীন ও ক্ষমতার বাইরের সব প্রধান রাজনৈতিক দল ও শক্তিগুলোর নবম জাতীয় সংসদের নির্বাচনের আগে করা অঙ্গীকার কেউ যথাযথভাবে অনুসরণ করেনি। ক্ষমতাসীন দল তাদের চার বছরের (২০০৯-২০১২) সাফল্যের যে ফিরিস্তি দিয়ে যাচ্ছে তাতে স্থানীয় সরকার নিয়েও বিরাট সাফল্য তারা দাবি করছে, কিন্তু দেশে স্থানীয় সরকার সত্যিকার অর্থে কার্যকর নেই সেটিই বাস্তবতা। জেলা পর্যায়ের স্থানীয় সরকার তথা জেলা পরিষদ নিয়ে তারা সম্পূর্ণ নীরব। দলীয় নেতা পুনর্বাসনের কার্যক্রম হিসেবে ‘প্রশাসক’ নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু জেলা পরিষদ ব্যবস্থাকে পূর্ণাঙ্গ নির্বাচিত একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং ভবিষ্যতে নেওয়ারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিকলাঙ্গ একটি উপজেলা পরিষদ গঠন করা হয়েছে। কিন্তু এ পরিষদের বহুল আলোচিত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়েই এখন উপজেলা পরিষদের আগাম নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে অসমাপ্ত গুজব একটি অশুভ নীলনকশার ইঙ্গিতবহ। যা উপজেলা পরিষদ ও সামগ্রিক স্থানীয় সরকারব্যবস্থা কারও জন্য শুভকর নয়।জাতীয় নির্বাচন বিষয়ে সাংঘর্ষিক একটি পরিস্থিতির মুখে স্থানীয় নির্বাচনকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে আগাম উপজেলা নির্বাচন (২০১৩) উপজেলা পরিষদ-ব্যবস্থাকে নিঃসন্দেহে বিতর্কিত করবে। তাই জাতীয় নির্বাচন তথা দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে উপজেলা নির্বাচনের প্রস্তুতি বিশেষ কোনো রাজনৈতিক দল বা জোটের রাজনৈতিক রণনীতি হিসেবে কতটুকু বাস্তবসম্মত ও নৈতিক, সে প্রশ্নে না গিয়েও বলা যায় উপজেলাব্যবস্থার জন্য এটি হতে পারে একটি আত্মঘাতী পদক্ষেপ। উপজেলা পরিষদের নির্বাচন বর্তমান পরিষদের পূর্ণাঙ্গ মেয়াদ শেষে এবং জাতীয় নির্বাচনের পরে হওয়াই সংগত ও কাম্য। তার আগে জোর করে নির্বাচন করা হলে তা রাজনৈতিক অপকৌশল হিসেবে চিহ্নিত হবে এবং তাতে উপজেলাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। ড. তোফায়েল আহমেদ: রাজনীতি ও শাসনবিষয়ক লেখক এবং গবেষক।