স্পষ্টবাদী নির্ভীক মানুষটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও টিউবে সিগন্যাল বিড়ম্বনা। গন্তব্যস্থল আপটনপার্ক। টিউব চলাচলে সমস্যা, তাই ব্রিক লেইন থেকে বাসে ফিরতে হবে বাড়ি। সময়ের স্বল্পতা থাকলে বাসে চড়া বেশ কঠিন। সার্ভিস খুবই ভালো, তবে এর গতি অতি ধীর। আমার যেহেতু তাড়া নেই, তাই দোতলা বাসের সামনের ডেকে বসে লন্ডন শহর দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগছে। আমার মেয়ের আবার তেমনই অসহ্য লাগে। কারণ তাঁকে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে হয় সারা দিন। এক প্রকার বাধ্য হয়েই দুজনকে বাসে চড়তে হলো। আমার পছন্দের সামনের আসনটা আজ আর খালি পেলাম না, তাই পেছনের দিকের আসনে গিয়ে বসে পড়লাম। কিছু দূর যাওয়ার পর কানে এল একজন মোবাইল ফোনে বাংলায় কথা বলছেন, এ রকম অবশ্য প্রায়ই শোনা যায়। আমি দোতলা বাস থেকে বাইরে তাকিয়ে চারদিকের দৃশ্য দেখতে থাকলাম। শীতের সময় গাছের পাতাগুলো চমৎকার লাল, কমলা ও হলুদ বর্ণ ধারণ করেছে। মনে হয়, কোনো শিল্পীর তুলির ছোঁয়ায় পাতাগুলো ঝরঝর করে ঝরে যাচ্ছে। পাশের ভদ্রলোক মোবাইল ফোনে অনর্গল কথা বলেই চলেছেন; আমি শুনতে চাচ্ছি না কিন্তু না শুনেও পারছি না। কারণ তিনি আমাদের কোনাকুনি পেছনের আসনে বসা। একটু পর শুনলাম, ভদ্রলোক বলছেন, কী আর করবেন, মনটা তো ভালো রাখতেই হবে, তা না হলে কাজ করবেন কীভাবে? ওপার থেকে কী উত্তর এল তা তো জানি না; ভদ্রলোক আবার বললেন, প্রথম আলো পড়েন, তাহলে আর দেশকে অত মিস করবেন না, মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমি আমার মেয়ের দিকে তাকিয়ে হাসলাম। ভদ্রলোক তা লক্ষ করে আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি কি বাঙালি? আমি মাথা নেড়ে মুচকি হাসলাম। ইতিমধ্যে আমরা স্টেশনে নামার জন্য নিচে নেমে পড়লাম। আপটনপার্কে উইটফিল্ডে বাস থামতেই স্বয়ংক্রিয়ভাবে বাসের দরজা খুলে গেল এবং ঠান্ডার কারণে আমার হাত দুটো কোটের পকেটে ঢুকে গেল। ঝরে যাওয়া পাতা মাড়িয়ে যখন মচমচ শব্দে বাসার পথে হাঁটছি, তখন ভদ্রলোকটির কথাগুলো মনে পড়ে গেল।আর প্রথম আলোর কথা মনে করে আমার মনটাও ঝরঝরে হয়ে উঠল। গত বছর ২৫ ডিসেম্বর স্থপতি মাজহারুল ইসলামের ৮৬তম জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানেও প্রথম আলোর উদ্যোগী ভূমিকা ছিল। আধুনিক স্থাপত্যকলার পথিকৃৎ এ দেশের প্রথম স্থপতি মাজহারুল ইসলামের জন্মদিনে বেঙ্গল ক্যাফেতে তাঁকে ভালোবাসা আর শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছিলেন অনেকে। দেখতে দেখতে একটি বছর পেরিয়ে গেল। মাত্র একটি বছরের ব্যবধানে আব্বু অনেক অসুস্থ হয়ে পড়েছেন। এখন তেমন কাউকে চিনতে পারেন না। একা হাঁটাহাঁটি করাও সম্ভব নয়। বেশির ভাগ সময় চিন্তামগ্ন, চুপচাপ দিনগুলো পার করেছেন।