স্থিতিশীলতা ও গণতন্ত্রের স্বার্থে সংলাপ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>৭ জুন ফ্রান্সের স্ত্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের পূর্ণাঙ্গ ইংরেজি ভাষ্যের বাংলা ভাষান্তর প্রথম আলোর পাঠকদের জন্য প্রকাশ করা হলো।
.
.

প্রেসিডেন্ট: কমিশন অব দ্য ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির হাই রিপ্রেজেনটেটিভ, ইউরোপীয় পার্লামেন্টের ভাইস প্রেসিডেন্ট বার্ট কনডার্স বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে একটি বিবৃতি তুলে ধরবেন। স্বাগত, মিস্টার কনডার্স, আপনি আপনার বক্তব্য পেশ করুন।
বার্ট কনডার্স (নেদারল্যান্ডস): ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশ দীর্ঘদিনের সহযোগী। আমাদের সম্পর্ক উভয় পক্ষের জন্য কল্যাণকর হয়েছে বিশেষত বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়নের ক্ষেত্রে। বাংলাদেশের রপ্তানিপণ্যের প্রথম গন্তব্য ইইউ। বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিপুল বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা মিলিতভাবে নিশ্চয়ই দেশটির প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাসে সাফল্য ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রেখেছে। আমাদের সম্পর্ক আরও বিকশিত হচ্ছে। ইইউ ও বাংলাদেশ মিলিতভাবে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করছে, ‘সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট’ চুক্তির মধ্য দিয়ে অনেক সাফল্য আসছে, যা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের ক্ষেত্রে অবদান রাখছে এবং অতি সম্প্রতি অভিবাসন ও মানুষের চলাচলের সমস্যাগুলো সমন্বিতভাবে মোকাবিলা করা হচ্ছে।
এর প্রেক্ষাপটে অভিবাসন ব্যবস্থাপনা বিষয়ে প্রথম ইইউ-বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত হয়েছে ঢাকায়, গত ৫ এপ্রিল। বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত লক্ষ্যগুলো সম্ভবত ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া এবং সেই লক্ষ্যে বাংলাদেশের জনগণকে দারিদ্র্যমুক্ত করার কাজ চালিয়ে যাওয়াই হবে প্রথম অগ্রাধিকার। এই অতি উচ্চাভিলাষী লক্ষ্য পূরণ করতে হলে বাংলাদেশের সব নাগরিক ও প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রয়োজন এবং সেই সঙ্গে প্রয়োজন দেশটির আন্তর্জাতিক সহযোগীদের সমর্থন। এ ক্ষেত্রে বাংলাদেশের উদ্বেগজনক রাজনৈতিক ঘটনাপ্রবাহ অত্যন্ত প্রতিবন্ধকতাপূর্ণ হতে পারে। এবং ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন, যে নির্বাচন বিরোধী দলগুলো বর্জন করেছিল এবং আন্তর্জাতিক মহলের দ্বারা সমালোচিত হয়েছিল, সেই নির্বাচনের পর থেকে রাজনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতি দুর্ভাগ্যজনকভাবে ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। গত দুই বছরে ইইউ বাংলাদেশের ব্যাপারে যেসব প্রস্তাব গ্রহণ করেছে, সেগুলোর মধ্যে ২০১৪ সালের নির্বাচন, মানবাধিকার লঙ্ঘন ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলো রয়েছে।
ইইউর হাই রিপ্রেজেনটেটিভ, মুখপাত্রগণ ও ইইউর মিশনপ্রধানেরা মৃত্যুদণ্ড এবং স্বাধীন চিন্তার মানুষ ও অ্যাকটিভিস্টদের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর মতো অন্যান্য বিষয়ে এমনকি গতকালও বিবৃতি প্রকাশ করেছেন। এটা অত্যন্ত উদ্বেগজনক এক পরিস্থিতি। গত দুই বছরে গৃহীত ও প্রদত্ত এসব প্রস্তাব ও বিবৃতিতে বাংলাদেশের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান সম্মিলিত উদ্বেগ সংক্ষেপে অত্যন্ত পরিষ্কারভাবে উঠে এসেছে। আমরা মনে করি, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে ফিরিয়ে আনা, এগিয়ে নেওয়া ও সুরক্ষার জন্য এক নতুন সামাজিক ও রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন। রাজনৈতিক নেতাদের যথেচ্ছ গ্রেপ্তার ও হয়রানির অবসান ঘটানো, সহনশীলতা এবং প্রকাশ্যে রাজনৈতিক তর্ক-বিতর্ক করার পরিবেশ ফিরিয়ে আনার এটাই সময়। মৌলিক মানবাধিকার হিসেবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশকে উৎসাহিত করারও এটাই সময়। সব নাগরিকের নিরাপত্তা-সুরক্ষা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের নৃশংস ও বিভীষিকাপূর্ণ হত্যাকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে, এসব হত্যাকাণ্ডের অবশ্যই তদন্ত করতে হবে এবং এসবের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বাংলাদেশের স্থিতিশীলতা, গণতন্ত্র ও অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এখনই সময় দেশটির সরকার ও গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মিলিতভাবে সত্যিকারের সংলাপ শুরু করার।
ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজন এমন এক বাংলাদেশ, যেখানে সর্বজনীন মানবাধিকার ও মানবিক মূল্যবোধের মৌলিক বিষয়গুলো বহাল থাকবে। সামাজিক ও অর্থনৈতিক অধিকারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেই সঙ্গে আইনের শাসন ও সব নাগরিকের নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সহনশীলতা ও মত প্রকাশের স্বাধীনতাকে অগ্রাধিকার দিতে হবে এবং অবশ্যই এসবের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ সরকারের অবশ্যই একটি প্রাথমিক ভূমিকা আছে। আমরা দেশটির পরিস্থিতি নিবিড়ভাবে অনুসরণ করে চলব, বাংলাদেশ সরকারের সঙ্গে নিয়মিত সংলাপে আমরা আমাদের উদ্বেগগুলো নিরসনের ব্যাপারে তাদের গৃহীত নানা পদক্ষেপ অনুসরণ করব। এ ক্ষেত্রে আমরা আপনাদের, ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের সমর্থন গুরুত্বপূর্ণ বলে মনে করি। ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট: ধন্যবাদ, মিনিস্টার কনডার্স। এখন বিতর্ক শুরু করা যাক।
