স্থানীয়দের ভালো থাকা ও শরণার্থীর নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশ্রয়দানকারীরা স্বাচ্ছন্দ্যে থাকলেই অধিকতর নিরাপদে থাকবে আশ্রিত ব্যক্তিরা
আশ্রয়দানকারীরা স্বাচ্ছন্দ্যে থাকলেই অধিকতর নিরাপদে থাকবে আশ্রিত ব্যক্তিরা

মিয়ানমারের রোহিঙ্গারা সে দেশে অমানবিক আচরণের শিকার হয়ে প্রাণ ও সম্ভ্রম বাঁচাতে গত ২৫ আগস্ট ২০১৭ থেকে বাংলাদেশে ৬ লাখ ৫৫ হাজারের মতো আশ্রয় নিয়েছে। এ ছাড়া ১৯৯২ সালে আসা রোহিঙ্গাদের অবশিষ্ট এবং এরপরে বিভিন্ন সময়ে আসা মিলিয়ে সংখ্যায় ১০ লাখের মতো। আর এদের প্রায় সবাই বাস করছে কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায়। এদের মাঝে শিবিরবাসী ৮ লাখের মতো। অন্যরা রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। 

আশ্রিত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ঠাঁই হয়েছে মাথা গোঁজার। ব্যবস্থা হয়েছে পানি সরবরাহের। অপ্রতুল হলেও পয়োনিষ্কাশনব্যবস্থা ধীরে ধীরে উন্নত হচ্ছে। রয়েছে চিকিৎসাসেবার সুযোগও। সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘের অঙ্গ সংস্থা শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর), ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতো প্রতিষ্ঠান। ব্র্যাকসহ অনেক আন্তর্জাতিক ও স্থানীয় এনজিও করছে কাজ এখানে। শুরুতে আকস্মিক চাপের পরও কার্যক্রমটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আহত ও রুগ্‌ণ ব্যক্তিরা ক্রমান্বয়ে হচ্ছে সুস্থ। ত্রাণ সহায়তায় জীবন ধারণের ব্যবস্থা হয়েছে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের।
বাংলাদেশ সরকার তাদের সাময়িক আশ্রয় দিয়েছে মানবিক কারণে। আর তা দেওয়া অত্যন্ত সময়োচিত ও যৌক্তিক বলে দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। তাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্যও নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। তবে এ বিষয়ে মিয়ানমার সরকারের রক্ষণশীল মনোভাব স্পষ্ট লক্ষণীয় হচ্ছে। তাই কবে কী পরিমাণ রোহিঙ্গার প্রত্যাবাসন হবে তা অনিশ্চিত।
আশ্রিত রোহিঙ্গাদের দায়ভার দেশের ১৬ কোটি মানুষের। হয়তোবা সবার করের টাকার একটি অংশ এখানে ব্যয় হয়। বিশেষ করে এর সঙ্গে সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক সব কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা সরকারকে দিতে হয়। তবে স্থানীয়ভাবে দায়টি পড়েছে উখিয়া ও টেকনাফ উপজেলার জনগণের ওপর। ২০১১ সালের গণনা অনুসারে এ দুটো উপজেলার জনসংখ্যা ৫ লাখেরও কম। এখন গণনা করলে হয়তো ৬ লাখের মতো হবে। উখিয়া ও টেকনাফের আয়তন ৬৫০ বর্গকিলোমিটার। এ স্থানে বসবাসকারী ৬ লাখ লোকের ওপর পড়েছে ১০ লাখের চাপ। আর এ চাপ নানামুখী এবং প্রভাব স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সব ধরনের। এ জনপদ দুটোর মানুষেরা শুরুতে ক্লান্ত, অসুস্থ, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত রোহিঙ্গাদের সঙ্গে নিজদের খাবার ভাগাভাগি করেছে। দিয়েছে পানি ও সাময়িক আশ্রয়। এখন রোহিঙ্গারা কিছুটা স্বস্তির মাঝে আছে। দিন দিন প্রসারিত হচ্ছে তাদের সুবিধাদি। আর তা হোক এটা অন্য সবার মতো, স্থানীয় বাসিন্দারাও চায়।
