স্ফীত অর্থনীতি, সংকুচিত গণতন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গত ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এবার তথ্য অধিকার কমিশনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি তথ্য অধিকার আইন যথাযথভাবে বাস্তবায়নে নির্বাহী বিভাগের পাশাপাশি গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজ ও বুদ্ধিজীবীদের প্রতিও আহ্বান জানান। এ উপলক্ষে প্রকাশিত সরকারি ক্রোড়পত্রে জনগণের তথ্য পাওয়ার ক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ-আয়োজনের কথাও তুলে ধরা হয়েছে। কিন্তু আমাদের দেশে সব ক্ষেত্রে যেমন জনগণের আশা–আকাঙ্ক্ষা ও বাস্তবতার মধ্যে বিরাট ফারাক থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। রাষ্ট্রপতি যে গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতি তথ্য অধিকার আইন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন, তাঁদের সেই সুযোগ কতটা আছে, সেটিও ভেবে দেখতে হবে।
তথ্য অধিকার দিবসে আর্টিকেল ১৯ আয়োজিত সেমিনারে বক্তারা কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও তথ্য অধিকার আইন মানবাধিকারের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে অভিমত প্রকাশ করেন। তবে তাঁরা এ–ও বলেছেন যে সে ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইকের মতে, মুক্ত সরকারই উত্তম সরকার, যারা তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে থাকে। মানবাধিকার কমিশনের সদস্য মেঘনা গুহঠাকুরতা জানান, তথ্য অধিকার আইন ব্যবহারে সাংবাদিকদের আগ্রহ কম। কিন্তু কেন কম, তার ব্যাখ্যা তিনি দেননি। তথ্য চাইতে গিয়ে অনেক সময়ই সাংবাদিকেরা ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিদের হুমকি-নিগ্রহের শিকার হন। এ ছাড়া বিলম্বে তথ্য পেলে সাংবাদিকদের কাজেও লাগে না। এ ব্যাপারে মানবাধিকার কমিশনের নবনিযুক্ত এই সদস্য ও তাঁর সংস্থাটির সহায়তা পেলে নিশ্চয়ই সাংবাদিকেরা আইনটি ব্যবহারে উৎসাহী হবেন। হাঁড়ির খবর বের করে জনগণের কাছে তুলে ধরাই তো সাংবাদিকদের কাজ।
তথ্য পাওয়া মানুষের মৌলিক অধিকার হলেও প্রায় সব দেশেই শাসকগোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিরা তথ্য চেপে রাখতে চান। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ ও আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে যে মানসিক নির্যাতন ও হয়রানির শিকার হতে হলো, সে-ও কিন্তু মুক্ত সমাজের প্রবক্তা মার্কিন যুক্তরাষ্ট্র যেসব তথ্য আড়াল করতে চেয়েছে, সেসব ফাঁস করে দেওয়ার কারণে। দেশে দেশে অনেক লেখক-সাংবাদিক তথ্য প্রকাশের দায়ে জেল-জুলুমের শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। শাসকগোষ্ঠী ও প্রভাবশালী ব্যক্তিরা সেই তথ্য প্রকাশে আগ্রহী, যা তাঁদের পক্ষে যায়; আর সেই তথ্য লুকাতে চান, যা তাঁদের বিপক্ষে যায়।

২.
নিকট অতীতে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কে যেসব আন্তর্জাতিক প্রতিবেদন ও জরিপ প্রকাশিত হয়েছে, তার প্রায় সবটাতেই বিপরীতমুখী চিত্র উঠে এসেছে। দেশের মানবাধিকার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে সূচকগুলো নিম্নমুখী। আগের বছরের চেয়ে পরের বছর আরও খারাপ। আর অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের সূচকগুলো কমবেশি ঊর্ধ্বগামী। অর্থাৎ, আমাদের অর্থনীতি স্ফীত হওয়ার বিপরীতে গণতান্ত্রিক অধিকারগুলো ক্রমেই সংকুচিত। বিভিন্ন আইনি খড়্গ এবং প্রাতিষ্ঠানিক বিধিনিষেধের কারণে ভূলুণ্ঠিত হচ্ছে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার।
যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন ২০১৫-এ গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বাংলাদেশের সবচেয়ে বড় মানবাধিকার সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্বের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের এই প্রতিবেদন অবমুক্ত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আবার এই কেরিই প্রথমবার ঢাকায় এসে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন প্রতিবেদনে বলা হয়, ‘যেসব গণমাধ্যম সরকারের সমালোচনা করেছে, তাদের সরকারের নানামুখী চাপে থাকতে হয়েছে। ভয়ভীতি দেখানো ও হয়রানির মাধ্যমে সরকার পরোক্ষভাবে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বেশ কয়েকটি ক্ষেত্রে বিরোধী দলের খবর প্রকাশ না করতে বেসরকারি কয়েকটি টেলিভিশনকে বলেছে।’
তথ্য অধিকারের সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এ বছর বাংলাদেশের অবস্থান ১৪৪। ২০১৫ ও ২০১৪ সালের তুলনায় সামান্য এগিয়ে থাকলেও এশীয় দেশগুলোর মধ্যে কেবল পাকিস্তান ও মালয়েশিয়াই বাংলাদেশের নিচে (যথাক্রমে ১৪৭ ও ১৪৬)। ১৮০টি দেশের গণমাধ্যম পর্যালোচনা করে এই সূচক তৈরি করেছে ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস। তাদের হিসাব অনুযায়ী, নেপালের সূচক ১০৫, ভারত ১৩৩, থাইল্যান্ড ১৩৬, ফিলিপাইন ১৩৮, শ্রীলঙ্কা ১৪১, মিয়ানমার ১৪৩ ও আফগানিস্তান ১২০। (সূত্র: রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ওয়েবসাইট)
বাংলাদেশে রাজনৈতিক সংঘাত, বিচারবহির্ভূত হত্যা, গুম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগগুলোকে বরাবরই মানবাধিকার লঙ্ঘনের বড় ঘটনা হিসেবে চিহ্নিত করে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির মতে, এসবের সঙ্গে এবার যুক্ত হয়েছে স্বাধীন গণমাধ্যমকে চাপে রেখে মতপ্রকাশের সুযোগ সীমিত করার ঘটনা।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ২০১৫ সালে গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র সংকুচিত হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং বিরোধী ও মানবাধিকারকর্মীদের কার্যক্রমে বিধিনিষেধসহ নাগরিক ও রাজনৈতিক অধিকার ক্রমেই খর্ব হয়েছে। সাংবাদিক ও সম্পাদকদের ভয়ভীতি দেখানোর ঘটনা বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, মতপ্রকাশের স্বাধীনতার ওপর হামলা ২০১৫ সালে কয়েক গুণ বেড়েছে। চারজন ‘নাস্তিক’ ব্লগার ও একজন প্রকাশকের হত্যায় প্রমাণিত হয়েছে, বাংলাদেশ ধর্মীয় জঙ্গিবাদ উত্থানের ঝুঁকি থেকে মুক্ত নয়। তবে ইতিবাচক দিক হচ্ছে, ২০১৫ সালে সামাজিক ও অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে।
ব্লগারদের হত্যার ব্যাপারে ইইউ নিন্দা জানিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। ২০১৫ সালের ২৬ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব পাস হয়েছে। ওই প্রস্তাবে অসাম্প্রদায়িক লেখক, ব্লগার, ধর্মীয় সংখ্যালঘু, বিদেশি সাহায্যকর্মীদের ওপর হামলার নিন্দা এবং অবিলম্বে সব ধরনের সহিংসতা, হয়রানি, ভীতিপ্রদর্শন ও সেন্সরশিপ বন্ধের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানো হয়েছে।
এর পাশাপাশি অর্থনীতির দিকে তাকালে সবখানেই অগ্রগতির ছাপ লক্ষ করা যায়। চলতি অর্থবছরে বাজেটের আকার বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। রপ্তানি বেড়েছে ১০ শতাংশের বেশি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক শ্রমবাজারে চাহিদা কমলেও বাংলাদেশের জনশক্তি রপ্তানি বেড়েছে। বেসরকারি ও বিদেশি বিনিয়োগও গত কয়েক বছরের স্থবিরতাও অনেকটা কাটিয়ে উঠেছে।
বাংলাদেশে এক দশকেরও বেশি সময় ধরে বার্ষিক জাতীয় প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে, যা অনেক উন্নয়নশীল দেশেই সম্ভব হয়নি। চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ মনে করেন, চুরি–দুর্নীতি কম হলে প্রবৃদ্ধির পরিমাণ আরও বাড়ানো যেত। প্রবৃদ্ধি বাড়া মানে মানুষের জীবনযাত্রার মানের উন্নতি। গত কয়েক বছরে দারিদ্র্যের হারও উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। ৩১ শতাংশ থেকে ২৪ শতাংশ। ইকোনমিস্ট–এর মতো কাগজও বাংলাদেশের উন্নয়নকে ধাঁধা বা বিস্ময় বলে অভিহিত করেছে।
সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচক বা গ্লোবাল কম্পিটিটিভ ইনডেক্সে (জিসিআই) ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের ১৩৮টি দেশের মধ্যে ১০৬তম অবস্থান পেয়েছে। গত বছর ছিল ১০৭তম। প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বরাবরের মতো এবারও প্রথম অবস্থান পেয়েছে সুইজারল্যান্ড। প্রথম ১০-এ থাকা বাকি দেশগুলো হলো সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, জাপান, হংকং ও ফিনল্যান্ড। বাংলাদেশের প্রতিযোগী দেশের মধ্যে ভালো অবস্থানে আছে মালয়েশিয়া (২৫তম), চীন (২৮তম), থাইল্যান্ড (৩৪তম), ইন্দোনেশিয়া (৪১তম), ভিয়েতনাম (৬০তম), শ্রীলঙ্কা (৭১তম) ও কম্বোডিয়া (৮৯তম)। দক্ষিণ এশিয়ায় এ বছর সবচেয়ে ভালো করেছে ভারত। ৫৫তম অবস্থান থেকে তারা উঠে এসেছে ৩৯তম অবস্থানে। এ ছাড়া নেপাল দুই ধাপ এগিয়ে ৯৮তম ও ভুটান আট ধাপ এগিয়ে ৯৭তম অবস্থান পেয়েছে। বাংলাদেশের পেছনে আছে কেবল পাকিস্তান। দেশটি চার ধাপ এগিয়েও ১২২তম অবস্থান পেয়েছে।
প্রতিযোগিতা সক্ষমতা সূচক তৈরি হয় ১২টি বিষয়ের ওপর। এর মধ্যে প্রতিষ্ঠান, অবকাঠামো, উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ, পণ্যবাজারের দক্ষতা, শ্রমবাজারের দক্ষতা, প্রযুক্তি, বাজারের আকার, ব্যবসায় উন্নতি ও উদ্ভাবনে বাংলাদেশের নম্বর বেড়েছে। তবে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, স্বাস্থ্য ও প্রাথমিক শিক্ষা এবং আর্থিক খাতের উন্নতিতে বাংলাদেশ কেন পিছিয়ে পড়ল, তা খতিয়ে দেখা প্রয়োজন। এর অর্থ হলো, আমরা যে গতিতে উন্নতি করেছি, প্রতিবেশীরা উন্নয়নে তার চেয়ে অনেক বেশি গতি আনতে পেরেছে। আমাদের শাসকদের মাঝেমধ্যে আত্মতুষ্টিতে পেয়ে বসে। তীব্র প্রতিযোগিতাশীল এই বিশ্বে এভাবে হাঁটি হাঁটি করে এগোলে চলবে না। আমাদের যেতে হবে রকেট গতিতে।

৩.
বাংলাদেশ এখন এক ক্রান্তিকালে অবস্থান করছে। একদিকে উন্নয়ন, আরেক দিকে গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়া। সম্পূর্ণ বিপরীত প্রপঞ্চ। মানুষ অর্থনৈতিক উন্নতির পাশাপাশি গণতান্ত্রিক অধিকারগুলোরও সুরক্ষা চায়। গণতন্ত্র ছাড়া অর্থনৈতিক উন্নতিও টেকসই হয় না। আবার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করে এবং ভিন্নমতকে উপেক্ষা করেও গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সুষ্ঠু ও অবাধ নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতার পূর্বশর্ত। সরকার সেটি নিশ্চিত না করতে পারলে যেকোনো সময় পা ফসকে যাওয়ার আশঙ্কা আছে। দেশের উন্নয়ন মানে সবাইকে নিয়ে উন্নয়ন। কোনো সম্প্রদায়, কোনো জনগোষ্ঠীকে এই প্রক্রিয়ার বাইরে রাখলে আমরা কাঙ্ক্ষিত লক্ষে্য পেঁৗছাতে পারব না। সবাইকে কথা বলতে দিতে হবে, সবার কথা শুনতে হবে। সবার মানবিক ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। জঙ্গি নামের দানবের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলেও এটি অপরিহার্য। মনে রাখতে হবে, জঙ্গি সমস্যাটি নিছক আইনশৃঙ্খলাজনিত নয় যে দু–চারটি অভিযান চালিয়ে এই অপশক্তিকে নিশ্চিহ্ন করা যাবে। এর জন্য চাই সর্বাত্মক রাজনৈতিক, সামাজিক ও আদর্শিক লড়াই। এখানে ফাঁকিঝুঁকির কোনো সুযোগ নেই।
যখন ক্ষমতার উচ্চাসন থেকে বলা হয়, ‘আমরা কারও কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি না’, তখন ভয়টা বাড়ে বৈকি। কথা কেড়ে না নেওয়াই গণতন্ত্র নয়। সেই সঙ্গে কথা বলার অভয় পরিবেশটাও নিশ্চিত করতে হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং জঙ্গি নামের দানবের বিরুদ্ধে লড়াইয়ে জিততে হলে মানুষের গণতান্ত্রিক সুযোগ প্রশস্ত করতেই হবে।
সোহরাব হাসান: কবি, সাংবাদিক।
[email protected]