ক্রিস্তিয়ান দান প্রেদা (রোমানিয়া): অনেক ধন্যবাদ। এএসইএম দেশগুলোর জন্য ইউরোপীয় পার্লামেন্টের একজন প্রতিনিধি হিসেবে আমি বাংলাদেশে বিগত কয়েক সপ্তাহের সহিংস ঘটনাবলিতে অত্যন্ত উদ্বিগ্ন। সে দেশে কয়েকটি ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়ে চলেছেন। তাঁরা হিন্দু, সুফি, খ্রিষ্টান, বৌদ্ধ ভিক্ষু; তবে অন্য কিছু মানুষও খুন হয়েছেন, যাঁরা অসাম্প্রদায়িকতা ও বহুত্ববাদের কথা বলেন। এসব মানুষকে হত্যা করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে; যিনিই মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় বিশ্বাসের স্বাধীনতা সমর্থন করেন, তিনিই এসবের শিকার হচ্ছেন। সে কারণেই আমি আবারও ইউরোপীয় ইউনিয়নের করা আবেদনের পুনরাবৃত্তি করতে চাই এবং বাংলাদেশ কর্তৃপক্ষকে আহ্বান জানাই এসব হত্যা ও অপরাধের ওপর আলোকপাত করতে, যাঁরা এসব অপরাধ করেছেন তাঁদের বিচারের মুখোমুখি করতে হবে শাস্তি দিতে। যদিও বাংলাদেশের সরকার ইতিমধ্যে এ ধরনের অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং আমি উপলব্ধি করি যে এসবের তদন্ত চলছে, তবু এসব হত্যাকাণ্ডের প্রতিটির প্রতিকার করা প্রয়োজন।
বাংলাদেশ অত্যন্ত গুরুতর রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির মুখোমুখি। বিগত নির্বাচন, বিরোধী দল যেটি বর্জন করেছিল, তারপর থেকে আমরা একটা বড় সমস্যার মুখোমুখি। আমরা সে দেশে একটা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠিয়েছিলাম; নির্বাচন বর্জন থেকে দেশটিতে ব্যাপক রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। আমরা সবাই বেশ ভালোভাবে অবগত যে বাংলাদেশ আমাদের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগী। এটা আমরা ভুলে থাকতে পারি না। আমাদের প্রয়োজন ঢাকায় আমাদের সহযোগীদের সঙ্গে কথা বলা এবং সেখানকার রাজনৈতিক পরিবেশের উন্নয়ন ঘটানোর আহ্বান জানানো।
নিনা গিল (যুক্তরাজ্য): ২০১৬ সালের শুরু থেকে এ পর্যন্ত (বাংলাদেশে) কমপক্ষে ১০ জন উদারপন্থী অ্যাকটিভিস্টকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। দায়েশ (ইসলামিক স্টেট) ও আল-কায়েদা ওই সব হামলার মধ্যে অনেকগুলোর দায় স্বীকার করেছে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশি কর্তৃপক্ষ দেশটিতে এসব সংগঠনের উপস্থিতি স্বীকার করতে পরিকল্পিতভাবে অস্বীকৃতি জানিয়ে আসছে। অ্যাকটিভিস্ট ও সমকামী গ্রুপগুলোর মতো বিভিন্ন নাজুক জনগোষ্ঠীর নিরাপত্তা সুরক্ষার পরিবর্তে তারা এই বর্বর হত্যাকাণ্ডগুলোকে নির্বাচনী স্বার্থ হাসিলের লক্ষ্যে ব্যবহার করার পথ বেছে নিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষায় বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সুস্পষ্ট ব্যর্থতার ফলে দেশটিতে সহিংসতা ও জঙ্গিবাদ ইন্ধন পাচ্ছে। আমরা বাংলাদেশকে পরিপূর্ণ সহিংসতায় নিমজ্জিত হতে দিতে পারি না। দেশটিতে সহিংসতা ও জঙ্গিবাদ দমন করার জন্য আমাদের প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন; দেশটির সন্ত্রাসবাদের একটা আঞ্চলিক ঘাঁটি হয়ে ওঠা প্রতিহত করতে ভারতকে কৌশলগত অবস্থান বা ব্রিজহেড হিসেবে সঙ্গে নিয়ে আমাদের প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন।
বাংলাদেশে সরকার, বিরোধী দলসহ সবার মনোযোগ নিবদ্ধ করতে হবে এখন এবং ১৯৭১ সালে সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে প্রকৃত জবাবদিহির প্রতি। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও যথেচ্ছ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
সব দিক থেকে অন্যায় (আক্রমণাত্মক/অধিকার লঙ্ঘনমূলক—অ্যাবিউসিভ) নীতির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অবরোধ বাস্তবায়নের লক্ষ্যে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক নজরদারির আওতায় একটি বিচারিক প্রক্রিয়ার প্রতি সমর্থন জোগানোর লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘে অগ্রণী উদ্যোগ নিতে আমি হাই রিপ্রেজেনটেটিভকে আহ্বান জানাচ্ছি।
চার্লস ট্যানোক (যুক্তরাজ্য): ইসিআর গ্রুপের পক্ষ থেকে বলছি, মিস্টার প্রেসিডেন্ট, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সেক্যুলার গণতান্ত্রিক দেশ এবং একটা রাজনৈতিক মডেল, যেটাকে আমি জোরালোভাবে সমর্থন করি। ধর্মীয় সহিষ্ণুতা, মত প্রকাশের স্বাধীনতা, নারী অধিকার, শিক্ষা ও মূল্যবোধের প্রতি যেভাবে সমর্থন দেখিয়ে এসেছে, তা আমরা এই ইউরোপে অনুধাবন ও উদ্‌যাপন করি। তবে এই মূল্যবোধগুলো বাংলাদেশে এখন হুমকির মুখোমুখি, কিন্তু সেটা সরকারের দিক থেকে নয়, যেমনটি আজ সন্ধ্যায় এই চেম্বারে কেউ কেউ বলার চেষ্টা করবেন, বরং হুমকি আসছে ইসলামপন্থী জঙ্গিদের দিক থেকে। ১৯৭১ সালে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে যথার্থই নিষিদ্ধ করা হয়েছিল এবং তা করা হয়েছিল শুধু গৃহযুদ্ধ চলাকালে নৃশংস অপরাধ সংঘটনের দায়েই নয়, সেক্যুলার রাষ্ট্রটির বিরুদ্ধে অব্যাহত ভাবাদর্শগত প্রচারণা ও সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার দায়েও। ১৯৭৯ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর থেকে জামায়াত সেই একই পথে এগিয়ে চলেছে জঙ্গিবাদী জিহাদি গোষ্ঠীগুলোকে সঙ্গে নিয়ে। আমি বিরোধী দল বিএনপিকে আহ্বান জানাচ্ছি জামায়াতের সঙ্গে সম্পর্কের অবসান ঘটাতে, তাদের নিন্দা জানাতে, যাতে করে বিরোধী দল হিসেবে বিএনপি তার যথাযথ সেক্যুলার গণতান্ত্রিক ভূমিকাকে পূর্ণতা দিতে পারে। আজই এক পুরোহিতের মৃতদেহ পাওয়া গেছে তাঁর মঠের কাছে, তাঁকে হত্যার পেছনে ধর্মীয় উদ্দেশ্য সুস্পষ্ট। একই কায়দার আক্রমণে আরও অনেককে হত্যা করা হয়েছে—শিক্ষক, সমকামী অ্যাকটিভিস্ট, সেক্যুলার ব্লগার, সাংবাদিক, খ্রিষ্টান, বৌদ্ধ বা আহমদিয়াদের মতো ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সদস্য। বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি বাংলাদেশ; পশ্চিমে আমাদের যেমন সুপ্রতিষ্ঠিত ও যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত নিরাপত্তা বাহিনী আছে, তেমনটি বাংলাদেশের নেই, সে রকম অর্থনৈতিক সামর্থ্য দেশটির নেই। ইউরোপীয় ইউনিয়নে আমরা যেমন সন্ত্রাসবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই করছি, তেমনি আমাদের উচিত বাংলাদেশ সরকারের প্রতি সমর্থন ও সহানুভূতি ব্যক্ত করা, সমালোচনা ও নিন্দাসূচক কথাবার্তা কম বলা।