তবে এ ভার থেকে কত তাড়াতাড়ি মুক্ত হওয়া যায়, তা নিয়েই এরা অধিক আগ্রহী। মিয়ানমার অতি দ্রুত প্রত্যাবাসনপ্রক্রিয়া সম্পন্ন করবে এমনটা স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করে না। অন্যদিকে ন্যূনতম নিরাপত্তা ও মর্যাদাবোধের সম্ভাবনা না থাকলে রোহিঙ্গারা প্রত্যাবাসনে অনাগ্রহী হতে পারে। সে ক্ষেত্রে আমরা উভয়সংকটে পড়ব। তবু আশা করব বহুমুখী চেষ্টায় শেষ পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত হবে। আর এর বিকল্পও কিছু নেই। তবে অতি দ্রুত এটা হবে তা ভাবার কোনো কারণ নেই। সে ক্ষেত্রে উখিয়া ও টেকনাফের ওপর চলমান থাকবে চাপ। এ ক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলা করার জন্য জরুরি উদ্যোগ নেওয়া দরকার।
এ দুটো উপজেলার মানুষগুলো কী ধরনের সমস্যার মোকাবিলা করছে, এ বিষয়ে কিছু ধারণা লাভ করতে একটি পরামর্শক প্রতিষ্ঠানের সদস্য হিসেবে ঢাকা ও কক্সবাজারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছি। কক্সবাজার, উখিয়া ও টেকনাফের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্যরা এবং কক্সবাজারে কর্মরত আন্তর্জাতিক সংস্থাগুলো ও ব্র্যাকের স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমান পর্যায়ে রোহিঙ্গারা এ দেশে আসার শুরুতে সীমান্তবর্তী এলাকাগুলোর জমিতে ছিল বিভিন্ন ধরনের ফসল। পাহাড়ের ঢালে ছিল পানের বরজ। প্রবেশ করা রোহিঙ্গাদের ঢলে ও তাদের সাময়িক আশ্রয়ের প্রয়োজনে নষ্ট হয়ে গেছে সেগুলোর বড় অংশ। তদুপরি শীত মৌসুমেও কিছু পাহাড়ি নালায় বাঁধ দিয়ে স্থানীয় বাসিন্দারা শাকসবজি উৎপাদনে পানি ব্যবহার করত। এগুলো এখন রোহিঙ্গাদের আওতায়।
শুরুর দিকে রোহিঙ্গাদের অনেকেই ঠাঁই নিয়েছিল বিভিন্ন স্কুল-কলেজে। এগুলোর অনেক আসবাব নষ্ট হয়েছে বা গেছে হারিয়ে। এখনো উখিয়া ডিগ্রি কলেজসহ ১২টি শিক্ষাপ্রতিষ্ঠান রোহিঙ্গা ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে ব্যবহৃত হচ্ছে। পাঠদান কার্যত বন্ধ। অনেক বেশি অপরিচিত লোকের সমাবেশ ঘটায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আতঙ্কিত এবং বিদ্যালয়ে যেতে অনাগ্রহী। উপস্থিতি নেমে গেছে ৫০ শতাংশের নিচে। অনেক বিদ্যালয়ে খেলার মাঠ ও অংশবিশেষ এখনো ব্যবহৃত হচ্ছে রোহিঙ্গাদের ত্রাণ কিংবা সম্পূরক খাদ্য বিতরণের কাজে। দেশি-বিদেশি লোকজনের অব্যাহত চলাচল এবং বিশাল ত্রাণ কার্যক্রম চালানোর জন্য ভারী যানবাহনের চাপে সড়ক যোগাযোগব্যবস্থা বিপন্ন হয়ে পড়েছে। কক্সবাজার থেকে টেকনাফগামী রাস্তার বিভিন্ন স্থান ভেঙে গেছে। অনেক জায়গায় সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট। গ্রামীণ সংযোগ সড়কের বেশির ভাগই ভেঙে গেছে। রোহিঙ্গাদের নাফ নদী অতিক্রমের পর এ দেশে প্রবেশপথে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৩ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে।
এত বিশাল পরিমাণ আগন্তুকের পানির ব্যবস্থা করতে বসানো হয়েছে কয়েক হাজার গভীর নলকূপ। এতে নেমে গেছে পানির স্তর। অগভীর নলকূপগুলো অকার্যকর হয়ে গেছে। গভীর নলকূপও বসাতে হচ্ছে অনেক নিচের স্তরে। চাহিদার চাপে দেশের অন্য যেকোনো স্থানের চেয়ে শাকসবজি, মাছ, মাংসসহ অনেক নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে এ অঞ্চলে। আবার অতিরিক্ত রেশন কম দামে কালোবাজারে পাওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা পড়েছে বিপাকে। জ্বালানি হিসেবে এখনো সাধারণত ব্যবহৃত হচ্ছে কাঠ। তাই অব্যাহতভাবে উজাড় হচ্ছে বনবাদাড়। ফলে হাতিসহ অনেক প্রাণী বিপন্ন হয়ে পড়েছে। সংরক্ষিত বনের পাশাপাশি সামাজিক বনায়নও বিনষ্ট হয়েছে। অথচ এ বনভূমির অংশীদার জনগণের ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি।