পঞ্চাশের দশকে আধুনিক স্থাপত্যকলা নিয়ে এ দেশের ভবন নকশায় তিনি সৃষ্টি করেছিলেন এক নতুন ধারা। আসলে মানুষটাই এমন, চিরাচরিত নিয়ম ভেঙে নতুনের পথে স্বাধীনভাবে এগিয়ে যাওয়াই তাঁর ধর্ম। নির্ভীক স্পষ্টবাদী একজন বাঙালি, তাঁর নীতিতে অটল থেকে এভাবেই এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাঁর দেশকে, তাঁর কাজকে। উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়ে ছিলেন। এ কারণেই হয়তো তাঁরই আমন্ত্রণে লুই কানের মতো একজন বিখ্যাত স্থপতি এসেছিলেন এ দেশে। নকশা করে গিয়েছিলেন জাতীয় সংসদ ভবনের। নিজের দেশটাকে সুন্দর করে গড়াই ছিল তাঁর স্বপ্ন।তাঁর স্থাপত্য নকশার নিদর্শন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আর্ট কলেজ, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার, জীবন বীমা ভবন, আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আরও অসংখ্য কাজ রয়েছে। যখন সময় ছিল তখন সুযোগ পেলে হয়তো এই দেশ তাঁর মতো একজন গুণী ব্যক্তির কাছ থেকে আরও অনেক ভালো কাজ পেতে পারত। এ জন্য প্রয়োজন ছিল বাংলাদেশ সরকারের আরও অনেক সহায়তা; কিন্তু স্পষ্টবাদী নির্ভীক এই মানুষটি তাঁর কাছে কখনোই হেরে যাননি। রাজনৈতিক ভিন্নমতের কারণেও তাঁকে অনেক সরকারই কোণঠাসা করতে চেয়েছে।সরকারের তাঁবেদার না হলে একজন গুণীকে তাঁর কদর ও প্রাপ্য সুযোগ হারাতে হয় এই দেশে। একটি আদর্শ দেশ ও একটি আদর্শ জাতির স্বপ্ন বুকে নিয়েই হয়তো এখনো চিন্তামগ্ন এই মানুষটি অভিমানে চুপ হয়ে গেছেন। হয়তো নীরবে বসে ভাবছেন, আজকের নতুন প্রজন্ম, নতুন চিন্তাবিদ, নতুন স্থাপত্যবিদ, নতুন শিল্পী, নতুন শিক্ষক ও নতুন মানুষ কবে এগিয়ে নেবে এ দেশকে। এ দেশের সব নাগরিক কাজ করার সুযোগ কবে পাবে? কবে পাবে তাঁদের যোগ্য সম্মান, ভালোবাসা ও কাজ করার সুযোগ।আজ ২৫ ডিসেম্বর মাজহারুল ইসলামের জন্মদিন। এ বছর হাজার মাইল দূর থেকে গত বছরের মিষ্টি বিকেলটার কথা ভাবছি। হাজারো স্মৃতি ভর করছে মনে। এই বিশেষ দিনটিতে আব্বুর জন্য আমার সব ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান রইল। তাঁর সুস্থতা কামনা করছি আমরা সবাই।এখন তীব্র শীত পড়েছে। ঝরঝর করে লন্ডনে পাতা ঝরছে। ভাবছি, সব কটি পাতা ঝরে যাওয়ার আগে বাড়ির সামনের যে সুন্দর বিশাল গাছটি, তার সামনে মেয়েকে নিয়ে একটা ছবি তুলব এই মুহূর্তের স্মৃতিকে ধরে রাখতে। ভাবতে ভাবতে না সময় চলে যায়...