মারিতি শাকা (নেদারল্যান্ডস): আমি আজ সাংবাদিক, সমকামী অ্যাকটিভিস্ট, ব্লগার ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চরম মাত্রায় সহিংসতার দিকে মনোযোগ নিবদ্ধ করতে চাই। বড্ড বেশিসংখ্যক নিরীহ নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, আজকের এই বিতর্ক অনেক আগেই হওয়া উচিত ছিল। নৃশংস ঘটনাগুলো ক্রমেই আরও ঘন ঘন ঘটছে; মাত্র আজকেই একজন পুরোহিতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যার শিকার মানুষগুলো, তাঁদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমরা সমবেদনা-সহানুভূতি জানাচ্ছি।
আজ অনেকেই বিশ্বাস করেন যে এসব হত্যাকাণ্ডের পেছনে আছে ইসলামপন্থীরা ও তাদের যোদ্ধারা। উদারপন্থী কণ্ঠস্বর ও ধর্মীয় সংখ্যালঘুরা যে এসবের লক্ষ্যবস্তু, তা স্পষ্ট। এটা গুরুত্বপূর্ণ যে আরও বিভীষিকাপূর্ণ রক্তপাত প্রতিহত করতে সরকারকে সবকিছু করতে হবে। আর আমরা যখন দেখতে পাচ্ছি যে সরকার জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে, তখন একই সঙ্গে উদ্বেগ থেকে যাচ্ছে যে মানুষের সুরক্ষার জন্য আরও কিছু করার ছিল এবং সন্দেহভাজনদের সোজাসাপ্টা মেরে ফেলা যথাযথ ও পর্যাপ্ত পদক্ষেপ নয়। এটা সুষ্ঠু বিচারের মতো ন্যায়সংগতও নয়, ফলপ্রসূও নয়।
এটা বিস্ময়কর ও হতাশাব্যঞ্জক যে ২০১৩ সাল থেকে ইসলামপন্থী জঙ্গিদের হাতে নিহত মানুষের তালিকা এত দীর্ঘ হওয়ার পরেও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্ব আরও শক্তিশালী ভূমিকা নেননি, আরও সোচ্চার হননি। বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্কের কথা আপনি যথার্থভাবেই তুলে ধরেছেন। কারখানা ধসের আগে আমরা এই সম্পর্ক কাজে লাগিয়েছি, এখন তা আবারও কাজে লাগাতে হবে আরও জোরালো বক্তব্যের মধ্য দিয়ে এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা করার মধ্য দিয়ে, তবে তা করতে হবে যথাযথ পন্থায়।
মিস্টার মিনিস্টার, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কেন আরও বেশি বিবৃতি দেখিনি অথবা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ব্যাপারে ইইউ বাস্তবিক কী কী পদক্ষেপ নিয়েছে, তা আপনি আমাদের জানাতে পারেন। এসব নৃশংস হত্যাকাণ্ড এবং বাংলাদেশে যা কিছু ঘটবে, সেসব ব্যাপারে বাংলাদেশের মাটিতে ইউরোপীয় প্রতিনিধিদের পর্যাপ্ত প্রতিক্রিয়ার প্রকৃত পরিণতি কী হবে?
লোলা সানচেজ কালদেনতে (স্পেন): রানা প্লাজা বিপর্যয়ের পর মিসেস অ্যাশটন যখন হাই রিপ্রেজেনটেটিভ ছিলেন, তখন বাংলাদেশের কারখানাগুলোতে স্বাস্থ্য ও নিরাপত্তাব্যবস্থা উন্নত করার প্রচুর আহ্বান জানানো হয়েছে। করপোরেট সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। একটি কারখানায় এক হাজারেরও বেশি মানুষ মারা গেছে, ওই কারখানা ইউরোপীয় কোম্পানিগুলোকে পণ্য সরবরাহ করার ব্যবস্থার একটা অংশ। কোম্পানিগুলো যেসব নিয়মকানুন প্রতিষ্ঠা করতে চায়, আপনারা এখনো সেগুলো পূরণের আহ্বান জানিয়ে চলেছেন। এটা শিয়ালের কাছে মুরগির খোঁয়াড় পাহারার দায়িত্ব দেওয়ার মতো। বেনেটনের মতো কোম্পানিও আছে, যা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে চায় না। তাহলে তো আমাদের যেসব বিধিবিধান আছে, সেগুলো পরিবর্তন করতে হয়। আমাদের এমন একটা ব্যবস্থা থাকা প্রয়োজন, যার অর্থ হবে মানুষের জীবনকে যারা বিপদের মুখে ঠেলে দেবে, তাদের ওপর অবরোধ আরোপ করা যাবে।
আগামী অক্টোবরে ওয়ার্কিং গ্রুপের সভা অনুষ্ঠিত হবে, যেখানে জাতিসংঘেরও সংশ্লিষ্টতা থাকবে। সে সভায় ইইউর প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট হওয়া উচিত। কারণ, যখন মানবাধিকার পরিস্থিতি উন্নত করার প্রসঙ্গ আসে, তখন আমাদের অনেক কিছু করার থাকে।
জিন লামবার্ট (যুক্তরাজ্য): আমি বক্তব্য দিচ্ছি দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কবিষয়ক প্রতিনিধিদলের চেয়ারপারসন হিসেবে, বাংলাদেশ এসব দেশের অন্তর্ভুক্ত। অন্যরা যেমন বলেছেন, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভীষণভাবে গর্বিত এ কারণে যে তারা নানা ধরনের ধর্মীয় বিশ্বাস ও সম্প্রদায় মিলিয়ে একটা পূর্ণাঙ্গ সমাজ হিসেবে বসবাস করতে সক্ষম। ক্রমশ সহিংসতা বাড়ার ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি শুধুই ইদানীং, যারা নিজেদের ইসলামিক স্টেট বা আল-কায়েদার অংশ বলে দাবি করছে, এগুলো তাদের কাজ। যেমনটি আমরা শুনেছি, মুদি দোকানি থেকে সমকামী অধিকার আন্দোলনের কর্মী পর্যন্ত এবং অতি সম্প্রতি জঙ্গিবিরোধী অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা খানমসহ অনেক মানুষকে তারা আক্রমণ ও হত্যা করেছে। এটা নিশ্চয়ই এমন এক সময়, যখন সরকারের পক্ষ থেকে অত্যন্ত জোরালো বার্তা দিতে হবে যে বাংলাদেশের সমাজ বিভক্ত হয়ে পড়ছে না এবং আমি মনে করি ১৮ জুন প্রকাশিতব্য এক লাখ ধর্মীয় আলেমের বিবৃতি ও শান্তির ফতোয়ায় আমাদের সন্তোষ বোধ করা উচিত। তবে একটি শক্তিশালী নাগরিক সমাজ অত্যন্ত প্রয়োজন এবং তৃণমূলের জনগণকে একটা সমস্যা হিসেবে দেখার চেয়ে একটা সামাজিক বোধ থেকে এই সমস্যা কাটিয়ে ওঠার ব্যাপারে তাদের উৎসাহ জোগানো উচিত। আমাদের প্রকৃত অর্থেই মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি, অনেক সাংবাদিককে কারাগারে পাঠানো হচ্ছে এবং আমাদের দেখতে হবে কার্যকর পুলিশি তৎপরতা ও বিচারব্যবস্থা, যেখানে মানুষ অনুভব করতে পারে যে আইনের সামনে সবাই সমান। অন্যরা যেমন বলেছেন, আমরা বাংলাদেশে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি দেখতে পাচ্ছি, এ ক্ষেত্রে সরকারের কাজে আমাদের সহযোগিতা করা প্রয়োজন, তবে সেই সঙ্গে এটাও নিশ্চিত করা দরকার, যাতে সরকার বাংলাদেশের সব মানুষের সর্বোচ্চ স্বার্থে কাজ করছে।