সবচেয়ে বড় ক্ষতিকর বিষয় হচ্ছে রোহিঙ্গাদের একটি অংশ স্থানীয় শ্রমবাজারে ঢুকে পড়েছে। কম মজুরিতে বিক্রি করছে শ্রম। আগে একজন শ্রমিক দিনে ৫০০ টাকা মজুরি পেলেও এখন তা নেমে এসেছে ২০০-৩০০ টাকায়। রোহিঙ্গা শিবিরে দাতা সংস্থা ও এনজিওগুলোর কাজে স্থানীয় শ্রমশক্তি নেওয়া হয় না এমন অভিযোগ করেছেন অনেকে। তবে সংস্থাগুলো এটা স্বীকার করে না। রোহিঙ্গাদের বিপথগামী করে জঙ্গিবাদে দীক্ষা দিচ্ছে কোনো কোনো সংস্থা এমন দাবিও করলেন জনপ্রতিনিধিরা। বললেন মাদক চোরাচালানেও তাদের সংশ্লিষ্টতার কথা। স্থানীয় জনপ্রতিনিধিরা নিজদের ভোগান্তির কথা বলতে গিয়ে আবেগাশ্রয়ী হয়ে পড়েন। তাঁরা ভাবতে শুরু করেছেন নিজ দেশেই পরবাসী হয়ে যাবেন। তাঁরা আরও বললেন রোহিঙ্গাদের দেখার জন্য অনেকে থাকলেও স্থানীয় বাসিন্দাদের জন্য সরকারের স্বাভাবিক কিছু সহায়তা ছাড়া অন্য কিছু নেই। এ ধারণা স্থানীয় জনমনে গভীর ছাপ পড়তে শুরু করেছে। এটা দূর করার দায় সরকার ও ত্রাণকাজে অংশগ্রহণকারী সংস্থাগুলোরও।
এসব সমস্যার বেশির ভাগ দূর করা খুব সময়সাধ্য বা ব্যয়বহুল নয়। রোহিঙ্গা ব্যবস্থাপনার কাজে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার করার প্রয়োজন সূচনাতে থাকলেও এত দিনে বিকল্প ব্যবস্থা নেওয়া আবশ্যক ছিল। এদিকে নজর দিতে হবে এখনই। শিশুদের বিদ্যালয়মুখী করতে উপজেলা দুটোর প্রাথমিক বিদ্যালয়ে তৈরি খাবার দেওয়া হলে দ্রুত উপস্থিতি বেড়ে যাবে। আইওএম সহসাই রোহিঙ্গা ও স্থানীয় উভয় শ্রেণির দুই লাখ পরিবারের মাঝে রান্না করার গ্যাসের সিলিন্ডার সরবরাহ করবে বলে জানা যায়। বিষয়টি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক প্রভাব ফেলবে। যাদের ফসল ও বনের ক্ষতি হয়েছে, এগুলো জরিপ করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও সমর্থনযোগ্য। সড়ক অবকাঠামো মেরামতকাজে বিশেষ একটি কর্মসূচি প্রয়োজন। প্রধান সড়কটিকে চার লেন করার প্রক্রিয়া ত্বরান্বিত করলে স্থানীয়-অস্থানীয় সবার কাজে আসবে। মেরামত দরকার বেড়িবাঁধটির। নচেৎ আগামী বর্ষায় ফসল ফলবে না। নতুনভাবে ব্যাপক বনায়নের আবশ্যকতাও রয়েছে।
রোহিঙ্গাদের জন্য সম্প্রসারিত স্বাস্থ্য-সুবিধা কার্যক্রমের সুফলগুলো স্থানীয় বাসিন্দাদের মাঝে সম্প্রসারিত করার দাবিও যৌক্তিক। রোহিঙ্গাদের স্থানীয় শ্রমবাজারে প্রবেশে বিধিনিষেধ কার্যকর করা দরকার। রোহিঙ্গা শিবিরে কাজের জন্য যোগ্যতা থাকলেও শুধু স্থানীয় বাসিন্দাদের নিয়োগের দাবি যৌক্তিক। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণিকে একটি সুনির্দিষ্ট মেয়াদে বিশেষ ভাতার আওতায় আনা প্রয়োজন। আর অপরাধজনিত অভিযোগ সব ক্ষেত্রে সবার জন্য আইনের আওতায় আসার কথা। যেসব কার্যক্রমের সুপারিশ রয়েছে তা কোনোটিই রোহিঙ্গা ত্রাণ ও প্রত্যাবাসনকাজের সঙ্গে সাংঘর্ষিক নয় বরং পরিপূরক। কেননা, আশ্রয়দানকারীরা স্বাচ্ছন্দ্যে থাকলেই অধিকতর নিরাপদে থাকবে আশ্রিত ব্যক্তিরা।
আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব।
[email protected]