ফাবিও মাসিমো কাস্তালদো (ইতালি): ধন্যবাদ, প্রেসিডেন্ট। আমরা দেখতে পাচ্ছি সহিংসতা ক্রমশ বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এবং ভেবে অবাক হতে হয় যে একটি দেশ যা সব সময়ই অত্যন্ত সহনশীল, যার প্রচুর বৈচিত্র্য আছে, সেই দেশটি কেন এসবের থেকে ভিন্ন ধরনের কিছুর উদ্ভব ঘটাল। এসবের মূল কারণ সম্ভবত দারিদ্র্য। আমরা জানি, ইউরোপীয় বহুজাতিক কোম্পানিগুলো পোশাক ও চালের ক্ষেত্রে শোষণ চালিয়ে যাচ্ছে এবং দায়েশ ও আল-কায়েদা তৎপরতার জন্য সহায়ক, যারা বাংলাদেশের নাগরিক সমাজের গভীরে ঢুকে যাচ্ছে, উগ্রপন্থার ভিত্তি তৈরি করছে।
বিচারব্যবস্থায় পরিবর্তনের আহ্বান আসছে, পুলিশি ব্যবস্থার অসামর্থ্য দূর করার দাবি জানানো হচ্ছে, গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে উন্নতি ঘটানোর দাবি আছে। কিন্তু আমাদের নিজেদের বিবেকের দিকে তাকাতে হবে এবং অনুধাবন করতে হবে যে বাংলাদেশে উগ্রপন্থা ও সন্ত্রাসবাদ প্রতিরোধের মূল খুঁটি অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা। আসুন, আমরা আমাদের কথায় ও কাজে পূর্বাপর সংগতি বজায় রাখতে সচেষ্ট হই এবং আমাদের নিজেদের বহুজাতিক কোম্পানিগুলোর আচরণের দিকে নজর রাখি।
খুয়াস ফেরনান্দু (পর্তুগাল): প্রেসিডেন্ট, আপনি হয়তো জানেন, তিন বছর আগে রানা প্লাজা ধসে ১ হাজার ১০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ এবং তার উৎপাদিত তৈরি পোশাকের ৬০ শতাংশই রপ্তানি হয় ইউরোপীয় ইউনিয়নে। ওই আকস্মিক বিপর্যয়টা ছিল এক ভয়াবহ জেগে ওঠার ডাক। শুধু ওই দেশটিতেই নয়, ইউরোপীয় ইউনিয়নে পণ্য সরবরাহ করে এমন সব দেশেই ভবনের নিরাপত্তা ও কর্মপরিবেশ উন্নত করার সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা উচ্চারিত হয়েছে ওই ডাকে। সাসটেইনেবিলিটি প্যাক্ট স্বাক্ষরিত হওয়ার তিন বছর পর আমরা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছু ইতিবাচক অঙ্গীকার দেখতে পাচ্ছি, তবে তারপরেও আরও অনেক কিছু করা প্রয়োজন। বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক শ্রম সংস্থার ৮৭ নম্বর কনভেনশনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিল্পপণ্য রপ্তানির তিনটি জোনে নিয়োগ-সংক্রান্ত আইন বাস্তবায়ন করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং শ্রম-সংক্রান্ত বিধিবিধানগুলো যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, সে ব্যাপারে নিয়মিত নজরদারি অব্যাহত রাখতে হবে। আমি আশা করি, এই চুক্তি একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে এবং আমি মনে করি, দেশটি অন্যান্য দেশের জন্য একটা দৃষ্টান্ত হওয়া উচিত।
ইয়োজেফ ভাইডেনহোলৎসার (অস্ট্রিয়া): বাংলাদেশের পরিস্থিতি ভীষণ আতঙ্কজনক। গৃহযুদ্ধের ঝুঁকি সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যায় না। দুটি পক্ষ পরস্পরের মুখোমুখি, কলহে প্রবৃত্ত এবং এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়েছে, সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি সানন্দে কাজে লাগানোর লোকজন আছে। মানবাধিকারকর্মীদের সঙ্গে আচরণের অবনতি ঘটে চলেছে। তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে, গত রোববার একজন খ্রিষ্টানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সমকামী অধিকারকর্মীকে আমরা আক্রান্ত হয়ে মারা যেতে দেখেছি। তবু এ অবস্থাতেই অশুভ এই চক্রকে থামানো সম্ভব। ইউরোপ একটা ভূমিকা পালন করতে পারে। ইউরোপের কথা বাংলাদেশে আমলে নেওয়া হয়, আমরা এখনো পারি এসব ঘটনা প্রতিহত করতে।
মার্ক ডেমেসমার্কার (বেলজিয়াম): বাংলাদেশকে নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার প্রচুর কারণ আছে, বিশেষত সেখানে যখন সংবাদমাধ্যম, ব্যবসায়ী মহল, মানবাধিকারকর্মী ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর নিপীড়ন চলছে এবং সহিংসতার পেছনে ধর্মীয় অনুপ্রেরণা দেওয়া হচ্ছে। ধর্মের মৌলবাদী প্রবণতা ভিত্তি অর্জনের চেষ্টা করছে। এবং আমাদের অবশ্যই জঙ্গিবাদ থামাতে হবে। উগ্রপন্থার বিস্তার অবশ্যই বন্ধ করতে হবে। কারণ, তা অত্যন্ত বিপজ্জনক ফল বয়ে নিয়ে আসে।
আমি অগ্রাধিকারগুলোর প্রতি সমর্থন জানাই। আমাদের প্রভাব খাটানোর সুবিধা (লেভারেজ) আছে। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আমরা তাদের পোশাকের সর্ববৃহৎ ক্রেতা। আমাদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্কের কারণে বাংলাদেশ ইইউর ‘অস্ত্র ছাড়া সবকিছু’ ইনিশিয়েটিভ কাজে লাগাতে পারে, যার কারণে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করা পণ্যের ওপর আমদানি শুল্ক আরোপ করা হয় না। কিন্তু এটা নিঃশর্ত হতে পারে না। রানা প্লাজা বিপর্যয়ের পর আমরা দেখেছি যে আমাদের কোম্পানিগুলোরও কর্মকাণ্ড উন্নত করা প্রয়োজন।
টমাস মান (জার্মানি): অনেক ধন্যবাদ, প্রেসিডেন্ট, দক্ষিণ এশিয়ান প্রতিনিধিদলের একজন সদস্য হিসেবে আমিও অন্যদের মতো বাংলাদেশের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অবিরাম বিরোধ দেশটির রাজনৈতিক পরিস্থিতির বৈশিষ্ট্য। মনে হচ্ছে এটা সমাধানের অনুপযোগী এক পরিস্থিতি।
একই সঙ্গে গোঁড়া উগ্রপন্থীদের হাতে লোকজন অবিরাম খুন হয়ে চলেছে। ধর্মীয় সংখ্যালঘু, বিদেশি নাগরিক ও সেক্যুলার অ্যাকটিভিস্টদের বিরুদ্ধে আক্রমণ চলছে। পরিস্থিতির এতটাই রাজনৈতিকীকরণ করা হয়েছে যে একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক ব্যবস্থাকে রক্ষা করতে যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আসুন, আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসতে সহযোগিতা করার উদ্যোগ আবারও নিই।
আরিনা মারিয়া (বেলজিয়াম): বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এক গভীর উদ্বেগের বিষয়, বেসরকারি সংস্থাগুলোর দেওয়া খবরে এটাই দেখা যাচ্ছে। বাংলাদেশ কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে যেন মৌলিক অধিকার ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হয়। কিন্তু ইউরোপীয় কোম্পানিগুলোর কর্মকাণ্ডে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা থাকবে, ভদ্রোচিত পরিবেশ থাকবে—এটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। রানা প্লাজা ধসের পর আমরা সবাই স্তম্ভিত হয়েছিলাম, কিন্তু পরিস্থিতি পরিবর্তনের জন্য আমরা তারপর থেকে কী করেছি? বেশি কিছু নয়। এই কোম্পানিগুলো যাতে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকে, তা নিশ্চিত করতে খুব একটা বেশি আইনি উদ্যোগ নেওয়া হয়নি—না কমিশন থেকে, না কাউন্সিল থেকে। কোম্পানিগুলোর যে ক্ষতিপূরণ দেওয়া উচিত, সে ব্যাপারে বা সাধারণ দায়িত্বশীলতার ব্যাপারে আমরা কোনো আইনি উদ্যোগ নিইনি। আমরা প্রচুর রাজনৈতিক অপরাধের কথা শুনতে পাই, কিন্তু আমার মনে হয় অর্থনৈতিক অপরাধগুলোও আমাদের এজেন্ডায় থাকা উচিত।
বাস্তিয়ান বেলদার (নেদারল্যান্ডস): মিস্টার মিনিস্টার, আমার বিশ্বাস, বাংলাদেশে আপনি যদি খ্রিষ্টান হন, বা অন্য সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের সদস্য হন, তাহলে আপনাকে আপনার জীবন ও অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে ভয়ের মধ্যে থাকতে হবে। কারণ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মবিশ্বাসের মানুষদের ওপর আক্রমণ বেড়ে চলেছে। ধর্মপালনে স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা এখন হুমকি ও চাপের মুখে। খ্রিষ্টানদের নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোর কোনো জায়গা নেই। আমরা বৈষম্য দেখতে পাচ্ছি। সংখ্যালঘুদের অধিকারের প্রতি শ্রদ্ধা দেখানো হচ্ছে না। গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে। সরকার সালাফি, জঙ্গি সংগঠন ও আল–কায়েদার তৎপরতার অস্তিত্ব অস্বীকার করে আসছে। আমরা মানবাধিকার–বিষয়ক প্রকল্পগুলোর পেছনে অর্থ ব্যয় করি এবং সেই অর্থের একটা অংশ ধর্মীয় সংখ্যালঘুদের জন্য দেওয়া হয়। আমি আশা করব, এ ব্যাপারে আমরা মিস্টার কনডার্সের কাছ থেকে সঠিক তথ্য পাব।
এদুয়ার্দ কুকান (স্লোভেনিয়া): বাংলাদেশে ধর্মীয় ও নৃতাত্ত্বিক সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য, নাগরিক সমাজের কর্মী, সাংবাদিক, ব্লগারদের ওপর অভূতপূর্ব সহিংসতার ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। সাম্প্রতিক এসব ঘটনা বাংলাদেশের জন্য হুমকি হয়ে উঠেছে। এসব মর্মান্তিক খবরের যেন কোনো পরিষ্কার পরিসমাপ্তি নেই। মূলধারার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধ মত পোষণ করেন, এমন যেকোনো ব্যক্তিই এসব আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন—এটাই শুধু নয়, এসবের মধ্য দিয়ে দেশটিতে মত প্রকাশের স্বাধীনতার গুরুতর লঙ্ঘন ঘটছে। এসব অপরাধের সুষ্ঠু তদন্তের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমাদের তাগিদ দেওয়া উচিত। নাগরিকদের এই নিশ্চয়তা দিতে হবে যে তাদের মুক্তি ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধা দেখানো হবে, বিচারহীনতার অবসান ঘটানো হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। নইলে উগ্রপন্থী আচরণ অবাধ সুযোগ পেয়ে যাবে এবং শাস্তিহীন সহিংসতায় বাংলাদেশের স্থিতিশীলতা বিপন্ন হবে, যার প্রভাব ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমগ্র দক্ষিণ–পূর্ব এশীয় অঞ্চলে।
আনা গোমেশ (পর্তুগাল): মিস্টার প্রেসিডেন্ট, ১৯৯৪ সালের সাখারভ পুরস্কার বিজয়ী তসলিমা নাসরিন কয়েক দিন আগে সাখারভ পুরস্কার বিজয়ী আরও কয়েকজনসহ এখানে এই ইউরোপীয় পার্লামেন্টে তাঁর দেশে উগ্রপন্থা ও সহিংসতা বৃদ্ধির ঘটনায় নিন্দা জ্ঞাপন করেছেন। তিনি হত্যার হুমকির কারণে স্বদেশে ফিরে যেতে পারছেন না। সেখানে ক্রমাগত হত্যাকাণ্ড ঘটে চলেছে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর সদস্য, যৌন সংখ্যালঘু, ব্লগার, সাংবাদিক, বিদেশি নাগরিকেরা খুন হচ্ছেন; অপরাধী শনাক্ত করার যথাযথ তদন্ত ছাড়াই লোকজনকে হত্যা করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীগুলো যথেচ্ছভাবে মানুষ হত্যা করছে। সহযোগিতা চুক্তির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। রানা প্লাজা বিপর্যয়ের পর মানবাধিকারের বিষয়গুলোকে দ্বিতীয় স্তরের সমস্যা হিসেবে ফেলে রাখা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ প্রশাসন যদি ক্রমাগত দাবি করতেই থাকে যে তাদের দেশে আইএস ও আল–কায়েদার অস্তিত্ব নেই, তাহলে আমাদের উচিত তাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া যে তারা বাস্তবতা অস্বীকার করছে।
আমজাদ বশির (যুক্তরাজ্য): মিনিস্টার, বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত বেদনাদায়ক বিষয়, দেশটিতে সাম্প্রতিক সময়ে বর্বর হত্যাকাণ্ডগুলো আমাদের স্মরণ করিয়ে দিচ্ছে অস্থিতিশীলতা ও অবাধ সহিংসতার দীর্ঘ ইতিহাস। যদিও আমাদের উচিত কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার সর্বোচ্চ চেষ্টা করা, তবু সহিংসতার নিন্দা জানানো ও রাজনৈতিক সংলাপকে উৎসাহিত করার ব্যাপারে আমাদের একটা দায়িত্ব আছে। এই লক্ষ্যে বাংলাদেশের স্বাভাবিক শান্তিপূর্ণ পথে ফেরার লক্ষ্যে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর জন্য একমাত্র কার্যকর পন্থা হচ্ছে, এই সংকট থেকে উত্তরণে প্রকৃত নেতৃত্ব দেখানো। গত নির্বাচনের প্রস্তুতিপর্বে শাসক দলের দৃশ্যমান নির্বাচনী কারসাজির ফলে প্রতিষ্ঠানের প্রতি গভীর আস্থাহীনতার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাই সহিংসতায় ইন্ধন জুগিয়েছে, যে সহিংসতা আজ আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে, বিরোধী দল ভালো করবে, যদি তারা উগ্রপন্থী গোষ্ঠীগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় এবং তার পরিবর্তে দেশের জন্য প্রকৃত নীতি তৈরি করে।
চূড়ান্ত অর্থে, বাংলাদেশ ও তার জনগণকে নতুন করে শুরু করতে হলে তার একমাত্র নিশ্চিত পন্থা হলো একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচনের আয়োজন করা।
পিয়ের আন্তনিয়ো পানসেরি (ইতালি): বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এমন যে তাতে নাগরিকদের মুক্তি ও স্বাধীনতার দুরবস্থার সব লক্ষণ দেখা যাচ্ছে এবং দেশটির ভেঙে পড়ার ঝুঁকি আছে। আমরা যা দেখলাম তাতেই বোঝা যায় সেখানকার পরিস্থিতি কত গুরুতর। এ ব্যাপারে আমরা চোখ বন্ধ করে থাকতে পারি না। সরকার মোটেও যথেষ্ট করছে না। এটা এমন একটা বিষয়, যার প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। এমন ঝুঁকি রয়েছে যে শেষ পর্যন্ত আমরা দেখতে পাব, সবকিছু অপরাধী চক্রগুলোর কাজ বলে ধামাচাপা দেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন শুধু সুন্দর সুন্দর কথা বললেই চলবে না, আরও বেশি কিছু করতে হবে, নিশ্চিত করতে হবে যেন সরকার আরও দৃঢ় অবস্থান গ্রহণ করে। আমাদের হাতে যেসব উপায় আছে, সেগুলোর সবই আমাদের কাজে লাগানোর চেষ্টাও করতে হবে। পার্লামেন্ট গত নভেম্বরে যে অবস্থান স্থির করেছিল, আমি শুধু সেটার পুনরাবৃত্তি করতে চাই। সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে আমাদের সবকিছু করতে হবে, কারণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আখ্নেস ইয়োংখেরিয়েস (নেদারল্যান্ডস): ধন্যবাদ প্রেসিডেন্ট ও মিনিস্টার। একথা বলা খুবই ঠিক যে আর্থসামাজিক অধিকার মানবাধিকারেরও অনিবার্য অংশ এবং এই বিষয়ের প্রতিই এখন আমি মনোযোগ নিবদ্ধ করতে চাই। রানা প্লাজা বিপর্যয়ের পর তিন বছর পেরিয়ে গেছে, কিন্তু আমাদের এই সত্য স্বীকার করতে হবে যে, বড় কোনো পরিবর্তন আসেনি, যদিও মুনাফা করা হয়েছে অনেক। পরিস্থিতি উন্নয়নে শ্রমিক ইউনিয়নগুলো সক্ষম হয়নি। বাংলাদেশের শ্রম আইনে এখনো অনেক আইনগত সীমাবদ্ধতা আছে এবং তার মানে হচ্ছে, নিয়োগকারী কর্তৃপক্ষ সহজেই শ্রমিকদের ভয়ভীতি দেখাতে পারে, চাকরিচ্যুত করতে পারে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারে। রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলো শ্রম আইনের আওতার বাইরে রয়েছে। এটা দুঃখজনক, কেননা যেসব নারী–পুরুষের তৈরি করা পোশাক আমরা পরি, তাঁদের জীবনযাপনের ভদ্রোচিত পরিবেশ নিশ্চিত করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সামাজিক অধিকারগুলো গুরুত্বপূর্ণ।
নতিস মারিয়াস (গ্রিস): বাংলাদেশের পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ। অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন চলছে। খ্রিষ্টান জনগোষ্ঠী ও অন্য ধর্মীয় সংখ্যালঘু মানুষেরা নিপীড়ন–নির্যাতনের অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন। ইসলামপন্থীদের একটা অংশ আছে যারা সাংবাদিক ও ব্লগারদের ওপর আক্রমণ চালাচ্ছে। সামাজিক দিক থেকে আমরা বলে আসছি, শ্রম আইন ও শ্রমিকদের অধিকার পরিকল্পিতভাবে লঙ্ঘন করা হচ্ছে, বিশেষত কারখানাগুলোতে, আর শ্রমিকদের নিরাপত্তার পরিবেশ রক্ষার বিষয়ে ভ্রুক্ষেপ করা হচ্ছে না।
বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের এক গুরুত্বপূর্ণ সহযোগী। তারা ইউরোপে পোশাক রপ্তানি করে। ফলে ইইউর পক্ষে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করা সম্ভব, যাতে করে মানবাধিকার, আইনের শাসন এবং বিশেষ করে স্বচ্ছতা ও গণতন্ত্রের প্রতি তাদের শ্রদ্ধা নিশ্চিত করা যায়।
কাতেরিনা কনেচনা (চেক রিপাবলিক): মিস্টার প্রেসিডেন্ট, আমি আমার বক্তব্যে বাংলাদেশের পোশাকশিল্পে অনেক শ্রমিক যে ভয়ংকর বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি রয়েছেন, সে সম্পর্কে বলতে চাই। তৈরি পোশাক উৎপাদনের ওপর দেশটির প্রায় দুই কোটি মানুষ নির্ভরশীল। সে দেশে ৫ হাজার ৪০০–এর বেশি রপ্তানিকারী পোশাক কারখানা, যেখানে প্রায় ৩৬ লাখ শ্রমিক কাজ করেন। বাংলাদেশের এই শ্রমিকেরা বিশ্বের মধ্যে সবচেয়ে কম মজুরি পান, আর তাঁদের ন্যূনতম মজুরি দিয়ে তাঁদের জীবনধারণের প্রাথমিক চাহিদাগুলোই মেটে না। এসব শ্রমিকের অনেকেই বহুজাতিক কোম্পানিগুলোতে কাজ করেন। সেখানে শ্রম সস্তা, আইনের প্রয়োগ হয় না বললেই চলে। ফলে বহুজাতিক কোম্পানিগুলো শাস্তির ভয় ব্যতিরেকেই বাংলাদেশের অসহায়, অরক্ষিত শ্রমিকদের সম্ভবপর সব ধরনের ঝুঁকির মধ্যে রাখার এক উৎকৃষ্ট সুযোগ ভোগ করছে। উদাহরণস্বরূপ, তাদের কারখানার ভবন তাদের ওপর ধসে পড়ে। আমি আশা করি, হাই রিপ্রেজেনটেটিভ এ বিষয়ে বাংলাদেশ পক্ষের সঙ্গে আলোচনা করবেন, শ্রমিক ইউনিয়নগুলোকে আরও শক্তিশালী করার বিষয়টি তুলতে অবহেলা করবেন না এবং এইভাবে শ্রমিকদের শোষণের অবসান ঘটানোর উদ্যোগ নেওয়া হবে।
চবা শগর (রোমানিয়া): মিস্টার প্রেসিডেন্ট, মনে হচ্ছে বাংলাদেশ গণতন্ত্রের পথ থেকে সরে যাচ্ছে এবং নিরাপত্তাহীনতার দিকে ঝুঁকছে। মনে হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ {প্রকৃতপক্ষে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ২০১৯ সালে} সালের নির্বাচনের আগে বিরোধী দল বিএনপিকে ধ্বংস করার সংকল্প করেছেন। যেকোনো বিরুদ্ধ শক্তিকে নির্মূল করার যে প্রক্রিয়া ইতিমধ্যেই আছে, তা অব্যাহতভাবে চালিয়ে যাওয়া হচ্ছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এবং নির্বাচনের সুষ্ঠুতা ও সততা স্বাভাবিকভাবেই নিশ্চিত করে এমন আইনগুলো সংশোধন করার মধ্য দিয়ে।
এ ছাড়া গত বছর পৃথক পাঁচটি ইসলামপন্থী জঙ্গি হামলার শিকার হয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, অ্যাকটিভিস্ট ও বুদ্ধিজীবীরা। এসব অপরাধের জন্য এ পর্যন্ত কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়নি। তার পরিবর্তে শেখ হাসিনা এসব হামলার জন্য দোষারোপ করছেন বিএনপির ওপর, এভাবে তাদের ওপর আরও দমন–পীড়ন চালানোকে জায়েজ করতে এবং জাতীয় নিরাপত্তার নামে তাদের মর্যাদাহানি ঘটানোর চেষ্টা করছেন।
যে সমস্যাটির ব্যাপারে অন্য সব শক্তি, যথা চীন, ভারত ও আমেরিকা কোনো সতর্কতা জাগাতে পারেনি, সে ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে যেন তাঁরা গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, রাজনৈতিক বিরোধিতার অধিকার এবং সহিংসতা থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়ার সরকারি দায়িত্বশীলতার নীতিগুলোর প্রতি শ্রদ্ধাশীল হন।
বার্ট কনডার্স: মিস্টার প্রেসিডেন্ট, আমি শুরু করছি মেম্বারদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে, যাঁরা একজন পুরোহিতের হত্যাকাণ্ডের ব্যাপারে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, যাঁকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কাউন্সিলের পক্ষ থেকে আমি নিহত পুরোহিতের পরিবার–পরিজনের প্রতি শোক ও সমবেদনা জানাচ্ছি। স্পষ্টতই আমাদের জন্য এ কথা বলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যারা এ হত্যাকাণ্ডের জন্য দায়ী, তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক।
আজ রাতের এই বিতর্কে আপনারা যেসব বক্তব্য পেশ করেছেন, তা সম্পর্কে কয়েকটি কথা বলা যাক। আমার মনে হয়, আমরা সবাই এ ব্যাপারে বেশ সচেতন যে, বাংলাদেশ অত্যন্ত জটিল ও ভীষণ নাজুক একটা দেশ। পরিবেশগত দিক থেকে এটা পৃথিবীর সবচেয়ে অরক্ষিত, অসহায়, নাজুক দেশ। এটা পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্বের দেশ।এবং এটা এমন একটা দেশ, যার রয়েছে বিভিন্ন রূপ।
একদিকে, দেশটি টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের পথে এমন অগ্রগতি সাধন করেছে, যা আসলে বিস্ময়কর। আপনারা যদি বাংলাদেশে সিভিল সোসাইটির উত্থানের দিকে তাকান, আমরা দেখেছি, সরকারের সহযোগিতায় সিভিল সোসাইটির মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার এখন শতভাগের কাছাকাছি পৌঁছেছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, দারিদ্র্য কমে গেছে, নয় বছরের মধ্যে মাতৃমৃত্যুর হার কমে গেছে ৪০ শতাংশ। এসব ইতিবাচক সংবাদ। কিন্তু আবার একই সঙ্গে আজ আপনাদের সঙ্গে কাউন্সিল দৃষ্টিপাত করছে অত্যন্ত নেতিবাচক কিছু ঘটনাবলির প্রতি, যা আমরা দেখতে পাচ্ছি।
প্রথমত, জঙ্গি হামলা বেড়ে যাওয়া; ব্লগার, খ্রিষ্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন, বিদেশি নাগরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা প্রমুখকে হত্যার লক্ষ্যবস্তু করা ইত্যাদি সেসব বিষয় আপনারা উল্লেখ করেছেন, আমার মনে হয়, এসবের সমান গুরুত্বপূর্ণ সমস্যা হলো গণতান্ত্রিক ও সেক্যুলার বিরুদ্ধবাদিতার জায়গা সংকুচিত হয়ে আসা। সবচেয়ে বর্বর হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে ছিলেন একজন ছাত্র, একজন অধ্যাপক, দুই সমকামী অধিকারকর্মী, একজন পুলিশ সদস্য, একজন নিরাপত্তাকর্মী, একজন হিন্দু দরজি, এক পুলিশ কর্মকর্তার স্ত্রী, খ্রিষ্টান ধর্মাবলম্বী এক মুদি দোকানি এবং এক বৌদ্ধ ভিক্ষু।
অতি সহিংস পন্থায় মানবাধিকার লঙ্ঘনের এই ধরনের ঘটনাবলি বৃদ্ধির কথা আমরা বলছি এবং একই সঙ্গে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক বিরোধী পক্ষ ও সিভিল সোসাইটির জন্য জায়গা সংকুচিত হয়ে আসছে। এতে আপনারা যেমন উদ্বিগ্ন, তেমনই কাউন্সিলও উদ্বিগ্ন। এবং আমি বলতে চাই যে আমরা নিয়মিতভাবে যত ধরনের ঘোষণা প্রকাশ করি, তা যথেষ্ট নয়। মাস দুয়েকের মধ্যে আমরা যেসব ঘোষণা প্রকাশ করেছি, সেগুলোর অধিকাংশই আমি আপনাদের দিতে পারি। বিবৃতি দেওয়াই যথেষ্ট নয়। সহিংসতা ও ন্যায়বিচারের প্রয়োজনীয়তার উল্লেখসহ আপনারা যেসব তথ্য তুলে ধরছেন, সেগুলোর উল্লেখ আমাদের সব বিবৃতিতেই আছে।
এটাও গুরুত্বপূর্ণ যে, এসবের পেছনে যেসব ইস্যু রয়েছে, সেগুলো প্রতিহত করার জন্য আমাদের সর্বাগ্রে কাজ করতে হবে। সহিংস উগ্রপন্থা দমনের প্রকল্প হাতে নিতে হবে এবং উগ্রপন্থা দূরীকরণে সহযোগিতা করতে হবে। আমরা আমাদের মানবাধিকার–সংক্রান্ত দলিলগুলোতে সেটা অব্যাহত রাখব। একটু পরেই আমি এ বিষয়ে আবার ফিরে আসব। সহিংসতা বৃদ্ধি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের জন্য ইসলামিক স্টেটের দিক থেকে আসা ঝুঁকিসহ উগ্রপন্থা বৃদ্ধির ঝুঁকি বাংলাদেশ সরকারের স্বীকার করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং জাতিসংঘের প্রেক্ষাপটে যে সংলাপের কথা আপনাদের কেউ কেউ উল্লেখ করেছেন, তা অতিশয় গুরুত্বপূর্ণ। আমার এ কথার আপনাদের কিছু প্রশ্নের উত্তরও আছে। এসব ক্ষেত্রে আমাদের প্রতিনিধিদলগুলোর প্রকল্প গ্রহণও গুরুত্বপূর্ণ, তবে এএসইএম শীর্ষ বৈঠকে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়েও বাংলাদেশ সরকারের কাছে এই অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সম্পর্কে আমাদের বার্তা পৌঁছে দিতে হবে।
আমরা যখন মানবাধিকারের কথা বলি, তখন আমাদের এই বাস্তব সত্য সম্পর্কেও কথা বলা দরকার যে মানবাধিকার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এর প্রধান শিকার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অসহায় ও নাজুক জনগোষ্ঠীগুলো। আপনাদের আহ্বান পৌঁছে দিতে হবে; আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাড়া অত্যন্ত ধীর ও অপর্যাপ্ত। দৃষ্টান্তস্বরূপ, সবচেয়ে দৃষ্টান্তমূলক ঘটনাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা সেনানিবাসের ভেতরে ১৯ বছর বয়সী এক নারী শিক্ষার্থীর বীভৎস ধর্ষণ ও হত্যা, যার কোনো ব্যাখ্যা এখনো ব্যাখ্যাতীত রয়ে গেছে।
বাংলাদেশের এই জটিল পরিস্থিতির প্রেক্ষাপটে আমি সাসটেইনেবেলিটি কমপ্যাক্টের কথা বিশেষভাবে বাংলাদেশে এবং অন্যান্য দেশের কথা উল্লেখ করতে চেয়েছিলাম। আমাদের মানবাধিকার নিয়ে কথা বলতে হবে শব্দটির বৃহত্তর অর্থে, এর মধ্যে আর্থসামাজিক অধিকারসমূহ, শ্রমিক ইউনিয়নগুলোর ভূমিকা ইত্যাদিও মানবাধিকারের অন্তর্ভুক্ত। রানা প্লাজা ধস, যে ঘটনায় সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল—এবং তা ঘটেছিল তিন বছরেরও বেশি সময় আগে—১ হাজার ১০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন, আহত হয়েছিলেন কয়েক হাজার। বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক শ্রম সংস্থা সাসটেইনেবেলিটি কমপ্যাক্ট চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছিল তৈরি পোশাকশিল্পে তিনটি পরস্পর–সম্পর্কিত স্তম্ভের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে। আমি আপনাদের সবার প্রতি সমর্থন ব্যক্ত করতে চাই যাঁরা বলেছেন যে এটা নিছকই কাগজে সীমাবদ্ধ থাকার চুক্তি নয়, বরং এই চুক্তির সত্যিকারের কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে এটাকে সক্রিয় করা প্রয়োজন, বাস্তবায়ন করা প্রয়োজন, সেই সঙ্গে ব্যবসা খাতকে দায়িত্বশীল করে তোলা প্রয়োজন।
এ জন্য কিছু বিষয় দরকার। প্রথমত, শ্রমিকদের অধিকারের প্রতি শ্রদ্ধা, বিশেষত সমিতি–সংগঠন করার স্বাধীনতা ও সংঘবদ্ধভাবে দর–কষাকষি করার অধিকারের ক্ষেত্রে। আমি মনে করি, শ্রমিক ইউনিয়নগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা এসবের অন্তর্ভুক্ত। দ্বিতীয়ত, কারখানা ভবনগুলোর কাঠামোগত ত্রুটিমুক্ততা এবং কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা ও স্বাস্থ্য। আমি মনে করি, যেখানে পারা যায় সেখানেই আমাদের উচিত বাংলাদেশের সরকার এবং অন্য যাঁরা এসব নিশ্চিত করবে তাদের সমর্থন জোগানো—দ্বিপক্ষীয়ভাবে এবং ইউরোপীয় ইউনিয়নের কনটেক্সটেও। এরপর দায়িত্বশীল ব্যবসায়িক আচরণ অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিকারমূলক পদক্ষেপ গ্রহণের জন্য তৈরি পোশাকশিল্প খাতের কর্মসূচিতে দাতারা অর্থায়ন করে। তারা এর পেছনে ২০ কোটি ডলার পর্যন্ত ব্যয় করে। সুতরাং এটা কোনো তুচ্ছ বিষয় নয়। সম্প্রতি কানাডাও এতে অংশীদার হিসেবে যোগ দিয়েছে।
আমরা বাংলাদেশের অর্জিত অগ্রগতির স্বীকৃতি দিই, কিন্তু ট্রেড ইউনিয়ন নিবন্ধন, আরও জনবল ও অর্থ দিয়ে শ্রম অধিদপ্তরের উন্নয়ন, রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকাগুলোর জন্যও আইনি কাঠামোগুলো যে প্রযোজ্য তা নিশ্চিত করা, সমিতি–সংগঠন করার স্বাধীনতা ও সংঘবদ্ধভাবে দর–কষাকষি করার অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন। আমার মনে হয়, এই কথাগুলো সঠিকভাবেই তুলে ধরা হয়েছে।
আমি মনে করি, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হাতে কী কী উপায় আছে? প্রথমত, বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সংলাপে বসার আছে। আমি মনে করি সেসব সংলাপে বিশেষভাবে এই বিষয়গুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ করা উচিত।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে অগ্রগতি অব্যাহত রাখা, একই সঙ্গে স্পষ্টভাবে জানানো যে রাজনৈতিক ক্ষেত্র আরও সংকুচিত হয়ে আসা এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে আমরা উদ্বিগ্ন। সেই সঙ্গে আমাদের এটাও দেখতে হবে, কোন কোন ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে পারি। কারণ, এটা একটা বড় ইস্যু। প্রথমত ও প্রধানত সরকার, তারপর অন্যান্য পক্ষ—বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠী, দায়িত্বশীল ও দায়িত্ববোধহীন রাজনৈতিক দল—সব পক্ষের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা, যাতে রাজনৈতিক পরিস্থিতির আরও অবনতি না ঘটে।
আমাদের ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার মধ্য দিয়ে—আমাদের ডেভেলপমেন্ট কো–অপারেশন ইনিশিয়েটিভে (ডিসিআই) উন্নয়ন সহযোগিতা বাবদ ৬৯ কোটি ইউরো বরাদ্দ আছে—নিশ্চিত করতে হবে যেন আমাদের কর্মসূচিগুলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন খাতের ব্যাপারে হালনাগাদ থাকে।
অবরোধের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। এ মুহূর্তে বাংলাদেশের ওপর অবরোধ আরোপের পক্ষপাতী আমি নই; আমি এ কথা বলছি অবশ্যই ইউরোপীয় কাউন্সিলের পক্ষ থেকে।
আমি মনে করি, বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের তিন ধরনের করণীয় আছে, যা আমি এইমাত্র বললাম। সেগুলো হলো, টেকসই উন্নয়ন লক্ষ্য, সদ্য আলোচিত জটিল ইস্যুতে মানবাধিকার সংলাপ ও রাজনৈতিক সংলাপ এবং সাসটেইনেবিলিটি কমপ্যাক্ট। বাণিজ্য সহযোগিতা–বিষয়ক আলোচনা আনুষ্ঠানিকভাবে স্থগিত করার চেয়ে এসব পদক্ষেপই শ্রেয় হবে। আলোচনা স্থগিত করা ক্ষতিকর হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক, মানবাধিকার ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে না।
প্রেসিডেন্ট: ধন্যবাদ, মিনিস্টার কনডার্স।

ইংরেজি থেকে অনুবাদ: মশিউল আলম

ইংরেজি ভাষ্য:
www.en.prothom-alo.com–এ